জুন ২৬, ২০১৭ ১২:৫৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৬ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • লামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ -ইত্তেফাক
  • রাস্তায় ঈদ কাটিয়েছেন তৃণমূলের অনেক মানুষ-প্রথম আলো
  • রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান কাদেরের-যুগান্তর 
  • খালেদা জিয়া-গণতন্ত্র এখন দেশছাড়া-মানবজমিন
  • শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়' -কালের কন্ঠ 

ভারতের শিরোনাম:

  • আলোচনাতেই মিটুক দার্জিলিং সমস্যা’-আজকাল
  • গুরুংয়ের বার্তার পর পাহাড় জুড়ে মোর্চার তাণ্ডব, নিশানায় জলবিদ্যুৎ কেন্দ্র-সংবাদ প্রতিদিন
  • সংবর্ধনা সভায় আর্জি ৯৩ শতাংশ নম্বর পাওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্রীর
  • ‘পড়তে চাই, কিছু করতে পারেন?’- আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বাংলাদেশে ঈদ উদযাপন

বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে ঈদের খবর ছাপা হয়েছে। সেখানে লেখা হয়েছে, সর্বত্র বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত। ঈদের জামাত থেকে দেশের সমৃদ্ধি কামনা করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সর্বত্র সুন্দরভাবে ঈদের জামাত হয়েছে। প্রেসিডেন্ট,

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন –দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ নিয়ে আরো অনেক খবর ছাপা হয়েছে।

তবে ঈদ নিয়ে এনটিভিবিডি অনলাইনের একটি খবরের শিরোনাম এরকম যে, দেশে বুলে গরিব নাই, তাইলে আমরা কারা?’

‘খাওনের খবর পাইয়া আইছি। এক ভাইয়ে কইল, ভালা খাওন আছে, আইও। হেল্লাইজ্ঞা আইলাম। সময় দিছিল ১১ডা। আমি সকাল থাইক্কাই বইয়া আছি। বুজেন তো খাওনের খবর ফাইলে মাইনসের অভাব অয় না। শেষে আইলে পাওন যায় না। ঈদের দিন একটু ভালা খাওন খামু, বাচ্চাগো দিমু।'

পবিত্র ঈদুল ফিতরের দিন সোমবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে এনটিভি অনলাইনের কাছে এভাবেই বলছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের এলাকার ফুটপাতে থাকা কাদের খান। তাঁর থাকার কোনো স্থায়ী জায়গা নেই। আজ স্টেডিয়াম তো কাল রেলওয়ে স্টেশন অথবা যেখানে সুযোগ হয়, সেখানে। জানেন না কে তাঁর বাবা, কোথায় তাঁর বাড়ি। 

‘আজ ঈদের দিন অনেকেই তো খাবার দিচ্ছে, এখানে কেন এলেন?’ জিজ্ঞাসা করার পর কাদের বলেন, 'অনেকে কী দিব, নাকি দিব না হেইডা তো জানি না গো বাপজান। প্রসঙ্গ ছাড়াই কাদেরের উক্তি, 'খাওন দিতাছে, তাই মন্দ কইবার পারি না। কিন্তু দেহেন, গুলিস্তানে থাইক্কা হাজারবার নেতাগোরে কইতে হুনছি, কয় দেশে বুলে গরিব নাই। সম্ভব ওইলে আজও কইব। কিন্তু আফনেই কন তাইলে আমরা কারা?'

কাদেরের এই বক্তব্যের পর লাইনে থাকা কয়েকজন দুস্থ মানুষের উক্তি, ‘আমরা কোটিপতি, শিল্পপতিও কইতে পারেন। পুরা ঢাকাটাই আমাগো আইজ। এইনো ঘুমাই তো কাইল হেইনে।’

প্রথম আলোতেও কিছু মানুষ রাস্তায় ঈদ কাটানোর কথা লিখেছে । জীবিকার তাগিদেই রাস্তায় থাকতে হয় তাঁদের। আয়োজন করে নয়, কাজের ফাঁকেই পড়া হয় ঈদের নামাজ।

শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- কালের কণ্ঠ

বিএনপি চেযারপারসন খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো 'সুষ্ঠু নির্বাচন' সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এ কথা বলেন।

আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, ২৬শে জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে এক বাণীতে  খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন বিচারের বাণী নিভৃতে কাঁদে, বাংলাদেশে গণতন্ত্র এখন বন্দি। এখানে ভয়াবহ দুঃশাসন চলছে। সরকারের নিষ্ঠুর দমননীতির ছোবলে গণতন্ত্রকে দেশছাড়া করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান কাদেরের-যুগান্তর

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দেশের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর বাসসের।

সোমবার সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

দেশের রাজনীতিতে সংযমের অভাব উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকবে, একেকজনের মতাদর্শ একেক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে স্থিতিশীলতা ও শান্তি এবং গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা

বান্দরবনের লামায় সড়কে প্রাণ গেল ৮ জনের, আহত বেশ কয়েকজন-ইত্তেফাক

সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণ গেল

আজ ঈদের খুশির দিনে বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায়  প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আজ দুপুরে স্থানীয় যান 'চান্দের গাড়ি' উল্টে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতেও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে এ সম্পর্কে আজকালের খবরে লেখা হয়েছে, আজ ফের বিক্ষোভে উত্তপ্ত হলো কাশ্মির । শ্রীনগর, অনন্তনাগ এবং সোপোরসহ একাধিক জায়গায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

আলোচনাতেই মিটুক দার্জিলিং সমস্যা’-আজকাল

আলোচনার মাধ্যমে দার্জিলিং সমস্যার সমাধানে শান্তি মিছিল

সোমবার পাহাড়ে ভারতীয় গোর্খা প্রাক্তন সেনা কল্যাণ সংগঠন তাঁদের ‌নীরব প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে গোর্খাল্যান্ডের দাবি জানালেন। অন্যদিকে আলোচনার মাধ্যমেই মিটুক পাহাড় সমস্যা মনে করছেন পাহাড়ে নিযুক্ত পুলিস কর্মীরা। এ বিষয়টিকে মাথায় রেখেই পাহাড়ে পুলিস আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করে একটি রির্পোট তৈরি করেছে যা মঙ্গলবারই পেশ করা হবে মুখ্যমন্ত্রীর কাছে।

এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিনের খবর-গুরুংয়ের বার্তার পর পাহাড় জুড়ে মোর্চার তাণ্ডব, নিশানায় জলবিদ্যুৎ কেন্দ্র

মোর্চার নিশানায় জলবিদ্যুৎ কেন্দ্র

বিমল গুরুংয়ের ভিডিও প্রকাশ হওয়ার পরই পাহাড় জুড়ে মোর্চার তাণ্ডব। গোর্খাল্যান্ড নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে হিংসার পথে মোর্চা। রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকার ১০টি গাড়িতে অগ্নিসংযোগ মোর্চা সমর্থকদের। বন্ধ করে দেয়া হল জলবিদ্যুৎ কেন্দ্র। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। বিকল্প হিসাবে পাহাড় জুড়ে বিমল গুরুংয়ের বক্তব্যের সিডি বিতরণ করেছে মোর্চা।

 ‘পড়তে চাই, কিছু করতে পারেন?’ আর্জি ছাত্রীর-আনন্দবাজার

পড়ার আকুতি পাপিয়ার

বাবার তিন হাজার টাকার চাকরি। ওই আয়ে সংসারই চলে না। এখন পড়ব কী করে জানি না। আপনারা কিছু করতে পারেন ?— শনিবার সন্ধ্যায় রামপুরহাট মহকুমা পুলিশের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বললেন নলহাটি থানার বুজুং গ্রামের পপি দত্ত। এ বছরই বুজুং ৯৩ শতাংশেরও বেশি নম্বর পেয়ে পপি উচ্চমাধ্যমিক পাশ করেছে। মেধাবী মেয়ের এমন আর্জি শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশ, প্রশাসনের কর্তারা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬