জুন ২৪, ২০১৭ ১৩:২৭ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৪ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সারাদেশের সড়ক পরিস্থিতি ভালো : ওবায়দুল কাদের -ইত্তেফাক
  • সব কারখানায় বেতন-ভাতা দেওয়া হয়েছে: বিজিএমইএ -প্রথম আলোর
  • ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন ১৭ জন -যুগান্তর 
  • গুম হওয়া ৮ পরিবারে বেদনার ঈদ -মানবজমিন
  • মহাসড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা -কালের কন্ঠ 
  • জ্বালাও পোড়াও করলে কঠোর হস্তে দমন করা হবে : নাসিম -নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পাহাড়ে মোর্চার মিছিল, বন্ধ সিকিমের পথ -আজকাল
  • রস্কার উৎসর্গ করলাম ৪০ লক্ষ কন্যাকে: মমতা
  • সবাইকে পিছনে ফেলে জাতিসংঘ শিরোপা কন্যাশ্রীর - আনন্দবাজার
  • ইফতার পার্টিতে দলেরই এক নেতাকে মারধর তেজপ্রতাপের, মুখ পুড়ল লালুর -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ঈদে ঘরে ফেরা মানুষের পথযাত্রা নিয়ে ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-সড়ক পরিস্থিতি ভালো-বলেছেন সেতুনমন্ত্রী

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিস্তারিত খবরে বলা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারাদেশের সড়ক পরিস্থিতি ভালো রয়েছে।  আজ গাজীপুরের চন্দ্রা এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ঈদে বাড়ি ফেরার পথে রংপুরে মর্মান্তিকভাবে ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে আরো একটি অমানবিক খবর তুলে ধরা হয়েছে দৈনিকটিতে। বলা হয়েছে, হতাহতদের উদ্ধারের পরিবর্তে টাকা-স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছে।

মহাসড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা-কালের কণ্ঠ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচল করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। আজ ভোরে রংপুরের দুর্ঘটনার পর এ হুঁশিয়ারি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। 

আর নয়া দিগন্তের একটি খবরে লেখা হয়েছে-ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সব কারখানায় বেতন-ভাতা দেয়া হয়েছে: বিজিএমইএ-প্রথম আলো

বিজিএমইএ বলেছে শতভাগ পোশাক কারখানার শ্রমিদের বেতন ভাতা দেয়া হয়েছে

শতভাগ পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলেছে, বিজিএমইএর তিন হাজারের বেশি কারখানায় উৎসব ভাতা ও মে মাসের বেতন দেয়া হয়ে গেছে। ইতিমধ্যেই ৮৫ শতাংশ কারখানা ছুটি হয়ে গেছে। আজ কারওয়ান বাজার বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

তবে ইত্তেফাকে একটি খবরে লেখা হয়েছে, রাজধানীর কল্যাণপুরে বেতন বোনাসের দাবিতে একটি গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করেছেন। অবরোধের ফলে ঈদে ব্যাপক যানজটে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

গুম হওয়া ৮ পরিবারে বেদনার ঈদ-মানবজমিনের একটি শিরোনাম

প্রতিবেদনটিতে লেখা হয়েছে, নির্বাক পরিবারগুলো, নিরন্তর অপেক্ষা। জানে না তাদের এ অপেক্ষার প্রহর কবে শেষ হবে? এভাবেই কাটছে গুমের শিকার ৮ বিএনপি নেতাকর্মীর পরিবারের দিনকাল। গুম হওয়া ৮টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের কোনো প্রস্তুতি নেই তাদের। হয়নি কোনো কেনাকাটা। নেই কোনো আনন্দ। কেবল স্বজনদের ফেরার আশায় তারা তাকিয়ে আছেন।  তাদের আশা আবার ফিরে আসবে। সরকারের কাছে ভিকটিমের পরিবারের একটাই দাবি, জীবিত অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। যদি তারা দোষী হয়ে থাকেন তাহলে আইনের মাধ্যমে বিচার করা হোক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আর যুগান্তরের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সাধারণ মানুষের মনে সেইভাবে আনন্দ নেই। মোটা চাল কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠেছে। ছোট  ছোট ছেলে  মেয়েদের জন্য তারা ঈদের পোশাক কিনতে হিমশিম খাচ্ছে। 

জ্বালাও পোড়াও করলে কঠোর হস্তে দমন করা হবে : নাসিম-নয়া দিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম

আন্দোলনের নামে জ্বালাও পোড়াও না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,‘ আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কঠোর হস্তে দমন করা হবে।

মোহাম্মদ নাসিম আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাহাড়ে মোর্চার মিছিল, বন্ধ সিকিমের পথ-আজকাল

দার্জিলিংয়ে মোর্চার মিছিল

মোর্চার অনির্দিষ্টকালীন বন্‌ধের জেরে আজও থমথমে পাহাড়। দার্জিলিঙের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে আধাসেনা ও পুলিস। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মোর্চা সমর্থকরা চক বাজারে জমায়েত হচ্ছেন। গোর্খাদের ট্র্যাডিশনাল পোশাক পরে মিছিলে যোগ দিয়েছিলেন অনেকে। সকলেরই হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা। কারওর হাতে রয়েছে কালো পতাকা। প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের জমায়েত হয়েছে চকবাজারে। গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দেন তাঁরা। মোর্চার মিছিল ঘিরে নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্ক রয়েছে প্রশাসন। সরকারের উপর চাপ বাড়াতেই মোর্চার এই আন্দোলন বলে মনে করা হচ্ছে। শুক্রবারই মোর্চা সুপ্রিমো বিমল গুরুং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার হুমকি দিয়েছেন। 

মমতার কন্যাশ্রী প্রকল্পের জাতিসংঘ পুরস্কার: শিরোনামটি আনন্দবাজারের

মমতা ব্যানার্জী কন্যাশ্রী প্রকল্পে জাতিসংঘ পুরস্কার পেলেন

সবাইকে পিছনে ফেলে জাতিসংঘ  শিরোপা পেল মমতা ব্যানার্জীর ‘কন্যাশ্রী’ প্রকল্প। মমতা ব্যানার্জী পুরস্কার উৎসর্গ করলেন ৪০ লক্ষ কন্যাকে। দৈনিক আনন্দবাজারের খবরটিতে লেখা হয়েছে, এ যেন আড়াই মিনিটে বিশ্বজয়!

গতকাল জাতিসংঘের জন পরিষেবা ফোরামের সভাগৃহে ছিলেন সারা বিশ্বের ১২০০ প্রতিনিধি। অধিকাংশই বিচক্ষণ এবং অভিজ্ঞ আমলা। সেখানেই আড়াই মিনিটে ‘যা বলার বলুন’ধাঁচের বক্তৃতা করার এবং নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই। আর তাতেই বাজিমাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আড়াই মিনিটেই জানিয়ে দিলেন জন পরিষেবার আসল কথাটা। মুখ্যমন্ত্রী বললেন, সাত বছরে ৩০০ প্রশাসনিক বৈঠক করেছি। রাজ্যের ন’কোটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব স্তরেই কোনও না কোনও প্রকল্প করেছি।’’

এর পর একে একে বলে গেলেন তাঁর ‘শ্রী’ সিরিজের প্রকল্পগুলির কথা। যার একটি ‘কন্যাশ্রী’ এ দিন সেরার সেরা শিরোপা পেল। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘যে ৪০ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পায়, এই পুরস্কার তাদেরই উৎসর্গ করলাম।’’#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪