এমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ-প্রধানমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে: নাসিম-ইত্তেফাক
- সরকার হেফাজতে আত্মসমর্পণ করেছে: ইমরান-প্রথম আলো
- সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর-প্রধানমন্ত্রী-যুগান্তর
- এসপি মিজানের নকল সারের ৪ কারখানা-কালের কণ্ঠ
- সরকার এখন নিজেকে সম্রাট ভাবছে : নজরুল ইসলাম খান-নয়া দিগন্ত
- শিমুল হত্যা: দ্রুত আইনে মেয়র মিরুর বিচার দাবি সাংবাদিকদের-সমকাল
ভারতের শিরোনাম:
- কাশ্মীরকে স্বাধীনতা পেতে সাহায্য করবে পাকিস্তান, হুঁশিয়ারি নওয়াজের-সংবাদ প্রতিদিন
- আকাঙ্ক্ষাই নয়, নিজের বাবা-মাকেও খুন করে পুঁতেছিল উদয়ন-বর্তমান
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শশীকলা-আজকাল
- এ সম্পর্কে আনন্দবাজারে শিরোনাম-রাস্তা সাফ করে ইস্তফা দিলেন পনীরসেলভম, মুখ্যমন্ত্রী হচ্ছেন শশিকলা।
শ্রোত/পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
চলে গেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।
প্রথম আলোসহ আজকের সব জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে আজ রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। ভোররাত পৌনে চারটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকেরা হাসপাতালে ছুটে আসেন। ভোররাত ৪টা ২৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা
সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক জানিয়েছেন।
ইত্তেফাকের খবর-সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেছেন, বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তাঁরই নির্দেশে আমি বাবার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করে যাব।আজ রাজধানীর জিগাতলায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সৌমেন বলেন, রাজনৈতিক বা পারিবারিক হোক আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি বলেছেন, সুরঞ্জিতের মৃত্যুতে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো’
যুগান্তরের খবর-ঢাকেশ্বরীতে সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধাজ্ঞাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মতো সৎ ও নিষ্ঠাবান নেতা বিরল।
আগামীকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে নিজের গ্রামেই অনুষ্ঠিত হবে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য।
এমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ-প্রধানমন্ত্রী: যুগান্তর/ইত্তেফাক
মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল (এমডিজি)-র অধিকাংশ লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে এবং ২০৩০ সাল পর্যন্ত নেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশসহ ই-নাইন ভুক্ত দেশগুলোর পরিকল্পনা প্রণয়ন করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল রেডিসন ই-নাইন ফোরামের একাদশতম বৈঠকের উদ্বোধন ঘোষণা করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ইউনেস্কোর ই-৯ ভিত্তিক দেশগুলোর উদ্যোগগুলোকে এসডিজির সঙ্গে সমন্বয় করে এসডিজি-৪-এর মূল লক্ষ্য সবার জন্য অন্তর্ভূক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাসপাতালে যেন দালাল ঢুকতে না পারে: স্বাস্থ্যমন্ত্রী-প্রথম আলো
হাসপাতালে যেন কোনো দালাল ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ স্থানান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দালাল প্রতিরোধের জন্য তিনি হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের সহযোগিতা চান।
এদিকে, ইত্তেফাকের খবরে বলা হয়েছে গতকাল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে। এর সঙ্গে জড়িত সকলকেই গ্রেফতার করা হবে। কোন সন্ত্রাসীকেই ছাড় দেয়া হবে না।'
নাসিম দলের নেতাকর্মীসহ সকলকে আন্দোলনের নামে উত্তেজনা না ছড়িয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, 'কিছু ঘটনার জন্য আওয়ামী লীগের বদনাম ও ক্ষতি হোক আমরা তা চাইব না। অভিযুক্তদের শাস্তি পেতেই হবে।'
এ সম্পর্কে সমকালের খবর- শিমুল হত্যার প্রতিবাদে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন করেছে। তারা দ্রুত আইনে মেয়র মিরুর বিচারের দাবি জানিয়েছে। এদিকে পৌরমেয়র হালিমুল হক মিরুর পাসপোর্ট নম্বর ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ।
সরকার এখন নিজেকে সম্রাট ভাবছে : নজরুল ইসলাম খান-নয়া দিগন্ত
ক্ষমতাসীন দলের নেতারা নিজেদেরকে সম্রাট ভাবছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম খান।
আজ রোববার দুপুরে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আমরা এখন দেখতে পারছি, সরকারের অস্ত্র এবং সরকারি দলের অস্ত্র বেপরোয়া হয়ে যাচ্ছে। সরকারি দলের নেতারা গুলি করে এখন সাংবাদিক পর্যন্ত হত্যা করা শুরু করেছে। তাদের নেতারা বিয়ের অনুষ্ঠানে বন্দুকের গুলি চালিয়ে উৎসব করেন। তারা ছাত্রদের গায়ের উপরে দিয়ে হেটে যেয়ে নিজেদের প্রভুত্ব জাহির করেন।
সরকার দল আজকে জনগণের সেবক না আজকে তারা নিজেদেরকে সম্রাট ভাবা শুরু করেছে, রাজা ভাবা শুরু করেছে। একবারও ভাবে না কত সম্রাট, কত রাজা, কত প্রভু ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”
সরকার হেফাজতে আত্মসমর্পণ করেছে: ইমরান-প্রথম আলো
চার বছর পূর্ণ করল গণজাগরণ মঞ্চ। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বানে আর সাধারণ মানুষের অংশগ্রহণে শাহবাগে এ আন্দোলন শুরু হয়।গণজাগরণ মঞ্চের চার বছর পূর্ণ হওয়ার পর তাদের সফলতা ও ব্যর্থতা নিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষের জাগরণ সৃষ্টি করার ক্ষেত্রে অনেকটাই তারা সফল। আমরা বেশ কিছু জায়গায় ব্যর্থ হয়েছি। একটি বড় উদাহরণ হচ্ছে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে, মেয়েদের স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সরকার ও রাজনৈতিক দলগুলো মৌলবাদী, উগ্রবাদী দলগুলোর সঙ্গে আপস করছে। তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।এসব ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি।
এসপি মিজানের নকল সারের ৪ কারখানা-কালের কণ্ঠ
ফসল উৎপাদনে বহুল ব্যবহৃত টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট সার নকল করার চারটি বড় কারখানার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দুটি কারখানা রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর অন্য দুটি ঢাকার অদূরে হেমায়েতপুরে।
অনুসন্ধানে জানা গেছে, ওই চারটি কারখানায় প্রতিদিন এক হাজার টন নকল টিএসপি সার তৈরি করা হচ্ছে, যার দাম প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। আর এসব সার দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হচ্ছে সরকারি টিএসপি সারের বস্তায় ভরে। কিছু সার বিক্রি হচ্ছে ‘তিউনিসিয়া টিএসপি’ নামেও। আর এ নকল টিএসপি সার বানিয়ে রমরমা কারবার চালিয়ে যাচ্ছেন পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ঢাকার কমান্ড্যান্ট পুলিশ সুপার মিজানুর রহমান।
অনুসন্ধানে জানা গেছে, দেশের দুই জেলায় এসপি মিজানুর রহমানের নকল সারের চারটি কারখানা চালাতে সক্রিয় রয়েছেন দুই ব্যক্তি। তাঁরা হলেন সাঈদুর রহমান সাঈদ ও ইমাম হোসেন।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শশীকলা-আজকাল
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা নটরাজন। রবিবার এডিএমকে পরিষদীয় দল বৈঠকে বসে তাঁকে দলনেত্রী নির্বাচন করে। এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ও পন্নিরসেলভম। জয়ললিতার মৃত্যুর পরে এআইএডিএমকে–র সম্পাদকের পদে বসেছেন শশিকলা। তখন থেকেই দলের একটা বড় অংশ নাকি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছিল। দলীয় সূত্রের খবর, জয়ললিতার মৃত্যুর পরেই মুখ্যমন্ত্রী পদে বসতেন শশিকলা। কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি তখন থেকেই চলছিল। জাল্লিকাট্টু নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল রাজ্য। তার মধ্যে নেতৃত্বে বদল ঘটালে নতুন করে ঝামেলা বাড়তে পারে ভেবেই তখন শশিকলাকে দায়িত্ব দেওয়া হয়নি। বলা হচ্ছে, তামিলনাড়ু বিধানসভার সহ–অধক্ষ এম থাম্বিদুরাই–সহ অনেক হেভিওয়েট নেতা শশিকলাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর পক্ষে দলের অন্দরে সওয়াল করেছেন। শশীকলা দলের হাল ধরেছেন। আর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভাম প্রশাসনের প্রধান। এই অবস্থায় ক্ষমতার দুটি কেন্দ্র তৈরি হয়েছে। তামিল রাজনীতিতে এটা প্রায় বিরলই বলা যায়।
মেক ইন ইন্ডিয়া’-কে সফল করার রসদ আছে বাজেটে, দাবি জেটলির-আনন্দবাজার
শিল্পমহলের একাংশের অভিযোগ ছিল, গ্রাম-গরিবের কথা বলতে গিয়ে বাজেটে শিল্পে বিনিয়োগ টানার দাওয়াই সে ভাবে ঘোষণাই করেননি অর্থমন্ত্রী অরুণ জেটলি। যে ‘মেক ইন ইন্ডিয়া’-র কথা মোদী সরকার এত ঢাক-ঢোল পিটিয়ে বলে, কার্যত তার উল্লেখটুকু পর্যন্ত পাওয়া যায়নি সেখানে। শুক্রবার সেই ক্ষোভে জল ঢালতে জেটলির আশ্বাস, আলাদা করে নাম না করলেও, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে সফল করার মশলা বাজেটে তিনি রেখেছেন। পরিকাঠামোয় টাকা ঢেলে, ছোট-মাঝারি শিল্পকে করছাড় দিয়ে এবং বিদেশি লগ্নি আসার পথ আরও সহজ করে ‘মেক ইন ইন্ডিয়া’-র পালে হাওয়া জোগানোরই চেষ্টা করেছেন তিনি।
কাশ্মীরকে স্বাধীনতা পেতে সাহায্য করবে পাকিস্তান, হুঁশিয়ারি নওয়াজের-সংবাদ প্রতিদিন
কাশ্মীরই দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন প্রক্রিয়া বাস্তবায়িত হবে না। রবিবার এই কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
কাশ্মীর সমস্যাকে রাষ্ট্রসংঘের সবচেয়ে পুরনো ও অমীমাংসিত ইস্যু বলেও এদিন মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “আন্তর্জাতিক আইনকে গুরুত্ব না দিয়ে গত সাত দশক ধরে কাশ্মীরের মানুষের দাবিকে দমিয়ে রেখেছে ভারত।” এদিন ‘কাশ্মীর সংহতি দিবস’-এ বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেন নওয়াজ শরিফ।
ভারতীয় সেনা বলপ্রয়োগ করে কাশ্মীরের মানুষের স্বাধীনতাকে বুটের তলায় দাবিয়ে রেখেছে বলেও এদিন অভিযোগ করেছেন শরিফ। তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানের মানুষ কাশ্মীরি ভাই ও বোনেদের পাশে রয়েছেন। কাশ্মীরের স্বাধীনতাকে আর বেশিদিন অগ্রাহ্য করতে পারবে না ভারত, হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রীর গলায়। প্রয়োজনে পাকিস্তানের মানুষ কাশ্মীরের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন শরিফ। পাশাপাশি, কাশ্মীরে সাধারণ মানুষের উপর ভারতের অত্যাচারের দাবিতে সরব হোক আন্তর্জাতিক মহল, দাবি তুলেছেন তিনি। “রক্তস্নান বন্ধ হোক কাশ্মীরে” মন্তব্য পাক প্রধানমন্ত্রীর।
আকাঙ্ক্ষাই নয়, নিজের বাবা-মাকেও খুন করে পুঁতেছিল উদয়ন-বর্তমান
বাঁকুড়ার তরুণী আকাঙ্ক্ষা শর্মাই তাঁর প্রথম শিকার ছিলেন না। একই কায়দায় এর আগে নিজের বাবা-মাকেও খুন করেছিল উদয়ন দাস। পুলিশি জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য কবুল করেছে সে। তবে নিজের প্রেমিকাকে খুনের বিষয়েও বারবার বয়ান বদল করায়, উদয়নের এই নয়া দাবির সত্যতা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তাকে নিয়ে ইতিমধ্যেই ছত্তিশগড়ের রায়পুরে রওনা দিয়েছে পুলিশের টিম। পুলিশি জেরায় ধৃত উদয়ন দাস স্বীকার করে নিয়েছে, প্রায় বছর ছয় আগে তার বাবা-মাকেও সে খুন করে মাটিতে পুঁতে দেয়। ভোপালের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুনা জানিয়েছেন, জেরায় উদয়ন স্বীকার করে নিয়েছে যে, সে তার বাবা-মাকে ২০১০-১১ সালে গলা টিপে খুন করেছিল। তারপর তাদের রায়পুরের বাড়িতে পুঁতে রেখে দেয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫