মে ১২, ২০১৭ ১১:৩৮ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • বিএনপির ভিশন- ২০৩০ আগামী নির্বাচনে অংশগ্রহণের ফ্লাটফর্ম: কামরুল ইসলাম- ইত্তেফাক
  • পদ্মা সেতুর কাজ ৪৩ শতাংশ শেষ-ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • দলগুলোর সম্মতি পেলেই আগামী নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন: সিইসি-ইত্তেফাক
  • কে বলে পুলিশ পারে না, তারাও পারে, এটি মডেল তদন্ত হিসেবে থাকবে—-প্রথম আলো
  • আ.লীগ কয়েকবার ক্ষমতায় থাকলে দেশ আরো উন্নত হবে-এনটিভিবিডি অনলাইন
  • অপারেশন 'সান ডেভিল' সমাপ্ত-বাংলাদেশ প্রতিদিন
  • ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ-জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা মিলেছে-যুগান্তর
  • ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবেবরাত পালিত-যুগান্তর
  • রাজনৈতিক অনিশ্চয়তাই অর্থ পাচারের মূল কারণ’-মানবজমিন
  • বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা-কালের কণ্ঠ
  • মুসলমানদের দ্বন্দ্ব-সংঘাত বন্ধ না হলে লাভবান হবে অস্ত্র ব্যবসায়ীরা : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বিজেপিকে যে ভোট দেয় না, সে পাকিস্তানি-সংবাদ প্রতিদিন
  • হেরাল্ড:‌ সোনিয়া–রাহুলের বিরুদ্ধে তদন্ত-আজকাল-আজকাল
  • ভারতে লাগাতার হামলার ছক পাক জঙ্গিদের, মার্কিন গোয়েন্দা রিপোর্ট-আনন্দবাজার
  • দিল্লির চাপ বাড়লেও চুপ থাকবে না বাংলা-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ 

কে বলে পুলিশ পারে না, তারাও পারে—-প্রথম আলো

সাফাতকে ছয়দিন ও সাদমানকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত

বাংলাদেশের পুলিশ অপরাধীদের ধরতে অক্ষম, এ অভিযোগ মোটেই সত্য নয়। তারা যেমন জীবনের ঝুঁকি নিয়ে ভয়ংকর জঙ্গিকে পাকড়াও করতে পারে, তেমনি ধরতে পারে ধর্ষণের দায়ে অভিযুক্ত ক্ষমতাবান পলাতক আসামিকেও—যদি স্বাধীনভাবে কাজ করতে পারে। পুলিশ তার পেশাগত দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠার আরেকটি প্রমাণ দিল বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে সংঘটিত ঘৃণ্য ও পৈশাচিক ঘটনার দুই হোতাকে গ্রেপ্তার করে।

গত ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নাম করে দাওয়াত দিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

এটি কী করে সম্ভব? মানুষ কী করে এতটা অমানুষ হতে পারে? কী করে জন্মদিনের অনুষ্ঠানের নাম করে দুই মেয়ে বন্ধুকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করতে পারে তাঁদের কথিত ছেলে বন্ধু? কী করে নিজের গাড়িচালককে দিয়ে ধর্ষণের সেই বীভৎস ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওচিত্র প্রকাশের হুমকি দিতে পারে ভদ্রবেশী নরপশু?

বনানীর এই ঘটনা আমাদের সমাজ ও সভ্যতাকে আবারও আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তা হলে আমরা যে নিজেদের সভ্য বলে দাবি করি, তা কি শুধুই ফাঁপা বুলি? এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এত ক্ষীণ কেন? কেন জাগ্রত হচ্ছে না মনুষ্যত্ববোধ?

প্রথম আলোর এ সম্পর্কিত অন্য একটি খবরে বলা হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন- এই মামলার তদন্ত একটি মডেল তদন্ত হয়ে থাকবে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেটা আর থাকবে না। দেশবাসীর মনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে, সেটা দূর হবে। পুলিশ সব অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে ওঠে কাজ করছে এবং করবে। 

১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ-জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা মিলেছে-যুগান্তর

রাজধানীর বনানীর আবাসিক হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার সাফাত আহমেদ ও সাদমান সাকিফের জড়িত থাকার প্রমাণ মিলেছে।  শুক্রবার ডিবি কার্যালয়ে এই দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এক ব্রিফিংয়ে একথা জানান ডিএমপির জয়েন্ট কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।  তিনি জানান, বনানীতে দুই ছাত্রী ধর্ষণে সাফাত আহমেদ ও সাদমান সাকিফ জড়িত বলে প্রতীয়মান হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।   কৃষ্ণপদ রায় বলেন, এ ঘটনায় ডিএমপি কমিশনারের নির্দেশে তদন্ত সহায়ক চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কালের কণ্ঠের খবর- বাকি তিন ধর্ষক যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক। প্রাথমিকভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থা কিছুটা শনাক্ত করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, বাকিদের শিগগির গ্রেপ্তার করা হবে।

তবে আজকের এনডিটিভি অনলাইনসহ প্রায় সব অনলাইন পোর্টালের খবর-রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ  শুক্রবার ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম সাফাতকে ছয়দিন ও সাদমানকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
 

মুসলমানদের দ্বন্দ্ব-সংঘাত বন্ধ না হলে লাভবান হবে অস্ত্র ব্যবসায়ীরা : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত

মুসলমানদের দ্বন্দ্ব-সংঘাত বন্ধ না হলে লাভবান হবে অস্ত্র ব্যবসায়ীরা: শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুসলমানদের নিজেদের মধ্যকার জাতিগত দ্বন্দ্ব-সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এর ফলে লাভবান হচ্ছে কেবল অস্ত্র ব্যবসায়ীরা। তিনি বলেন, ‘আমরা (মুসলিমরা) নিজেরাই বিশ্বের মধ্যে বিভিন্ন প্রান্তে যুদ্ধরত রয়েছি আর তার মুনাফা লুটছে অস্ত্র অব্যবসায়ীরা। এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন এবং আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সৌদি আরবের সফররত মজলিসে শুরার স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইবরাহিম আলীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে একথা বলেন।

দলগুলোর সম্মতি পেলেই আগামী নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন: সিইসি-ইত্তেফাক

দলগুলোর সম্মতি পেলেই আগামী নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন: সিইসি (ফাইল ফটো)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সম্মতি পেলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিনে (ডিভিএম) ব্যবহার করা হবে।

 তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে সারাদেশে ডিভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করতে চাইলে ৩ লাখ মেশিনের প্রয়োজন হবে। রাজনৈতিক দল ও সরকারের সম্মতি পেলে নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে এসব মেশিন সংগ্রহ করা সম্ভব।’

 গতকাল বিকেলে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে ইসির সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

 এর আগে ইসি ডিভিএম নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ইভিএমের ব্যবহার তুলে ধরা হয়।

পদ্মা সেতুর কাজ ৪৩ শতাংশ শেষ-ওবায়দুল কাদের-ইত্তেফাক

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৪৩ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারে (পিআর) সুপার স্ট্রাকচার আগামী জুন থেকে স্থাপন শুরু হবে। এ পর্যন্ত সেতুর সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ। পদ্মা সেতু কোন দলের সেতু নয়। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের ফসল। এটি ১৬ কোটি মানুষ সম্পদ।

 ওবায়দুল কাদের বলেন, এই সেতু জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। সেতু চালু হলে জিডিপি ১ শতাংশেরও বেশী বেড়ে যাবে।

বিএনপির ভিশন- ২০৩০ আগামী নির্বাচনে অংশগ্রহণের ফ্লাটফর্ম: কামরুল ইসলাম- ইত্তেফাক

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ফটো)

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ফ্লাটফর্ম।

 বুধবার সেগুনবাগিচাস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে এটা তারা আগে থেকেই ফ্লাটফর্ম তৈরি করছে। বাংলাদেশের মানুষ আর বোকা নয়, যে তাদের আবার ভোট দিবে। মানুষ এখন উন্নয়নের কথা ভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া যে দেশের উন্নয়ন হবে না তাও দেশের মানুষ জানে।

 তিনি বলেন, খালেদা জিয়ার ভিশন ২০৩০ ধাপ্পাবাজির-ভেলকিবাজি। এই সব করে বিএনপি জনগণের কাছে পৌঁছাতে পারবে না। তাদের ভেলকিবাজি দেশের মানুষ বুঝে ফেলেছে।

আ.লীগ কয়েকবার ক্ষমতায় থাকলে দেশ আরো উন্নত হবে-এনটিভিবিডি অনলাইন

আ.লীগ কয়েকবার ক্ষমতায় থাকলে দেশ আরো উন্নত হবে-হাছান মাহমুদ (ফাইল ফটো)

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদের এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন। শেখ হাসিনার ভিশন-২১ ও ’৪১ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগই তাঁর দলের ভিশন বা রূপকল্প অনুকরণ করেছে: ফখরুল (ফাইল ফটো)

এদিকে এনটিভিবিডি অনলাইনের খবর-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, তারা নয়, আওয়ামী লীগই তাঁর দলের ভিশন বা রূপকল্প অনুকরণ করেছে।গতকাল তিনি একথা বলেন। অনলাইনটির অন্য একটি খবর এরকম- বর্তমান সরকারকে ‘স্বৈরাচার’ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আন্দোলন করেই এর পতন ঘটাতে হবে।গতকাল জাতীয় প্রেস ক্লাবে তিনি একথা বলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবেবরাত পালিত-যুগান্তর

বাংলাদেশে শবে বরাত পালিত 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত পবিত্র শবেবরাত।

বৃহস্পতিবার দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্যদিয়ে অতিবাহিত করেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলিমদের মতো বাংলাদেশের মুসলিমরাও বিশেষ মোনাজাত ও দোয়ায় শামিল হন।

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা-কালের কণ্ঠ

দিন দিন বাড়ছে রাজধানী ঢাকার জনসংখ্যা। জাতিসংঘ তহবিল (ইউএনএফপিএ) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে এই তো গত বছরই ঢাকায় প্রতিদিন নতুন মুখ যুক্তের হার ছিল প্রায় ১৭০০ জন। গ্রাম ও জেলা শহর থেকে যারা আসছেন তারা স্থায়ীই হয়ে যাচ্ছেন এই শহরে। এতে বেড়েই চলেছে ঢাকা ও এর আশপাশের এলাকার (মেগাসিটি) জনসংখ্যা। প্রতি বর্গকিলোমিটারে এখানে বাস করছেন ৪৪ হাজার ৫০০ জন মানুষ। জাতিসংঘের আবাস জরিপ থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে। যা প্রকাশিত হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানেও। যাতে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা।

চলতি বছরের হিসেবে এই তথ্য বের করেছে জাতিসংঘ। দ্বিতীয়তে রয়েছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই।

রাজনৈতিক অনিশ্চয়তাই অর্থ পাচারের মূল কারণ’-মানবজমিন

দেশে রাজনৈতিক অনিশ্চয়তার জন্যই অর্থ পাচারের মূল কারণ বলে মনে করেন দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলেছেন, দেশ থেকে অর্থ পাচারের কারণ দু-তিনটি হতে পারে। এর মধ্যে প্রধান হচ্ছে দুর্নীতি। এ ছাড়া কালো টাকা বেড়ে যাওয়া, বিনিয়োগের পরিবেশ না থাকা ও নিরাপত্তাহীনতার কারণেও অর্থ পাচার বাড়ছে। বিশেষ করে দেশে নির্বাচনের আগ মুহূর্তে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তাদের মতে, অর্থ পাচার রোধ করতে হলে দুর্নীতি কমিয়ে আনার বিকল্প নেই। পাশাপাশি বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সমপ্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) অর্থ পাচারের তথ্য প্রকাশ নিয়ে এক প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা এসব মন্তব্য করেন।

অপারেশন 'সান ডেভিল' সমাপ্ত-বাংলাদেশ প্রতিদিন

অপারেশন 'সান ডেভিল' সমাপ্ত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন 'সান ডেভিল' সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর এডিশনাল ডিআইজি (অপারেশন) নিসারুল আরিফ এই ঘোষণা দেন।

নিসারুল আরিফ বলেন, আস্তানা থেকে দুইটা সুইসাইডেল গ্যাস, ১১টা বোমা, একটা পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, জঙ্গি মতাদর্শের কিছ‍ু বই, গান পাউডার ও পুলিশের পোশাকের রঙয়ের কিছু থান কাপড় উদ্ধার করা হয়।  

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

হেরাল্ড:‌ সোনিয়া–রাহুলের বিরুদ্ধে তদন্ত-আজকাল

হেরাল্ড:‌ সোনিয়া–রাহুলের বিরুদ্ধে তদন্ত

ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন সোনিয়া ও রাহুল গান্ধী। আয়কর দপ্তকরকে ‘ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেড’–এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আয়কর সংক্রান্ত সমস্ত নথিপত্র জমা করতে হবে তাদের। ‘ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেড’–এর ৩৮ শতাংশ করে শেয়ারের অংশীদার কংগ্রেস সভাপতি সোনিয়া ও তাঁর ছেলে রাহুল। তাঁদেরও জেরা করা হতে পারে। এর আগে পাটিয়ালা হাউস কোর্ট ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তের নির্দেশ দেয়। দিল্লি হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। শুক্রবার তার শুনানিতে পাটিয়ালা হাইকোর্টের রায়ই বহাল রাখল দিল্লি হাইকোর্ট। 

শুক্রবার আদালতের রায় শোনার পরই ‌কংগ্রেসকে বড় ধাক্কা দেওয়া গিয়েছে বলে মন্তব্য করেন বিজেপি–র সম্বিত পাত্র। তবে এখনই দমে যেতে নারাজ কংগ্রেস। তাদের দাবি, আদালত তদন্তের নির্দেশ দিলেও দল বা নেতাদের এতে কোনও ক্ষতি হবে না।

বিজেপিকে যে ভোট দেয় না, সে পাকিস্তানি-সংবাদ প্রতিদিন

মধ্যপ্রদেশের সরকারের রাষ্ট্রমন্ত্রী বিশ্বাস সারং

দেশে বিজেপির বিস্তারের লক্ষ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রীর উন্নয়নের মডেলকে সামনে রেখেই বিজেপিহীন রাজ্যে গেরুয়া ঝড় তোলার পরিকল্পনা তাঁর। যদিও তাঁর সে কর্মসূচির মধ্যেই বিতর্ক বাড়িয়ে দিচ্ছেন বিজেপি নেতারা। সেখানে ঢুকে পড়ছে জাতীয়তাবাদের হাওয়া। সম্প্রতি বিতর্ক বাড়িয়ে দিলেন মধ্যপ্রদেশের সরকারের রাষ্ট্রমন্ত্রী বিশ্বাস সারং।

মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের মন্ত্রীসভায় রাষ্ট্রমন্ত্রী বিশ্বাস সারং। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, যাঁরা বিজেপিকে ভোট দেয় না, তারা আসলে পাকিস্তানি। এক সরকারি অনুষ্ঠানেই তাঁর এই বক্তব্যকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। বিজেপির উন্নয়নের ধারা তুলে ধরতে গিয়েই তাঁর মত ছিল, যাঁরা দেশকে ভালবাসেন তাঁরা বিজেপিকেই ভোট দেবেন। কেননা দেশের উন্নয়নের ক্ষেত্রে বিজেপি নিরলস পরিশ্রম করে চলেছেন।

দিল্লির চাপ বাড়লেও চুপ থাকবে না বাংলা-বর্তমান

বুদ্ধজয়ন্তীর মঞ্চ থেকে ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে আমরণ লড়াইয়ের অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে তাঁর আপসহীনতা এতটাই তীব্র যে পাশে কাউকে না পেলেও তিনি তাঁর লক্ষ্য থেকে সরবেন না বলে জানিয়েছেন। জেল অথবা জীবনের ঝুঁকি নিতেও যে তিনি প্রস্তুত, বৃহস্পতিবার ধর্মতলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক সমাবেশে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, দিল্লির চাপের কাছে বাংলা মাথা নোয়াবে না। বুদ্ধদেবের ২ হাজার ৫৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী। উদ্যোক্তাদের মতে, এই প্রথম তাঁদের বাৎসরিক ধর্মীয় কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দিলেন। 

ধর্মীয় বিভাজন উসকে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বিগত রামনবমী উদযাপনকে কেন্দ্র করে এই মেরুকরণের তৎপরতা বেড়েছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে বিজেপি-তৃণমূল সংঘাত।

ভারতে লাগাতার হামলার ছক পাক জঙ্গিদের, মার্কিন গোয়েন্দা রিপোর্ট-আনন্দবাজার

যে কোনও সময়ে ভারত ও আফগানিস্তানে বড়সড় হামলা চালাতে পারে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলি। সম্প্রতি মার্কিন কংগ্রেসের সেনেট সিলেক্ট কমিটির কাছে এই সতর্কবার্তা দিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডিরেক্টর ড্যানিয়েল কোটস।

পাকিস্তান জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যর্থ হওয়ায় জঙ্গিগোষ্ঠীগুলি আরও শক্তি বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে দাবি করেন ড্যানিয়েল। ফলে ভারত ও আফগানিস্তানে যে কোনও সময় যে কোনও রকমের বড় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোটস। এই দুই দেশের সঙ্গে আমেরিকার যা সম্পর্ক, তা নষ্ট করার চক্রান্ত চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২