বিএনপির 'ভিশন ২০৩০' দেশ ও জনগণের জন্য ভালো : অর্থমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- নারী ও শিশু নির্যাতনের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি না হলে-দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ- ইত্তেফাক
- আজ পবিত্র শবেবরাত-ইত্তেফাক
- রাজশাহীতে জঙ্গিদের ‘আত্মঘাতী বিস্ফোরণ’, নিহত ৬-প্রথম আলো
- নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত নয়-প্রথম আলো
- বিএনপির রূপকল্প-২০৩০-গণমানুষের ভাগ্যবদলের সনদ-এনটিভিবিডি অনলাইন
- বিএনপির ভিশন দেশ ও জনগণের জন্য ভালো : অর্থমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
- অনলাইনটির এ সম্পর্কিত অন্য একটি খবর- অর্জন কঠিন কিন্তু অসম্ভব নয় : খালেদা জিয়া
- খালেদার ভিশন-২০৩০ ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন-কাদের-বাংলাদেশ প্রতিদিন
- আসছে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ বিদ্যুতে : অর্থমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
- হাওরের সর্বনাশ ঠিকাদারদের পোয়াবারো-মানবজমিন
- শ্লীলতাহানি মামলার জবানবন্দী দিয়েছেন দুই শিক্ষার্থী -কালের কণ্ঠ
- কুমিল্লার মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বিএসএফের তীব্র গুলির লড়াই-সংবাদ প্রতিদিন
- দেশ ছেড়েছেন কারনান, দাবি সহযোগীর-আজকাল
- তিন তালাক: সুপ্রিম কোর্টে ঐতিহাসিক শুনানি -আনন্দবাজার
- জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনার, মৃত ভারতীয় মহিলা-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
রাজশাহীতে জঙ্গিদের ‘আত্মঘাতী বিস্ফোরণ’, নিহত ৬-প্রথম আলো
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযানে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত একটা থেকে শুরু হওয়া এই অভিযান আজ বৃহস্পতিবারও চলছে। এর মধ্যে পাঁচজন জঙ্গি এবং একজন ফায়ার সার্ভিসের সদস্য বলে পুলিশ জানিয়েছে। ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে দুই শিশুকে।
সকাল সোয়া আটটার দিকে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিবজুর আলম মুন্সি প্রথম আলোকে বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল দিবাগত রাত একটার দিকে মাঠের মধ্যে থাকা বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সকাল সাড়ে সাতটার দিকে ওই বাড়ির ভেতর থেকে কয়েকজন বের হয়ে এসে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটান।রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী প্রথম আলোকে বলেন, জঙ্গি আস্তানার কয়েকজন বাড়ির বাইরে বের হয়ে ‘সুইসাইড ভেস্ট’ (আত্মঘাতী বন্ধনী) দিয়ে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটালেও সুমাইয়া নামের এক নারী বসে ছিলেন। ধারণা করা হচ্ছিল, অন্যদের মতো তিনিও ‘সুইসাইড ভেস্ট’ পরে অবস্থান করছেন। তাঁকে আত্মসমর্পণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার মাইকে আহ্বান জানানো হচ্ছিল। বলা হচ্ছিল, ‘আপনি আত্মসমর্পণ করুন’। তিন ঘণ্টার মতো সময় তিনি এভাবেই বসে ছিলেন। পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি আত্মসমর্পণ করেন।
অর্জন কঠিন কিন্তু অসম্ভব নয় : খালেদা জিয়া-এনটিভিবিডি অনলাইন
বুধবার ‘রূপকল্প ২০৩০’ ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
সরকারে গেলে কী করবেন তাঁর একটা রূপরেখা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ৩৭টি বিষয় নিয়ে আলোচনার পর তিনি বলেছেন, ‘আমরা যে ভিশন উপস্থাপন করলাম তা অর্জন কঠিন কিন্তু অসম্ভব নয়।’
শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী-প্রায় সবগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে
বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে সে দিকটাও বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির রূপকল্প-২০৩০-গণমানুষের ভাগ্যবদলের সনদ-এনটিভিবিডি অনলাইন
নির্বাচনের পূর্বাহ্নে রাজনৈতিক দলগুলো তার মিশন ও ভিশন নিয়ে তৎপর হবে, এটাই স্বাভাবিক। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে ২০১৮-এর শেষে অথবা ২০১৯-এর শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। সরকারি দল অনেকটা আগেই মাঠে নেমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রীতিমতো জনসভা করে বেড়াচ্ছেন। এমন কোনো অনুষ্ঠান নেই, যেখানে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে কথা আনছেন না।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বৈকূল্যের কারণে সরকারি দলে মনস্তাত্ত্বিক হতাশা রয়েছে। তারা ভালো করে জানে যে, তারা সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। অন্যদিকে, ওই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার ফলে সেখানেও এক ধরনের হতাশা বিরাজ করছে। বিগত কয়েক বছরে শাসক দলের পক্ষ থেকে বিএনপির ওপর যে অন্যায়-অনাচার, নিপীড়ন-নির্যাতন চলেছে তাতে বিএনপির অবস্থা নাজুক। কিন্তু নীরব বিপুল জনগোষ্ঠী বিএনপির সমর্থনের শক্তি ও সমর্থনের ভিত্তি। ক্রমশ সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে তারা। সুতরাং সমাগত নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনকালীন সরকার নিয়ে সমাধান সুদূরপরাহত হওয়া সত্ত্বেও বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতিপয় শর্ত সাপেক্ষে ৩০০ আসনে ৯০০ প্রার্থীর কথা বলে কার্যত নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছেন।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১০ মে বহুল প্রত্যাশিত ভিশন-২০৩০ ঘোষণা করে নির্বাচনমুখী দল হিসেবে বিএনপির সদিচ্ছা ও সম্ভাবনার কথা জানান দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ অবশ্য খালেদা জিয়ার এই ইতিবাচক বক্তব্যকে চিরাচরিত নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন।
খালেদার ভিশন-২০৩০ ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন-কাদের-বাংলাদেশ প্রতিদিন
খালেদা জিয়ার পুরো বক্তব্যটি যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে স্বীকার করতেই হবে যে এতে একটি নতুন ধারার রাজনীতির আহ্বান রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন। এই বেলুন অচিরেই চুপসে যাবে। এটা জাতির সাথে একটি তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির পক্ষ থেকে বিএনপি নেত্রীর ভিশন ২০৩০’র প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভিশন দেশ ও জনগণের জন্য ভালো : অর্থমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
বিএনপির ভিশন-২০৩০ দেশ ও জনগণের জন্য ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, বিএনপি দেশের একটি রাজনৈতিক দল। তাদের পক্ষ থেকে যে ভিশন দেওয়া হয়েছে, তা ইতিবাচক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
শ্লীলতাহানি মামলার জবানবন্দী দিয়েছেন দুই শিক্ষার্থী -কালের কণ্ঠ
আদালতে জবানবন্দি দিয়েছেন রাজধানীর বনানীতে শ্লীলতাহানির শিকার দুই ভিকটিম। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে তারা জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্র একথা জানিয়েছে।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই শিক্ষার্থীদের জন্মদিনের দাওয়াত দেয়। ওইদিনই তারা ওই ছাত্রীদের বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে ‘দ্য রেইনট্রি হোটেলে’ নিয়ে যায়।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয় সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন দুই তরুণীকে হোটেলের দুটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে গণভাবে তাদের শ্লীলতাহানি করে মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও নাঈম ইসলাম। এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-অপরাধীদের ধরা হবে। আইনের চোখে সবাই সমান।
আসছে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ বিদ্যুতে : অর্থমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে বিদ্যুৎ খাতে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সম্পাদকদের সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী একথা বলেন। মুহিত আরো বলেন, আসছে বাজেটে মানবসম্পদ উন্নয়ন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
নারী ও শিশু নির্যাতনের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি না হলে-দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ- ইত্তেফাক
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। তবে এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে, কেন হয়নি তার কারণ উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টে প্রেরণের বিধান রয়েছে। একইসঙ্গে মামলার পাবলিক প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাকেও অনুরূপ প্রতিবেদন সরকারের নিকট দাখিলের নির্দেশনাও রয়েছে।
কিন্তু বিচারক, পিপি ও তদন্তকারী কর্মকতা কেউই এই বিধান যথাযথভাবে পালন করছে না। এই বিধানটি যথাযথভাবে পালনের লক্ষ্যে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই সেল গঠন করতে বলা হয়েছে। গঠিত ওই সেলের প্রধান হিসাবে রেজিস্ট্রার জেনারেল নিজেও থাকতে পারেন। যদি তিনি না থাকেন তাহলে হাইকোর্টের রেজিস্ট্রারকে ওই সেলের প্রধান করতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ মনিটরিং সেল গঠনের নির্দেশনা দিয়ে এই রায় দেন।
হাওরের সর্বনাশ ঠিকাদারদের পোয়াবারো-মানবজমিন
হাওরে বাঁধ ভেঙে ফসলহানির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতি, ঠিকাদারদের অনিয়ম নিয়ে আলোচনা চলছেই। বেরিয়ে আসছে পাউবো কর্তা ও ঠিকাদারদের একের পর এক দুর্নীতি ও অনিয়মের চিত্র। তবে পাউবো কর্মকর্তাদের পেছনে রয়েছে বিশাল ছায়াবৃক্ষ। প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ ফুটে কিছু বলতেও রাজি নন। হাওরের ফসল ভেসে যাওয়ার পর অনিয়মের কারিগর হিসেবে প্রথম যার নাম এসেছিলো-অভিযোগ রয়েছে
তিনি এক প্রভাবশালী এমপির আশীর্বাদধন্য। পাউবো ও ঠিকাদারদের প্রতি এ আশীর্বাদ-প্রশ্রয়ে সব হারিয়ে নিঃস্ব সুনামগঞ্জের ১ লাখ ৭২ হাজার ১৭ পরিবার। সুনামগঞ্জের বিশিষ্টজনরা বলছেন, দুর্নীতির ছায়াবৃক্ষদের শুধু প্রত্যাহার বা তিরস্কার করলেই চলবে না। এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া উচিত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত নয়-প্রথম আলো
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধান অসাংবিধানিক ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না। ভ্রাম্যমাণ আদালত আইনের ১১টি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ১১টি বিধান বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ-সংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী। রায়ে আদালতে চ্যালেঞ্জ হওয়া ছাড়া ভ্রাম্যমাণ আদালতের অতীত সিদ্ধান্ত মার্জনা করা হয়েছে।
কুমিল্লার মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মো. মনিরুল হক সাক্কু, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।সাধারণ আসনের ২২ জন ও সংরক্ষিত আসনের ৭ জন সদস্যসহ মোট ২৯ জন নব নির্বাচিত কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দেশ ছেড়েছেন কারনান, দাবি সহযোগীর-আজকাল
এখনও বেপাত্তা সাজাপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। খুব সম্ভবত দেশ ছেড়েছেন তিনি। রাজ্য পুলিসের আধিকারিকদের কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন কারনানের ঘনিষ্ঠ সহযোগী এবং আইনি উপদেষ্টা পিটার রমেশ কুমার। তাঁর দাবি কারনান সম্ভবত নেপাল অথবা বাংলাদেশ বর্ডার দিয়ে পালিয়ে গিয়েছেন। পুলিস আধিকারিকদের তিনি আরও বলেছেন, একমাত্র রাষ্ট্রপতি যদি তাঁকে কাজে বহালের আশ্বাস দেন তবেই দেশে ফিরবেন কারনান। তবে ঠিক কোন পথ দিয়ে তিনি পালিয়েছেন তা খোলসা করতে চাননি কুমার।
রাজস্থানে ঝড় : বিয়ের আসরে দেয়াল ধসে নিহত ২৬-এনডিটিভি
বিয়েবাড়ির আনন্দ এভাবে মাটি হয়ে যাবে ভাবতে পারেনি কেউ। উৎসব-খাওয়া-দাওয়া সবই ছিল ঠিকঠাক। কিন্তু, হঠাৎ নেমে আসা বিপর্যয় ভেস্তে দিল গোটা আনন্দ। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের।
ভারতের রাজস্তান রাজ্যে প্রবল ঝড়ের সময় একটি কম্যুনিটি সেন্টারের দেয়াল ধসে এক বিয়ের আসরের ২৬ জন অতিথি নিহত হয়েছে। বুধবার রাতে রাজ্যের ভারতপুর জেলার এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনার, মৃত ভারতীয় মহিলা-বর্তমান
জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাক সেনার গুলিতে মৃত্যু হল নৌসেরা সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী এক ভারতীয় মহিলার। আহত হয়েছেন তাঁর স্বামীও। আজ ভোরে রাজৌরির নওসেরা সেক্টরে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পাক সেনার গুলিতে মৃত মহিলার নাম আখতার বি(৩৫)। তাঁর স্বামী হানিফ মহম্মদ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানান, বুধবার রাত ১০টা ৪০ নাগাদ নওসেরা সেক্টরের সীমান্ত এলাকায় আচমকাই গুলি ও মর্টার ছুঁড়তে শুরু করে পাক সেনারা। সেইসময়ই সীমান্ত সংলগ্ন একটি গ্রামে পাক সেনার ছোঁড়া শেলের আঘাতে মৃত্যু হয় আখতার বাই নামে ওই মহিলার।
ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বিএসএফের তীব্র গুলির লড়াই-সংবাদ প্রতিদিন
ছত্তিসগড়ের পঙ্খজুড়ে মাওবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে বিএসএফের। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ কুরেনারের কাছে বিএসএফের একটি নজরদারি দলের উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। মাওবাদীদের কাছে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে বলে খবর মিলেছে। বিএসএফও হামলার পাল্টা জবাব দেয়। দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
সম্প্রতি ছত্তিশগড়ের সুকমায় আধাসেনাদের একটি দলের উপর হামলা চালিয়ে অন্তত ২৬ জন জওয়ানকে হত্যা করে মাওবাদীরা। জওয়ান সেই সময় ওই এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিলেন। ওই ঘটনার প্রেক্ষিতেই এদিন মাও মোকাবিলার রণকৌশল নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, গত দু’দশকে ১২ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন মাওবাদী হামলায়।
তিন তালাক: সুপ্রিম কোর্টে ঐতিহাসিক শুনানি –আনন্দবাজার
আজ, ১১ মে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হল তিন তালাক মামলার ঐতিহাসিক শুনানি। প্রধান বিচারপতি জেএস খেহরের নেতৃত্বে ভিন্ন ধর্মাবলম্বী পাঁচ বিচারকের বেঞ্চে শুরু হল এই শুনানি। এই বেঞ্চে বিচারপতি খেহর ছাড়াও রয়েছেন, কুরিয়ান জোসেফ, আইএফ নারিম্যান, ইউইউ ললিত এবং আব্দুল নাজির।
গত বছরের শুরুতে দেশের বেশ কয়েকটি মুসলিম মহিলা সংগঠন তিন তালাক বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। কেন্দ্রীয় সরকারও এই দাবির পক্ষে দাঁড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিক জনসভায় ‘তিন তালাক’ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন।
এ দিন সুপ্রিম কোর্টের এজলাসে বিচারপতি খেহর জানান, মুসলিম ধর্মে তিন তালাক মৌলিক বিষয়গুলির আওতায় আদৌ পড়ে কি না তার সমস্ত দিক বিবেচনা করে দেখবে দেশের সর্বোচ্চ আদালত। তবে ‘তিন তালাক’ নিয়ে এই মামলার সঙ্গে মুসলিম পুরুষদের বহু বিবাহের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করে দেন খেহর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১