রাজাকারকে ইসি প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না: তথ্যমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- রাজাকারকে ইসি প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না'-ইত্তেফাক
- পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি-প্রথম আলো
- মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা পাচ্ছে অস্থায়ী কাজের পারমিট-যুগান্তর
- ওরা ভয়ঙ্কর কিলার গ্রুপ-বাংলাদেশ প্রতিদিন-বাংলাদেশ প্রতিদিন
- ফরিদপুরে নিহতদের লাশ পুড়ে বিকৃত ২ জনের পরিচয় মিলেছে-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- আকাঙ্ক্ষা খুনের পর পূজার সঙ্গে থাকত উদয়ন-সংবাদ প্রতিদিন
- বাথরুমে উঁকি দেওয়াই মোদির পছন্দ: রাহুল-আজকাল
- উত্তরপ্রদেশ ভোট: পিস্তল নিয়ে বুথে, আটক বিজেপি বিধায়কের ভাই-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
রাজাকারকে ইসি প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না'-তথ্যমন্ত্রী: ইত্তেফাক
'যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ বিএনপির মন ভরবে না।' সদ্য গঠিত নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ে বিএনপির সমালোচনার প্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 'কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই প্রত্যাখ্যান করে বিএনপির দেয়া বক্তব্য দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশাজনক।'
পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি-প্রথম আলো
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পাননি কানাডার টরোন্টোর এক আদালত। তাই কানাডার মন্ট্রিলভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক তিন কর্মকর্তাকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
কানাডার টরন্টো স্টার পত্রিকার অনলাইন সংস্করণে গতকাল শুক্রবার বলা হয়েছে, এই রায়ের ফলে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া মামলা থেকে অব্যাহতি পেলেন।
কেভিন এসএনসি-লাভালিনের জ্বালানি ও অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশ প্রকল্পের জ্যেষ্ঠ নির্বাহী ছিলেন। তাঁরা তিনজনই বাংলাদেশে কাজ পেতে এ দেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
কাভার্ড ভ্যানের সিলিন্ডার ফেটেই এত প্রাণহানি-প্রথম আলো/
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডেই ১৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য সিলিন্ডার বিস্ফোরণকেই দায়ী করেছে। পুলিশ বলছে, কাভার্ড ভ্যানটি বেশ কিছু গ্যাস সিলিন্ডার পরিবহন করছিল। সংঘর্ষে সেসব সিলিন্ডার বিস্ফোরণে এতসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার গজারিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।
এদিকে নয়া দিগন্তের খবরে বলা হয়েছে- ফরিদপুরে নিহতদের লাশ পুড়ে বিকৃত ২ হওয়ায় মাত্র ২ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, নড়াইলের ডা. গোলাম রসুল শিকদার (৫০) ও যশোরের বাহাদুরপুরের আশা ইসলাম (৪৫)।
ওরা ভয়ঙ্কর কিলার গ্রুপ-বাংলাদেশ প্রতিদিন
শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় । না পেলে হত্যা, লাশ গুম । অর্ধশতাধিক রোমহর্ষক অপরাধ । লাশের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী
নিষ্ঠুর, নৃশংস। রীতিমতো গা শিউরে ওঠা কাহিনী। নিষ্পাপ শিশুদের পেট কেটে নদীতে ভাসিয়ে দিতেও এতটুকু হাত কাঁপে না তাদের। কোমলমতি শিশুদের অপহরণের পর চাহিদা অনুযায়ী মুক্তিপণ না পেলে বিদেশে পাচার করে দেয় ওরা। দেশময় ছড়িয়ে আছে ভয়ঙ্কর শিশু অপহরণকারী চক্রের সদস্যরা। বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার আন্তর্জাতিক অপহরণকারী চক্রের ছয় সদস্যের জবানিতে বেরিয়ে আসছে রোমহর্ষক, হৃদয়বিদারক এসব কাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নারী সদস্যও। দুই বছর ধরে অন্তত ২০ শিশুকে অপহরণের কথা স্বীকার করেছেন তারা। তবে র্যাব কর্মকর্তাদের ধারণা, চক্রটি অর্ধশতাধিক শিশুকে অপহরণ ও খুনের সঙ্গে জড়িত।
তদন্ত সূত্র বলছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা সংঘবদ্ধ শিশু অপহরণ ও পাচারকারী সিন্ডিকেটের সদস্য।
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা পাচ্ছে অস্থায়ী কাজের পারমিট-যুগান্তর
মালয়েশিয়ায় আবারও ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অবৈধ শ্রমিকদের অস্থায়ী কাজের পারমিটের নিবন্ধন। তবে এ নিবন্ধন সম্পূর্ণ ভিন্ন। ই-কার্ডের মাধ্যমে অবৈধরা বৈধ হতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশটিতে যারা স্টুডেন্ট ভিসা, নৌপথে আসা, টুরিস্ট ভিসা এবং রেগুলার শ্রমিক ভিসায় এসে এখনও অবৈধ হয়ে বসবাস করছেন তাদের জন্য মূলত এই প্রোগ্রাম। আর এ প্রোগ্রাম শেষ হবে চলতি বছরের ৩০ জুন। ৪ মাসের এই প্রসেসে অনেকেই বৈধ হয়ে যেতে পারবেন।
কেনিয়াগামী ৭৪ যাত্রী আটক-ইত্তেফাক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে কেনিয়ায় যাওয়ার পথে ৭৪ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পর তাদের আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ জানান, স্বল্পমেয়াদী ভিসা দেখে আমাদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। একটি সংঘবদ্ধ চক্র লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কেনিয়া নিয়ে যাচ্ছিল। চক্রটিকেও আটক করা চেষ্টা চলছে বলে তিনি জানান।
শনিবার বিস্তারিত তথ্যে পুলিশ জানায়, অবৈধ ভাবে দুবাই যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা পাসপোর্টও জব্দ করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
উত্তরপ্রদেশ ভোট: পিস্তল নিয়ে বুথে, আটক বিজেপি বিধায়কের ভাই-আনন্দবাজার
ভোট চলাকালীন বুথের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অভিযোগে বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের ভাই গগনকে আটক করল পুলিশ। শনিবার সকালে গগন ফরিদপুরের একটি বুথে গিয়েছিলেন। সঙ্গে পিস্তল থাকায় পুলিশ তাঁকে আটক করে।
সূত্রের খবর, গগনের দাদা বিজেপির ওই বিধায়ক ২০১৩ মুজফফরনগরে দাঙ্গায় অন্যতম অভিযুক্ত। উত্তরপ্রদেশে নির্বাচনীবিধি ভঙ্গেরও অভিযোগ রয়েছে তাঁর উপর। কারণ, সম্প্রতি প্রচারের সময় তাঁর গাড়ি থেকে একাধিক সিডি উদ্ধার করেছে পুলিশ। ৩ ঘণ্টার ওই সিডিগুলিতে মুজফফরনগরের দাঙ্গার ফুটেজ দেখানো হয়েছে।
পঞ্জাব, গোয়ার পর শনিবার সকাল থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। সাত দফা বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে প্রথম দফায় মোট ৪০৩টি আসনের মধ্যে আজ ৭৩টিতে ভোট হয়েছে।
পন্নির–পক্ষে আরও ৩, রাজ্যপালকে চিঠি শশীর-আজকাল
আবার ধাক্কা খেলেন শশিকলা। ৫ বিধায়কের পর এবার পন্নিরসেলভামের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মন্ত্রী কে পাণ্ডিয়ারাজন। এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী শশিকলার প্রকাশ্যে বিরোধিতা করলেন। টুইটারে লিখলেন, ‘ভোটারদের ইচ্ছাই মানব এবং আম্মার স্মৃতি ও দলের ঐক্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’ সাংসদ পি আর সুন্দরম, অশোক কুমারও পন্নিরের সমর্থনে এগিয়ে এলেন। তার পরেই রাজ্যপালের কাছে সময় চেয়ে চিঠি লিখলেন শশী। আর্জি, রাজ্যবাসী, গণতন্ত্রের স্বার্থেই তাঁকে দ্রুত মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক। কারণ সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাঁর পাশেই। সেই প্রমাণও তিনি দিতে পারবেন।এমনিতে মুখে যাই বলুন, আত্মবিশ্বাস শশীর ক্রমেই কমছে।
নোট বাতিলের ক্ষতে মমতার প্রলেপ-বর্তমান
নোট বাতিলের জেরে দুর্ভোগের মুখে পড়া সাধারণ মানুষ, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতে কার্যত ২০১৭-১৮ আর্থিক বছরের রাজ্য বাজেটের মধ্যে দিয়ে প্রলেপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় যে বাজেট পেশ করেছেন ডঃ অমিত মিত্র, তাতে নতুন কোনও কর না বাড়িয়েও গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে। এরই পাশাপাশি নোট বাতিলে ভোগান্তির মুখে পড়া বাংলার কৃষকদের সমস্যা নিরসনে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রয়েছে বাজেটে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং নিজ উদ্যোগীদের সমস্যার সুরাহার জন্য ভ্যাট প্রদানের প্রাথমিক স্তরটি ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। একইভাবে নোটবন্দির কারণে ভিন রাজ্য থেকে কর্মচ্যুত হয়ে আসা কারিগরদের ক্ষুদ্র ব্যাবসায় উৎসাহদানের জন্য এককালীন অর্থ সাহায্য করার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে বাজেটে।
বাথরুমে উঁকি দেওয়াই মোদির পছন্দ: রাহুল-আজকাল
শনিবার উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের দিনে অভিন্ন ন্যূনতম কর্মসূচি প্রকাশ করলেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব। জানিয়ে দিলেন, রাজ্যে তরুণদের সরকারই কাম্য। সেই সরকার যে উন্নয়ন আনবে, তার ভিত্তি হিসেবে ১০টি পয়েন্ট লেখা রয়েছে কর্মসূচিতে। তার পর মঞ্চে দাঁড়িয়ে একের পর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদির দিকে। নরেন্দ্র মোদির ‘রেনকোট’ মন্তব্যকে একহাত নিয়ে রাহুলের খোঁচা, অন্যের বাথরুমে উঁকি দেওয়াই ওঁর পছন্দের কাজ।
আকাঙ্ক্ষা খুনের পর পূজার সঙ্গে থাকত উদয়ন-সংবাদ প্রতিদিন
এ যেন হলিউড থ্রিলার সিনেমার জমজমাট প্লট৷ আর উদয়ন-কাণ্ডে সেই প্লটের রহস্য উদঘাটন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাঁকুড়া সদর থানার তদন্তকারীদের৷
কখনও খোঁজ মিলছে ছোট বেলার বান্ধবীর৷ কখনও দ্রূত বাড়ি বিক্রি করে ভোপাল ছাড়ার পরিকল্পনা৷ আবার কখনও শরীরের সুখ মেটাতে বিদেশ পাড়ির তথ্য৷ শনিবার সকালে উদয়নের ল্যাপটপ ঘেঁটে পূজা খাটোয়ানি নামে এক যুবতীর সন্ধান পেয়েছেন তদন্তকারীরা৷ পুলিশি জেরা যাঁকে উদয়ন নিজের ছোটবেলার বান্ধবী বলে পরিচয় দিয়েছে৷ উদয়নের জীবনে পূজার উপস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১