জুলাই ০৮, ২০১৭ ১১:২৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৮ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • হোলি আর্টিজান হামলায় গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজ গ্রেফতার-ইত্তেফাক
  • বাংলাদেশে পানি ফুটাতেই পোড়ে দিনে ৫৮ কোটি টাকার গ্যাস!-প্রথম আলো
  • ফরহাদ মজহারের কাছেই সব প্রশ্নের জবাব-যুগান্তর
  • হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীসহ আটক ৪-কালের কন্ঠ
  • গুম, গোপন আটক নিয়ে সরকারের বক্তব্যে হিউম্যান রাইটস ওয়াচের জবাব-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • অসমে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে মৃতের সংখ্যা-সংবাদ প্রতিদিন
  • পাক সেনার গুলিতে মৃত্যু সস্ত্রীক জওয়ানের-আজকাল
  • এ বার লালুর মেয়ের তিন বাড়িতে ইডি হানা- আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ফরহাদ মজহারের ঘটনাটি অপহরণ নয়'-আইজিপি-বাংলাদেশ প্রতিদিন

আইজিপি একেএম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, 'এ পর্যন্ত পাওয়া তথ্যে মনে হয়- ফরহাদ মজহারের ঘটনাটি অপহরণ নয়। ' আজ রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, তবে এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিতে আরো কিছু সময় লাগবে। আরো সাক্ষী প্রমাণ পেলে আগামী দুই-তিন দিন পর চূড়ান্তভাবে বলা যাবে। এখন পর্যন্ত আমাদের ধারণা, তিনি অপহরণ হননি।

এ সম্পর্কে যুগান্তরের একটি প্রতিবেদনের শিরোনাম-ফরহাদ মজহারের কাছেই সব প্রশ্নের জবাব

বাংলাদেশের বিশিষ্ট কবি ও কলামিস্ট ফরহাদ মজহার

প্রতিবেদনে লেখা হয়েছে, চার দিন চলে গেলেও কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণের রহস্য উদ্ঘাটন হয়নি। তিনি (ফরহাদ মজহার) এখন পর্যন্ত এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি প্রথমদিকে মুখ খুললেও অজ্ঞাত কারণে তার পরিবারের সদস্যরা এখন নিশ্চুপ। অপহরণ নিয়ে তারা কোনো কথা বলছেন না। এমন পরিস্থিতিতে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। দিন দিন আরও ঘনীভূত হচ্ছে রহস্যের জট। ফরহাদ মজহার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল যুগান্তরকে বলেন, এর আগে অনেকেই অপহরণের পর গুম হয়েছেন। যারা সৌভাগ্যক্রমে ফিরে এসেছেন তারা কোনো কথা বলেননি। ফরহাদ মজহারের অপহরণ নিয়ে লুকোচুরি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে এখন পর্যন্ত এ ঘটনার রহস্য ভেদ করা যায়নি।

গুম, গোপন আটক নিয়ে সরকারের বক্তব্যে হিউম্যান রাইটস ওয়াচের জবাব-মানবজমিনের শিরোনাম

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি

গুম ও গোপন আটকের ঘটনার তদন্তের পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ এসব ঘটনার রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে গুম, গোপন আটক ও বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে  আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ৫ই জুলাই রিপোর্ট প্রকাশ করে। এরপর বাংলাদেশ সরকার যে জবাব দিয়েছে তার পাল্টা জবাবে এসব কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। ‘নো, বাংলাদেশ, দ্য ট্রুথ ইজ নট এ ‘স্মেয়ার ক্যাম্পেইন’ শীর্ষক রিপোর্টে এসব কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি। 

হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীসহ আটক ৪-কালের কণ্ঠ

নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার সো‌হেল মাহফুজ

চাঁপাইনবাবগ‌ঞ্জের শিবগঞ্জ উপ‌জেলার পুষ্কু‌নি এলাকা থেকে আর্টিজান হামলার পরিকল্পনাকারী ও নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার সো‌হেল মাহফুজসহ চারজনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। শুক্রবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন -জানান, মধ্যরাত ২টার দিকে ওই এলাকার এক‌টি আম বাগা‌নে গোপ‌নে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

অর্থপাচারের জন্য আমরাও দায়ী: অর্থমন্ত্রী-যুগান্তর

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো)

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে টাকা পাচাররোধে দেশের জমির বর্তমান সরকারি দাম বাজার দর অনুযায়ী পরিবর্তনের চিন্তা ভাবনা করছে সরকার। আজ সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থপাচার রোধে সরকারের পদক্ষেপ কী এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার সারা দুনিয়াতেই হয়। তবে পাচারের হার আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী। আমাদের এখানে জমির সরকারি মূল্য কমিয়ে রেখেছি। অর্থমন্ত্রী বলেন, পাচার বন্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। খুব শিগগিরই জমির সরকারি দাম বাড়িয়ে বাজার দর করা হবে। উল্লেখ্য, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশি নাগরিকদের জমা টাকার পরিমাণ বেড়েই চলেছে। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ। #

পানি ফুটাতেই পোড়ে দিনে ৫৮ কোটি টাকার গ্যাস!-প্রথম আলো

রাজধানী ঢাকায় পানি ফুটাতে দিনে গ্যাস পোড়ে ৫৮ কোটি টাকা

ঢাকা ওয়াসার পানিতে জীবাণু থাকে, তাই সরাসরি পান করা যায় না—রাজধানীবাসীর এ অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে নগরবাসী পানি ফুটিয়ে পান করে। আর পানি ফুটানোর কারণে প্রতিদিন গ্যাস পোড়ে ৫৮ কোটি টাকার মতো।

তবে পানিতে কিছু সমস্যার কথা স্বীকার করলেও পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলে দাবি ওয়াসার। এ নিয়ে সংবাদ সংস্থা ইউএনবির প্রতিবেদন পাঠকের জন্য তুলে ধরা হলো।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাক সেনার গুলিতে মৃত্যু সস্ত্রীক জওয়ানের-আজকালের শিরোনাম

কাশ্বিরে গুলিতে সেনা জওয়ান ও তার স্ত্রী নিহত

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বুরহান ওয়ানির মৃত্যু বার্ষিকীতে কাশ্মিরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার ভোর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গুলি বর্ষণ করছে পাক সেনা। গুলিতে এক জওয়ান ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। পুঞ্চের চাক্কা দা বেগ ও কারির কর্মারা গ্রাম লক্ষ্য করে গুলি বর্ষণ চালাচ্ছে পাক সেনা। তার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। গোয়েন্দাদের দাবি এ ধরনের গুলি বর্ষণকে কভার ফায়ারিং বলে। অর্থাৎ গুলি বর্ষণ করে সেনাবাহিনীকে ব্যস্ত রেখে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, ভোর সাড়ে ছটা থেকে গুলি বর্ষণ করছে পাকিস্তান। সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে।

মোদির হুঁশিয়ারিই সার, ফের গো-রক্ষার নামে গণপিটুনি নিরীহদের-সংবাদ প্রতিদিন

গো-রক্ষকদের তাণ্ডব চলছে

হুঁশিয়ারিই সার। হুঁশ ফিরছে না স্বঘোষিত গো-রক্ষকদের। গো-ভক্তির নামে মানুষ খুন চলবে না, কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সুরেই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। গো-রক্ষার নামে আইন হাতে তুলে নিলেন রেয়াত নয়, সতর্ক করেছিলেন যোগী। কিন্তু তাতে থোড়াই কেয়ার। ফের স্বঘোষিত গো-রক্ষকদের তাণ্ডবের শিকার হলেন ছ’জন যুবক। রাজধানী দিল্লির বাবা হরিদাস নগরে মোষশাবক পাচার করার অভিযোগে তাদের বেধড়ক মারধর করল স্বঘোষিত গো-রক্ষকরা। মোষশাবক বোঝাই ৬টি গাড়িকে ভাঙচুর করা হয়। তিন গাড়িচালক গুরুতর জখম হন।

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে মৃতের সংখ্যা-সংবাদ প্রতিদিন

অসমে বন্যা পরিস্থিতির অবনতি

আরও ভয়াবহ রূপ ধারণ করল অসমের বন্যা পরিস্থিতি। থামছে না প্রায় মাসখানেক ধরে চলা প্রবল বর্ষণ। অসমের ৩৫ টি জেলার মধ্যে  ১৭টি জেলার প্রায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। বন্যায় এপর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন।  প্রশাসন জানিয়েছে-লখিমপুর, নলবারি, করিমগঞ্জ ও দক্ষিণ শালমারা জেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮