জুন ২৮, ২০১৭ ১৪:৩৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৮ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন’-ইত্তেফাক
  • হলি আর্টিজানে হামলায় নির্ভুল অভিযোগপত্র দেব: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
  • গ্যাস সমস্যা সাময়িক: প্রতিমন্ত্রী-যুগান্তর 
  • নৌকা বিসর্জনের বাজনা বাজছে: রিজভী-এনটিভিবিডি 
  • এবারের ঈদযাত্রা ছিল সবচেয়ে স্বস্তিদায়ক: ওবায়দুল কাদের-কালের কন্ঠ
  • সিএনজি ফিলিং স্টেশন বন্ধ-নয়া দিগন্ত 

ভারতের শিরোনাম:

  • জিএসটি বা পরিষেবা কর উৎসব বয়কট তৃণমূলের-আজকাল
  • ভারতকে ‘শিক্ষা’ দিতে তোড়জোর শুরু বেজিংয়ের-সংবাদ প্রতিদিন
  • অপরাধীরা কঠিনতম শাস্তি না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেই জুনেইদের গ্রামের- আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

হলি আর্টিজানে হামলায় নির্ভুল অভিযোগপত্র দেব: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

হলি আর্টিজান হামলার অভিযোগপত্র খুব শিগগিরি দেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার নির্ভুল অভিযোগপত্র খুব শিগগির দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছর হতে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই দিনটি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আমরা বুঝতে শিখেছিলাম, এই জঙ্গিরা কী চায়, কী তাদের উদ্দেশ্য, কারা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা, কারা অর্থায়ন করেছে। সবই খুব সূক্ষ্মভাবে দেখেছি। সেই জন্য অভিযোগপত্র দিতে একটু সময় নিয়েছি।’

ঈদের শেষে আজ প্রথম আলোর শিরোনাম-ফের ঢাকায় ফেরা-প্রথম আলো

ঈদে ফাঁকা হয়ে গিয়েছিল ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ছুটে গিয়েছিল লাখো মানুষ। ঘরে ফেরা মানুষেরা ঈদ শেষে রাজধানীতে আসতে শুরু করেছেন। ছুটির সঙ্গে বাড়তি দুটো দিন যোগ হওয়ায় অনেকেই বাড়ি গিয়ে এবার দুদণ্ড স্বস্তির নিশ্বাস ফেলার ফুরসত পেয়েছেন। গতকাল (মঙ্গলবার) ছিল ঈদের ছুটির শেষ দিন। ছুটির পর আজ বুধবার প্রথম কর্মদিবস।

অন্যান্য ব্যস্ত দিনের মতো আজ কর্মক্ষেত্র জমে ওঠেনি। উপস্থিতি তুলনামূলকভাবে কম। কর্মক্ষেত্রে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে। সহকর্মীরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। করছেন কোলাকুলি।

এবারের ঈদযাত্রা ছিল সবচেয়ে স্বস্তিদায়ক : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

এবারের ঈদযাত্রাকে নিকট অতীতে সবচেয়ে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবারের ঈদযাত্রা ছিল নিকট অতীত ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এদিকে দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর আজকের অনলাইন পোর্টালগুলোতে ছাপা হয়েছে।

‘শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন-বাণিজ্যমন্ত্রী: ইত্তেফাক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্বে জাতীয় সংসদ নির্বাচন হবে। এখানে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই। কেউ যদি নির্বাচনে না আসে, তাহলে তো জোর করে আনা যাবে না। ঈদুল ফিতরের ছুটি শেষে আজ সচিবালয়ে এসে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারই নির্বাচনকালীন সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

এদিকে এনটিভি বিডি অনলাইনের একটি রাজনৈতিক খবরের শিরোনাম এরকম যে, নৌকা বিসর্জনের বাজনা বাজছে : রিজভী

খবরটিতে লেখা হয়েছে, রিজভী বলেছেন, ‘নৌকার বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। ক্ষমতাসীনরা এবার শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা নিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে।’ আজ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

গ্যাস সমস্যা সাময়িক: প্রতিমন্ত্রী-যুগান্তর

গ্যাস সরবরাহের সমস্যা সাময়িক বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহের সমস্যা সাময়িক। এটা বেশিক্ষণ নয়, ২৪ ঘণ্টার জন্য। তবে বিদ্যুতে কোনো সমস্যা হচ্ছে না। নসরুল হামিদ বলেন, 'আমরা আগে থেকেই জানিয়ে এসেছি যে বিবিয়ানা গ্যাস ফিল্ডে সার্ভিসিং হবে। সে কারণেই সিএনজি ফিলিংস্টেশনগুলোতে গ্যাস দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। ঈদের আগে থেকে আমরা সবাইকে জানিয়ে আসছি, পেপারেও দিয়েছি।' বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস উৎপাদন বন্ধ থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

জিএসটি বা পরিষেবা কর উৎসব বয়কট তৃণমূলের-আজকাল

পয়লা জুলাই থেকে দেশ জুড়ে চালু হচ্ছে জিএসটি বা পণ্য পরিষেবা কর। জিএসটির বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বনার্জি। বুধবার ফেসবুকে এর তীব্র বিরোধিতা করে একটি পোস্টে বলেছেন, ‘জিএসটি কেন্দ্রীয় সরকারের আরও একটি ঐতিহাসিক ভুল।  প্রথম থেকেই এর বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

অপরাধীরা কঠিনতম শাস্তি না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেই জুনেইদের গ্রামের-আনন্দবাজার

জুনেইদের অচেতন দেহটা দুষ্কৃতীরা আসাবটী স্টেশনে ছুড়ে ফেলার পরে এক সপ্তাহ হতে চলল প্রায়। কিন্তু ভরদুপুরেও হরিয়ানার খান্ডওয়ালি গ্রাম যেন অভিশপ্ত রাতের মতো। ফরিদাবাদের মূল সড়ক পেরিয়ে খানিকটা এগোলেই জুনেইদের গ্রাম। সেখানে পুলিশ, মিডিয়া, কংগ্রেস নেতা, বিএসপি বিধায়কদের যাতায়াত লেগেই আছে। আসা-যাওয়া করছেন জমিয়তে–উলেমা-ই-হিন্দের নেতারা। কিন্তু শাসক দলের কেউ নেই। ‘‘পুলিশ আর এই বিজেপি সরকার আমাদের শেষ করে দেবে। অপরাধ হচ্ছে, কিন্তু সাজা পাচ্ছে না কেউ।’এমনই মন্তব্য করা হয়েছে প্রতিবেদনটিতে।

ভারতকে ‘শিক্ষা’দিতে তোড়জোর শুরু বেজিংয়ের-সংবাদ প্রতিদিন

আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির সাহায্য পেয়ে ভারত দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। নয়াদিল্লিকে ‘উচিত শিক্ষা’ দিতে হবে, বুধবার এই ভাষাতেই চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস ভারতকে তীব্র মৌখিক আক্রমণ করল। সম্প্রতি সীমান্ত নিয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সংঘাত তুঙ্গে উঠেছে। সিকিম সীমান্ত হয়ে চিনের সরকারি সেনাবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মির অনুপ্রবেশ ও ভারতীয় সেনার সঙ্গে তাদের সংঘর্ষের ছবি ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮