ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ১৩:১৮ Asia/Dhaka

শ্রোত/!পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • শিক্ষার্থীদের অবরোধ ওঠার পর রুয়েটে এবার শিক্ষকরা ধর্মঘটে -ইত্তেফাক
  • রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে মিয়ানমারের বাহিনী: এইচআরডব্লিউ-প্রথম আলো
  • গঠিত হচ্ছে 'বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল-যুগান্তর
  • সার্চ কমিটির নামের তালিকা প্রকাশের আহ্বান বিএনপির -কালের কণ্ঠ
  • মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত-নয়া দিগন্ত
  • ২ মামলায় ১৫ দিনের রিমান্ডে রাজীব -সমকাল

ভারতের শিরোনাম:

  • লালকেল্লার অন্দরে বাক্সভর্তি গ্রেনেড, চাঞ্চল্য রাজধানীতে-সংবাদপ্রতিদিন
  •  ‘সংক্রমণই জয়ললিতার মৃত্যুর কারণ’-আজকাল
  • উত্তরপ্রদেশ ঘাবড়ে গিয়েছেন মোদী, কটাক্ষ রাহুলের-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

গঠিত হচ্ছে 'বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল'-যুগান্তর

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এক বৈঠকে 'বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল' গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল’ গঠন করতে যাচ্ছে সরকার। এতে রিজার্ভের ১০ বিলিয়ন ডলার ব্যয় হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এক বৈঠকে 'বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল' গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে ‘বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল’ গঠনে ১০ বিলিয়ন ডলার অনুমোদনের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও যে কোনো জরুরি প্রয়োজনে এ তহবিলের অর্থ ব্যবহার করা যাবে। 
  তহবিল গঠনের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদেশী রিজার্ভ কাজে লাগানোর চিন্তা থেকে এ তহবিল করা হচ্ছে। এর অনুমোদিত মূলধন হবে ১০ বিলিয়ন মার্কিন ডলার। প্রাথমিকভাবে ২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এটা শুরু করা হবে।

শিক্ষার্থীদের অবরোধ ওঠার পর রুয়েটে এবার শিক্ষকরা ধর্মঘটে-ইত্তেফাক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধর্মঘটের ছবি-তারা ধর্মঘট প্রত্যাহার করার পর শিক্ষকদের ঘর্মঘট শুরু

শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও অবরোধের অপমানে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা। শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেছেন।
 বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে। এরপর দাবি আদায়ে শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত উপাচার্যকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। 
 এ সময় উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক অবরুদ্ধ ছিলেন। পরে রবিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষার্থীদের দাবি মেনে নিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে মিয়ানমারের বাহিনী: এইচআরডব্লিউ-প্রথম আলো

মিয়ানমারের সরকারি বাহিনী দেশটির রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও মেয়েদের ধর্ষণ করেছে: এইচ আর ডাব্লিউ

মিয়ানমারের সরকারি বাহিনী দেশটির রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও মেয়েদের ধর্ষণ করেছে। তাদের ওপর অন্যান্য যৌন সহিংসতা চালিয়েছে। গত বছর রাখাইনে সরকারি বাহিনীর অভিযানকালে এসব অপরাধ সংঘটিত হয়।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রাখাইনের মংডু জেলার অন্তত নয়টি গ্রামে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা ধর্ষণ, গণধর্ষণ, আগ্রাসীভাবে দেহ তল্লাশি ও যৌন হামলায় অংশ নেন। 
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা গোষ্ঠীবদ্ধভাবে হামলা চালিয়েছেন। বন্দুকের নলের মুখেও ধর্ষণের ঘটনা ঘটেছে।

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত-নয়া দিগন্ত

নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত

নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত হয়েছেন।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় আরো একজন জেলে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সূত্র জানাচ্ছে, আজ খুব ভোরে তিনজন জেলে একটি ট্রলারে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার পর বিজিপির একটি টহল নৌকা থেকে তাদের ওপর গুলি করা হয় বলে জানিয়েছে বিজিপি।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার ২ নম্বর স্লুইসগেট-সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশের জলসীমানায় এই ঘটনা ঘটে বলে অক্ষত এক জেলের ভাষ্য।

২ মামলায় ১৫ দিনের রিমান্ডে রাজীব –সমকাল

২ মামলায় ১৫ দিনের রিমান্ডে রাজীব

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় গ্রেফতার শীর্ষ জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে বগুড়ার দু'টি মামলায় ১৫ দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

 দুই মামলায় পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে শেরপুরের আমলী আদালত ও শিবগঞ্জের আমলী আদালত পৃথক এই রিমান্ড আদেশ দেন। 

শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরু গ্রেফতার 

এদিকে শাহজাদপুরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের সময় সাংবাদিক শিমুল হত্যা মামলায় রোববার রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করে পুলিশ।

শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

লালকেল্লার অন্দরে বাক্সভর্তি গ্রেনেড, চাঞ্চল্য রাজধানীতে-সংবাদপ্রতিদিন

লালকেল্লায় উদ্ধার হল বাক্সভর্তি গ্রেনেড

সোমবার সাত সকালে লালকেল্লায় উদ্ধার হল বাক্সভর্তি গ্রেনেড৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানীতে৷ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে বম্ব ডিসপোজাল স্কোয়াড৷ পৌঁছেছেন দমকল আধিকারিকরাও৷
জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে৷  জানানো হয়, লালকেল্লার পুরনো কুয়োর একটি বাক্সে কিছু বিস্ফোরক পাওয়া গিয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বড় টিম৷ পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াডও৷ লালকেল্লার প্রধান ফাটকের কাছে লাহোরি গেটের পাশে উদ্ধার হয়েছে এই বাক্সভর্তি গ্রেনেড৷

উত্তরপ্রদেশ ঘাবড়ে গিয়েছেন মোদী, কটাক্ষ রাহুলের-আনন্দবাজার

উত্তর প্রদেশে ভোট: মোদিকে কটাক্ষ রাহুলের

গ্রামে গিয়ে নোট-বাতিলের ‘সুফল’ বোঝাতে গিয়েছিলেন বিজেপির এক স্থানীয় নেতা। গ্রামবাসীর কিল-চড়-জুতো পেটা খেয়ে কোনও রকমে প্রাণ হাতে নিয়ে পালিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি ছোট্ট গ্রামের ঘটনা। কিন্তু নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের এই রোষকেই ভোটবাক্সে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন রাহুল গাঁধী-অখিলেশ যাদব। এই যুব নেতাদের যুগলবন্দিতে খোদ মোদীও যে অনেকটাই অস্বস্তিতে, তাও বোঝা যাচ্ছে জনসভায় প্রধানমন্ত্রীর কথাতেই। বক্তৃতার সিংহভাগ জুড়েই তাঁকে আক্রমণ করতে হচ্ছে রাহুল-অখিলেশ জুটিকে। সাফাই দিতে হচ্ছে নোট বাতিলের সিদ্ধান্তের। মোদীকে খোঁচা দিয়েই আরও আক্রমণাত্মক হচ্ছেন রাহুল-অখিলেশ।

‘সংক্রমণই জয়ললিতার মৃত্যুর কারণ’-আজকাল

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা

লন্ডন থেকে তাঁকে উড়িয়ে আনা হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার চিকিৎসার জন্য। ‘আম্মা’–র মৃত্যু দু’মাস পরে কিংবদন্তি নেত্রীর মৃত্যুর কারণ নিয়ে প্রথমবার মুখ খুললেন ড.‌ রিচার্ড বেল। জানালেন, ‘মাল্টিপল অর্গ্যান ফেলিওর’–তো ছিলই, সঙ্গে ছিল একাধিক প্রত্যঙ্গে গুরুতর সংক্রমণ। শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল প্রয়াত মুখ্যমন্ত্রীর। একটি সাংবাদিক সম্মেলনে ড.‌ বেল বলেছেন, ‘জয়ললিতাকে বাঁচানোর জন্য চেষ্টার কোনও ত্রুটি ছিল না। তবে প্রত্যঙ্গগুলিতে সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে, কোনও চিকিৎসাতেই কাজ হয়নি। রক্তেও সংক্রমণ তৈরি হয়েছিল। শেষে হৃদপিণ্ডও কাজ করা বন্ধ করে দেয়।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬