জুলাই ১০, ২০১৭ ১২:৪১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১০ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • দেশের জনগণ খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যাবে না-ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির ডাস্টবিন হচ্ছে বাংলাদেশ: আনু মুহাম্মদ-প্রথম আলো
  • ডেসটিনির এমডি-চেয়ারম্যান জামিনে গেলে খুঁজে পাওয়া যাবে না'-যুগান্তর
  • দেড় হাজার আনসার সদস্যকে পুনর্বহালের নির্দেশ-কালের কন্ঠ
  • তিস্তার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে-মানবজমিন
  • সরকারের মাঝে হতাশা আতঙ্ক তৈরি হয়েছে : রিজভী-নয়া দিগন্ত
  • সংবিধান ধ্বংস করেছে আ.লীগ : ফখরুল-এনটিভি বিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • বসিরহাটে ভোজপুরি ছবির দৃশ্য কেন ভাইরাল, মোদিকে তোপ কংগ্রেসের-সংবাদ প্রতিদিন
  • স্বাভাবিক হচ্ছে পশ্চিমবঙ্গের  বসিরহাট-আজকাল
  • প্রধানমন্ত্রী নরেন্দ মোদি , এ বার আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন- আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দেশের জনগণ খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যাবে না'-ওবায়দুল কাদের-ইত্তেফাকের শিরোনাম

দেশের জনগণ আর খালেদা জিয়ার দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৮ বছরের মধ্যে ৮ মিনিটও রাস্তায় নামতে পেরেছে? তাদের সেই সক্ষমতা নেই। সোমবার সকালে খুলনা সার্কিট হাউজে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ইউনেস্কোর যে আপত্তি ছিল সেটা তারা প্রত্যাহার করেছে। কিছু কিছু শর্ত তারা দিয়েছে, দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা গ্রহণ করব। 

সংবিধান ধ্বংস করেছে আ.লীগ : ফখরুল-এনটিভিবিডি অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ দেশের সংবিধান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, ‘বড় বড় কথা বলে প্রত্যেক দিন। গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক হয়ে বসে আছে। কালকে পার্লামেন্টে বহু লেকচার করেছেন। তুলাধোনা করে দিয়েছে বিচার বিভাগকে। সংবিধানের কথা নিয়ে আসে। এই সংবিধান ধ্বংস করেছে কে? আপনারা। সংবিধান ধ্বংস করেছে আ.লীগ। আর নয়া দিগন্তের খবর- বিএনপির অপর নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতায় সংসদের হাত থেকে চলে যাওয়ায় সরকারের মাঝে হতাশা জন্ম হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির ডাস্টবিন হচ্ছে বাংলাদেশ: আনু মুহাম্মদ-প্রথম আলো

তেল, গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ

বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির ডাস্টবিনে পরিণত হচ্ছে বাংলাদেশ। ভারত ও চীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিচ্ছে, কয়লাখনিগুলো বাতিল করছে। কারণ, এগুলো মারাত্মক পরিবেশদূষণকারী এবং ব্যয়বহুল হয়ে উঠছে। আর বাংলাদেশ তাদের ফেলে দেয়া এসব প্রযুক্তি নিচ্ছে। সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করে সুন্দরবনকে ধ্বংসের মুখে ফেলে দেয়া হচ্ছে।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত এক সেমিনারে তেল, গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে বাপা সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকারের জ্বালানী নীতি গণমুখী নয়। তাদের লক্ষ্য প্রো-ব্যবসাবান্ধব। তিনি সরকারকে জনবান্ধব নীতি গ্রহণ করে জনগণের শান্তির ব্যবস্থার পরামর্শ দেন।

দেড় হাজার আনসার সদস্যকে পুনর্বহালের নির্দেশ-কালের কণ্ঠ

১৯৯৪ সালের আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত দেড় হাজারের মতো আনসার সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, তারা যতদিন চাকরিতে ছিলেন ততদিনের পেনশন সুবিধা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে চাকরিচ্যুতদের করা পৃথক কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

ডেসটিনির এমডি-চেয়ারম্যান জামিনে গেলে খুঁজে পাওয়া যাবে না-যুগান্তরের শিরোনাম

বিস্তারিত খবরে বলা হয়েছে, ডেসটিনির এমডি ও চেয়ারম্যান একবার জামিনে গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না বলে এ সংক্রান্ত শুনানিতে মন্তব্য করেছেন আপিল বিভাগ। সোমবার এ সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার জামিন আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ কথা বলেন। ডেসটিনির আইনজীবীর উদ্দেশে আপিল বিভাগ বলেন, ‘ডেসটিনির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকা জমা দেবে না। এমনকি জামিনে একবার গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না।’

হাইকোর্টের আদেশ-ইলিয়াস আলীর স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়া যাবে না-এনটিভিবিডি অনলাইন

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, ইমিগ্রেশন পরিচালকসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিদেশ যেতে চাওয়ার অনুমতি চেয়ে আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৩ দিন পর মেয়রের চেয়ারে মান্নান-প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এম এ মান্নান সাময়িক বরখাস্ত হওয়ার তিন দিন পর ফের আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছেন। আজ সোমবার দুপুরে এম এ মান্নান কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে নিজ দপ্তরের চেয়ারে বসেন।

পরে মেয়র তাঁর নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে ফের মেয়রের দায়িত্ব পালন করতে এসেছি। যেহেতু সিটি নির্বাচনের এক বছরেরও কম সময় রয়েছে, সেহেতু রাস্তাঘাট, পানিনিষ্কাশনসহ অতি জরুরি কাজগুলো দ্রুত সম্পাদন করা হবে।’

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

স্বাভাবিক হচ্ছে পশ্চিমবঙ্গের  বসিরহাট-আজকাল

বসিরহাটের মানুষের জীবনযাত্রা স্বাভাবিকের দিকে

সোমবার অনেকটাই স্বাভাবিক ছন্দে দেখা গেল বসিরহাটকে। দোকানবাজার খুলেছে, যানবাহন চলাচল করছে। স্কুল–কলেজও বেশিরভাগই খোলা হয়েছে। মাইকে শান্তি বজায় রাখার প্রচার চালানো হচ্ছে। মোড়ে মোড়ে পুলিসি টহল এখনও রয়েছে। ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। তাই ব্যাঙ্ক, এটিএম, পোস্ট অফিস এদিনও খোলেনি। মহকুমাশাসক নীতেশ ঢালি ব্যাঙ্কগুলিকে অনুরোধ করেছেন, যাতে তারা নিজেদের নেটওয়ার্ক পরিষেবা দিয়ে এটিএমগুলি চালু করার ব্যবস্থা করে। কারণ, নগদের অভাবে সাধারণ মানুষ রীতিমতো বিপাকে। এদিকে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বসিরহাটে ভোজপুরি ছবির দৃশ্য নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের।

প্রধানমন্ত্রী নরেন্দ মোদি , এ বার আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন- আনন্দবাজারের সম্পাদকীয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এতে বলা হয়েছে মোদির বার্তাই সার? ধমকেই শেষ? নাকি প্রতিকারের ইচ্ছা সত্যিই রয়েছে?

প্রশ্নগুলো খোদ প্রধানমন্ত্রীর উদ্দেশে। গো-ভক্তির নামে মানুষ খুনের বিরুদ্ধে দ্ব্যর্থহীন উচ্চারণেই মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। আশান্বিত হয়েছিল গোটা দেশ। স্বঘোষিত গো-রক্ষকদের তাণ্ডবে দেশ‌ের নানা প্রান্ত থেকে যে ভাবে একের পর এক মর্মান্তিক ঘটনার খবর আসছিল, তাতে এ বার ছেদ পড়বে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ছেদ পড়ল কোথায়? প্রধানমন্ত্রী হুঁশিয়ারির  পরেও যদি না থামে এই বর্বরতা, তা হলে তো দেশের শাসন কাঠামোটাই নৈতিক ভাবে দুর্বল হয়ে পড়ে। আক্রান্ত যাঁরা হচ্ছেন, তাঁরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই। প্রধানমন্ত্রী স্বয়ং নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রধানমন্ত্রীর কথার খেলাপ হওয়ায় সমগ্র ভারতীয় গণতন্ত্র নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০