মে ২৪, ২০১৭ ১৩:৪৭ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি । আজ ২৪ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভের ঘোষণা বিএনপির-ইত্তেফাক
  • চাঁপাইনবাবগঞ্জে ৪ জঙ্গি আস্তানায় অভিযান শেষ, অস্ত্র উদ্ধার-মানবজমিন
  • হাওরের বিপর্যয় নিয়ে গণমাধ্যমগুলো সঠিক তথ্য দেয়নি : পানিসম্পদমন্ত্রী-নয়া দিগন্ত
  • শিক্ষক শ্যামল কান্তিকে গ্রেপ্তারে পরোয়ানা-প্রথম আলো
  • ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস চলবে–কালের কণ্ঠ 
  • রোডম্যাপ নয়, প্রয়োজন সহায়ক সরকার-কালের কণ্ঠ
  • তাপপ্রবাহ অব্যাহত থাকবে, বিদ্যুতে ব্যর্থ প্রকল্প বাতিলের সুপারিশ-যুগান্তর

ভারতের শিরোনাম:

  • কাল ফাইনাল খেলবে বিজেপিই, লালবাজার অভিযান নিয়ে হুঁশিয়ারি দিলীপের-সংবাদ প্রতিদিন
  • কুলভূষণকে নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি-আজকাল
  • চীনকে রুখতে ভারতের বাজি ‘ফ্রিডম করিডর, পাশে আফ্রিকা--আনন্দবাজার
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়ার সঙ্গে কথা বলতে ফের দিল্লি যাচ্ছেন মমতা-বর্তমান
  • হামলার ছক ফাঁস পাকিস্তানের-আজকাল

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভের ঘোষণা বিএনপির-ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত জনসভার অনুমতি না পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার দেশজুড়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশের প্রতিটি জেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই সমাবেশ হবে।

 আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 রিজভী বলেন, সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে। সরকারের পতনের সাইরেন বেজে গেছে। এই ভয়ে বিএনপিকে সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি দেয়নি। জনসভা করতে না দেয়াও সরকারের পক্ষ থেকে এক ধরনের পুলিশি আক্রমণের শামিল।

রোডম্যাপ নয়, প্রয়োজন সহায়ক সরকার-কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ফটো)

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে প্রত্যাখান না করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডম্যাপ নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন সহায়ক সরকার। আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

হাওরের বিপর্যয় নিয়ে গণমাধ্যমগুলো সঠিক তথ্য দেয়নি : পানিসম্পদমন্ত্রী-নয়া দিগন্ত

বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ফটো)

হাওরের বিপর্যয় নিয়ে দেশের গণমাধ্যমগুলো সঠিক তথ্য দেয়নি বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া এ নিয়ে পানি বিশেষজ্ঞরাও সত্য কথা বলেননি বলেও তিনি মন্তব্য করেন। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নদীভাঙন পূর্বাভাসবিষয়ক এক গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওরে বন্যা হয়েছে অতিবৃষ্টির কারণে। অসময়ের এই বৃষ্টির কারণেই ফসলহানি হয়েছে। তবে তাঁরা শুধু পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি নিয়ে কথা বলেছেন।

শিক্ষক শ্যামল কান্তিকে গ্রেপ্তারে পরোয়ানা-প্রথম আলো

শিক্ষক শ্যামল কান্তিকে গ্রেপ্তারে পরোয়ানা

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বন্দরের এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমের চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে প্রথমে ৩৫ হাজার টাকা ঘুষ নেন। পরে তাঁর কাছ থেকে আরও এক লাখ টাকা ঘুষ নেন। কিন্তু তাঁকে এমপিওভুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় গত বছরের ২৭ জুলাই তিনি আদালতে মামলা করেন।

এদিকে ইত্তেফাকের খবরের শিরোনাম এরকম যে,ঘুষের মামলায় শিক্ষক শ্যামল কান্তি কারাগারে
নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 
 নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে বুধবার বিকেল সাড়ে ৪টায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 
এর আগে ঘুষ গ্রহণের এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আদালত।

চাঁপাইনবাবগঞ্জে ৪ জঙ্গি আস্তানায় অভিযান শেষ, অস্ত্র উদ্ধার-মানবজমিন

চাঁপাইনবাবগঞ্জে ৪ জঙ্গি আস্তানায় অভিযান শেষ

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে চারটি বাড়ি ঘিরে অভিযান শেষ করেছে র‌্যাব। বুধবার ভোর থেকে গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বাড়িগুলোতে তল্লাশির পর বেশ কিছু অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‌্যাব। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। মাহবুব আলম বলেন, অভিযানে ৪টি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি কার্তুজ ও তিন কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।

তাপ্রবাহ নিয়ে দৈনিক যুগান্তরের ৩ টি খবর তুলে ধরছি।

তাপপ্রবাহ অব্যাহত থাকবে

দৈনিকটি লিখেছে, তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দেশের রাজশাহী, পাবনা চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ কথা জানিয়েছে। 

লোডশেডিং

দৈনিকটির আরেকটি খবরে লেখা হয়েছে, জ্যৈষ্ঠের দাবদাহে জনজীবন যখন হাঁসফাঁস অবস্থা, তখন বিদ্যুতের লোডশেডিং তা আরও অসহনীয় করে তুলেছে। গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই কয়েক দিন ধরে চলছে ভয়াবহ লোডশেডিং। দেশের বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে।

এর মধ্যে কয়েকটি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে মেরামত-রক্ষণাবেক্ষণের জন্য, যাতে আসন্ন রমজানের বাড়তি চাহিদা পূরণে সমস্যা না হয়। আর দু-একটি কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে গেছে কারিগরি ত্রুটিতে। কোনো কোনোটি গ্যাস সরবরাহের কারণে।

যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, প্রচণ্ড গরমে সারা দেশে বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে না পারায় এ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সংসদীয় কমিটি নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে ব্যর্থ প্রকল্পগুলো বাতিলের সুপারিশ করেছে। এর আগে কমিটি ঘন ঘন লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছে।

রমজানে প্রতিদিন মোবাইল কোর্টের অভিযান চলবে-ইত্তেফাক

বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ফাইল ফটো)

রমজান মাস জুড়ে প্রতিদিন মোবাইল কোর্টের অভিযান চলবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে নিজ প্রয়োজনীয় খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইর কার্যক্রম অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী জানান, ইতোমধ্যে ইফ্তার ও সেহিরতে অধিক পরিমাণে ব্যবহূত ২৪৯টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিস প্রেরণ করা হচ্ছে।

ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস চলবে–কালের কণ্ঠ

ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস চলবে-ওবায়দুল কাদের

আগামী রোজার ঈদে ঘরমুখো যাত্রীদের সেবায় বিআরটিসির ৯০০ বাস রাস্তায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ঢাকার কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ৯০০ স্পেশাল বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে চলবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে। আরও ৩০০ বাস মেরামত করে দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কুলভূষণকে নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি-আজকাল

কুলভূষণকে নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি

কুলভূষণ যাদবকে নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান। তাঁকে যে ইরান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা স্বীকার করে নিলেন এক প্রাক্তন আইএসআই আধিকারিক। এমনটাই দাবি পাক সংবাদমাধ্যমের। তবে প্রাণের আশংকা থাকায় ওই প্রাক্তন আধিকারিকের নামপ্রকাশ করা হয়নি। এদিকে পাকিস্তান এতদিন দাবি করে এসেছিল, তাদের দেশের মাটি থেকেই ভারতীয় গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল কুলভূষণকে। ভারতের পাল্টা দাবি ছিল, ব্যবসার কাজে ইরানে ছিলেন প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। খোদ পাক গুপ্তচর সংস্থার প্রাক্তন আধিকারিকের কথায় এখন ভারতের দাবিই আরও জোরালো হয়ে গেল। তবে পাক আধিকারিকের এই দাবিকে আন্তর্জাতিক আদালতে ভারত তাদের পক্ষে ব্যবহার করবে কি না, সেটা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চীনকে রুখতে ভারতের বাজি ‘ফ্রিডম করিডর, পাশে আফ্রিকা-আনন্দবাজার

চীনকে রুখতে ভারতের বাজি ‘ফ্রিডম করিডর, পাশে আফ্রিকা

ইটের বদলে পাটকেল! চিন সম্পর্কে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের এটাই কূটনৈতিক রণকৌশল। আর তাই ২০১৪-র সেপ্টেম্বরে সাবরমতীর তীরে চিনা প্রেসিডেন্ট শি চিনফিং-কে দোলনায় পাশে বসিয়ে যে অন্তরঙ্গতার বার্তা দিয়েছিলেন মোদী, আজ তিনিই ভিন্ন পথে হাঁটার বার্তা দিলেন। গাঁধীনগরে ‘আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’-এর বার্ষিক সাধারণ সভার বৈঠকে আজ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আফ্রিকার বাইরের কোনও দেশে এই ধরনের বৈঠক প্রথম। এ দিন মোদীর বক্তব্যের মূল কথা— চিন যদি ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প এগিয়ে নিয়ে যেতে চায়, তবে ভারতও আফ্রিকার দেশগুলিকে নিয়ে ‘ফ্রিডম করিডর’ তৈরি করবে।

কাল ফাইনাল খেলবে বিজেপিই, লালবাজার অভিযান নিয়ে হুঁশিয়ারি দিলীপের-সংবাদ প্রতিদিন

Image Caption

বৃহস্পতিবার ফাইনাল ম্যাচটা বিজেপিই খেলবে৷ দলের লালবাজার অভিযান প্রসঙ্গে প্রশাসনকে কার্যত এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ প্রশাসনকে হুঁশিয়ারির পাশাপাশি বামেদের নবান্ন অভিযানকেও কটাক্ষ করে তিনি বলেন, “নবান্ন অভিযান গটআপ গেম ছিল৷ সেমিফাইনাল ম্যাচ খেলে যদি ওরা (বাম) ভাবে অনেক বেশি চাঙ্গা হয়েছে, তাহলে সেটা ভুল ধারণা৷ ফাইনাল ম্যাচটা আমরাই খেলব৷ লালবাজার অভিযানই সেটা প্রমাণ দেবে৷ বাংলার বিজেপি আমিষ-নিরামিষ দু’টোই খায়৷ বৃহস্পতিবারই তার প্রমাণ পাবেন৷” দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কে প্রথম কে দ্বিতীয় জানি না৷ বিরোধী হওয়ার দৌড়ে ভেসে থাকতে নিজেদের মধ্যেই লড়াই করছে সিপিএম-বিজেপি৷”

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়ার সঙ্গে কথা বলতে ফের দিল্লি যাচ্ছেন মমতা-বর্তমান

মমতা ব্যানার্জী- সোনিয়া গান্ধী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে ফের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ তারিখ শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের একটি যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ফের ১০ জনপথে যাবেন মমতা ব্যানার্জী। রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে বলেই খবর।

হামলার ছক ফাঁস পাকিস্তানের-আজকাল

Image Caption

পাকিস্তান সংবাদমাধ্যমের রিপোর্ট খারিজ করে দিল ভারতীয় বায়ুসেনা। সিয়াচেনে কোনও আকাশসীমা লঙ্ঘন হয়নি। বুধবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান সংবাদমাধ্যমের দাবি, পাক বায়ুসেনার যুদ্ধবিমান এদিন ভারতের আকাশসীমা লঙ্ঘন করে সকালে সিয়াচেনে অবতরণ করেছিল। একইসঙ্গে সেখানের অপারেটিং বেস পরিদর্শন করা হয়। পাক বায়ুসেনার চিফ এয়ার মার্শাল সোহেল আমন এই এয়ারবেস পরিদর্শনে এসেছিলেন বলে খবর। সেখানে বিমানের পাইলট এবং প্রযুক্তি কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে খবর প্রকাশ করা হয়েছে। এই খবরে ভারতের আকাশসীমা লঙ্ঘন না হলেও সীমান্তে বিএসএফ ও বায়ুসেনাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪