জনসংখ্যা নিয়ন্ত্রণেও বিপদের আভাস
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১১ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে কটূক্তি সংবিধানেরই অবমাননা’-ইত্তেফাক
- ৬ সিটির ভোট দেখে সংসদ নির্বাচনের চূড়ান্ত ছক-প্রথম আলো
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল-যুগান্তর
- জনসংখ্যা নিয়ন্ত্রণেও বিপদের আভাস-কালের কন্ঠ
- উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা-মানবজমিন
- লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পাহাড়ে টানা বনধে কেন্দ্র-রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট-সংবাদ প্রতিদিন
- কেন্দ্রের পশু নির্দেশিকায় সুপ্রিম স্থগিতাদেশ -আজকাল
- বাকি ৫০ জন পূণ্যার্থী বেঁচে ফিরলেন শুধু সেলিমের জন্যই- আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে কটূক্তি সংবিধানেরই অবমাননা-ইত্তেফাক
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, সংবিধানের অভিভাবক হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে সংসদ সদস্যরা যে কটূক্তি করেছেন এতে সংবিধানেরই অবমাননা করেছেন।
এদিকে প্রথম আলোর একটি খবরের শিরোনাম- সাংসদরা নিজেদের করা আইনই ভেঙেছেন’
খবরটিতে লেখা হয়েছে, বিচার বিভাগ নিয়ে জাতীয় সংসদে আলোচনা করার এখতিয়ার সংসদ সদস্যদের নেই। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বিচারপতিদের কটাক্ষ করে যে আলোচনা হয়েছে, তাতে সংসদ সদস্যরা নিজেদের করা আইনই ভঙ্গ করেছেন। আজ জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ বিশিষ্ট ব্যক্তি ও সংবিধান বিশ্লেষকেরা।
আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে বিতর্ক-রায়ের পক্ষেই বললেন তিন সংবিধান বিশেষজ্ঞ- ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম এবং সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক।
জনসংখ্যা নিয়ন্ত্রণেও বিপদের আভাস-কালের কণ্ঠের
আশির দশকেও দেশে পরিবারপিছু পাঁচ-ছয়টি করে সন্তান খুব চেনা দৃশ্য ছিল। সীমিত সম্পদের দেশে বিস্ফোরিত জনসংখ্যার চাপ ছিল অন্যতম দুশ্চিন্তার কারণ। সে সময় জনপ্রিয় স্লোগান ছিল ‘ছেলে হোক, মেয়ে হোক, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে। যৌথ পরিবার ভেঙে যাওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় জন্মহার কমেছে। তবে জনসংখ্যাবিদসহ সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। তাঁরা বলছেন, গড় প্রজনন হার ২-এর নিচে নেমে গেলে অদূর ভবিষ্যতে অস্বাভাবিক হারে জনসংখ্যা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সে ক্ষেত্রে ৩০ বছরের মধ্যেই দেশে মাথাভারী জনসংখ্যা বা বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা অত্যধিক বেড়ে যেতে পারে। তখন নবীন-প্রবীণে ভারসাম্য থাকবে না। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাবে।
মাদকের ১৩ স্পট রাজধানীতে-বাংলাদেশ প্রতিদিন
রাজধানীর খিলগাঁও থানা ঘেঁষেই রাজিবের মাদক স্পট। বারবার গ্রেফতার করেও থামানো যাচ্ছে না তার মাদক বাজারটি। সেখানে রাত দিন চলছে ইয়াবা, ফেনসিডিল আর গাঁজা বেচাকেনা। থানা ভবনে দাঁড়িয়েই রাজিবের স্পটে মাদক কেনাবেচা ও নেশার দৃশ্যাবলি দেখতে পান পুলিশ কর্মকর্তারা। কিন্তু এসি, ওসির নির্দেশ না থাকায় সেখানে অভিযান চালাতে সাহস করেন না থানা পুলিশের অন্য কর্মকর্তারা।খিলগাঁও থানার ওসি কাজী মইনুল হোসেন জানিয়েছেন, থানার পেছন পাশে মাদক আখড়া গড়ে তোলার মূল হোতা রাজিবের বিরুদ্ধে ১৩টি মামলা রুজু আছে। তাকে পাঁচ-সাতবার গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছে। তার সহযোগী শুক্কুর, সোহেলসহ ১০-১২ জনের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া আছে। পুলিশি অভিযানও চালানো হয়েছে অনেকবার। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
তিস্তার সব গেট খুলে দিয়েছে ভারত: পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপরে -যুগান্তর
প্রবল বর্ষণে ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গজলডোবা বাঁধের সব কটি গেট খুলে দিয়েছে দেশটি। এতে ভারত থেকে ধেয়ে আসছে বানের পানি। হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সোমবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এক নারীকে এনে জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করল পুলিশ-প্রথম আলো
কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার অপহৃত হওয়ার ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এক নারীকে ঢাকায় এনে জবানবন্দি নেয়ার ব্যবস্থা করল পুলিশ। জবানবন্দিতে ওই নারী বলেছেন, তাঁর জন্য ‘টাকা সংগ্রহ’ করতে ওই দিন ফরহাদ মজহার বাসা থেকে বেরিয়েছিলেন। গতকাল দুপুরে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের কাছে ওই নারী জবানবন্দি দেন। এদিকে, ওই নারীর জবানবন্দির ব্যাপারে জানতে চাইলে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, ‘সংবাদকর্মীদের কাছে থেকে এটা শুনে আমি হতভম্ব। এটা অবিশ্বাস্য। আগে যা শুনেছি আর এখন যা শুনছি, তার মধ্যে কিছুই মিলছে না। অপহরণের ঘটনাটিকে ধামাচাপা দেয়ার জন্য এটা করা হতে পারে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাহাড়ে টানা বনধে কেন্দ্র-রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট-সংবাদ প্রতিদিন
বনধের কানাগলিতে পাহাড়। হিংসার আগুন জ্বলছে তিন মহকুমায়। কবে বনধ উঠবে কেউ জানে না। সাধারণ মানুষের চূড়ান্ত দুর্ভোগ। দার্জিলিংয়ের এই অচলাবস্থায় ফের ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আজ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রের ডিভিশন বেঞ্চ জানায়, টানা বনধ চললেও, কারও কোনও মাথাব্যথা নেই। কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় আলাদা দল বলে কি মানুষের এই ভোগান্তি, প্রশ্ন তুলেছে আদালত। পাহাড় পরিস্থিতি নিয়ে তারা কী করছে এই নিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দিতে হবে। গোর্খাল্যান্ডের দাবিতে প্রায় এক মাস ধরে উত্তাল পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চার তাণ্ডবে পুড়ছে একের পর এক সরকারি অফিস। লাগাতার বনধে জনজীবন বিপর্যস্ত।
জম্মু কাশ্মিরে ৭ তীর্থযাত্রী নিহত হওয়ার খবরটি কোলকাতার প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়েছে। এসম্পর্কে লেখা হয়েছে, জম্মু-কাশ্মিরে অমরনাথ তীর্থযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
যে বাসটিতে হামলা হয়েছে, তার যাত্রীরা সকলেই গুজরাট থেকে এসেছিলেন। ওই ঘটনায় ভারতের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। এ সম্পর্কে আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, অমরনাথে লস্করেরই হাত, ছক কষা হয়েছে পাকিস্তানে বসে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হযেছে, আক্রান্ত বাসটির বাকি ৫০ জন পূণ্যার্থী বেঁচে ফিরলেন শুধু মুসলিম গাড়ি চালক সেলিমের জন্যই।
কেন্দ্রের পশু নির্দেশিকায় সুপ্রিম স্থগিতাদেশ-আজকাল
পশু কেনাবেচা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার ওপর তিনমাসের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে ততক্ষণ এই ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ কেন্দ্রীয় নির্দেশিকার ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল তাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এরপরে কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে। কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল পিএস নরশিমা জানিয়েছেন, ‘বন এবং পরিবেশ মন্ত্রক এবং অন্যান্যরা সব মহলের পরামর্শ এবং আপত্তি খতিয়ে দেখে নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে।’ মে মাসে কেন্দ্র বাজার থেকে পশু কিনে জবাই–এর ওপর নিষেধাজ্ঞা জারি করে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১