জুলাই ১৯, ২০১৭ ১২:১৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৯ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • আর একটি সাজানো নির্বাচনের পায়তারা করছে সরকার-ফখরুল-ইত্তেফাক
  • চিকুনগুনিয়া-১৮ লাখ মানুষ আক্রান্ত হতে পারে: প্রথম আলো-প্রথম আলো
  • জলাভূমির সঠিক ব্যবহার করলে মাছের অভাব হবে না'-প্রধানমন্ত্রী-যুগান্তর
  • শিক্ষামন্ত্রীর কারণে বিভক্ত আ’লীগ ও অঙ্গসংগঠন-যুগান্তর
  • শিক্ষার্থীদের দিয়ে মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ-কালের কল্ঠ
  • আগস্ট থেকে চট্টগ্রাম-বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা : শাজাহান খান-নয়া দিগন্ত
  • জঙ্গি মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেননি ভারতীয় গোয়েন্দারা-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহর পারিকরের পদত্যাগ দাবি ভিএইচপি-র-সংবাদ প্রতিদিন
  • বাংলাদেশি খেদাও’নিয়ে উত্তপ্ত নয়ডা, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য-আনন্দবাজার
  • আস্থা ভোটে গরহাজির খোদ মুখ্যমন্ত্রী, সরকার পড়ে গেল নাগাল্যান্ডে-আনন্দবাজার

শ্রোতা/পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

জলাভূমির সঠিক ব্যবহার করলে মাছের অভাব হবে না: প্রধানমন্ত্রী-যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(ফাইল ফটো)

সামান্য লাভের জন্য ভেজাল দিয়ে মাছ রফতানি করে দেশের ক্ষতি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদ্বোধন শেষে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশে অসংখ্য জলাভূমি রয়েছে, এর সঠিক ব্যবহার করলে কখনও মাছের অভাব হবে না। প্রধানমন্ত্রী বলেন, মা ইলিশ ও জাটকা রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এতে ইলিশ রক্ষা হচ্ছে। তবে নয়া দিগন্তের খবরের শিরোনাম এরকম-ভরা মৌসুমেও সাগরে ইলিশ নেই ইলিশের ভরা মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পরছেনা পর্যাপ্ত ইলিশ। এ কারনে সমূদ্র উপকূলীয় জেলে পরিবারে চরম দুর্দিন চলছে। 

আর একটি সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার: ফখরুল- ইত্তেফাক

Image Caption

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহায়ক সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, আর একটি সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার। 

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে করতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে বলে। সহায়ক সরকারের অধীনে নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের কার্যক্রম সুষ্ঠভাবে করতে দিতে হবে। 

আজ এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় থাকার রোল মডেল। এ সরকার জনগণের সাথে প্রতারণা ছলচাতুরি করে অনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে।

চিকুনগুনিয়া-১৮ লাখ মানুষ আক্রান্ত হতে পারে: প্রথম আলোর শিরোনাম

চিকুনগুনিয়া

ঢাকা শহরে এ বছর প্রতি ১০ জনে ১ জনের চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিপুলসংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এর প্রাদুর্ভাব চলবে। সব মিলিয়ে এবার শহরের কমপক্ষে ১৮ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। ২০১১ সাল থেকে চিকুনগুনিয়া নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করা তিনটি জরিপের ওপর ভিত্তি করে এই আশঙ্কা করা হচ্ছে। 

টাকা ছাড়া সিট মেলে না ঢামেক হাসপাতালে-যুগান্তর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। সারা দেশের রোগীদের অনেকটা শেষ ভরসাস্থল এ হাসপাতাল। তবে এখানে একেকটি সিট যেন সংঘবদ্ধ চক্রের একেকটি সোনার ডিম পাড়া হাঁস। সিটে রোগী উঠলেই টাকা। টাকা ছাড়া এখানে সিট মেলে না। এমনকি ফ্লোরে রোগী রাখতেও গুনতে হয় টাকা। অভিযোগ রয়েছে, এ হাসপাতালের ওয়ার্ডবয় ও এমএলএসএসদের একটি সংঘবদ্ধ চক্র দিনের পর দিন সিট বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এদের হাতে রোগী ও তাদের স্বজনরা রীতিমতো জিম্মি। তারা ভয়ে এদের বিরুদ্ধে কথা বলেন না। পকেটের বাড়তি টাকা খুইয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলেন।

জঙ্গি মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেননি ভারতীয় গোয়েন্দারা-মানবজমিন/প্রথম আলো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, হোলি আর্টিজান হামলার ঘটনায় গ্রেপ্তার সোহেল মাহফুজকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেননি। বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এই হামলায় তাঁর জড়িত থাকার তথ্য মিলেছে।

আজ ডিএমপি কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

শিগগিরই এই মামলার অভিযোগপত্র দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ফরেনসিক রিপোর্টগুলো পাওয়া গেছে। দ্রুতই আদালতে মামলার চার্জশীট দেয়া হবে।

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার দায়ে বরগুনার ইউএনও কারাগারে-মানজমিন

দাওয়াতপত্রে বিকৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাপানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলায় বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. তারিক সালমানকে কারাগারে পাঠিয়েছেন বরিশালের আদালত। বুধবার  দুপুরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বাংলাদেশি খেদাও’নিয়ে উত্তপ্ত নয়ডা, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য-আনন্দবাজার

নয়ডার আবাসনে পরিচারিকা নিয়ে গোলমালের জেরে ‘বাংলাদেশি খেদাও’ অভিযানে নেমেছে যোগী আদিত্যনাথ সরকার। তার ফলে পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে নয়ডায় কাজ করতে যাওয়া প্রায় ৪০টি পরিবার প্রবল বৃষ্টির মধ্যে পথে এসে দাঁড়িয়েছে বলে অভিযোগ। সংখ্যালঘু ও বাংলাভাষী হওয়ায় তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

জওয়ান ‘হত্যা’ বেকায়দায় পাকিস্তান-আজকাল

ফের মুখ পুড়ল পাকিস্তানের। পাক সংবাদমাধ্যম দাবি করেছিল, সিকিম সীমান্তে চীনের রকেট হামলায় ১৫৮ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। প্রতিবাদ জানিয়ে ভারতের তরফে বলা হয়েছিল পাক সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর ভিত্তিহীন। এবার ভারতের সুরে সুর মিলিয়ে চীনও জানিয়ে দিল, কোনও রকম রকেট হামলা করেনি তারা। তাই ভারতীয় জওয়ানের মৃত্যুর খবরও ভিত্তিহীন।

আস্থা ভোটে গরহাজির খোদ মুখ্যমন্ত্রী, সরকার পড়ে গেল নাগাল্যান্ডে-আনন্দবাজার

সরকার পড়ে গেল নাগাল্যান্ডে। রাজ্যপাল পি বি আচার্য আজ, নাগাল্যান্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুরহোঝেলি লিঝিৎসুকে। কিন্তু সুরহোঝেলি এবং তাঁর সমর্থক বিধায়করা বিধানসভায় গেলেনই না। ফলে মুলতুবি হয়ে গেল অধিবেশন, পতন ঘটল মন্ত্রিসভার। প্রাক্তন মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং-কে নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন সুরহোঝেলি লিঝিৎসু।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯