ফরহাদ মজহার উদ্ধার: নিজ জিম্মায় মুক্তি
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৪ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় ফখরুলের শোক–ইত্তেফাক
- ঘুষের দায়ে ঢাকার কর কর্মকর্তার ৫ বছরের জেল-যুগান্তর
- বোমা হামলা মামলা : খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ১০ আগস্ট-কালের কন্ঠ
- ভ্রাম্যমাণ আদালত: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়লো-মানবজমিন
- বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুঁড়ব না : ওবায়দুল কাদের-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ মিলবে আবারও?-সংবাদ প্রতিদিন
- পাহাড় নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, চাপে গুরুংরা-আজকাল
- জিএসটিতে অনড় জেটলি-ব্যবসায়ীদের বিক্ষোভে লাঠি মোদীর রাজ্যেই- আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশের বিশিষ্ট কবি, কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহারকে নিয়ে নানামুখী খবর প্রকাশিত হয়েছে আজকের জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে। আজ দুপুর আড়াইটার পর ফরহাদ মজহারকে আদালতে উপস্থিত করা হয়। তিনি ১৬৪ ধারা মোতাবেক স্বাক্ষী হিসেবে জবানবন্দি দেন।মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিব ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেন। তাঁকে নিয়ে তার পরিবার এবং পুলিশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে।
বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুঁড়ব না : ওবায়দুল কাদের-নয়া দিগন্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর ৮ জুলাই দলের ওয়ার্কিং কমিটির সভায় এবং পরদিন ৯ জুলাই সংসদ অধিবেশনে এ বিষয়ে আলোচনা হবে। তারপর এ বিষয়ে মন্তব্য করতে হবে। আমরা বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুঁড়ব না। আজ নারায়ণগঞ্জের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ফরহাদ মজহার নিখোঁজের পর উদ্ধারে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তের আগে এ বিষয়ে হুট করে কোনো মন্তব্য করতে চাই না।
গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না-ইত্তেফাক
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহতের ঘটনায় তদন্ত কমিটি জানিয়েছে, নয় দিন আগেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। গাজীপুরে কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের ওই কারখানার বয়লার সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরিত হয়। এতে চারতলা ভবনের একপাশে এক থেকে দোতলা পর্যন্ত ধসে পড়ে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘুষের দায়ে ঢাকার কর কর্মকর্তার ৫ বছরের জেল-যুগান্তর
ঘুষের দায়ে ঢাকার অতিরিক্ত সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মুন্সী রফিউল আলম এই আদেশ দেন।
বোমা হামলা মামলা : খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ১০ আগস্ট-কালের কণ্ঠ
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন।
লন্ডন মিশনে খালেদা জিয়া-আসছে সহায়ক সরকারের রূপরেখা, থাকছে আন্দোলনের বার্তা-বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম
বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, লন্ডন সফরের পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে মাঠে নামবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলতি মাসের ৭ থেকে ১০ জুলাই তার লন্ডন যাওয়ার কথা। সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে প্রায় ১৫ দিন কাটাবেন। এ সময়টায় তিনি চোখ ও পায়ের চিকিৎসা করাবেন। এরপর দেশে ফিরেই দেবেন সহায়ক সরকারের রূপরেখা। কার্যত ওই সময় থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নামবেন ২০-দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দার্জিলিং নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, চাপে গুরুংরা- আজকালের শিরোনাম
দার্জিলিং পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। আজ মামলার শুনানি চলাকালে ভারপ্রাপ্ত বিচারপতি পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে উভয়পক্ষকে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। এদিকে পাহাড়েও ধীরে ধীরে সমর্থন হারাচ্ছে গুরুং বাহিনী। গোর্খাল্যান্ডের দাবিতে যে আর চিঁড়ে ভিজছে না, সেটা বিলক্ষণ টের পাচ্ছে মোর্চা।
বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেয়ার সুযোগ মিলবে আবারও?-সংবাদ প্রতিদিনের শিরোনাম
সাধারণ মানুষকে এখনও পুরনো নোট জমা দেয়ার অনুমতি দেওয়া উচিত। এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের কাছে এ বিষয়ে আরজিও জানাল দেশের সর্বোচ্চ আদালত। নোট বাতিলের ছ’মাসেরও বেশি সময় কেটে গেছে। গত বছর ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন। তারপর ব্যাঙ্কে সেই পুরনো নোট জমা দেয়া এবং লেনদেনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অনেকেই বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে পারেননি। ফলে বাড়ি বা ব্যাঙ্কের লকারে পড়ে থাকা পুরনো নোট নিয়ে চূড়ান্ত বিপাকে পড়তে হয় তাঁদের। আর তাঁদের কথা ভেবেই দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, সৎ ব্যক্তি, যাঁরা বিশেষ কোনও কারণে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারেননি, তাঁদের থেকে নোট বদলের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত হবে না। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে সরকারের মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জেএস খেহর বলেন, “যদি প্রশাসন নোট বদলের সুযোগ সৎ ব্যক্তিদের না দেয়, তাহলে কিন্তু এটি ভাববার বিষয়।”
জিএসটিতে অনড় জেটলি-ব্যবসায়ীদের বিক্ষোভে লাঠিচার্জ মোদীর রাজ্যেই- আনন্দবাজার
নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতেই জিএসটি-র বিরুদ্ধে আন্দোলনের সুর চড়ছে। কিন্তু কড়া অবস্থান নিয়ে কেন্দ্র আজ জানিয়ে দিয়েছে, এই আন্দোলনের সামনে মাথা নোয়াবে না সরকার। অর্থমন্ত্রী অরুণ জেটলির যুক্তি, ‘‘কেউ এ কথা বলতে পারে না যে কর না দেওয়াটাই আমার মৌলিক অধিকার।’’
গুজরাতের আমদাবাদ-সুরাতের বস্ত্র ব্যবসায়ীরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করেছেন। আজ রাস্তায় নেমে আন্দোলন করেছেন সুরাতের বস্ত্র ব্যবসায়ীরা। পুলিশবাহিনীকে নিশানা করে পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চালাতে হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪