জুলাই ০৭, ২০১৭ ১২:৩৫ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৭ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে-ওবায়দুল কাদের'-ইত্তেফাক
  • শার্ট-প্যান্ট পরতে চান না নার্সরা, রং নিয়েও আপত্তি-প্রথম আলো
  • অভিনেত্রী তরুণীকে ধর্ষণ: ইভান ৪ দিনের রিমান্ডে-যুগান্তর
  • জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুদিন ফিরে আসবে : এরশাদ-কালের কন্ঠ
  • রামপাল নিয়ে ইউনেসকোর শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে: প্রতিমন্ত্রী-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বুরহানকে মরতে দিতাম না’, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার-সংবাদ প্রতিদিন
  • ‌জেটলিকে নোটিস দিল্লি হাইকোর্টের- আজকাল-আজকাল
  • লালু-রাবড়ির বাড়িতে সিবিআই তল্লাশি, টেন্ডার দুর্নীতির মামলা দায়ের- আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে-ওবায়দুল কাদের'-ইত্তেফাক-আর প্রথম আলো শিরোনাম করেছে- সবার অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন হবে। খবরটিতে লেখা হয়েছে, আজ ময়মনসিংহে এক অনুষ্ঠানে  সড়ক পরিবহন ও সতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণপূর্ণ হবে বলে। ফরহাদ মজহারের অপহরণের বিষয়ে তিনি নিজেই বলেছেন, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই তাকে অপহরণ করা হয়েছে। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে।

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুদিন ফিরে আসবে : এরশাদ-কালের কণ্ঠ

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহা্ম্মাদ এরশাদ

সিলেটে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশে আল্লাহর গজব পড়েছে। সিলেট জেলার ওসমানীনগরে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে শুক্রবার দুপুরে তিনি এই মন্তব্য করেন।

এরশাদ বলেন, “দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে। ”শেরপুর বাজারেও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এরশাদ।

রামপাল নিয়ে ইউনেসকোর শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে: প্রতিমন্ত্রী-মানবজমিন

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষার জন্য ইউনেসকোর পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো বাংলাদেশ মেনে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে শর্তগুলো মানা হবে বলে তাদের আশ্বস্ত করেছি। আজ শুক্রবার রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অভিনেত্রী তরুণীকে ধর্ষণ: ইভান ৪ দিনের রিমান্ডে-যুগান্তর

বাহাউদ্দিন ইভান

বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাহাউদ্দিন ইভানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ইভানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম ইভানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে ইভানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বাহাউদ্দিন ইভান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

শার্ট-প্যান্ট পরতে চান না নার্সরা, রং নিয়েও আপত্তি-প্রথম আলো

নার্সদের কথা মনে হলেই আপদমস্তক শ্বেতশুভ্র পোশাক পরা কারও ছবি ভেসে ওঠে। কিন্তু নার্সদের সাদা পোশাক আর থাকছে না। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) নার্সদের জন্য নতুন ইউনিফর্ম নির্বাচন করেছে। তবে নতুন পোশাকের রং, নকশা ও ধরন নিয়ে নার্সরা সন্তুষ্ট নন। দুবার আদেশ জারির পরেও অধিকাংশ প্রতিষ্ঠানেই নতুন ইউনিফর্ম কেউ পরা শুরু করেননি।  ২০১৫ সালের অক্টোবরে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের পোশাকের রং ও ধরনের কয়েকটি বিকল্প দেখাতে স্বাস্থ্যসচিবকে দায়িত্ব দিয়েছিলেন।

শাহজালাল ও শাহ আমানতে যেন সোনা ফলে-দুই বিমানবন্দরে ছয় মাসে ছয়শ’ কেজি সোনা জব্দ-ইত্তেফাক

ব্যাপক কড়াকড়ি। ধরপাকড়। থানা পুলিশ। মামলা। তারপরও থেমে নেই স্বর্ণ পাচার। মালিক পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিলে সোনার বার। এ চিত্র রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ঘন ঘন সোনা জব্দের ঘটনায় অনেকেই বলে থাকেন এই দুই বিমানবন্দরে যেন সোনা ফলে!  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন,  গত চার বছরে এই দুই বিমানবন্দরে জব্দ করা হয়েছে ৪০ মণ স্বর্ণ। আর গত ছয় মাসে শাহজালাল ও শাহ আমানত বিমানবন্দরে জব্দ করা হয়েছে ৬০৯ কেজি স্বর্ণ। যার মূল্য প্রায় ২৯৬ কোটি টাকা। একই সময়ে এই দুই বিমানবন্দরে জব্দ করা হয়েছে ছয় কোটি টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট।

রাজশাহীতে জঙ্গিবিরোধী অভিযানে ৪ জেএমবি সদস্য গ্রেফতারের খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে। রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত চার সদস্য গ্রেফতার হয়েছে।  এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও জিহাদি বই জব্দ করেছে পুলিশ।

শ্রোতা/পাঠত ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

‌ডিডিসিএ’র মামলায় জেটলিকে নোটিস দিল্লি হাইকোর্টের- আজকাল

ভারতের ডিডিসিএ’র (দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট বোর্ড বা ডিডিসিএ) মামলায় সংস্থার তৎকালীন প্রধান এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলির বিরুদ্ধে নোটিস জারি করেছে দিল্লি হাইকোর্ট।  আজ দিল্লি হাইকোর্ট এ নোটিস জারি করে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই নির্ধারণ করেছে আদালত।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাইকোর্টে অরুণ জেটলির বিরুদ্ধে মামলাটি করেন । ১৯৯৩–২০১৩ সাল পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট বোর্ড বা ডিডিসিএ–র এক্সিকিউটিভ কমিটির প্রতিটি বৈঠকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং প্রতি মুহূর্তের ঘটনা সম্পর্কে জানতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল। ওই মামলার পাল্টা হিসেবে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল, আশুতোষ, কুমার বিশ্বাসসহ ৫ আপ নেতার বিরুদ্ধে  ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন জেটলি। দিল্লির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মধ্যে আগে থাকতেই মানহানি মামলার লড়াই চলছে। 

 বুরহানকে মরতে দিতাম না’, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার-সংবাদ প্রতিদিন

আবারও সামনে এল এক নেতার গেরিলাযোগ। ‘কখনওই বুরহান ওয়ানিকে মরতে দিতাম না’। শুক্রবার নিহত হিজবুল গেরিলার সমর্থন করে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন কাশ্মীরের কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজ। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে বেঁচে থাকলে ওয়ানির সঙ্গে আলোচনায় বসতেন তিনি।

“আমার ক্ষমতা থাকলে বুরহানকে মরতে দিতাম না। তার সঙ্গে আলোচনা চালাতে চেয়েছিলাম আমি। পাকিস্তান, ভারত ও কাশ্মীরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত সে। কাশ্মীরের জনগণের বেদনা আমাদের বুঝতে হবে।” এমনটাই বক্তব্য সইফুদ্দিন সোজের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭