আমি জনতার মঞ্চে ছিলাম না: নুরুল হুদা
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- উত্তরায় স্কুলছাত্র খুন: ‘গ্যাংয়ের’ ৮ কিশোর গ্রেফতার-ইত্তেফাক
- নতুন সিইসির সাক্ষাৎকার-আমি জনতার মঞ্চে ছিলাম না: নুরুল হুদা-প্রথম আলো-প্রথম আলো
- বেঞ্চ বদলের আবেদন জানিয়ে হাইকোর্টে খালেদা-যুগান্তর
- চলমান উন্নয়নে কোনো প্রতিবন্ধকতা চাই না-প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- ‘ভাই’না ডাকায় শিক্ষার্থীর পেটে লাথি ছাত্রলীগ নেতার-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে -সংবাদপ্রতিদিন
- মান্নানকে সাসপেন্ড, উত্তাল বিধানসভা-আজকাল
- শশিকলার সঙ্গে শতাধিক বিধায়ক, তবু আস্থাভোটের পথেই হাঁটছেন পনীর-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে নয়া নির্বাচন কমিশন নিয়ে আলোচনা-সমালোচনা এবং প্রতিক্রিয়ার খবর ছাপা হয়েছে।
নতুন সিইসির সাক্ষাৎকার-আমি জনতার মঞ্চে ছিলাম না: নুরুল হুদা-প্রথম আলো
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নুরুল হুদাকে ২০০১ সালে বিএনপি বাধ্যতামূলক অবসর দিয়েছিল। বিএনপি সূত্র যদিও বলেছে, জনতার মঞ্চের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁর বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রথম আলোকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই কর্মকর্তা সেই অভিযোগ খণ্ডন করেছেন। তিনি বলেছেন, ‘আমি তখন কুমিল্লার ডিসি ছিলাম। আমি জনতার মঞ্চে যোগ দিইনি এবং বিএনপিও সেই অভিযোগ আনেনি। চাকরিতে ২৫ বছর হলে কোনো কারণ না দেখিয়ে কাউকে অবসর দেওয়া যায়। কিন্তু আমি তার বিরুদ্ধে আইনি লড়াই করেছি। আদালতের রায়ে চাকরি ফিরে পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি পেছনের দিকে তাকাতে চাই না। কারও প্রতি রাগ বা অনুরাগের বশবর্তী হব না। আমি নিরপেক্ষভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’
ইত্তেফাকের খবর-নির্বাচন কমিশনের শপথ গ্রহণের আগেই নতুন সিইসি পরিবর্তন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সিইসি নুরুল হুদা একজন বিতর্কিত ব্যক্তি। এই ব্যক্তির অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে তা দেশের পাগলেও মনে করে না।
প্রথম আলোর খবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নয়, ইসিতে জনমতের প্রতিফলন ঘটেছে। আর আগামী নির্বাচনে নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে আসবে।
সন্ত্রাস দমনে সশস্ত্রবাহিনীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর -বাংলাদেশ প্রতিদিন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্রবাহিনীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার চায় না, দেশে এমন কিছু ঘটুক যাতে চলমান উন্নয়নে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আজ মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় দক্ষিণ এশিয়ার একটি উন্নত-সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। কাজেই আমরা চাই না যে, এমন কিছু ঘটুক যাতে আমাদের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ’
তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ শুধুমাত্র বাংলাদেশেই নয় এখন বিশ্বব্যাপীই একটি উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বেঞ্চ বদলের আবেদন জানিয়ে হাইকোর্টে খালেদা-যুগান্তর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে বেঞ্চ পরিবর্তনের আবেদন করেছেন খালেদা জিয়া। এ আবেদনের ওপর আগামী ১৩ ফেব্রুয়ারী শুনানির দিন ধার্য করেছেন আদালত। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও বিচারপতি বিষ্ণু দেব চক্রবর্তীর আদালত এ আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বুধবার বেঞ্চ বদলের আবেদন উত্থাপন করেন।
উত্তরায় স্কুলছাত্র খুন: ‘গ্যাংয়ের’ ৮ কিশোর গ্রেফতার-ইত্তেফাক
রাজধানীর উত্তরায় কিশোর গ্র্র্যাং গ্রুপের হাতে আদনান কবীর নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে ‘ডিসকো বয়েজ' ও ‘বিগ বস’ গ্রুপের দলনেতারা রয়েছে।
বুধবার র্যাবের মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, গ্রেফতারকৃতরা হলো- ‘ডিসকো বেয়েজের’ দলনেতা রায়হান বিন সাত্তার ও ‘বিগ বস’ দলনেতা শাহিনুর রহমান, রমজান মোবারক, সেলিম খান ও ইব্রাহিম হোসেন সানিসহ আটজন। এদের মধ্যে রায়হান বিন সাত্তার ওই ঘটনায় দায়ের করা মামলার তিন নম্বর আসামি।
সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারীকে তলব- বাংলাদেশ প্রতিদিন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে বার বার সময় নিয়েও ব্যর্থ হওয়ায় তদন্তের দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহমেদকে তলব করেছে আদালত।
বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২১ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
শশিকলার সঙ্গে শতাধিক বিধায়ক, তবু আস্থাভোটের পথেই হাঁটছেন পনীর-আনন্দবাজার
প্রতিবাদের রাস্তাতেই হাঁটতে চাইছেন তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম। মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখতে আপাতত আস্থাভোটেই যেতে চাইছেন তিনি।
গত রবিবার রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। মঙ্গলবার জয়ললিতার সমাধিস্থল থেকে বেরিয়ে জানিয়েছিলেন, দলের কর্মীরা সঙ্গে থাকলে সেই পদত্যাগপত্র প্রত্যাহার করে নেবেন। বুধবার আরও এক ধাপ এগিয়ে জানালেন, আস্থাভোটের মাধ্যমেই তিনি নিজেকে রাজ্যের প্রকৃত প্রধান হিসেবে প্রমাণ করবেন। পাশাপাশি, এ দিন তিনি জয়ললিতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে-আজকাল
ধাপে ধাপে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাবে, বুধবার এই কথাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ রিজার্ভ ব্যাঙ্ক এদিন জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ২৪ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হচ্ছে৷ পাশাপাশি, আগামী ১৩ মার্চ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় আর কোনও ঊর্ধ্বসীমাই থাকছে না৷ অন্যদিকে, রেপো রেট ৬.২৫ শতাংশ অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক৷
সরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে নতুন বিল নিয়ে উত্তাল বিধানসভা, মান্নানকে সাসপেন্ড-আজকাল
বিধানসভা থেকে দু’দিনের জন্য সাসপেন্ড হলেন কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। তার জেরে বিধানসভায় তুমুল ক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। ঝামেলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মান্নান। সরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে নতুন বিল নিয়ে বিধানসভায় আলোচনা চলছিল। সে সময় বিধানসভায় ভাঙচুর–কাণ্ডের ছবি দেওয়া পোস্টার দেখাতে চাইছিলেন মান্নান। স্পিকার ওই পোস্টার দেখাতে বারণ করলেও শোনেননি। শুরু হয় বাকবিতণ্ডা। তার জেরেই মান্নানকে আজ দু’দিনের জন্য সাসপেনশনের সিদ্ধান্ত নেন স্পিকার। স্পিকারের এই নির্দেশে উত্তাল হয়ে ওঠে বিধানসভা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮