ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১৫:২৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা!! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • বিশ্বের বুকে দেশকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
  • ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের জীবিকাও নিশ্চিত করা হবে: কাদের-প্রথম আলো
  • আসল গোয়েন্দার হাতে আটক নকল ১১ গোয়েন্দা-যুগান্তর
  • আরাফাত সানির রিমান্ড-জামিন উভয় নাকচ-কালের কণ্ঠ
  • পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি-হাছান মাহমুদ: বাংলাদেশ প্রতিদিন
  • এখন তাদের ক্ষমা চাওয়া উচিত- তোফায়েল: নয়া দিগন্ত
  • নতুন সিইসিকে পদত্যাগের আহবান রিজভীর-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কী! বাড়িতে শৌচাগার নেই? তাহলে আপনার বিয়েও বন্ধ-সংবাদ প্রতিদিন
  • পাল্লাভারী পনিরের, অনশনের চিন্তা শশীর-আজকাল
  • চরিত্র নেই, মেরুদণ্ড নেই: বিজেপি রাজ্য সভাপতির কুরুচিকর নিশানায় অমর্ত্য-আনন্দবাজার

শ্রোতা/পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বিশ্বের বুকে দেশকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক

বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বক্তৃতার সময় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে যোগ দিয়ে তিনি বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

এসময় বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।'

 'বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে' উল্লেখ করে তিনি বলেন, 'এই উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।'

নির্বাচন কমিশনার নিয়োগে বৈধতা চ্যালেঞ্জ করে রিট-যুগান্তর

নয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার ও অপর চার কমিশনারের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। 

 রিটে বলা হয়, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে। এছাড়া যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে, তারার সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাবলিক সারভেন্ট (রিটারমেন্ট) অ্যাক্ট-৭৪ অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেয়া যাবে না। 

 বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ সপ্তাহে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

নতুন সিইসিকে পদত্যাগের আহবান রিজভীর-নয়া দিগন্ত

নয়া ইসিকে পদত্যাগের আহ্বান বিএনপি নেতা রিজভীর

নির্বাচন কমিশন এবং সরকারকে `ঝাঁকের কৈ' অর্থাৎ একই গোত্রের বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাদের কাছে গণতন্ত্রের কোনো স্থান নেই। তারা নিজেরা জোর করে ক্ষমতায় থাকার জন্যই একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং নাটক করছে। এই সরকারের নীতি হচ্ছে এক ব্যক্তির দানবীয় ইচ্ছাকে প্রাধান্য দেয়া।

রিজভী অবিলম্বে কোনো রাজনৈতিক অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নতুন সিইসি কে এম নূরুল হুদাকে পদত্যাগ করে সরে যাওয়ার আহ্বান জানান। সেইসাথে সরকারের উদ্দেশে বলেন, অনাচার অবিচার দীর্ঘদিন চলতে পারেনা। আপনাদের শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন।

এখন তাদের ক্ষমা চাওয়া উচিত- তোফায়েল: নয়া দিগন্ত

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন- পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যারা কথা বলেছিল ্ এখন তাদের ক্ষমা চাওয়া উচিত

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের নামে এ সরকারের ওপর কলংকের বোঝা চাপানোর চেষ্টা করা হয়েছিল, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। সেখানে কিছু মানুষ ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মতো অন্যায়ের সাথে মাথা নত করেননি।

মন্ত্রী আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংক লি. আয়োজিত বার্ষিক সম্মেলন-২০১৭ এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি, আজ তা প্রমাণিত হলো। সেকারণেই তিনি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মন্ত্রী বলেন, এক্ষেত্রে নোবেল জয়ী ড. ইউনূস এবং আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের নাম এসেছে। আমাদের দেশের কিছু মানুষ টকশোয় তাদের সাথে সুর মিলিয়েছিলেন। আদালতের রায়ের মাধ্যমে তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুরে বলবো, এখন তাদের ক্ষমা চাওয়া উচিৎ।

পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি-হাছান মাহমুদ: বাংলাদেশ প্রতিদিন

পদ্মাসেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানিয়েছেন আ.লীগ নেতা ড. হাছান মাহমু

পদ্মাসেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে তিনি এ দাবি জানান। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

পদ্মা সেতু দেশের মানুষের যুগ যুগ ধরে লালিত স্বপ্ন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এ স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন। বিশ্বব্যাংক অর্থায়নের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তা এবং দেশের কিছু ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ করেছিল। এমনকি বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা দিয়েছিলো।

তিনি আরও বলেন, কানাডার আদালতে দুর্নীতির প্রমাণ হয়নি। কানাডার আদালতের রায়ে অভিযোগকে মনগড়া, বানোয়াট, গুজব ও অনুমান নির্ভর বলা হয়েছে। এতদিন সরকার পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যা বলেছিল তার প্রমাণ হয়েছে। তাই আমরা দেশবাসীর পক্ষে সরকারের কাছে অনুরোধ জানাই পদ্মা সেতুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলো, সেই সব চিহ্নিত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

টিআইবিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, কানাডার আদালতের রায়ের পর টিআইবি এখন সুর পাল্টিয়েছে। এক সময় সংস্থাটি ষড়যন্ত্রকারীদের সঙ্গে সুর মিলিয়ে বিবৃতি দিয়েছিলো। এজন্য টিআইবিকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের জীবিকাও নিশ্চিত করা হবে: কাদের-প্রথম আলো

বাংলাদেশের সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের জীবিকাও নিশ্চিত করা হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি একটি মানবিক সংকট। তাই পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওখানে তাদের শুধু পুনর্বাসন না, জীবিকাও নিশ্চিত করা হবে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী এলাকায় একটি সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মিয়ানমার সরকার যত দিন রোহিঙ্গাদের ফেরত নেবে না, তত দিন তাদের ঠেঙ্গারচরে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজার একটি স্বাস্থ্যকর স্থান। এখানে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। এখানে অতিরিক্ত কয়েক লাখ রোহিঙ্গার চাপ নানা ক্ষেত্রে সমস্যা ও সংকট সৃষ্টি করছে। তা ছাড়া এখানে অতিরিক্ত রোহিঙ্গা রাখার জায়গাও নেই। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।

নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ: শিক্ষামন্ত্রী-প্রথম আলো

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি, সেগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ১৮তম সমাবর্তনে সভাপতির বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। সমাবর্তনে ১ হাজার ৪১৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।

বর্তমানে দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুরোনো ৫১টিকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য চার দফায় সময় দেয় সরকার। সর্বশেষ সময় শেষ হয়েছে গত মাসে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়ে জানিয়েছে, পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাত্র ১২টি পূর্ণাঙ্গভাবে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বাকি ৩৯টি এখনো পুরোপুরিভাবে যেতে পারেনি। এদের কেউ কেউ নিজস্ব ক্যাম্পাসে আংশিক কার্যক্রম শুরু করেছে। কেউ কেউ ক্যাম্পাস নির্মাণ করছে। কেউ কেউ এখনো নির্মাণকাজ শুরু করেনি। একটি আইনানুযায়ী জমিই কেনেনি।

আসল গোয়েন্দার হাতে আটক নকল ১১ গোয়েন্দা-যুগান্তর

রাজধানীর সবুজবাগ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে আটক করা হয়েছে   শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা ডিবি পুলিশের পূর্ব বিভাগের খিলগাঁও জোনাল টিম তাদের আটক করে আটক ব্যক্তিরা হলেন- ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আবদুল মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহীন কাজী, লিটন শেখ, মাসুম গাজী, আসলাম শেখ। দুপুরে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

আরাফাত সানির রিমান্ড-জামিন উভয় নাকচ-কালের কণ্ঠ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করেছেন আদালত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এই আদেশ দেন।

সানির আইনজীবী মুরাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সানিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মোহাম্মদপুর থানার পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে ১ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তাঁর স্ত্রী বলে দাবি করা এক তরুণী। আদালত তরুণীর জবানবন্দি রেকর্ড করে তাঁর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই তরুণী।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাল্লাভারী পনিরের, অনশনের চিন্তা শশীর-আজকাল

পাল্লাভারী পনিরের, অনশনের চিন্তা শশীকলার

আরও শক্ত হচ্ছে পনিরসেলভামের হাত। রবিবার তাঁর শিবিরে যোগ দিলেন এআইএডিএমকে সাংসদ বি সেনগুট্টুভান, জে জেয়াসিং, আর পি মারুথারাজা সহ ১০ সাংসদ। তাঁদের মধ্যে ২ জন রাজ্যসভার সদস্য। প্রাক্তন সাংসদ রামারাজনও দাঁড়ালেন পাশে। এদিন সকালে পনিরের বাড়িতে গিয়ে দেখা করলেন তাঁরা। এর পর বাইরে এসে পনির–পক্ষে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন। পনিরকে দলনেতা মেনে সম্মানও জানালেন। বেলা বাড়তে শিবিরে ভিড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পি বিজয়লক্ষ্মী পালানিসামি। এত সহজে হারতে রাজি নন শশিকলাও। খবর, রাজ্যপাল এদিনও তাঁকে সরকার গড়তে না ডাকলে মেরিনা বিচে জয়ললিতার সমাধির সামনে অনশনে বসবেন। সঙ্গে অনশন করবেন তাঁর সমর্থক বিধায়করাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিধায়ক জানিয়েছেন, পুলিস অনুমতি না দিলে পোয়েস গার্ডেনে আম্মার বাসভবন বা দলের সদর দপ্তরে অনশন করবেন। সকাল থেকে পোয়েস গার্ডেনে আম্মার বাড়ির সামনে পনির–বিরোধী স্লোগান তুলল শশী–শিবির।

চরিত্র নেই, মেরুদণ্ড নেই: বিজেপি রাজ্য সভাপতির কুরুচিকর নিশানায় অমর্ত্য-আনন্দবাজার

অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ!

মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে মনে করেন তিনি। এতে দেশের অর্থনীতির তো বটেই, বিশেষত গরীব মানুষের ক্ষতি হবে বেশি- মনে করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই অমর্ত্য সেনকে এ বার কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর কথায়, “আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছেন। বাঙালি।... তিনি কী করেছেন? বাংলার কেউ বোঝে না। দুনিয়ার কেউ বোঝে না। উনি নিজেও বোঝেন কিনা সন্দেহ আছে। কী দিয়েছেন দেশকে? কী করেছেন উনি?” এখানেই থামেননি দিলীপ। রুচির সীমা আরও খানিক অতিক্রম করে বলেন, “এই ধরনের লোকেদের নিয়েই আমরা আজ গর্ববোধ করি (যাঁদের) মেরুদণ্ড নেই, চরিত্র নেই।” তাঁর মতে, এঁদের (অর্থাত্ অমর্ত্য সেনদের) “কেনা যায়, বিক্রি করা যায়! চমকানো যায়! পায়ে পড়ে যায়।”

তবে আজকালের খবরে বলা হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে মাথা ঘামাতেই রাজি হলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বললেন, ‘উনি যা ঠিক মনে করেছেন, তাই বলেছেন। ওর বলার নিশ্চয়ই অধিকার আছে। আমার আপত্তির কোনও কারণ নেই’।

কী! বাড়িতে শৌচাগার নেই? তাহলে আপনার বিয়েও বন্ধ-সংবাদ প্রতিদিন

হরিয়ানার আলেমদের হুঁশিয়ারি- বাড়িতে শৌচাগার নেই? তাহলে আপনার বিয়েও বন্ধ

 

এ এক অন্য স্বচ্ছ ভারত অভিযান। বাড়িতে শৌচাগার না থাকলে সে বাড়িতে বিয়ে নয়। সাফ জানিয়ে দিলেন হরিয়ানার ইমামরা। বাড়ি ছেলে বা মেয়েকে বিয়ে করতে হলে দেখাতে হবে গাঁয়ের মোড়লের শংসাপত্র। যেখানে লেখা থাকবে, এ বাড়িতে শৌচাগার আছে। আর তার মানে, এ বাড়িতে আপনি আপনার ছেলে বা মেয়ের বিয়ে দিতেই পারেন। এমনই বিধি চালু হল হরিয়ানার নুহ্ জেলায় ১১০টি গ্রামে। নিদান দিলেন গ্রামের প্রায় ১২০০ জন ইমাম।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২