জুলাই ১৭, ২০১৭ ১২:০৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৭ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • জলে গেল মশা মারার ৩৬ কোটি টাকা-চিকুনগুনিয়া, ডেঙ্গু আতঙ্কে নগরবাসী-ইত্তেফাক
  • ভুল বার্তাই দিলেন সিইসি-প্রথম আলো
  • বিচারকদের শৃঙ্খলাবিধি-গেজেট প্রকাশে আবার এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ-যুগান্তর
  • খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত -অস্ত্র, গুলি, ছোরা, চাপাতি উদ্ধার-কালের কণ্ঠ-নয়া দিগন্ত
  • সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বিদেশ নীতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, সংসদে আক্রমণের ইঙ্গিত-সংবাদ প্রতিদিন
  • রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, অঙ্কের হিসেবে এগিয়ে রামনাথ-আনন্দবাজার
  • আনন্দবাজারের অন্য একটি খবরের শিরোনাম-জিএসটি দেশকে আরও শক্তিশালী করবে, বাদল অধিবেশনে বার্তা মোদীর 

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ভুল বার্তাই দিলেন সিইসি-প্রথম আলোর মন্তব্য প্রতিবেদন

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের লক্ষ্যে যে সাত দফার পথনকশা তৈরি করেছেন, তার সফলতা-বিফলতা নির্ভর করছে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার আচরণের ওপর। গতকাল রোববার পথনকশা ঘোষণাকালে সিইসি আরও বলেছেন, এ কর্মপরিকল্পনা নির্বাচনের পথে কাজ শুরুর একটি সূচনা দলিল।কিন্তু সিইসি সেই অনুষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বলে যে মন্তব্য করেছেন, তা হতাশাজনক। তাঁর এই বক্তব্যে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় আছে, তা আরও বাড়াতে পারে। 

প্রতিবেদনটিতে লেখা হয়েছে, এখন প্রশ্ন উঠেছে, সেই পরিবেশটি কমিশন কখন করবে? সিইসির মতে, তফসিল ঘোষণার আগে তাঁদের কিছু করার নেই। সত্যিই কি করার নেই? তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের যদি কিছু করার না থাকে, তাহলে তো তিন মাসের জন্য নির্বাচন কমিশন গঠন করলেই হতো। ওই তফসিলের আগে নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলবেন না। কোনো তৎপরতা চালাবেন না। 

প্রথম আলোর অন্য একটি খবরের লেখা হয়েছে, ভোটার তালিকায় এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) আশা করছে। ইসি বলছে, ২৫ জুলাই থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

জলে গেল মশা মারার ৩৬ কোটি টাকা চিকুনগুনিয়া, ডেঙ্গু আতঙ্কে নগরবাসী-ইত্তেফাক

চিকুনগুনিয়াবাহী এডিস মশা

বছরের পুরোটা সময়েই মশার উৎপাতে অতিষ্ঠ থাকে নগরবাসী। মশা-বাহিত রোগ চিকুনগুনিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মশক নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ব্যর্থতার কথা ক্ষোভের সঙ্গে বলছে রাজধানীর মানুষ। অন্যদিকে মশা-বাহিত রোগে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী। এমনকি সরকারের একাধিক মন্ত্রীও এসব নিয়ে সংসদে কথা বলেছেন।

 ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গত অর্থবছরে প্রায় ৩৬ কোটি টাকা মশক নিধনের জন্য বরাদ্দ রাখলেও তা তেমন কাজে আসেনি। অনেক এলাকার বাসিন্দাদের অভিযোগ, ফগার মেশিনসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মীদের দেখাও পাওয়া যায় না বছরের পর বছর। চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ায় নগরবাসীর অভিযোগ, বরাদ্দের এই বিশাল অঙ্কের টাকা জলেই গেছে।

পরিবার থেকে বিচ্ছিন্নতা, চিন্তিত ৭৩% তরুণ-প্রথম আলো

প্রথম আলো জরিপে তরুণদের উদ্বেগ

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তরুণেরা, দূরত্ব বাড়ছে বাবা-মায়ের সঙ্গে। এই মতামত বড়দের না, তরুণদেরই। তারা যেমন পরিবার ও বাবা-মায়ের সঙ্গে দূরত্ব নিয়ে চিন্তিত, তেমনি ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও রয়েছে দুশ্চিন্তা। আবার জীবনের লক্ষ্য খুঁজে পেতে তরুণেরা বাবা-মা বা পরিবার থেকেও যে খুব বেশি সহায়তা পাচ্ছে, তাও না। প্রথম আলোর একটি জরিপে অংশ নিয়ে ৭২ দশমিক ৬ শতাংশ তরুণই বলেছে যে পরিবার ও বাবা-মায়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারাটাই তাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয়। ছেলে বা মেয়ে—সবার জন্যই এটি একটি বড় সমস্যা। এমনকি সব বয়সীরাও একই কথা বলেছে।

আইন আদালত নিয়ে জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর-

বাংলাদেশের হাইকোর্ট

বিচারকদের শৃঙ্খলাবিধি-গেজেট প্রকাশে আবার এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ এ খবরটি পরিবেশিত হযেছে যুগান্তরে। 

মানবজমিনের খবর-যৌতুক মামলায় পলাতক দেখিয়ে অভিযোগ গঠনের পর দিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। 

প্রথম আলোর খবর- পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর আগামী ৬ আগস্ট রায় দেবেন হাইকোর্ট। 

স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবরটি যুগান্তরে ছাপা হয়েছে।

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’দুইজন নিহত -অস্ত্র, গুলি, ছোরা, চাপাতি উদ্ধার-কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের খবর

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’দুইজন নিহত হয়েছে। সোমবার ভোর রাতে নগরীর রেলওয়ে প্রভাতী স্কুলের পিছনে খুলনা সদর থানা পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১-মানবজমিন

ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছে। নিহত খালেদ আহমেদ লিটু (২৩) ওই কলেজের শিক্ষার্থী। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে মাথায় গুলি করে বিরোধী পক্ষ। ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া সংঘর্ষে আরও ৬/৭জন নেতাকর্মী আহত হয়েছে।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের খবরটি কোলকাতার সবগুলো দৈনিকে ছাপা হয়েছে।

এ সম্পর্কে আনন্দবজারের খবর- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, অঙ্কের হিসেবে এগিয়ে রামনাথ-আনন্দবাজার

ভারতের দুই প্রেসিডেন্ট প্রার্থী-নামনাথ কোবিন্দ ও মীরা কুমার

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল ১০ টায় এবং শেষ হয়েছে বিকাল ৫ টায়। সংসদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও তা ভোটগ্রহণ হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের সঙ্গে বিরোধী প্রার্থী মীরা কুমারের মধ্যে লড়াই হলেও, অঙ্কের হিসেবে কিন্তু কোবিন্দই এগিয়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শতাংশের হিসেবে কোবিন্দের পক্ষে প্রায় ৬২ শতাংশ ভোট পড়তে পারে। নির্বাচনের ভোট গণনা করা হবে ২০ জুলাই। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ইলেক্টোরাল কলেজের ৪ হাজার ৮৯৬ জন সদস্য।বর্তমান বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।

বিদেশ নীতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, সংসদে আক্রমণের ইঙ্গিত-সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের দিনে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল থেকে জিএসটি বা বিদেশ নীতি- কেন্দ্র চাপিয়ে দিতে চাইলেও তা মানা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ জানাতে তৃণমূল মীরা কুমারকে সমর্থন করেছে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রকে বার্তা দিতে সংসদের বাদল অধিবেশনে তৃণমূল ঝড় তুলবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সংযোজন কেন্দ্রের ভ্রান্ত বিদেশনীতির জন্য রাজ্যের অবস্থা খারাপ হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭