সব দলকে নির্বাচনে আনা বড় চ্যালেঞ্জ: নয়া প্রধান নির্বাচন কমিশনার
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- অবয়ব ভালো, বাকিটা বোঝা যাবে কাজ দেখে-ইত্তেফাক
- নতুন ইসিও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সিইসি-প্রথম আলো
- ঘুষের রেট বেড়েছে- দুদক চেয়ারম্যান-যুগান্তর
- সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মিরুর গাড়িচালক গ্রেপ্তার-কালের কণ্ঠ
- পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ না হলে প্রতিরোধ-নয়া দিগন্ত
- সাঁওতাল পল্লীতে আগুন: এসপিসহ ৫৭ পুলিশ সদস্য প্রত্যাহারের নির্দেশ - সমকাল
ভারতের শিরোনাম:
- লোকসভায় রাহুল-সহ গান্ধী পরিবারকে কটাক্ষ মোদির -সংবাদপ্রতিদিন
- কৈলাশ সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরি-আজকাল
- অপসারিত একের পর এক আমলা, বাড়ছে ক্ষোভ, শপথের পথে শশিকলা -আনন্দবাজার
শ্রোতা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোর প্রধান খবর- ইসি গঠন সম্পর্কে। খবরে বলা হয়েছে, নতুন সিইসি হলেন সাবেক সচিব নুরুল হুদা। তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, সব দলকে নির্বাচনে আনা বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেছেন দলীয় চাপে নত হবেন না এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সংবিধান ও আইন মোতাবেক নির্বাচন আয়োজনই তার মূল উদ্দেশ্য।
অবয়ব ভালো, বাকিটা বোঝা যাবে কাজ দেখে-বিশিষ্ট চার নাগরিকের মন্তব্য
পাঁচ সদস্যের সমন্বয়ে নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে সার্চ কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়া চারজন বিশিষ্ট নাগরিক ইত্তেফাকের সঙ্গে পৃথকভাবে আলাপকালে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় প্রায় অভিন্ন ভাষায় বলেছেন, ‘নতুন কমিশনের ফার্স্ট লুক বা অবয়ব ভালো, তাদের তেমন কোনো বদনাম নেই, বাকিটা বোঝা যাবে তাদের কাজ দেখে। কমিশনের যারা মূল স্টেক হোল্ডার-সেই রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষই ভালো-মন্দ মূল্যায়ন করবে।’
সংবাদ বিশ্লেষণ-নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে যেসব প্রশ্নের উত্তর নেই-প্রথম আলো
এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, অনুসন্ধান কমিটিকে রাষ্ট্রপতি ১০ জনের নাম সুপারিশ করার জন্য যে সময় দিয়েছিলেন, তা শেষ হওয়ার দুদিন আগেই আমরা নতুন নির্বাচন কমিশন পেয়ে গেলাম। অস্বাভাবিক দ্রুততায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চারজন কমিশনারের নিয়োগ রাষ্ট্রপতি অনুমোদন করলেন এবং তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে। রকিব কমিশন বিদায় হওয়ার আগেই তাঁদের উত্তরসূরিরা প্রস্তুত এবং তাঁদের শপথ আজ-কালের মধ্যেই অনুষ্ঠিত হবে।
অনুসন্ধান কমিটির কাজের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে এই অস্থায়ী ব্যবস্থার প্রতি জন-আস্থা বজায় রাখার যে দাবি উঠেছিল, তা অপূর্ণই থেকে গেল। ফলে পুরো অনুশীলনটিই একটি নাটকের মঞ্চায়ন ছিল কি না, সেই প্রশ্নও উঠতে পারে।
প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, নতুন নির্বাচন কমিশনও যোগ্যতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি নতুন নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানিয়েছেন।
সাঁওতাল পল্লীতে আগুন: এসপিসহ ৫৭ পুলিশ সদস্য প্রত্যাহারের নির্দেশ - সমকাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় তাদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনায় গাইবান্ধা পুলিশের সুপারসহসহ ৫৭ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেন। গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে স্বরাষ্ট্রসচিবকে। একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইজিপি ও রংপুর পুলিশের ডিআইজিকে বাকি পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মিরুর গাড়িচালক গ্রেপ্তার-কালের কণ্ঠ
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকি সন্ধ্যায় পৌর শহর থেকে গ্রেপ্তার শাহিন আলম (২৮) ওই হত্যা মামলায় গ্রেপ্তার পৌর মেয়র হালিমুল হক মিরুর গাড়ি চালক। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ না হলে প্রতিরোধ-নয়া দিগন্ত
অবিলম্বে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ না হলে সর্বত্র সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয়া হয় বলে সরকারকে সর্তক করে দিয়েছেন হকার্স ইউনিয়ন ও হকার সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
জাতীয় প্রেসক্লাবের সামনে হকার্স ইউনিয়ন এবং হকার সমন্বয় পরিষদের যৌথ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিষ্টুর বল প্রয়োগের মাধ্যমে চলমান হকার উচ্ছেদ বন্ধ করা এবং হকারদের পুনর্বাসনের জন্য সুষ্টু নীতিমালা প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রায় পাঁচ সহ¯্রাধিক হকার অংশগ্রহণ করে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অপসারিত একের পর এক আমলা, বাড়ছে ক্ষোভ, শপথের পথে শশিকলা-আনন্দবাজার
এক দিকে চলছে শপথ গ্রহণের প্রস্তুতি। অন্য দিকে শুরু হয়ে গিয়েছে তীব্র বিক্ষোভ। কিন্তু শপথ নেওয়ার আগেই যে তিনি কার্যত মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে, তা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছেন শশিকলা। অপছন্দের আমলাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আগেই শুরু করেছিলেন। এ বার মুখ্যমন্ত্রীর দফতর থেকেও বেশ কয়েক জন শীর্ষ আমলাকে অন্যত্র বদলি করে দেওয়া হল। এঁদের সকলকেই জয়ললিতা বেছে নিয়েছিলেন। কিন্তু এঁরা শশিকলার পছন্দের নন।
কোনও কালে সক্রিয় রাজনীতিই করেননি যিনি, তিনি আচমকা মুখ্যমন্ত্রী হচ্ছেন কী ভাবে? এই প্রশ্নকে ঘিরে শোরগোল ক্রমশ বাড়ছে তামিলনাড়ুতে। বিরোধী দল ডিএমকে শশিকলার মুখ্যমন্ত্রিত্বের ঘোর বিরোধিতা শুরু করেছে।
কৈলাশ সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরি-আজকাল
রবি ঠাকুরের পর এবার কৈলাশ সত্যার্থী। নোবেল চুরির নিরিখে এক তালিকায় চলে এলেন এই দুই নোবেল বিজয়ী। তবে রবীন্দ্রনাথেরটি আসল, এটি রেপ্লিকা, এটাই তফাত।
মঙ্গলবার সকালে হঠাৎ জানা যায়, কৈলাশ সত্যার্থীর নোবেল চুরি গিয়েছে। পরে জানা যায়, সেটি রেপ্লিকা। প্রোটকল অনুযায়ী, আসল নোবেল পুরস্কারটি রাখা আছে রাষ্ট্রপতি ভবনে। নোবেলজয়ী সমাজকর্মী আপাতত আমেরিকায় রয়েছেন। থানায় অভিযোগ জানানো হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
লোকসভায় রাহুল-সহ গান্ধী পরিবারকে কটাক্ষ মোদির –সংবাদপ্রতিদিন
অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট পেশের পর অবশেষে লোকসভায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় জবাবি ভাষণে ফের একবার রাহুল গান্ধী-সহ গোটা গান্ধী পরিবারকেই কটাক্ষ করেন তিনি। সোমবার রাতে ভূমিকম্পের তুলনা টেনে রাহুলের উদ্দেশে বলেন, ‘অবশেষে ভূমিকম্প এল। আমি ভাবছিলাম ভূমিকম্প এল কীভাবে? পরে ভেবে দেখলাম এর জন্য দায়ী রাহুল গান্ধীর ‘স্ক্যাম’-এর ব্যাখ্যা। তার কথার কারণেই ধরিত্রীমাতা কেঁপে উঠেছে। কেলেঙ্কারি এবং সেবাকে এক করে দিয়েছেন রাহুল। এক পরিবারের কাছেই গণতন্ত্রের বিসর্জন দেওয়া হয়েছে। ভারতের স্বাধীনতা কোনও পরিবারের অবদান নয়।’ এদিন বক্তৃতা দিতে উঠেই বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মোদি। পরে নিজের ভাষণে তাঁদেরও সমালোচনা করেন। এছাড়া মোদি নোটবাতিল থেকে শুরু করে বাজেট এগিয়ে আনার প্রসঙ্গেও মুখ খোলেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭