একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৭ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- কাহালুতে ভাইয়ের হাতে ভাই খুন-ইত্তেফাক
- মিথ্যা মামলা দেওয়া আওয়ামী লীগের চরিত্র: ফখরুল-প্রথম আলো
- মশা নিয়ন্ত্রণে স্থবিরতা বাড়ছে চিকুনগুনিয়া-মানবজমিন
- আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ৬৭ তরুণ-তরুণীকে দণ্ড-যুগান্তর
- খালেদা জিয়ার উদ্দেশ্য হলো যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া-এনটিভিবিডি অনলাইন
- তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা--কালের কণ্ঠ
- রামপাল নিয়ে বিরাট ঝুঁকির মধ্যে আছি : সুলতানা কামাল-নয়া দিগন্ত
- রেলস্টেশনে জেলখানা বানিয়ে ‘ধরো-ছাড়ো’ বাণিজ্য-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- প্রকাশ্যে মহিলাদের শৌচকর্মের ছবি তোলায় আপত্তি, পিটিয়ে খুন সমাজকর্মী-সংবাদ প্রতিদিন
- রণক্ষেত্র পাহাড়, নিহত আইআরবি কমান্ডান্ট-আজকাল
- র্মোচার আন্দোলন গণতান্ত্রিক নয়-সাংবাদ সম্মেলনে মতা ব্যানার্জী-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
মিথ্যা মামলা দেয়া আওয়ামী লীগের চরিত্র: মির্জা ফখরুল-প্রথম আলো
বিস্তারিত খবরে লেখা হয়েছে, দুর্নীতি দমন কমিশনকে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। অন্য এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, চালের দাম বাড়ার কারণে খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
আর এনটিভিবিডি অনলাইনের খবর- খালেদা জিয়ার উদ্দেশ্য হলো যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া। তিনি বলেন, বাংলাদেশে আর নির্বাচনের সময় কাউকে সাহায্য করার সরকার গঠিত হবে না।
রামপাল নিয়ে বিরাট ঝুঁকির মধ্যে আছি : সুলতানা কামাল-নয়া দিগন্ত
সুন্দবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সুন্দরবনের পাশে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা একটা বিরাট ঝুঁকির মধ্যে আছি। তিনি বলেন, রামপাল প্রকল্পটির ব্যাপারে জনমতকে পাত্তা না দিয়ে এগিয়ে নেয়া হলে একসময়ে কাছে আমরা সুন্দরবনের ক্ষতির জন্য দায়ী থাকব। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল কক্ষে এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন।
গণমাধ্যমে ভেজালবিরোধী খবর উপেক্ষিত কেন?-প্রথম আলোর মন্তব্য প্রতিবেদন
প্রতিবদনে লেখা হয়েছে, প্রথম পাতায় জায়গা হয় না। শেষ পাতায়ও না। ম্যাগ্নিফায়িং গ্লাস নিয়ে না বসলে খুঁজে পাওয়া যায় না। আর বেশির ভাগ কাগজে তো একেবারেই ব্ল্যাকআউট। গণমাধ্যমে ভেজালবিরোধী অভিযানের খবরের দুর্দশা চলছেই। মূলধারা, উপধারা, সামাজিক ধারা, কোথাও ভেজালবিরোধী অভিযানকে আমলে নেওয়া হচ্ছে না। এই উদাসীনতা নতুন নয়। ছিল, আছে। বরং এখন পৌঁছেছে অবজ্ঞার পর্যায়ে। অথচ ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান থেমে নেই। তাহলে কেন ভুলে থাকছে গণমাধ্যম? কেন এই অবহেলা?
‘মশা নিয়ন্ত্রণে স্থবিরতা বাড়ছে চিকুনগুনিয়া’
দৈনিক মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে মশার উৎপাত বেড়েছে। অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। দুই সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত প্রায় প্রতিটি এলাকায় মশার ভয়াবহ উপদ্রব। মশার উপদ্রবে ডেঙ্গু-চিকুনগুনিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে ব্যথায় ছটফট করছেন হাজার হাজার লোক। অভিযোগ উঠেছে, রাজধানীর দুই সিটি করপোরেশনের মশক নিধনে স্থবিরতার কারণে দিন দিন মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শুষ্ক মৌসুমে সিটি করপোরেশনের মশক নিধন বাহিনীদের আনাগোনা কিছুটা ছিল। কিন্তু এখন আর তাদের দেখা পাওয়া যাচ্ছে না।
রেলস্টেশনে জেলখানা বানিয়ে ‘ধরো-ছাড়ো’বাণিজ্য-বাংলাদেশ প্রতিদিন
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক কর্মকর্তা ব্যক্তিগত জেলখানা বানিয়ে ধরো-ছাড়ো বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে গড়ে দৈনিক ৪০/৪৫ জনকে ধরে এনে টাকা হাতিয়ে ছেড়ে দেওয়া হয়। ইদানীং ঈদ সামনে রেখে এই বাণিজ্য তীব্রতর হয়েছে বলে জানা যায়।
অভিযোগ আছে, টাকা আদায়ের জন্য ধৃত ব্যক্তিদের ওপর দৈহিক নির্যাতনও চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আরএনবির চিফ ইন্সপেক্টর (সিআই) জিহাদুর রহমান জাহিদ এই জেলখানার উদ্ভাবক ও নিয়ন্ত্রক। তিনি গোটা বিমানবন্দর এলাকা জুড়ে নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছেন। অফিসের স্টোর রুমে আলাদা গেট লাগিয়ে ‘হাজতখানা’ বানিয়ে, রান্নাঘরের পাশেই গড়ে তুলেছেন টর্চার সেল। যখন যাকে খুশি ধরে এনে হাজতখানায় ঢোকানো হচ্ছে। আর লেনদেন শেষে ছেড়েও দেওয়া হচ্ছে। ধৃতরা নির্যাতিত হয়ে দ্রুত স্বজন পরিজনদের ফোন করে বিকাশে টাকা আনিয়ে সিআইর দাবি পূরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।
পাহাড়ের কান্না শুনতে কি পায় বাংলাদেশ? প্রথম আলো
স্বজন হারানো মানুষের আহাজারিতে পাহাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে। কোনো পরিবারের একজন, কোনো পরিবারে দুজন বেঁচে আছে। আবার কোনো পরিবারে কেউ বেঁচে নেই। সবাই পাহাড়ের নিচে চাপা পড়ে মারা গেছে। তাদের গলিত, বিকৃত লাশ তোলা হচ্ছে মাটির নিচ থেকে। এই যে স্বজন ও সর্বস্বহারা মানুষগুলো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে, তার আওয়াজ কি রাষ্ট্রের নির্বাহকদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে? মনে হয় না। পৌঁছালে এতগুলো মানুষকে বেঘোরে জীবন দিতে হতো না। খরা-প্লাবন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন-পাহাড়ধস বাংলাদেশের মানুষের নিত্যসঙ্গী। কিন্তু এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বিপন্ন মানুষকে রক্ষায় যে জোরদার ও সমন্বিত কার্যক্রম দরকার, পূর্বাপর কোনো সরকারই তা নেয়নি। বরং তাদের ভুল নীতি ও পরিকল্পনার কারণেই দুর্যোগ চারদিক দিয়ে আমাদের ঘিরে ধরেছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রণক্ষেত্র পাহাড়, নিহত আইআরবি কমান্ডান্ট-আজকাল
গোর্খাল্যান্ডের দাবি ও পুলিসি অভিযানের বিরুদ্ধে মোর্চার মিছিলকে কেন্দ্র করে আজ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দার্জিলিংয়ের সিংমারি। পুলিসের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে থাকে। মিছিল থেকে পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোতল ও পাথর। সংঘর্ষে প্রাণ হারান এক মোর্চা সমর্থক। মোর্চার দাবি,পুলিসের গুলিতে ওই সমর্থকের মৃত্যু হয়েছে। মোর্চা নেতা বিনয় তামাংয়ের দাবি পুলিসের গুলিতে তাঁদের ২ জন সমর্থকের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন ৫ জন।
অশান্ত পাহাড় নিয়ে সাংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’
আনন্দবাজারের খবরটিতে লেখা হয়েছে, পাহাড়ের পরিস্থিতি নিয়ে আজ এক সাংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পাহাড়ে যাঁরা অশান্তি ছড়াচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং পাহাড়ে তাঁদের ঠাঁই নেই। পাহাড়ে তারা বেআইনি অস্ত্র মজুত করেছে। আজ পাহাড়ে জনমুক্তি মোর্চার বিক্ষোভে পুলিশ গুলি চালায়নি, গুলি চালিয়েছে মোর্চা বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, পাহাড় উন্নতি চায়, শান্তি চায়। এ ধরনের আন্দোলনের সঙ্গে পাহাড় নেই। আগামী ২২ জুন দার্জিলিং বিষয়ে সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। মমতার অভিযোগ গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, পাহাড়ে পর্যটকরা বন্দি হয়ে পড়েছে। আন্দোলনের নামে জাতীয় পতাকা পোড়ানো হয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে একজন এসিপি নিহত হয়েছেন। তারা সংবাদিক অপহরণ করেছে এবং কোর্টের আদেশ অমান্য করেছেন।
প্রকাশ্যে মহিলাদের শৌচকর্মের ছবি তোলায় আপত্তি, পিটিয়ে খুন সমাজকর্মী-সংবাদ প্রতিদিন
প্রকাশ্যে মহিলাদের শৌচকর্ম করার ছবি তুলছিল কিছু সরকারি কর্মী। এরই প্রতিবাদ জানিয়েছিলেন সমাজকর্মী জফর হোসেন। আর এই কারণেই পিটিয়ে খুন করা হল তাঁকে। রাজস্থানের প্রতাপগড় কোতয়ালি থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন মৃতের ভাই নুর মহম্মদ। অভিযুক্তদের তালিকায় রয়েছে এলাকার নগর পরিষদের কমিশনার অশোক জৈন এবং তাঁর সঙ্গীদের নাম। স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর তাগিদে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে শৌচকর্মের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭