জুন ১৩, ২০১৭ ১১:৫৯ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৩ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক-ইত্তেফাক
  • ভ্যাটের জন্য বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম প্রথম আলো
  • তিস্তার পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত: পানিসম্পদ মন্ত্রী-যুগান্তর
  • এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার কোটি টাকা-মানবজমিন
  • দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রায় ১৪ লাখ-নয়া দিগন্ত
  • ২০০ কোটি টাকার তামাক অবিক্রিত, বিপাকে দুই লাখ চাষি-কালের কণ্ঠ
  • সীমান্তে বিএসএফের পাথর নিক্ষেপ, বাংলাদেশি যুবক নিখোঁজ-বাংলাদেশ প্রতিদিন
  • পাহাড় ধসে নিহতের সংখ্যা বাড়ছেই-এনটিভিবিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • দার্জিলিং মোর্চার মিছিলে উত্তপ্ত পাহাড়, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি–সংবাদ প্রতিদিন
  • ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশের মন্দসৌরে আত্মঘাতী ২ কৃষক-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

তিস্তা সইয়ের চেষ্টা চলছে: সংসদে পানিসম্পদমন্ত্রী-যুগান্তর

তিস্তা সইয়ের চেষ্টা চলছে: সংসদে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তি সই করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। শিগগিরই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন হবে বলে আশা করা হচ্ছে। আজ সংসদে এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এ কথা জানান। আনিসুল ইসলাম জানান, তিস্তা ছাড়াও ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। 

আল কাতিফে সৌদি পুলিশের বর্বরোচিত গুলিতে ২ বাংলাদেশি নিহত এবং তাদের পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কিত খবর বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় এসেছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় বর্বরোচিত এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীমের মেয়ে কান্নাবিজড়িত কণ্ঠে তারা বাবারে হত্যার বিচার দাবি করেছেন বাংলাদেশের সরকারের কাছে। শাহপরানের বৃদ্ধ মা বাবার মুর্ছা যাচ্ছেন এবং বলছেন আমার পুতেরে এনে দাও। ফিরিয়ে দাও আমার পুতেরে। দুই পরিবারে চলছে শোকের মাতম। শাহপরানের বৃদ্ধা মা শামসুন্নাহার জাহান অচেতন হয়ে শয্যায় পড়ে আছেন। আর স্বামী হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন শামীমের স্ত্রী আলেয়া আক্তার। তার ৪ সন্তানের মধ্যে ছোটো ছেলেটি শিশু শ্রেণীতে পড়ে। পুরো পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

‘পাহাড় ধসে নিহতের সংখ্যা বাড়ছেই’

তিন পাবর্ত্য জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে

বাংলাদেশ প্রতিদিনের খবরটিতে বলা হয়েছে, প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে সেনাকর্মকতাসহ মৃতের সংখ্যা ৪৪ জনে গিয়ে দাঁড়িয়েছে তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে মানবজমিন লিখেছে-নিহতের সংখ্যা-বেড়ে ৪৯ জন হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে বলা হয়েছে, হতহাতের প্রকৃত সংখ্যা এখনই বলা সম্ভব নয়। কারণ, নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। বান্দরবনের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ইত্তেফাকের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

সীমান্তে বিএসএফের পাথর নিক্ষেপ, বাংলাদেশি যুবক নিখোঁজ

সীামন্তে বিএসএফের হাতে আবারও বাংলাদেশি যুবক নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বিএসএফের পাথর নিক্ষেপে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে- তার লাশ ভারতীয় কালো নদীতে ভেসে গেছে। নিখোঁজ নূর হোসেন (২৫) রৌমারীর বারবান্ধা গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে। বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান জানান, এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। 

 

মানবজমিনের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন-এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার কোটি টাকা

এক বছরে খেলাপি ্ ঋণ বেড়েছে ১৪ হাজার কোটি টাকা

বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার কোটি টাকা। গত বছরের মার্চে খেলাপি ঋণ ছিল ৫৯ হাজার ৪১১ কোটি টাকা। চলতি বছরের একই সময় এর পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০৯ কোটি টাকা। এর বাইরে আরো ৪৫ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। সব মিলিয়ে দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে খেলাপি ঋণ কমাতে সুনির্দিষ্ট মতামত ও কর্মপন্থা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেই নির্দেশনার ইতিবাচক কোনো ফল পাওয়া যাচ্ছে না। ব্যাংকাররা বলেন, বড় ঋণগ্রহীতাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি। অনেকে সময়মতো ঋণের টাকা ফেরত না দিলে ব্যাংক মামলা করেও ফল পায় না।

ভ্যাটের জন্য বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম-প্রথম আলো

জাতীয় বাজেটে প্রায় সব ভোগ্যপণ্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে। কিন্তু গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর আইনি এখতিয়ার কেবল এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। তাই ভ্যাট আদায়ের জন্য কীভাবে এই দুটি অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে, তার পন্থা খোঁজা শুরু হয়েছে।

দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রায় ১৪ লাখ-সংসদে জনপ্রশাসনমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

নয়া দিগন্তের এ খবরটিতে লেখা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে ১ম-৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণীর পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি। এছাড়া জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন। জনপ্রশাসনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

দার্জিলিং মোর্চার মিছিলে উত্তপ্ত পাহাড়, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি–সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের দার্জিলিংএ মোর্চার বনধ চলছে

পাহাড়ে বনধের প্রথম দিনেই বেকায়দায় পড়েছিলেন গুরুংরা। সরকারি সমস্ত অফিসে হাজিরা ছিল নজরকাড়া। সে পরিস্থিতি বদলাতে দ্বিতীয় দিনে বেশ খানিকটা সক্রিয় হওয়ার চেষ্টা করলেন মোর্চা সমর্থকরা। বেরল মিছিল। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ পাল্টা লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ।

এ সম্পর্কিত খবরে দৈনিক আজকাল লিখেছে-বনধের দ্বিতীয় দিনে ফের তান্ডব চালিয়েছে গোর্খা জনমুক্তির মোর্চার সমর্থকরা।

২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশের মন্দসৌরে আত্মঘাতী ২ কৃষক-আজকাল

মান্দসৌরে ২৪ ঘন্টায় ২ কৃষকের আত্মহত্যা

ফের অশান্তি ঘনাচ্ছে মধ্যপ্রদেশের মন্দসৌরে। গত ২৪ ঘণ্টায় দুই কৃষক আত্মঘাতী হয়েছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আদি শহর সেহোরায় আত্মঘাতী হয়েছেন ৫২ বছর বয়সী ধুলিচাঁদ নামে এক কৃষক। এদিকে আগামী কাল মন্দসৌর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শিবরাজ। ৬ জুন পুলিসের গুলিতে ৫ জনের মৃত্যুর পর এই প্রথম সেখানে পা রাখবেন তিনি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু গুজরাটের পতিদার আনামত আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেলকে আজ গ্রেফতার করায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিসের গুলিতে নিহত কৃষক পরিবারকে সমবেদনা জানাতে রওয়ানা হওয়ার পর তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন হার্দিক পটেল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩