ষোড়শ সংশোধনী অবৈধ, বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নয়
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সরকারের সঙ্গে আলোচনা করে রিভিউয়ের সিদ্ধান্ত নেয়া হবে’অ্যাটর্নি জেনারেল–ইত্তেফাক
- একাদশ জাতীয় সংসদ নির্বাচন-১০ ইস্যুতে সংলাপে বসছে নির্বাচন কমিশন-যুগান্তর
- বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নয়-প্রথম আলো
- হলি আর্টিজান হামলা-ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গার্মেন্টস খাত-মানবজমিন
- ফরহাদ মজহারকে অপহরণ-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- অসমে ভয়াবহ বন্যা, বানভাসী লক্ষাধিক মানুষ-সংবাদ প্রতিদিন
- গোয়েন্দারা দার্জিলিঙে পৌঁছলেও শুরু করা যায়নি তদন্তের কাজ- আনন্দবাজার
- শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল-সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ- বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নয় –এ সম্পর্কিত খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে ছাপা হয়েছে। এসম্পর্কে প্রথম আলো লিখেছে, সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রয়েছে। এতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না। এ ক্ষমতা আগের মতোই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত থাকবে।
রায়ের প্রতিক্রিয়া-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আপিল খারিজ রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
মানবজমিনের খবর- আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পূর্ণাঙ্গ রায় পেলে করণীয় নির্ধারণ করা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার প্রতিক্রিয়ায় বলেছেন, আপিল বিভাগ যে রায় দিয়েছেন সেটাকে বিচার বিভাগ, গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, রুহুল কবির রিজভী তার প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে দুরভিসন্ধি করেছিল, আজ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হলো।
হোলি আর্টিজান হামলা-ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গার্মেন্টস খাত:মানবজমিনের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পরও শতভাগ নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হতে পারেনি দেশের পোশাক খাত। এখনো অনেক দেশের ক্রেতারা তৈরি পোশাকের অর্ডার দিতে বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। ওই হামলার পর থেকে অর্ডার আনতে বাংলাদেশের ব্যবসায়ীদের তৃতীয় কোনো দেশে গিয়ে বৈঠক করতে হয়েছে, যা এখনো কিছুটা চলমান। তবে সব বাধা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা জানান, এক বছর পেরিয়ে গেলেও অবিশ্বাস্য এ ঘটনা মানুষের মন থেকে তা মুছে যায়নি। যার বড় প্রভাব পড়ে দেশের শীর্ষ রপ্তানিমুখী শিল্প তৈরি পোশাক খাতের ওপর। একই সঙ্গে প্রভাব পড়ে গোটা দেশের ভাবমূর্তি ও ব্যবসা-বাণিজ্যে।
জেএমবি প্রধানের স্ত্রীসহ তিন নারী জঙ্গি রিমান্ডে-যুগান্তর
কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবির প্রধান আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আশরাদী জাহান তিথিসহ তিন নারী জঙ্গির ৮৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এম এম মোর্শেদ এ আদেশ দেন।
আদালত সুত্রে মতে, সকালে ভোড়ামারা থানার ওসি (তদন্ত) আননুর যায়েদ তিন নারী জঙ্গিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ওই তিন নারী জঙ্গির ৮৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।
ফরহাদ মজহারকে অপহরণ-নয়া দিগন্তের শিরোনাম
খবরটিতে লেখা হয়েছে, কবি, কলামিস্ট ফরহাদ মাজহারকে অপহরণ করা হয়েছে হয়ে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে একদল লোক তাকে অপহরণ করে বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।
জানা যায়, আজ ভোর ৫টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে নিচে আসতে বলে। তিনি বাইরে বের হলে তারা তাকে অপহরণ করে। তিনি ৫.২৯ মিনিটে একটি অপরিচিত ফোন থেকে তার স্ত্রী ফরিদা আক্তারকে জানান, তাকে অপহরণ করা হয়েছে। অপহৃতরা তার কাছে ৩৫ লাখ টাকা দাবি করেছে। বেলা ১২টার দিকে আবারো ফরহাদ মজহার ফোন করে তার স্ত্রীকে জানান, তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
বাজেট নিয়ে উদ্বেগ কাটেনি রপ্তানিকারকদের-মানবজমিন
বেশ কয়েকটি সংশোধনী এনে অর্থবিল-২০১৭ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন স্থগিত করার আন্দোলনে সফল হয়েছে ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। ব্যাংক আমানতের আবগারি শুল্ক কমানো হয়েছে। তৈরি পোশাক খাতের কর্পোরেট করহারও কমানো হয়েছে। তবে বাজেট নিয়ে রপ্তানিকারকদের উদ্বেগ এখনও কাটেনি।
উৎসে কর, বিশেষ মুদ্রানীতি, তৈরি পোশাক রপ্তানিতে প্রণোদনা এবং অগ্নিনির্বাপক যন্ত্র আমদানিসহ বেশকিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টাস এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানায়, তৈরি পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যসহ সব রপ্তানি খাতের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল। যা আবারো পুনঃনির্ধারণ করার অনুরোধ জানায় সংগঠনটি। রপ্তানিকারকরা জানায়, ইউরোপের বাজারসহ অন্য দেশের ক্রেতারা ক্রমাগতভাবে পণ্যের মূল্য কমাচ্ছে।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অসমে ভয়াবহ বন্যা, আক্রান্ত লক্ষাধিক মানুষ-সংবাদ প্রতিদিন
বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের সাতটি জেলায় বন্যায় আক্রান্ত প্রায় ২ লক্ষ ৭৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ‘অসম স্টেট ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ) জানিয়েছে, উত্তর লখিমপুর জেলার সুবনসিরি নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এএসডিএমএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে মূলত জোরহাট, লখিমপুর, গোলাঘাট, কাছার, ধেমাজি, বিশ্বনাথ ও করিমগঞ্জ জেলায় বন্যার কবলে পড়েছেন লক্ষাধিক মানুষ। প্রায় ৪৯৮টি গ্রাম পানিতে ডুবে রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র করিমগঞ্জ জেলায় বন্যার কবলে পড়েছেন ১ লক্ষ ৫৯ হাজার মানুষ।
গোয়েন্দারা দার্জিলিঙে পৌঁছলেও শুরু করা যায়নি তদন্তের কাজ-আনন্দবাজার
মোর্চার বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গত ১৭ জুন রণক্ষেত্র হয়ে ওঠে দার্জিলিঙের সিংমারি। গুলিতে মৃত্যু হয় মোর্চার তিন সমর্থকের। পাঁচ দিন আগে এই ঘটনায় সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছে রাজ্য। কিন্তু এই পাঁচ দিনের মধ্যে তারা কেস ডায়েরি তো হাতে পায়নিই, এমনকী এক জন সাধারণ সাক্ষীর সঙ্গেও কথা বলে উঠতে পারেনি। ফলে গোয়েন্দারা দার্জিলিঙে পৌঁছে খোঁজখবর শুরু করলেও আনুষ্ঠানিক ভাবে শুরুই করা যায়নি তদন্তের কাজ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১