জুলাই ০২, ২০১৭ ১৩:১২ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক হিসেবে ৫১৫ বাংলাদেশি আটক–ইত্তেফাক
  • জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুরা নজরদারিতে: আইজিপি-প্রথম আলো
  • বেতন বাড়ানো হয়েছে, দুর্নীতি বন্ধ করুন : প্রধানমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
  • নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: ওবায়দুল-যুগান্তর
  • কুষ্টিয়ায় মিরপুরে বজ্রপাতে পাঁচজন নিহত, আহত আরো ৪-কালের কন্ঠ
  • অধিকতর তদন্ত চেয়ে খালেদার আবেদন খারিজ-মানবজমিন
  • সুন্দরবনবিনাশী প্রকল্প বাতিল করুন : জাতীয় কমিটি-নয়া দিগন্ত 

ভারতের শিরোনাম:

  • কোহলি-যুবরাজরা ম্যাচ গড়াপেটা করেছেন, বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-সংবাদ প্রতিদিন
  • দার্জিলিংয়ে গাড়িতে আগুন, থানা ঘেরাও মোর্চার-আজকাল
  • বাধ্যতামূলক ভোটদান সম্ভব নয়, বললেন মুখ্য নির্বাচন কমিশনার- আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বেতন বাড়ানো হয়েছে, দুর্নীতি বন্ধ করুন: প্রধানমন্ত্রী-এনটিভিবিডি অনলাইনের শিরোনাম

সরকারি কর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

খবরটিতে লেখা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে উল্লেখ করে সব ধরনের দুর্নীতি বন্ধ করতে তাঁদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে এক বৈঠকে দুর্নীতি বন্ধের বিষয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেখ হাসিনা সচিবদের উদ্দেশে বলেন, উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করতে হবে যেন সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়।

নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: ওবায়দুল কাদের-যুগান্তরের শিরোনাম

বাংলাদেশের সেতুমন্তী ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, তার শাসন আমলে নির্বাচনগুলোয় তিনি যেভাবে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন আমরাও সেভাবেই করবো।  নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

আদালত বিষয়ক খবরে মানব জমিনের একটি শিরোনাম-অধিকতর তদন্ত চেয়ে খালেদার আবেদন খারিজ

অধিকতর তদন্ত চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎস নিয়ে অধিকতর তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া, রাজধানীর পল্টন থানার নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠিয়েছে আদালত।

এদিকে প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের জন্য আবারও দুই সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ।আর এই সময় দেয়াকে ‘এটা লাস্ট চান্স’ বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

ক্ষমতাসীনরা ভুয়া সংগঠন বানিয়ে বরাদ্দ আত্মসাৎ করছে-রিজভী-যুগান্তরের শিরোনাম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ক্ষমতাসীনরা সারাদেশে 'ভুয়া সংগঠন' বানিয়ে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সংম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। লুটপাটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে পুরো দেশটাকে ধ্বংস করেও ক্ষমতাসীনদের ক্ষুধা মিটছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুরা নজরদারিতে: আইজিপি-প্রথম আলো

আইজিপি একেএম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নব্য জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুসহ যে কজন জঙ্গি বাইরে আছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে। যে কোনো সময় তারা ধরা পড়বে।

আজ দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। শহীদুল হক বলেন, গত বছর ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার পর জঙ্গি দমন নতুন মোড় নেয়। জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘জিরো টলারেন্সে’আছে।

জঙ্গি বিষয়ক খবরে মানবজমিন লিখেছে, নাটোরে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরকে আটক করা হয়েছে। 

সুন্দরবনবিনাশী প্রকল্প বাতিল করুন: জাতীয় কমিটি

বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী

দৈনিক নয়া দিগন্তের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে যুক্তিহীন, মানুষ ও প্রকৃতি বিধ্বংসী একগুঁয়েমী দিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনধ্বংসী রামপাল প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে। আর একারণে বাংলাদেশের সুন্দরবন অংশ অচিরেই বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ হয়ে যাওয়ার সমূহ আশংকা তৈরি হয়েছে। এর ফলে দুদেশের উপকূ’লীয় অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ প্রত্যক্ষভাবে বিপদগ্রস্ত হবেন। তাই সরকারের উচিত একগুঁয়েমী ত্যাগ করে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে রামপাল চুক্তি বাতিলসহ সুন্দরবনবিনাশী বনগ্রাসী সব তৎপরতা বন্ধ করা। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

দার্জিলিংয়ে গাড়িতে আগুন, থানা ঘেরাও মোর্চার-আজকাল

অশান্ত দার্জিলিং

রোববার ভোর রাত থেকে উত্তপ্ত পাহাড়। হিলকার্ট রোডে শিলিগুড়ি গামী গাড়িতে আগুন লাগানোর অভিযোগ। আগুনের খবর জানার পরেও ইঞ্জিন না থাকায় আগুন নেভাতে পারলেন না কার্শিয়াঙের দমকলকর্মীরা। শনিবারই কার্শিয়াঙের ৩টি দমকলের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয় মোর্চা। তার পরেই কার্যত বেহাল হয়ে পড়েছে পাহাড়ের দমকল পরিষেবা। তবে শিলিগুড়িগামী গাড়িতে আগুন ধরানোর অভিযোগ অস্বীকার করেছে মোর্চা। 

বাধ্যতামূলক ভোটদান সম্ভব নয়, বললেন মুখ্য নির্বাচন কমিশনার-আনন্দবাজার

সাংবিধানিকভাবে, ভোটারদের ভোট দিতে বা না দিতে বাধ্য করানো যায় না। তাই দেশের সব বৈধ ভোটারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাধ্যতামূলকভাবে। আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে তেমন প্রশাসনিক পরিকাঠামোরও অভাব রয়েছে। এমনটাই মনে করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার নসীম জইদী। তবে তিনি এও জানিয়েছেন, সচেতনতা বাড়ায় ভারতে ভোটদাতারা আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন। 

কোহলি-যুবরাজরা ম্যাচ গড়াপেটা করেছেন, বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রী রামদাসের -সংবাদ প্রতিদিন

ভারতের কেন্দ্রেীয়মন্ত্রী রামদাস আতাওয়ালে

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বিরাটদের হারের পর থেকেই গোটা দেশে বিষয়টি নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়ে গিয়েছিল। এমনকী মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও উঠেছিল। ফের একবার সেই বিতর্ককে উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে। তাঁর দাবি, ভারত-পাকিস্তান ম্যাচটি গড়াপেটা হয়েছে। ব্যাপারটির যেন পূর্ণাঙ্গ তদন্ত করা হয় বলে দাবি রামদাসের।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২