যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট: বিশ্বব্যাংক
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২০ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ১৬ মাসেও তনুর ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে-ইত্তেফাক
- আরও বৃষ্টি হতে পারে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত-প্রথম আলো
- এনটিভিবিডি অনলাইন-যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট
- সরকারি খাদ্যগুদাম অরক্ষিত: পাঁচ হাজার টন চাল চুরি-যুগান্তর
- দুর্গতদের পাশে না দাঁড়িয়ে, বিএনপি ব্যস্ত নির্বাচন নিয়ে-কালের কল্ঠ
- ৫ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা-নয়া দিগন্ত
- সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে-মানবজমিন
- হিমাচল প্রদেশে খাদে বাস, বহু হতাহত -সংবাদ প্রতিদিন
- গোরক্ষকেরা বঙ্গে সক্রিয়, দাবি কেন্দ্রের-আনন্দবাজার
- চীনের বিরুদ্ধে হুঙ্কার সুষমার-আজকাল
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
সরকারি খাদ্যগুদাম অরক্ষিত: পাঁচ হাজার টন চাল চুরি-যুগান্তর
বাজারে আস্বাভাবিক দামের কারণে সরকারি গুদাম থেকে চাল চুরি হচ্ছে। প্রায় অরক্ষিত কয়েকটি খাদ্যগুদাম থেকে প্রায় পাঁচ হাজার টন চাল-গম চুরি হয়েছে। চারটি খাদ্যগুদাম থেকে সাড়ে তিন হাজার টন এবং একটি গুদামে নেয়ার পথেই দেড় হাজার টনের বেশি চাল সাবাড় করে দেয়া হয়। হাওরের ভাঙন এবং বন্যার সময় দেশের বিভিন্ন স্থানে ত্রাণের চাল চুরির অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে গুদাম থেকে ট্রাকভর্তি চাল সরানোর সময় একটি চালান ধরা পড়ে। আবার অন্যত্র খাতাপত্রে চাল-গমের যে পরিমাণ উল্লেখ আছে, বাস্তবে সে পরিমাণ খাদ্যগুদামে প্রবেশই করেনি। হঠাৎ গুদামের মজুদ পরীক্ষা করতে গিয়ে চুরির ঘটনা শনাক্ত হয়েছে। কবে চুরি হয়েছে বা কবে থেকে বাস্তব মজুদ কম, তা শনাক্তের চেষ্টা চলছে। খাদ্য বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসাধু ব্যবসায়ীর একটি সিন্ডিকেট এর সঙ্গে জড়িত। অসৎ কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই দুর্নীতির মাধ্যমে চাল চুরি করে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।খাদ্য বিভাগের এমন ভয়াবহ দুর্নীতির বিষয় স্বীকার করেছেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম। তিনি যুগান্তরকে বলেন, যারাই খাদ্যশস্য নিয়ে দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
১৬ মাসেও তনুর ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে-ইত্তেফাক
দেশব্যাপী আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১৬ মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। কিন্তু এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আজও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দীর্ঘ এ সময়ে ঘাতকদের সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই। এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাও মিডিয়ায় মুখ খুলছেন না। এসব কথা বলে তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে তনুর পরিবার। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট-এনটিভিবিডি অনলাইন
বিশ্বব্যাংকের এক বিশ্লেষণে বলা হয়, গত ১০ বছরে রাজধানী ঢাকার যান চলাচলের গড় গতি প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে সাত কিলোমিটার পর্যন্ত নেমে এসেছে। অথচ হেঁটে চলার গড় গতি হচ্ছে পাঁচ কিলোমিটার। ঢাকার যানজটের কারণে দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে ঢাকার রাস্তা ৫ শতাংশ, জনসংখ্যা ৫০ শতাংশ ও যান চলাচল ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।বিশ্বব্যাংক আরো বলছে, মহানগরীর দ্রুত সম্প্রসারণের সঙ্গে ঢাকার নগর উন্নয়ন কর্মকাণ্ড সামঞ্জস্য রাখা সম্ভব হয়নি। ফলে একটি বিশৃঙ্খল ও অসম নগরায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যথেষ্ট পরিকল্পনার অভাবে অধিক ঘনবসতি, বসবাসের নিম্নমানের পরিবেশ তৈরি এবং বন্যা ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ৩৫ লাখ বস্তিবাসী মৌলিক ও অবকাঠামো সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
দুর্গতদের পাশে না দাঁড়িয়ে, বিএনপি ব্যস্ত নির্বাচন নিয়ে-কালের কণ্ঠ
বন্যাদুর্গত মানুষের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। গত পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত কয়েকটি জেলা পরিদর্শন করে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিভিন্ন মহল থেকে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। বিএনপিনেত্রী ত্রাণ বিতরণ দূরে থাকুক বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। আর উনার মহাসচিব ঢাকায় বসে বড় বড় কথা বলছেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে-মানবজমিন
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। তবে সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করেছে। সন্ত্রাসী সন্দেহে অনেক মানুষকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সন্ত্রাস বিরোধী সহযোগিতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। তবে মাঝে মধ্যেই বিরোধী রাজনীতিক ও স্থানীয় জঙ্গীদের বিরুদ্ধে সরকার কঠোর উগ্রতা (ভায়োলেন্স) প্রদর্শন করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বার্ষিক সন্ত্রাস বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে এসব কথা বলেছে।
আরও বৃষ্টি হতে পারে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত-প্রথম আলো
নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
কদমতলীতে দুই নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেফতার ৫-ইত্তেফাক/নয়া দিগন্ত/যুগান্তর
রাজধানীর কদমতলীতে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- রাজিব, জামাল, সোহাগ, শামীম ও জাকির।
ওই দুই নারীকে পরিকল্পিতভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ১৮ জুন কদমতলী থানার নামা শ্যামপুরের ভাড়া বাসায় পারুল নামে গৃহবধূ তারই সহকর্মীদের হাতে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পুলিশ রাজিব ও জামালকে গ্রেফতার করে।
প্রথম আলো, ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবর-আদালতের এজলাস কক্ষে ভাঙচুর, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাতের সৃষ্টির ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় পাঁচ আইনজীবীকে ক্ষমা করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বেঞ্চ অফিসাররা অনৈতিকভাবে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন দুদকের-যুগান্তর
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আবেদন জানায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া ও জিয়া উদ্দিন জিয়া বিএনপির চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন বলে মেডিকেল সাটিফিকেট দাখিল করেন।তবে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি। দুই মামলার পরবর্তী শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করেন।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
চীনের বিরুদ্ধে হুঙ্কার সুষমার-আজকাল
চীনকে মোটেও ভয় পায় না ভারত। বরং গোটা বিশ্ব ভারতের পাশে আছে। সংসদের বাদল অধিবেশনে একথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সিকিম সীমান্তে ডোকা লা এলাকায় সেনা প্রত্যাহারের দাবিতে বিগত কয়েকদিন ধরেই ভারতের ওপরে চাপ বাড়াচ্ছে চীন। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সুষমার এই মন্তব্য সেই কূটনৈতিক কৌশলের অঙ্গ বলেই মনে করা হচ্ছে। তিনি বলেন, ‘ভারত প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে না। নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করছে মাত্র। সেখানে চীন সেনা সরানোর কথা বলে অন্যায় দাবি করছে।
হিমাচল প্রদেশে খাদে বাস, বহু হতাহত-সংবাদ প্রতিদিন
আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিমাচল প্রদেশে। শিমলা থেকে প্রায় ১২৫ কিমি দুরে খানেত্রী নামের একটি জায়গায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এরইমধ্যে উদ্ধারকারী দল।ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গোরক্ষকেরা বঙ্গে সক্রিয়, দাবি কেন্দ্রের-আনন্দবাজার
বিতর্ক গোরক্ষকদের তাণ্ডব নিয়ে। আর তাতে নাম জড়াল পশ্চিমবঙ্গেরও। আজ সকালে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে রীতিমতো টেবিল চাপড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হংসরাজ আহির দাবি করেন, গুজরাত, হরিয়ানার মতো পশ্চিমবঙ্গেও সক্রিয় গোরক্ষকেরা। কিন্তু রাজ্য রিপোর্ট পাঠাচ্ছে না। যা শুনেই প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। পাল্টা আক্রমণে বলেন, কেন্দ্র ভুল তথ্য দিচ্ছে। পশ্চিমবঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি। শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি আর এক তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বলতে গিয়ে বসিরহাটে অশান্তির পিছনে বিজেপির হাত ছিল বলে অভিযোগ আনেন ডেরেক।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০