একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৩ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা-ইত্তেফাক
- ছাদের ভাড়া ২০০ টাকা, নৌপথে ভাড়া দ্বিগুন, ২০ মিনিটের পথে সময় ৪ ঘন্টা-প্রথম আলোর
- যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-তাওহীদের স্বীকারোক্তি-গার্মেন্টে চাকরির আড়ালে সক্রিয় ২০ জঙ্গি
- ফেরি সংকটে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, যাত্রীদের দুর্ভোগ-মানবজমিন
- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পরে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট-কালের কন্ঠ
- আ’লীগকে আবারো দেশসেবার সুযোগ দিন : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মনোনয়ন জমা দিলেন রামনাথ কোবিন্দ-আজকাল
- মীরাকে প্রার্থী করে নীতীশকে প্যাঁচে ফেলল বিরোধী শিবির-আনন্দবাজার
- শ্রীনগরে জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকতা-গণপিটুনিতে নিহত- আনন্দবাজার
- চাল ও ডিমের পর এবার আটাও প্লাস্টিকের! রাজ্যে তীব্র চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন
- ১২ ঘন্টার জন্য পাহাড়ে বনধ শিথিল মোর্চার, সমতলে ফিরল স্কুল পড়ুয়ারা-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
৬৯ বছরে আওয়ামী লীগ, সুষ্ঠু নির্বাচনই প্রত্যাশা-প্রথম আলো
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ২৩ জুন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটির আজকের এই অবস্থান। অসাম্প্রদায়িক চেতনায় ভর করে পথচলা শুরু, এরপর সময়ের ব্যবধানে নীতি, নেতা আর নেতৃত্বে এসেছে পরিবর্তন। কখনো অভিযোগ উঠেছে, ধর্মীয় শক্তির সঙ্গে আপসের, আবার কখনো বিরোধী মত দমনের। তবে দলের শীর্ষ সারির নেতৃত্ব বলছেন, ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—এটাই তাঁদের প্রত্যাশা।
যুগান্তরের খবরে লেখা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্মীসভায় এ আহ্বান জানান তিনি।
রাজনীতিতে নির্বাচনী হাওয়া-ইত্তেফাক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি প্রায় দেড় বছর। ইতোমধ্যেই দেশের রাজনীতির পালে লেগেছে নির্বাচনী হাওয়া। সরকারের সাফল্য ও বিএনপির অতীত অপকর্মের কথা তুলে ধরতে ঈদের পরই নতুন প্রচারণা কৌশল নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিও ঈদের পরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দিতে চাইছে। তাদের কাছ থেকেও মিলেছে নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত প্রচারণায় নতুন কৌশল আওয়ামী লীগের
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতরের পর প্রচারণার নতুন কৌশল নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ।
ঈদে ঘরমুখো মানুষকে নিয়ে নানামুখী খবর ছাপা হয়েছে- জাতীয় ও অনলাইন পোর্টালগুলোতে।
যুগান্তরের খবর-সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে শুক্রবার থেকে ছুটি ঘোষণার পর থেকে ঈদে ঘরমুখো শ্রমিকদের ট্রাক ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে নিজ গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে। এই যাত্রায়ও টিকিট না পেয়ে তাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। দৈনিকটি আরো লিখেছে,গাজীপুরে মহাসড়ক গুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। ইত্তেফাক লিখেছে, বাস-ট্রেন-লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল। দৈনিক মানবজমিনের খবর-ফেরি সংকটে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, যাত্রীদের দুর্ভোগ চরমে। তাছাড়া সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পর থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
তাওহীদের স্বীকারোক্তি-গার্মেন্টে চাকরির আড়ালে সক্রিয় ২০ জঙ্গি-যুগান্তর
সাভার ও টঙ্গী শিল্পাঞ্চলে ২০ জঙ্গি সক্রিয় রয়েছে। উত্তরাঞ্চলে প্রশিক্ষণ শেষে পীর-মাশায়েখ হত্যার টার্গেট ছিল তাদের।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে গ্রেফতারকৃত জঙ্গি মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহীদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছে।
গতকাল ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে সে জবানবন্দি দেয়। তাওহীদের সঙ্গে জেএমবির আরও দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
জেএমবির এ গ্রুপটি মূলত শিল্পাঞ্চল এলাকায় সক্রিয়। এর মধ্যে সাভার ও টঙ্গীতেই গ্রুপের ২০ জন সদস্য সক্রিয় রয়েছে। এরা গার্মেন্টে চাকরির আড়ালে জঙ্গি তৎপরতায় লিপ্ত। সংগঠন পরিচালনা করতে তারা চাকরি করে। গ্রুপটি গার্মেন্ট শ্রমিক ও হকারদের দলে ভিড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মনোনয়ন জমা দিলেন রামনাথ কোবিন্দ-আজকাল
এনডিএ–র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানিকে সঙ্গে নিয়ে আজ দুপুর ১২টা নাগাদ মনোনয়ন জমা দেন তিনি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু সহ সেখানে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। ছিলেন শশীকলা বিরোধী শিবিরের ও পন্নিরসেলভমও। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমে বিবৃতি রামনাথ কোবিন্দ বলেন, ‘আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। রাষ্ট্রপতি পদটিকে দলগত রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। পদের মর্যাদা বজায় রাখার সবরকম চেষ্টা করব আমি।’
মীরাকে প্রার্থী করে নীতীশকে প্যাঁচে ফেলল বিরোধী শিবির-আনন্দবাজার
শরদ পওয়ারকে বাগে এনে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন সনিয়া গাঁধীরা। একই সঙ্গে ‘বিহার কি বেটি’কে প্রার্থী করে নীতীশ কুমারের উপরে পাল্টা চাপ তৈরি করল বিরোধী শিবির। এ দিনের পরে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইটা দাঁড়াল দুই দলিত মুখের— রামনাথ কোবিন্দ বনাম মীরা কুমার।
চাল ও ডিমের পর এবার আটাও প্লাস্টিকের! রাজ্যে তীব্র চাঞ্চল্য
চাল, চিনি, ডিম নিয়ে একাধিক অভিযোগ আগেই উঠেছিল। এবার আটাতেও প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল রাজ্যে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বীরপাড়া চা-বাগানে। অভিযোগ, রাজ্য সরকার দু’টাকা প্রতি কেজি দরে যে আটা দেয়, তাতে প্লাস্টিক জাতীয় কিছু মেশানো হচ্ছে। আলিপুরদুয়ার ছাড়াও এই অভিযোগকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি চা বাগান, ডুয়ার্স ও তরাই অঞ্চলেও। চা বাগানের শ্রমিকরা বলছেন, রেশনের আটার তৈরি রুটি আগুনের সামনে ধরলে নাকি প্লাস্টিকের মতো পুড়ে যাচ্ছে। এমনকী, জল মিশিয়ে মাখার সময়ও নাকি প্লাস্টিকের মণ্ড তৈরি হচ্ছে।
৩১টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ-আজকাল
ফের সফল উৎক্ষেপণ ইসরোর। ৩১টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি–সি৩৮। শুক্রবার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সকাল সাড়ে ৯টায় পৃথিবীর ওপর নজরদারির জন্য কারটোস্যাট–২এস সহ ৩০টি স্যাটেলাইট পাঠানো হল। এই ৩০টি স্যাটেলাইটকে ন্যানো স্যাটেলাইট বলা হচ্ছে। কারণ এগুলি আকারে ছোট। তবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি বলে এই স্যাটেলাইটগুলি মহাকাশের স্বচ্ছ ছবি পাঠাতে সক্ষম। ১৪টি দেশের বিভিন্ন কক্ষপথে তা অবস্থান করবে এই স্যাটেলাইটগুলি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩