আ. লীগ গরীব মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না: ওবায়দুল কাদের
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- যশোরে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ৪১- ইত্তেফাক
- প্রতিক্রিয়া-ব্যাংক খাতে পরিবারতন্ত্রের একচেটিয়া!-প্রথম আলো
- সুনামগঞ্জে সুলতানা কামাল-হাওরে সংকটের জন্য দায়ীদের বিচার করতে হবে-প্রথম আলো
- আসামি শাফাতকে বাসায় পায়নি পুলিশ -প্রথম আলো/ইত্তেফাক
- সংসদে প্রধানমন্ত্রী-বিচার বিভাগ, গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে-এনটিভিবিডি অনলাইন
- আত্মসমর্পন করে জামিন পেলেন মেয়র সাক্কু-যুগান্তর
- ‘আওয়ামী লীগ গরীব মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না’-মানবজমিন
- ষোড়শ সংশোধনী বিষয়ে আপিল শুনানি ২১ মে পর্যন্ত মুলতবি-কালের কণ্ঠ
- পাশের দাবিতে রংপুর মেডিক্যালে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট, দাবি না মানলে আত্মাহুতির হুমকি -নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে টহলরত পুলিশের উপর হামলা, ১ লস্কর জঙ্গি-সহ মৃত ৪-সংবাদ প্রতিদিন
- সুকমায় এবার ২০০০ কোবরা জওয়ান-আজকাল
- কেজরীর বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ দায়ের, উত্তপ্ত হচ্ছে দিল্লি-আনন্দবাজার
- নিটে পোশাক বিধির নাম করে কিশোরীকে হেনস্তার অভিযোগ-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
সংসদে প্রধানমন্ত্রী-বিচার বিভাগ, গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে-এনটিভিবিডি অনলাইন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নেই এটা ঠিক নয়। এ দুটি মাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্ত হয়েছে। গতরাতে সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এ দেশে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় স্বাধীনতা রয়েছে, বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা রয়েছে। তবে স্বাধীনতা ভোগ করতে হলে দায়িত্বশীল হতে হবে। একজনের যেটা অধিকার, আরেকজনের জন্য সেটা দায়িত্ব। কারো অধিকার ক্ষুণ্ণ করার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা যদি কেউ ভোগ করতে চায়, তাহলে তাকে সেই দায়িত্ববোধ নিয়েই করতে হবে। এটাই বাস্তবতা।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক রিপোর্টের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে এখন ৩৪টি টেলিভিশন, ৭৫০টি দৈনিক পত্রিকা রয়েছে। অথচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এ দেশে নাকি মানুষের বাকস্বাধীনতা নেই। বেসরকারি টেলিভিশনগুলোতে বসে টকশোতে দিন-রাত সরকারের বিরুদ্ধে সমানে কথা বলা হচ্ছে।’
‘আওয়ামী লীগ গরীব মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না-ওবায়দুল কাদের-মানবজমিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ গরীব মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না। করার দরকারও নেই। মৌলভীবাজারের জুড়ী উপজেলার মেরুদবিহারী উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, হাকালুকি হাওরে এখানে ৩৬ হাজার লোক ক্ষতিগ্রস্ত। ৬০০ কার্ড দিয়ে কিছু হবে না। যতদিন পর্যন্ত ফসল ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আর যুগান্তরের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, হাওরের দুর্গতদের পাশে না থাকলে খবর আছে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার হাকালুকি হাওর তীরের জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমি কারো লাল গোলাপের শুভেচ্ছা নিতে আসিনি। ভাষণ দিতেও আসিনি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির মানুষের পাশে দাঁড়াতে এসেছি।
তিনি বলেন, অকাল বন্যায় সৃষ্ট যন্ত্রণা ও কষ্ট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করে না। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আপনাদের পাশে সবাই আছে। যে না থাকবে, তার খবর আছে।
সুনামগঞ্জে সুলতানা কামাল-হাওরে সংকটের জন্য দায়ীদের বিচার করতে হবে--প্রথম আলো
হাওরের ফসলহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ আখ্যায়িত করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, এই সংকটে হাওরবাসীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। এই সংকটের পেছনে প্রকৃতি যেমন রয়েছে, তেমনি এটা মানবসৃষ্ট। যাঁরা এর জন্য দায়ী, তাঁদের বিচার করতে হবে। দুর্নীতিবাজদের যেন কোনো ছাড় দেওয়া না হয়।
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা সদরে আজ মঙ্গলবার বিকেলে হাওরের ফসলহানির ঘটনায় আয়োজিত এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। স্থানীয় হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা এই সমাবেশের আয়োজন করে।
সুলতানা কামাল আরও বলেন, ‘মানুষের এই দুর্যোগ-দুর্ভোগ নিয়ে যেন রাজনীতি না হয়। এটা সহ্য করা হবে না। আমরা হাওরের মানুষের সঙ্গে এক কাতারে আছি।’ তিনি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ, এনজিও ঋণ সম্পূর্ণ মওকুফের দাবি জানান।
যশোরে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ৪১- ইত্তেফাক
যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পাঁচজনের লাশ উদ্ধার করা হলেও একজনের লাশ এখনো উদ্ধার করা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো ৪১ জন। মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকের বয়স ২৮/৩৫ বছরের মধ্যে। তাত্ক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও অপর সাতজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।
প্রতিক্রিয়া-ব্যাংক খাতে পরিবারতন্ত্রের একচেটিয়া!-প্রথম আলো
বেসরকারি ব্যাংকে পরিবারতন্ত্র কায়েম কিংবা পরিবারের চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠার চেষ্টা দেখা যাচ্ছে। ব্যাংকিং আইন ও বিধিমালা সময়-সময় সংশোধন হয়ে থাকে। তবে তখন কিছু নীতি মান্য করা হয়। ব্যাংকের স্বার্থ মানে তো শুধু একটি পরিবারের নয়, সব আমানতকারীর স্বার্থও তো দেখতে হয়। এবারের সংশোধনের বিষয়ে ড. ওয়াহিদউদ্দীন মাহমুদের নেতৃত্বে যে ব্যাংকিং কমিশন হয়েছিল, তাতে এক পরিবার থেকে সর্বোচ্চ একজন সদস্য পরিচালনা বোর্ডে রাখার সুপারিশ করা হয়েছিল। তা সত্বেও সরকার সংখ্যাটা দুজন করেছিল। আমি মনে করি, এতেই সীমাবদ্ধ থাকা উচিত। তা ছাড়া একটানা নয় বছর ওই পদে কারও থাকাও নজিরবিহীন। এর ফলে গোটা কাঠামোটাই তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। বোর্ডের বাকিরা নিস্পৃহ ও নিরুৎসাহিত হয়ে পড়বে।
বর্তমানে ৪০টি ব্যাংকে দেখা যাচ্ছে, মালিকদের টাকা ২ দশমিক ৫ শতাংশের সামান্য বেশি। সাধারণত বেসরকারি ব্যাংকে জনগণের টাকা থাকে গড়ে ৯০ শতাংশের ওপরে। এ জন্যই পরিচালনা পর্ষদে অংশীদারদের প্রতিনিধিত্ব ব্যাপকভিত্তিক করতে হয়। আমরা ব্রিটিশ ব্যাংকিং সিস্টেমে অনুসরণ করি, যেখানে বহুপক্ষীয় (ব্রড বেজড) বোর্ড থাকাই নিয়ম। এক পরিবার থেকে চারজন যদি নয় বছর করে থাকেন, তাহলে বোর্ড সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক হয়ে পড়বে। জনগণের কষ্টের টাকার সঞ্চয়ের সঠিক বিনিয়োগের সুযোগও কমে যাবে। এতে ব্যাংকের নাজুকতা বাড়বে। ব্যাংকের মালিকেরা বেশি হারে পরিচালনা পর্ষদে থাকলে ব্যাংকের ভাল ভাল হবে, বিচক্ষণ বিনিয়োগ হবে; এমন দাবি যুক্তিযুক্তও নয়, বাস্তববাদীও নয়। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেল, সর্বময় ক্ষমতাধরেরা বেশ কয়েকটি ব্যাংককে শোচনীয় অবস্থায় নিয়ে গেছেন।
ষোড়শ সংশোধনী বিষয়ে আপিল শুনানি ২১ মে পর্যন্ত মুলতবি- কালের কণ্ঠ
উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী ২১ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে গতকাল এ শুনানি শুরু হয়। আজ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে মামলার কার্যক্রম ২১ মে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বিষয়টির ওপর হাইকোর্টের দেয়া রায় উপস্থাপন করেছেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিষয়টির ওপর মতামত দিতে ১২ বিশিষ্ট আইনজীবীকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়।
আসামি শাফাতকে বাসায় পায়নি পুলিশ -প্রথম আলো/ইত্তেফাক
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাফাতের গুলশানের বাসায় তল্লাশি চালানো হয়।
গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ জানান, শাফাতকে বাসায় পাওয়া যায়নি। ঢাকা ও সিলেটে তাঁর আত্মীয়স্বজনের বাসাতেও তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত আসামিরা ধরা পড়বে বলে তিনি জানান।
পুলিশ ধর্ষণ মামলার পাঁচ আসামির একজনকেও গ্রেপ্তার করেনি। শাফাত ছাড়াও অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী (অজ্ঞাতনামা)।
শাফাতের বাবা দিলদার আহমেদ অলংকার শিল্পপ্রতিষ্ঠান আপন জুয়েলার্সের অন্যতম মালিক। শাফাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক পাস করে সম্প্রতি পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন।
ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গত ২৮ মার্চ রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বলে ৬ মে তাঁদের একজন বাদী হয়ে বনানী থানায় মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনা ঘটে যাওয়ার এক মাসের বেশি সময় পর তাঁরা মামলা করেছেন অনেকটা বাধ্য হয়ে। বিশ্ববিদ্যালয়ে তাঁদের পরিচিত বন্ধুবান্ধব তাঁদের বলেছিলেন, ২৮ মার্চ রেইনট্রিতে একটি ঘটনা ঘটেছে বলে তাঁরা শুনতে পাচ্ছেন। তারপর তাঁরা মামলা করার সিদ্ধান্ত নেন।
পাসের দাবিতে রংপুর মেডিক্যালে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট, দাবি না মানলে আত্মাহুতির হুমকি -নয়া দিগন্ত
এমবিবিএস পরীক্ষায় পাশের দাবিতে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুর থেকে তারা এই অবস্থান ধর্মঘট শুরু করেছে। দাবি মানা না হলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছে ছাত্রলীগ নেতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুর মেডিক্যাল কলেজের ৪১তম ব্যাচের এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার। ফলাফলে রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ, সেক্রেটারী গৌরাঙ্গ সাহা ৫৮ জন ফেল করেন। এদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে পাশের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে।
ছাত্রলীগ সেক্রেটারী গৌরাঙ্গ সাহা জানান, মোট ২১২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলাম। প্রথমে সবাইকে পাশ দেখানো হয়েছে। আমরা বাড়িতে মিস্টি বিতরণ করেছি। কিন্তু এখন দেখানো হচ্ছে আমাদের ৫৮ জন ফেল। এই ফলাফল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রংপুর মেডিক্যাল কলেজের যোগসাজসে আমাদেরকে ফেল দেখানো হয়েছে। আমাদের পাশ দেখানো ছাড়া অবস্থান ধর্মঘট চলবে। তিনি বলেন, আমাদের দাবি না মানা না হলে পেট্রোল ঢেলে আমরা সবাই আত্মহুতি দিবো।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অবশেষে কারনানকে জেলে পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট-সংবাদ প্রতিদিন
আরও বিপাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। মঙ্গলবার তাঁকে ছ’মাসের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার দায়ে তাঁকে এই সাজা শোনাল প্রধান বিচারপতি জে এস খেহের-সহ সাত সদস্যের বেঞ্চ। দেশে এই প্রথম কোনও বিচারপতিকে জেলের সাজা শোনাল শীর্ষ আদালত। কারনানকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে কলকাতা পুলিশের ডিজি-কেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়, সংবাদমাধ্যমকে তাঁর নির্দেশ এবং বিবৃতিকে বেশি গুরুত্ব দিতেও নির্দেশ দিয়েছে।
এর আগে গত সোমবারই নিজের বাড়িতে বিশেষ কোর্ট বসিয়ে প্রধান বিচারপতি-সহ সাত বিচারপতির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছিলেন কারনান। প্রধান বিচারপতি খেহারকে পাঁচ বছরের জেল এবং এক লক্ষ টাকা সাজা শুনিয়েছিলেন তিনি। যদিও কারনানের এই রায়ের কোনও গুরুত্বই ছিল না। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, কারনানের কোনও নির্দেশই কার্যকর হবে না। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছিল। এছাড়া যাবতীয় বিচার প্রক্রিয়া থেকেও তাঁকে দূরে সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশপাশি গত ১ মে-র শুনানিতে শীর্ষ আদালত কারনানের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল। তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছিল। যদিও সেই নির্দেশ মানেননি কারনান।
নিটে পোশাক বিধির নাম করে কিশোরীকে হেনস্তার অভিযোগ-বর্তমান
সিবিএসই নির্ধারিত পোশাক বিধি মানার নাম করে নিটের এক মহিলা পরীক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠল। ১৯ বছরের ওই কিশোরীকে পরিদর্শক অন্তর্বাস খুলে এসে পরীক্ষায় বসার নির্দেশ দেন বলে অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুরের একটি পরীক্ষাকেন্দ্রে।
হেনস্তার শিকার হওয়া কিশোরীর মা বলেন, মেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে যাওয়ার পর ফের বেরিয়ে আসে। মেয়ে জানায়, সিবিএসই পোশাক বিধি অনুযায়ী তাকে অন্তর্বাস খুলে রেখে আসতে বলা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে কান্নুরের পুলিশ সুপার বলেন, ওই কিশোরী বা তাঁর বাবা-মা অভিযোগ জানালে মামলা দায়ের করা হবে। আমরা এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। স্পেশ্যাল ব্রাঞ্চকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি কিশোরীকে হেনস্তার এই ঘটনাটি ওঠে কেরল বিধানসভাতেও।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-নিটে বঞ্চনায় ক্ষুব্ধ মমতা, দিল্লিকে চিঠি দিচ্ছে রাজ্য
মেডিকেলে ভরতির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র নিয়ে রাজ্যের ৭৫ হাজারের বেশি পরীক্ষার্থীর ক্ষোভকে গুরুত্ব দিয়ে দিল্লিতে কড়া চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্র তথা সিবিএসই বোর্ডকে এই ইস্যুতে একহাত নিয়ে কটাক্ষ করে বলেন, পরীক্ষা অভিন্ন। অথচ ইংরেজিতে পরীক্ষা দিলে এক ধরনের, আর বাংলায় লিখলে আর এক ধরনের প্রশ্নপত্র— এমন যে হতে পারে, কোনওদিন জানা ছিল না! আসলে বাংলার মেধার সঙ্গে কৌশলে বঞ্চনা করল কেন্দ্র। তাঁর হুঁশিয়ারি, নিশ্চয়ই কেউ এর পিছনে আছেন।
অন্তর্বাস খোলার নির্দেশ, পড়ুয়াদের মর্যাদা কাড়ার অভিযোগ কংগ্রেসের-সংবাদ প্রতিদিন
বহু টালাবাহানর পর ডাক্তারি পড়াশোনার অভিন্ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু শুরুতেই সে পরীক্ষা পড়েছে বিতর্কে। পরীক্ষায় কারচুপি রুখতে পড়ুয়াদের পোশাকের উপর কিছু নিয়ম ধার্য করা হয়েছিল। তা রক্ষা করতেই পরীক্ষার আগে অন্তর্বাস পর্যন্ত খুলতে হয়েছে এক ছাত্রীকে। এই ঘটনায় এবার সরব হল কংগ্রেস।
কেজরীর বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ দায়ের, উত্তপ্ত হচ্ছে দিল্লি-আনন্দবাজার
ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিল্লি। রাজধানীর কুখ্যাত গ্রীষ্মকেও হার মানানোর পথে দিল্লির রাজনৈতিক উত্তাপ। অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির যে ‘তথ্যপ্রমাণ’ তাঁর হাতে রয়েছে, সে সব নিয়ে সিবিআই দফতরে হাজির হয়ে এফআইআর করে এলেন আম আদমি পার্টি (আপ) থেকে সদ্য বহিষ্কৃত কপিল মিশ্র। আর বরখাস্ত হওয়া মন্ত্রী তথা বহিষ্কৃত বিধায়কের তোপের মোকাবিলায় মুখ খুলতে হল খোদ মুখ্যমন্ত্রী কেজরীবালকেই। টুইট করে তাঁর মন্তব্য, ‘‘সত্যের জয় হবে। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন থেকেই তার সূচনা হবে।’’ দেশের বিরুদ্ধে চলতে থাকা এক বড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে চলেছে বলেও কেজরীবাল মন্তব্য করেছেন।
মঙ্গলবার সকালে কপিল মিশ্র সাংবাদিক বৈঠক করে জানান, তিনি কেজরীবালদের বিরুদ্ধে এফআইআর করতে সিবিআই দফতরে যাবেন। আপ-এর আহ্বায়ক অরবিন্দ কেজরীবালকে লেখা একটি চিঠি তিনি পড়ে শোনান সাংবাদিক বৈঠকে। কেজরীবালকে সে চিঠিতে কপিল মিশ্র লিখেছেন, ‘‘আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছি।’’
কেজরীবালের ব্যক্তিগত দুর্নীতির তথ্যপ্রমাণ তাঁর হাতে রয়েছে বলে কপিল মিশ্র দাবি করেছেন একাধিক বার। মঙ্গলবার সিবিআই দফতর থেকে বেরিয়ে কপিল মিশ্র জানিয়েছেন যে তিনি তিনটি অভিযোগ দায়ের করেছেন। কেজরীবালের এক আত্মীয়ের ৫০ কোটি টাকার জমি লেনদেন নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।
সুকমায় এবার ২০০০ কোবরা জওয়ান-আজকাল
মাওবাদী দৌরাত্ম্য ঠেকাতে সুকমায় ২০০০ কোবরা জওয়ান নামাতে চলেছে সিআরপিএফ। এরা প্রত্যেকেই গেরিলা যুদ্ধে পারদর্শী। লাগাতার মাওবাদী হামলার জেরে সাম্প্রতিককালে বারবার রক্তাক্ত হয়েছে ছত্তিশগড়ের সুকমা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকা। গত ২৪ এপ্রিল দুপুরে দোরনাপালের পাশে বুরকাপাল গ্রামে সিআরপিএফ বাহিনীর ওপর হামলা চালায় ৩০০ মাওবাদীর একটি দল। যাতে ২৫ জওয়ান প্রাণ হারান। তার কয়েক দিন আগে, গত ১১ মার্চ ওই সুকমাতেই ১২ জওয়ানকে হত্যা করে মাওবাদীরা। একের পর এক নাশকতামূলক হামলার জেরে মাও অধ্যুষিত রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার স্বরাষ্ট্র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজনাথ সিং। সেখানেই কোবরা বাহিনী নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ, বিহার, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বাস্তারে কোবরা বাহিনী মোতায়েন রয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯