হোলি আর্টিজান বর্ষপূর্তি: জঙ্গি নির্মূল হযনি-আ.লীগ, সমন্বিত উদ্যোগ প্রয়োজন-বিএনপি
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- কুষ্টিয়ায় নব্য জেএমবির আমীরের স্ত্রীসহ ৩ নারী জঙ্গি আটক –ইত্তেফাক
- ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম- বাংলাদেশে জঙ্গিরা দুর্বল হলেও এখনো নির্মূল হয়নি’ওবায়দুল কাদের
- হোলি আর্টিজানে ফুলেল শ্রদ্ধা, জঙ্গি নির্মূলের প্রত্যয়।-প্রথম আলো
- দুর্নীতি কমাতে পারলে ভ্যাট আদায় বাড়বে: এফবিসিসিআই সভাপতি-কালের কন্ঠ
- শ্রেষ্ঠ বাজেট’এখন খাবি খাচ্ছে-মান্না-মানবজমিন
- সমন্বিত উদ্যোগ ছাড়া ‘জঙ্গিবাদ’ নির্মূল অসম্ভব : রিজভী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- সমাজবাদী পার্টি নেতা ও সাবেক মন্ত্রী আজম খানের বিরুদ্ধে মামলা -সংবাদ প্রতিদিন
- জিএসটি যেন আর্থিক গতির বাধা না হয়: প্রণব -আজকাল
- কটাক্ষ সঙ্গী করেই নয়া কর জমানা চালু দেশে- আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশের গুলশানের হোলি আটিজান হামলার এক বছরপূর্তি আজ। এ সম্পর্কে আজকের সবগুলো জাতীয় পত্রিকা এবং অনলাইন দৈনিকগুলোতে খবর ছাপা হয়েছে। এসম্পর্কে দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম এরকম- হোলি আর্টিজানে ফুলেল শ্রদ্ধা, জঙ্গি নির্মূলের প্রত্যয়।
খবরটিতে লেখা হয়েছে, গুলশানের হোলি আর্টিজান বেকারিতে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে গত বছরের ১ জুলাই জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করে।
যুগান্তরের এ সম্পর্কিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের সড়ক পরিবতন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানের ঘটনা আমাদের জীবন বদলে দিয়েছিল। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের নিরাপত্তাবাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে বলে তিনি জানান। উল্লেখ্য, হলি আর্টিজান রেস্টুরেন্টে সশস্ত্র হামলা চালিয়ে মোট ২২ জনকে নির্মমভাবে হত্যা করে।
আর বাংলাদেশ প্রতিদিনের খবর-দেশের ভেতর জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যথায়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কুষ্টিয়ায় নব্য জেএমবির আমীরের স্ত্রীসহ ৩ নারী জঙ্গি আটক-ইত্তেফাকের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে একটি টিনসেডের এক তলা বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমীর আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এ সময় অভিযানে দুইটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।
শ্রেষ্ঠ বাজেট’এখন খাবি খাচ্ছে-মান্না-মানবজমিন
অর্থমন্ত্রীর জীবনের ‘শ্রেষ্ঠ বাজেট’ এখন খাবি খাচ্ছে। মূল যে সংস্কার প্রস্তাব- নতুন ভ্যাট আইন, তা’ই স্থগিত করা হয়েছে ২ বছরের জন্য। এর ফলে সোয়া চার লাখ কোটি টাকার অতি উচ্চাভিলাষী বাজেটের বাস্তবায়ন নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
সিপিবি ঠিকই বলেছে, ‘আবগারি শুল্ক, ভ্যাটে সরকারের পিছু হটা সত্ত্বেও এ বাজেট এখনো গণবিরোধী।’ কারণ যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, তা প্রধানত ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে। জনগণের কল্যাণ বিবেচনায় নয়।
অতিরিক্ত অর্থ আদায়ের যে পরিকল্পনা অর্থমন্ত্রীর ছিল তা আদায়ের যোগ্য কাঠামো মোটেই গড়ে তোলা হয় নি।
দুর্নীতি কমাতে পারলে ভ্যাট আদায় বাড়বে: এফবিসিসিআই সভাপতি-কালের কণ্ঠের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, দুর্নীতি বন্ধ হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
আজ এফবিসিসিআই সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ এর সভাপতি এ কে এম সেলিম ওসমান, এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, দুর্নীতি বন্ধ হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। চলতি অর্থ বছরের বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন স্থগিত হলেও এতে রাজস্ব আয়ে তেমন কোনও প্রভাব পড়বে না।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
জিএসটি যেন আর্থিক গতির বাধা না হয়: প্রণব-আজকাল
প্রথা বহির্ভূতভাবে জিএসটি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর পরে বলতে দেয়া হয়েছে রাষ্ট্রপতিকে। এরপরেও রাষ্ট্রপতি হিসেবে সংসদে সম্ভবত শেষ বক্তৃতায় প্রণব মুখার্জি যা বললেন তা অভিনবত্বের দাবি রাখে। শুক্রবার রাষ্ট্রপতি বলেন, ‘এত বড় পরিবর্তনের ফল যতই ইতিবাচক হোক না কেন, প্রাথমিক পর্যায়ে সমস্যা দেখা দেবেই। যত তাড়াতাড়ি সেই সমস্যা মেটানো যায় তার চেষ্টা করতে হবে।’ জিএসটি চালু নিয়ে কথাবার্তা চলছে প্রায় দু’দশক ধরে। প্রণব মুখার্জি যখন দেশের অর্থমন্ত্রী ছিলেন তখনও এই নিয়ে আলোচনা হয়েছে। তবে বিরূপ পরিস্থিতির কথা ভেবে এগোননি সাবধানী প্রণব। শুক্রবার মাঝ রাতেও সেই সাবধানী প্রণবই ধরা দিলেন।
বড়সড় সাফল্য কাশ্মীরে, সেনাবাহিনীর গুলিতে নিহত দুই শীর্ষ লস্কর জঙ্গি-সংবাদ প্রতিদিন
ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় কাশ্মীর দেইলগাম গ্রামে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গি বশির লস্করি গত ১৬ জুন জম্মু ও কাশ্মীরের ছয় পুলিশকর্মীকে হত্যার মূল ষড়যন্ত্রকারী। তবে আরও কয়েকজন জঙ্গি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনুমান করা হচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১/৪৮৪