ইসলামের নামে দেশে জঙ্গিবাদ চালাতে দেব না: প্রধানমন্ত্রী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২২ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: যুক্তরাজ্য-ইত্তেফাক
- ইউএনও গ্রেপ্তার ও তারপর: দ্বন্দ্বটা কিসের?-প্রথম আলো
- ইসলামের নামে দেশে জঙ্গিবাদ, করতে দেবো না: প্রধানমন্ত্রী-যুগান্তর
- ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০-কালের কণ্ঠ
- অর্থ পাচার রোধ: সরকারের কি সদিচ্ছার অভাব?-নয়া দিগন্ত
- বিএনপি-আইসিটি আইনে সাংবাদিক নির্যাতন করছে সরকার-মানবজমিন
ভারতের শিরোনাম:
- ফের সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, শহিদ এক জওয়ান-সংবাদ প্রতিদিন
- উনিশেই ‘বড়দা’কে উৎখাত করতে চান দিদি!-আনন্দবাজার
- টুইটারে রাহুলকে তোপ স্মৃতির-আজকাল
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
ইসলামের নামে দেশে জঙ্গিবাদ, করতে দেবো না: প্রধানমন্ত্রী-যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প কিছু মানুষের ধর্মের নামে সন্ত্রাসের জন্য নিরীহ মুসলমানদের বিপদে পড়তে হয়। দেশে ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিছুই কার্যকর করতে দেব না। আজ আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইসলাম হল শান্তির ধর্ম। এই ধর্মকে যেন কেউ অপব্যবহার করতে না পারে। কিছু লোকের ভ্রান্ত ধারণার ফলে গোটা বিশ্বের মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছে।
মেহেরপুরের গাংনীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, শিশু-নারীসহ গ্রেফতার ৩-ইত্তেফাকের শিরোনাম
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী আখ সেন্টারপাড়ায় জঙ্গি সন্দেহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ১১টা ৪৫ মিনিটের সময় পুলিশ মাইকিং করলে দুই শিশু কোলে করে ওই দুই নারী বেরিয়ে আসেন। তাদের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয়। বেলা ১২ টার সময় অভিযান সমাপ্ত ঘোষণা করলেও বর্তমানে সেখানে পুলিশি পাহারা রয়েছে।
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: যুক্তরাজ্য-ইত্তেফাক
যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ অফিস (এফসিও)’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক ক্ষেত্রে আদৌ কোনো উন্নতি ঘটেনি। ২০১৬ সালে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতায় নিপীড়ন, উগ্রপন্থী হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর সামপ্রদায়িক আক্রমণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পরিস্থিতির উপর ‘মানবাধিকার এবং গণতন্ত্র’ শীর্ষক এক প্রতিবেদন তৈরি করে যুক্তরাজ্য।
বিএনপি-আইসিটি আইনে সাংবাদিক নির্যাতন করছে সরকার-মানবজমিন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দিয়ে সরকার সাংবাদিক নির্যাতন করছে অভিযোগ করে অবিলম্বে আইনটির ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা দিয়ে সাংবাদিকদের নির্যাতন করছে সরকার। এ পর্যন্ত প্রায় ৫০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
ঢাকায় ভয়ংকর চাকরির ফাঁদ-যুগান্তর
প্রতিবেদনটিতে লেখা হয়েছে, মতিঝিল থানার মামলায় স্বামী-স্ত্রীসহ আসামি ছয়। এক বিজ্ঞপ্তিতেই কোটি টাকা হাতিয়ে নেয়ার টার্গেট। নিয়োগ দেবে সারা দেশে অফিস নেই একটিও। চক্রের প্রধান আকাশকে খুঁজছে পুলিশ । এদিকে কারাগারে পাঁচজন। সিড প্রকল্প ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিজ উপজেলা ও ইউনিয়নে লোকবল নিয়োগ দেয়া হবে। এভাবেই বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নামে একটি চক্র চাকরি দেয়ার প্রলোভন দিচ্ছে। চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সারা দেশের চাকরি প্রার্থী বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। কেবল এই একটি চক্রই নয়। রাজধানীতে ভুয়া চাকরি দাতাদের বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে।
অর্থ পাচার রোধ: সরকারের কি সদিচ্ছার অভাব?-নয়া দিগন্ত
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটির ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় বিশ শতাংশ বেড়েছে।এই অর্থের পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস বা সেকেন্ড হোম নির্মাণ কর্মসূচিতেও অংশগ্রহণের তালিকায় বাংলাদেশিরা তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।এমন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।
সুইস ব্যাংকগুলোতে এবছর বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ প্রায় বিশ শতাংশ বৃদ্ধির খবর এসেছে। এ নিয়ে বাংলাদেশে অর্থনীতিবিদদের উদ্বেগ আরও বেড়েছে।
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০-কালের কণ্ঠ
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিচারাধীন ও তদন্তাধীন মামলার ২৮, পুলিশ আইনে ৩৪ ধারায় ছয়জন, বিভিন্ন মাদক, জুয়াসহ অন্যান্য মামলায় মোট ৪০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা, ১৭০টি ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
উনিশেই ‘বড়দা’কে উৎখাত করতে চান দিদি!-আনন্দবাজার
দু’বছরের সময়সীমা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেই ‘বড়দা’কে উৎখাত করতে চান দিদি! নরেন্দ্র মোদীর জমানায় দেশ জুড়ে গেরুয়া শিবিরের ‘দাদাগিরি’র যে সংস্কৃতি জাঁকিয়ে বসেছে, ২ ১শে জুলাইয়ের মঞ্চ থেকে তাকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘গুন্ডা দেশ চালাচ্ছে!’’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর জেহাদের ঝাঁঝ তিন বছর আগে লোকসভা ভোটের প্রচার-পর্বে মোদী-মমতা দ্বৈরথের কথা মনে করিয়ে দিচ্ছে।
ফের কাশ্মির সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, নিহত এক জওয়ান-সংবাদ প্রতিদিন
ফের উত্তপ্ত কাশ্মির সীমান্ত। শনিবার সকাল থেকেই ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজৌরি সেক্টরে চলছে গুলি বিনিময়। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। এতে এক সেনা জওয়ান নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সুন্দারবানি এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনারা৷ গুলি বিনিময়ের সময় জখম হন জয়দ্রথ সিং। পরে তার মৃত্যু হয়।
টুইটারে রাহুলকে তোপ স্মৃতির-আজকাল
নিজের মর্জি মতো কাজ করছে কেন্দ্র সরকার। তাদের বিরুদ্ধে টুঁ শব্দটি করার উপায় নেই। প্রতিবাদ করেছ কী মরেছ। বাদল অধিবেশনের শুরু থেকে এই মর্মেই মোদি সরকারকে আক্রমণ করে আসছে বিরোধী দলগুলি। তাঁদের অভিযোগ সত্যি প্রমাণ করলেন স্মৃতি ইরানি। মোদি সরকারের কার্যকলাপ ব্যাখ্যা করতে শুক্রবার হিটলারের একটি ব্যাখ্যা তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। সেটি চোখে পড়তেই কংগ্রেস সহ সভাপতিকে টুইটারে তুলোধনা করলেন কেন্দ্রীয় তথ্য–সম্প্রচার ও বস্ত্রমন্ত্রী। রাহুলের উদ্দেশে তিনি লেখেন, ‘৪২ বছর দেরি করে ফেলেছেন রাহুল। হিটলারের আসল উত্তরসুরী কে তা জানতে কোনও পুরস্কার লাগে না। ইন্দিরা গান্ধীই হিটলারের আদর্শে সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। তাই তো জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছিলেন।’
পাহাড়ে পুড়ল পুলিস আউটপোস্ট-আজকাল
পাহাড়ে অশান্তি চলছেই। শনিবার ভোররাতে পুলিসের আউটপোস্ট পুড়িয়ে দিলেন একদল মোর্চা সমর্থক। জলঢাকা থানার কাছে রঙ্গু আউটপোস্ট পুড়িয়ে দিয়েছে। আজ ৩৮ দিন হল গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিঙে বন্ধ চলছে। চা–বাগানগুলি বন্ধ রয়েছে ৪০ দিন। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াঙে ১৩ মোর্চা সমর্থক আমরণ অনশনে বসেছেন। গতকাল রাতে পুলবাজার থানার মেচি বস্তিতে ৪৮০টি জিলোটিন লুট করে কিছু দুষ্কৃতী। এখনও এলাকায় আতঙ্ক রয়েছে।
প্রধানমন্ত্রীকে স্যানিটারি ন্যাপকিন পাঠানোর চেষ্টা, গ্রেপ্তার একাধিক-সংবাদ প্রতিদিন
সিঁদুর, চুড়ি, কপালের টিপের মতো প্রসাধনী সামগ্রী করমুক্ত। অথচ নারীর অতি প্রয়োজনীয় স্যানিট্যারি ন্যাপকিন করযুক্ত। ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে তাতে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই স্বয়ং প্রধানমন্ত্রীকে স্যানিট্যারি ন্যাপকিন পাঠানোর চেষ্টা করল কোয়েম্বাটোরের রেভলিউশনারি ইউথ ফ্রন্টের সদস্যরা। পার্সেল করে প্রধানমন্ত্রীকে ন্যাপকিন পাঠানোর পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। কিন্তু তার আগেই প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২