জুলাই ০৬, ২০১৭ ১২:০৭ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৬ জুলাই বৃষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • উখিয়ায় পাহাড় ধসে নিহত ২, নিখোঁজ ১-ইত্তেফাক
  • হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন-গুম ও গোপন আটক বন্ধ করুন-প্রথম আলো
  • গোটা দেশ আজ গুম আতঙ্কে: রিজভী-যুগান্তর
  • ব্যর্থ হলে দেশে চারশো নারী বিচারক তৈরি হতো না'-কালের কন্ঠ
  • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: সাত ব্যাংকের বিবরণী দাখিলের নির্দেশ-মানবজমিন
  • দেশে '৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি নাড়া দিচ্ছে : রিজভী-নয়া দিগন্ত 

ভারতের শিরোনাম:

  • রাজ্যপাল মোদি বাহিনীরই সৈনিক, রাহুলের মন্তব্যে বিতর্কে ঘি-সংবাদ প্রতিদিন
  • অপপ্রচার দেখলেই ১০০ ডায়াল করুন-মমতা-আজকাল
  • একে৪৭-সহ সেনা উধাও কাশ্মীরে, জঙ্গি দলে যোগ বলে সন্দেহ- আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন-গুম ও গোপন আটক বন্ধ করুন-প্রথম আলো

বাংলাদেশে গুম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ২০১৩ সাল থেকে বিরোধী দলের কর্মীসহ কয়েক শ ব্যক্তিকে অবৈধভাবে আটক করেছে। তাদের গোপন স্থানে লুকিয়ে রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। তবে যুগান্তরের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে গুমের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।দৈনিকটির অন্য একটি খবরে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য ছেপেছে। তিনি আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বলেছেন, গোটা দেশ আজ গুম আতঙ্কে ভুগছে।

বিদেশে বাংলাদেশি কর্মীদের দুর্দিন-মানবজমিন 

বিদেশে বাংলাদেশি শ্রমিকদের দুর্দিন

দেশে দেশে নানা সমস্যা পোহাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। চাকরিচ্যুতি, গ্রেপ্তার আতঙ্ক, কাঙ্ক্ষিত কাজ না পাওয়ায় স্বপ্নের প্রবাস অনেকের কাছে হয়ে উঠছে দুর্বিষহ। সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ভালো সময় যাচ্ছে না তাদের। বৈশ্বিক রাজনীতির নানা টানাপড়েন ও স্থানীয় বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় এসব সমস্যার মুখোমুখি হচ্ছে। এ ছাড়া কাজের চাহিদা না থাকলেও কিছু কিছু রিক্রুটিং এজেন্সি নানা ফন্দি ফিকির করে সেসব দেশে কর্মী পাঠিয়ে ভোগান্তিতে ফেলছে। অন্যদিকে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পথে অনেক দেশের সীমানা পার হতে পারছে না তারা। ফলে বিদেশের মাটিতে আটকা পড়ছে এসব বাংলাদেশি। এর মধ্যে সাম্প্রতিক সময়ে তুরস্কেই আটকা পড়েছে প্রায় ২ হাজার বাংলাদেশি। সেখানে মানবেতর জীবনযাপন করছে তারা।

জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: হাছান মাহমুদ-নয়া দিগন্ত

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হলো বিএনপি। তিনি বলেন, বিএনপি দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। কারণ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীও রয়েছে।’ ড. হাছান আরো বলেন, ‘সরকারের জঙ্গি বিরোধী অভিযানে যারা ধরা পড়েছে তারা সবাই হয়তো জামায়াতের রাজনীতির সাথে জড়িত কিংবা ইসলামী ছাত্র শিবিরের সাবেক বা বর্তমান নেতা।’

তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন, ধরা পড়েননি আসামি-যুগান্তর/প্রথম আলো

বনানীতে আবারো তরুণী ধর্ষণ

রাজধানীর বনানীতে ধর্ষণের অভিযোগে করা মামলার বাদী সেই তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি বাহাউদ্দিন ইভান এখনো গ্রেপ্তার হননি। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তরুণীর শারীরিক পরীক্ষা হয়। ‘জন্মদিনের দাওয়াতে’ ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাফাতসহ সব আসামি বর্তমানে কারাগারে আছেন। এ মামলায় ওই পাঁচজনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দেয়া হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: সাত ব্যাংকের বিবরণী দাখিলের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

মানবজমিনে প্রকাশিত খবরটিতে লেখা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে সাতটি ব্যাংকে খোলা অ্যাকাউন্টের হিসাব বিবরণী ও লেজার বই আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আজ বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ নির্দেশ দেন। জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় ব্যাংক হিসাব যাচাই করার আবেদন করেন খালেদা জিয়া। তার আবেদনের প্রেক্ষিতেই হিসাব জমা দেয়ার এ আদেশ দেয়া হয়

উখিয়ায় পাহাড় ধসে নিহত ২, নিখোঁজ ১- ইত্তেফাকের শিরোনাম

কক্সবাজারের উখিয়াতে পাহাড় ধসে নিহত ২ জন

কক্সবাজারের উখিয়া উপজেলায় আবারো পাহাড় ধসে শিশুসহ দুই জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো একজন। উখিয়া উপজেলায় পাহাড়ে অবস্থিত পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানা গেছে।  টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধস ও প্রাণহানির আশঙ্কায় গেল কয়েকদিন ধরে মাইকিং করে সর্তক করা হচ্ছে ঐ এলাকায়।

বয়লার বিস্ফোরণে সাড়ে পাঁচ বছরে নিহত ৬৯-প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন

বাংলাদেশে বয়লার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় সাজা পায়নি কেউ

দেশে কারখানায় বয়লার বিস্ফোরণে গত সাড়ে পাঁচ বছরে ৬৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৩৭ জন। ২০১২ সাল থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত দুর্ঘটনায় হতাহত হওয়ার এ সংখ্যা দাঁড়িয়েছে। শ্রম অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গতকাল বুধবার গবেষণাটি প্রকাশ করা হয়। সরকারের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের একাধিক প্রকৌশলী বলেছেন, অনুমোদনের চেয়ে বেশি চাপে বয়লার চালানোর জন্যই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। আর এ জন্য কারখানার অসতর্কতা এবং অদক্ষতাই দায়ী। বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, বয়লার বিস্ফোরণে এতগুলো প্রাণ হারিয়ে গেলেও একটিতেও দায়ী ব্যক্তিরা সাজা পাননি।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

অপপ্রচার দেখলেই ১০০ ডায়াল করুন--আজকাল

বাদুডিয়ার ঘটনা নিয়ে অপপ্রচার না করার আহবান পুলিশের

রাজ্যের শান্তি, ‌সম্প্রীতি এবং একতা রক্ষায় প্রশাসনের সঙ্গে সহায়তা করার কথা বললেন রাজ্য পুলিসের মহানির্দেশক সুরজিৎ করপুরকায়স্থ। তিনি বলেছেন, আমাদের রাজ্যে একতা রক্ষা করতে প্রশাসনকে সহায়তা করুন। আপনাদের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য আমরা দায়বদ্ধ। কলকাতা পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও ধরনের গুজব, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট বা মিথ্যা প্রচার করবেন না। কোনও ধরনের বিভাজনের চেষ্টা করা বা আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। 

রাজ্যপাল মোদি বাহিনীরই সৈনিক, রাহুলের মন্তব্যে বিতর্কে ঘি-সংবাদ প্রতিদিন

বাদুড়িয়া কাণ্ডে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত চরমে। ঘাসফুল এবং গেরুয়া-দুই শিবির থেকেই চলছে একে অপরকে কটাক্ষ, তোপ দাগা, কাদা ছোড়াছুড়ি। এবার সেই আগুনে ঘৃতাহুতি করলেন বিজেপির জাতীয় সচিব তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। রাজ্যপালকে মোদি বাহিনীর সৈনিক আখ্যা দিয়ে উত্তেজনার পারদ চড়ালেন রাহুল। বাদুড়িয়ায় শান্তি ফেরাতে গতকালই বুথে বুথে শান্তিবাহিনীর দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

একে৪৭-সহ সেনা উধাও কাশ্মীরে, জঙ্গি দলে যোগ বলে সন্দেহ-আনন্দবাজার

জম্মু-কাশ্মীরের সেনা ছাউনি থেকে উধাও এক ভারতীয় জওয়ান। সেই সঙ্গেই উধাও হয়েছে তাঁর সার্ভিস ‘একে-৪৭’ রাইফেলটি। সঙ্গে তিনটি ম্যাগাজিনও বেপাত্তা। পুলিশের একটি সূত্রের সন্দেহ, ওই জওয়ান জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন। বুধবার রাত থেকে খোঁজ মিলছিল না জহুর আহমেদ ঠোকর নামে ওই জওয়ানের। তাঁর সহকর্মীদের একাংশ জানিয়েছেন, আগের রাত থেকেই তাঁর সঙ্গে কারও দেখা হয়নি। নিখোঁজ ওই জওয়ান।#

পার্সটুডে/গাজী ্‌আবদুর রশীদ/৬