ইউএনওর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মামলা করে অপরাধ করিনি-বাদি
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৩ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- এইচএসসি ও সমমানে পাসের হার ৬৮.৯১-ইত্তেফাক
- মামলা প্রত্যাহারের পর যা বললেন তিনি-প্রথম আলো
- পাস-ফেল নিয়ে না ভেবে শিক্ষার মান বাড়াতে নজর দিন-প্রধানমন্ত্রী-যুগান্তর
- শতভাগ পাস ৫৩২টি প্রতিষ্ঠানে, সবাই ফেল ৭২ প্রতিষ্ঠানে-কালের কণ্ঠ
- রাজনীতি করতে হলে সাহস লাগে : ওবায়দুল কাদেরনয়া দিগন্ত
- বাংলাদেশে এক বছরে ১৮ হাজার অগ্নিকান্ড হয়েছে, মৃত্যু ৫০ জনের-মানবজমিন
ভারতের শিরোনাম:
- নামেই সুপারফাস্ট, ভারতীয় রেল এক্কেবারে ‘সুপার স্লো-সংবাদ প্রতিদিন
- মাওবাদীদের পাহাড়ে নিয়ে গিয়েছে মোর্চা, বলছেন গোয়েন্দারা, উদ্বিগ্ন কেন্দ্রও-আনন্দবাজার
- ‘আচ্ছে দিন’ নিয়ে মোদিকে তোপ উদ্ধবের-আজকাল
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশে আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কিত খবর আজকের সবগুলো জাতীয় দৈনিকগুলোতে ছাপা হয়েছে। এ সম্পর্কে ইত্তেফাক লিখেছে, ইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
যুগান্তরে লেখা হয়েছে, পাস-ফেল নিয়ে না ভেবে শিক্ষার মান বাড়াতে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফল ঘোষণার পর এ আহ্বান জানান তিনি। আর উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাসের হার কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে পাসের হার কমের ঘটনায় মন্ত্রী বিস্মিত নন বলে জানান। মন্ত্রী আরও বলেন, আগে সাধারণ ধারণা ছিল ওজন করে নম্বর দেয়া হয়। এখন আর সে সুযোগ নেই। এখন খাতা দেখেই নম্বর দিতে হয়। এটা আমরা ইতিবাচক বলেই মনে করি।
ইউএনওর বিরুদ্ধে মামলা প্রত্যাহার–প্রথম আলোর শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য আজ রোববার আদালতে আবেদন করেন ওই মামলার বাদী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সৈয়দ ওবায়েদুল্লাহ। শুনানি শেষে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে ওই আবেদন মঞ্জুর করেন। পরে ওই মামলা খারিজ করে দেন। মামলা প্রত্যাহারের পর বাদী সৈয়দ ওবায়েদুল্লাহ বলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে কোনো অপরাধ করেননি।
রাজনীতি করতে হলে সাহস লাগে : ওবায়দুল কাদের-নয়া দিগন্ত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নেই।’তিনি বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত।’আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।
এদিকে, এনটিভিবিডি অনলাইনের খবর- ‘মামলার ভয়ে খালেদা জিয়া বিদেশ চলে গেছেন, তিনি আর ফিরবেন না’—এ ধরনের বক্তব্য যাঁরা দিচ্ছেন, তাঁরা আসলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব কথা বলছেন বলে ধারণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়
বাংলাদেশে এক বছরে ১৮ হাজার অগ্নিকান্ড হয়েছে, মৃত্যু ৫০ জনের-
মানবজমিনের প্রতিবেদনটিতে লেখা হয়েছে,বাংলাদেশে দমকল বাহিনী বলছে, গত এক বছরে সারা দেশে আঠারো হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, এসব অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছেছে ৪৩০ কোটি টাকার মতো। বেশিরভাগই ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, চুলার আগুন, ছুঁড়ে দেওয়া জ্বলন্ত সিগারেট ইত্যাদি থেকে। দমকল বাহিনীর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
বান্দরবনের রুমায় বাসের ওপর পাহাড় ধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইত্তেফাকে পরিবেশিত খবরটিতে লেখা হয়েছে, রুমায় বাসের ওপর পাহাড় ধসে ৮ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, ফায়ার সর্ভিসের সদস্য, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিয়েছে।
ইত্তেফাকের অন্য একটি খবর-রাজধানীতে জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এজাহারভুক্ত দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আজ রবিবার র্যাব-২ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। র্যাবের মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ডান চোখে দেখছেন না সিদ্দিকুর-প্রথম আলোর শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, অস্ত্রোপচারের পর সিদ্দিকুর রহমান তাঁর ডান চোখে কোনো আলো দেখছেন না। বাঁ চোখে কখনো আলো দেখার কথা বলছেন। কখনো বলছেন, আলো দেখছেন না।
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান নিতে গিয়ে পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলে’ দুই চোখে আঘাত পাওয়া সিদ্দিকুরের বর্তমান অবস্থা সম্পর্ক এই তথ্য জানিয়েছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার মনির।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
‘আচ্ছে দিন’ নিয়ে মোদিকে তোপ উদ্ধবের-আজকাল
হতে পারে বিজেপির শরিক দল। তাই বলে কেন্দ্রকে তুলোধনা করতে ছাড়ে না শিবসেনা। সুযোগ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দু’কথা শুনিয়ে দেয় তারা। দলের মুখপাত্র ‘সামনা’–এত ফের একবার প্রধানমন্ত্রীকে নিশানা করে তোপ দেগেছেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে। কেন্দর সরকারের নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা কর বিল চালুর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে বলেছেন, ‘এনডিএ–র অন্তর্ভুক্ত তো কী হয়েছে? অন্যায় দেখলে সমালোচনা করবই। গত চার মাসে প্রায় ১৫ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। সরকার তাঁদের জন্য কী ব্যবস্থা নিয়েছে বলুন তো?’
নেপালের মাওবাদীদের পাহাড়ে এনেছে মোর্চা, বলছেন গোয়েন্দারা, উদ্বিগ্ন কেন্দ্রও-আনন্দবাজারের এ খবরটিতে লেখা হয়েছে
পাহাড়ের আন্দোলন আর গণতান্ত্রিক নেই, পুলিশ-প্রশাসনের উপর সশস্ত্র হামলার ছক কষা হয়েছে এবং তার জন্য বিদেশ থেকেও মাওবাদীদের আমদানি করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি এ খবর জানিয়েছেন। তবে শুধু পশ্চিমবঙ্গ পুলিশ নয়, একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ঝাড়খণ্ড পুলিশও গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে মাওবাদীদের যোগাযোগের তথ্য হাতে পেয়েছে বলে খবর। মোর্চার তরফে স্বাভাবিক ভাবেই এই খবর নস্যাৎ করার চেষ্টা হয়েছে। নেপাল থেকে মাওবাদীদের দার্জিলিঙে এনেছে মোর্চা। খবর পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩