ভিশন-২০৩০ নিয়ে কুতর্ক হচ্ছে: মির্জা ফখরুল
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ মে বুধবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদার চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত বদল–ইত্তেফাক
- ভিশন-২০৩০ নিয়ে কুতর্ক হচ্ছে: মির্জা ফখরুল-প্রথম আলো
- বিচারকের খাবারে তেলাপোকা: ছয় লাখ টাকা জরিমানা -যুগান্তর
- সন্দ্বীপে যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা-যুগান্তর
- ভারত-বাংলাদেশ সীমান্ত মেয়েদের জন্য আতঙ্কের-মানবজমিন
- ঝুঁকি চিহ্নিত করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে-তারানা হালিম-কালের কণ্ঠ
- জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
- চার আওয়ামী লীগকর্মী হত্যার দায়ে ২৩ জনের ফাঁসির রায়-নয়া দিগন্ত
- ব্যস্ততা নির্বাচনের রাজনীতিতে এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে মুখ খুলবেন তৃণমূল নেতারা-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- জেলে বসেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
- কনে মত দিলে তবেই তিন তালাক, সম্ভব কি না জানতে চাইল সুপ্রিম কোর্ট-আনন্দবাজার
- পুরভোটেও তৃণমূলের জয়জয়কার-আজকাল
- মোদির বিরুদ্ধে লড়াইয়ে চাই তোমাকে, মমতাকে সোনিয়া-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কিত দুটো খবর আজকের দৈনিকগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। একটি হচ্ছে আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এ উপলক্ষে আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দৈনিক কালের কণ্ঠের খবর- জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে পুরো জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য সরকার প্রত্যন্ত অঞ্চলসহ সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার সব দিক থেকে কাজ করছে। সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর।
ভিশন-২০৩০ নিয়ে কুতর্ক হচ্ছে: মির্জা ফখরুল-প্রথম আলো
বিএনপির দেওয়া ভিশন-২০৩০ নিয়ে তর্ক, বিতর্ক ও কুতর্ক হচ্ছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি নিয়ে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছেন, যাকে আমরা ভিশন-২০৩০ বলেছি। অর্থাৎ ২০৩০ সালে তিনি বা তাঁর দল বাংলাদেশকে কী রকম দেখতে চান, তার একটি রূপরেখা দেওয়া হয়েছে।’
আওয়ামী লীগ নেতারা বিষয়টির ‘কনটেন্টে’ যাচ্ছেন না অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁরা আমাদের প্রশ্নগুলোর কোনো জবাব দিচ্ছেন না। সরাসরি একে বাতিল করে দিচ্ছেন। বলছেন, আমরা তাদের অনুসরণ করছি। এর মধ্য দিয়ে জনগণকে তাঁরা বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা পরিষ্কার বলেছি, যে ভিশন-২০৩০ দেওয়া হয়েছে, এটি একটি স্বপ্ন, প্রস্তাব। যদি আমরা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তখন কাজগুলো কীভাবে করব, কত দূর পর্যন্ত কাজ হতে পারে, তার একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। এর ওপর আলোচনা হতে পারে।
ইত্তেফাকের একটি খবরে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ভারতের কাছে আমাদের অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা চাই। তার মানে এই নয় আমরা ভারত বিরোধী। প্রশ্নই ওঠেনা ভারত বিরোধীর। লেদার চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত বদল-ইত্তেফাক/প্রথম আলো
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত বদল হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেন। ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি ঢাকা-৫ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। আদালত বদল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
সন্দ্বীপে যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা-যুগান্তর
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা ওরফে বোতা বাবলু (২৬) নামে এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকবাজ ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝুঁকি চিহ্নিত করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে-তারানা হালিম-কালের কণ্ঠ
প্রত্যেক প্রতিষ্ঠানকে অডিটের ভিত্তিতে ঝুঁকি চিহ্নিত করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সাইবার নিরাপত্তার কাজে সমন্বয়হীনতা রয়েছে স্বীকার করে প্রতিমন্ত্রী জানিয়েছেন, একটি আইনের মাধ্যমে তা সমন্বয় হলে নিরাপত্তা নিশ্চিত হবে।
বুধবার (১৭ মে) বিটিআরসি কার্যালয়ের সামনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে কার র্যালি ও রোড শো উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলার প্রেক্ষাপটে করণীয় সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য যত দ্রুত এগিয়েছি, সমানতালে সাইবার সিকিউরিটি নিয়েও এগিয়েছি।
তিনি বলেন, সাইবার সিকিউরিটির বিষয়টি বিগত দুই বছর ধরে হয়তো জোর দেওয়া হচ্ছে এবং আইন প্রণয়নের অপেক্ষায় আছে। আইন প্রণয়ন হলে সাইবার সিকিউরিটি এজেন্সি হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থাকবে সেই এজেন্সি। বাবলু সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার জয়াল আবেদিন বোতার ছেলে।
সন্দ্বীপ থানার ওসির সামসুল ইসলাম জানান, ভোরে পৌরসভার টেকবাজ ব্রিজের নিচে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে এমপি মাহফুজুর রহমান মিতা ও মেয়র জাফর উল্লা টিটুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বাবলুকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিচারকের খাবারে তেলাপোকা: ছয় লাখ টাকা জরিমানা –যুগান্তর
রাজধানীর নগর ভবনের ক্যান্টিনের খাবারে তেলাপোকা পাওয়া গেছে। এ ঘটনায় ক্যান্টিন মালিক কাজী মো. সুমন ও ম্যানেজার ইয়াছিনকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র সহকারী বিচারক মো. মাহবুব সোবহানীর আদালতে এ জরিমানা করা হয়।
জানা যায়, মঙ্গলবার নগর ভবনের দশমতলায় অবস্থিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র সহকারী বিচারক মো. মাহবুব সোবহানী ওই ভবনের ছয়তলার ক্যান্টিন থেকে খাবার আনান। এ সময় তার খাবারে তেলাপোকা পাওয়া যায়। পরে তিনি সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ডাকেন।
স্বাস্থ্য পরিদর্শক মাহমুদুল হাসান আনসারী ক্যান্টিন পরিদর্শন করে এর সত্যতা পান।
ভারত-বাংলাদেশ সীমান্ত মেয়েদের জন্য আতঙ্কের-মানবজমিন
ভারতে শিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা বলছে,বাংলাদেশের সীমান্ত এলাকার পরিবারগুলো তাদের সন্তানদেরকে পাচারের কবল থেকে বাঁচাতে অনেকেই বাল্যবিবাহের পথ বেছে নিচ্ছেন।
'জাস্টিস এন্ড কেয়ার' নামের সংস্থাটি বলছে,শিশু-কিশোরীরা পাচার হতে পারে এই আশঙ্কা করলেও তারা পুলিশ অথবা সীমান্তরক্ষীদের না জানিয়ে ভয়ে চুপ করে থাকেন তাঁরা।
পশ্চিমঙ্গের সীমান্ত এলাকার আটটি গ্রামে সংস্থাটির চালানো এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এ সমীক্ষাটি প্রকাশ করা হয়।
ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী আটটি গ্রামের প্রায় তিনশ কিশোরী এবং প্রায় দেড়শ মায়ের সঙ্গে কথা বলে সমীক্ষকরা জানাচ্ছেন, মূলত প্রলোভন দেখিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলি থেকে, এবং বাংলাদেশ থেকে ভারতে, শিশু-কিশোরী পাচার হচ্ছে।
ব্যস্ততা নির্বাচনের রাজনীতিতে এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে মুখ খুলবেন তৃণমূল নেতারা-বাংলাদেশ প্রতিদিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে দ্বন্দ্ব্ব-কোন্দল মিটিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে আগামী ২০ মে জেলা-মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেবেন তিনি। দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানও শুরু করা হবে। একই সঙ্গে জেলা নেতাদের হাতে তুলে দেওয়া হবে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র। ওই মতবিনিময় বৈঠকে জেলার নেতাদের কাছে দলের সাংগঠনিক অবস্থাসহ এমপি-মন্ত্রীদের ভূমিকা জানতে চাইবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, বৈঠকে জেলা-মহানগরের নেতারা বক্তৃতা করার সুযোগ পেতে চাইবেন। সুযোগ পেলে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কিছু এমপি-মন্ত্রীর বিমাতাসুলভ আচরণের কথা তুলে ধরবেন তারা। এ নিয়ে বেশ স্নায়ুচাপে আছেন আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরা।
চার আওয়ামী লীগকর্মী হত্যার দায়ে ২৩ জনের ফাঁসির রায়-নয়া দিগন্ত
আজ থেকে ১৫ বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার আওয়ামী লীগকর্মীকে হত্যার দায়ে ২৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার আজ বুধবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ২৩ জনের মধ্যে ১৯ আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য চারজন এখনও পলাতক।
অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) জাফরিন আহমেদ বলেন, ২০০২ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামের চার আওয়ামী লীগ সমর্থককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কনে মত দিলে তবেই তিন তালাক, সম্ভব কি না জানতে চাইল সুপ্রিম কোর্ট-আজকাল
এমন ব্যবস্থা কি মুসলিম পার্সোনাল ল বোর্ড করতে পারবে, যাতে বিয়ের সময়েই মুসলিম মহিলারা জানিয়ে দিতে পারেন, তিন তালাক প্রথা মেনে নিতে তাঁরা রাজি কি না— প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) কৌঁসুলি কপিল সিব্বলকে বুধবার সর্বোচ্চ আদালত এই প্রশ্ন করেছে। আদালতের মাধ্যমে তিন তালাক প্রথার অবলুপ্তি একেবারেই উচিত হবে না বলে এ দিন সওয়াল করেছিলেন সিব্বল। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই প্রশ্ন করেছে। সর্বোচ্চ আদালতের এই প্রস্তাব সম্পর্কে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মত কী, বোর্ডে আলোচনা করে তা জানানো হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চকে এ কথাই জানিয়েছেন সিব্বল।
পশ্চিমবঙ্গের পুরভোটেও তৃণমূলের জয়জয়কার-আজকাল
বুধবার ৭ পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হল। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার একছত্র আধিপত্যে থাবা বসাল মমতা ম্যাজিক। পৌরভোটে মিরিক নোটিফায়েড এরিয়া দখল করল তৃণমূল কংগ্রেস। ন’টি ওয়ার্ডের মধ্যে ছ’টি ওয়ার্ডেই জয় লাভ করল তৃণমূল। এর মধ্যে ১, ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে জয়লাভ করে মোর্চা। বাকি ওয়ার্ডের দখল নিয়ে আগামীতে এককভাবে বোর্ড গড়তে চলেছে তৃণমূল।১৯৮৬ সালের পর থেকে সমতলের কোনও রাজনৈতিক দলই মিরিকে আধিপত্য বিস্তার করতে পারেনি। প্রথম দিকে গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) এখানে ক্ষমতায় ছিল। তারপর গোর্খা জনমুক্তি মোর্চা ক্ষমতা দখল করে।মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের হাত ধরে সেই রাজত্ব এতদিন কায়েম থাকলেও এবার তা ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস।
মোদির বিরুদ্ধে লড়াইয়ে চাই তোমাকে, মমতাকে সোনিয়া-বর্তমান
রাষ্ট্রপতি নির্বাচন তো বটেই, দেশ জুড়ে মোদি বিরোধী লড়াইয়েও তোমাকে চাই। ১০ জনপথে নিজের বাংলোয় ডেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা জানিয়ে দিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে পাশে বসিয়েই তৃণমূলনেত্রীর সঙ্গে আলোচনা করলেন তিনি। বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে নরেন্দ্র মোদির সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে মনে করেন মমতা। একমত হন সোনিয়াও।
তাই রাষ্ট্রপতি নির্বাচনকে উপলক্ষ করে সর্বসম্মত একজন প্রার্থীর খোঁজে আলোচনায় বসলেও আদতে কীভাবে জোট বেঁধে মোদির মোকাবিলা করা যায়, তার স্ট্র্যাটেজি সোনিয়া-মমতার সাক্ষাতের একটা বড় অংশ জুড়ে ছিল বলেই জানা গিয়েছে।
জেলে বসেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
ইংরাজি ভাষায় একটি কথা রয়েছে, ‘বেটার লেট দ্যান নেভার’৷ এতদিনে সে কথার মর্ম বুঝেছেন ওমপ্রকাশ চৌটালা৷ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও এখন তাঁর ঠিকানা তিহার জেল৷ কারণ শিক্ষক নিয়োগে দুর্নীতি৷ এর জন্যই ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি৷ তবে জেলে গিয়ে অবশেষে শুভবুদ্ধি উদয় হয়েছে নেতাজির৷ তাই মনের অন্ধকার দূর করছে বেছে নিয়েছেন শিক্ষার আলোকে৷ জেলে বসেই এতদিনে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলেন ৮২ বছরের নেতা৷ তাও আবার ফার্স্ট ডিভিশনে৷ ২০০০ সালে ৩,২১৬ জুনিয়র বেসিক ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত হন ওমপ্রকাশ চৌটালা ও তাঁর ছেলে অজয় চৌটালা৷ অভিযোগ প্রমাণিত হওয়াতে দু’জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে ট্রায়াল কোর্ট৷ ২০১৫ সালে সেই শাস্তির আদেশ বহাল রাখে দিল্লি হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট৷ এরপর জেলে বসেই বোধদয় হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি৷ ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলে (NIOS) ভর্তি হয়ে যান তিনি৷ জেলে বসেই শুরু করেন পড়াশোনা৷ পরীক্ষা দেওয়ার সময় প্যারোল নিয়ে জেলের বাইরে ছিলেন তিনি৷ নাতি দুষ্মন্ত সিং চৌটালার বিয়ের জন্য৷ কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য সময়ের আগেই জেলে ফেরেন তিনি৷ তাঁর এই অধ্যবসায় অবশেষে কাজে এসেছে৷ ফার্স্ট দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওমপ্রকাশ৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭