জুলাই ২৪, ২০১৭ ১৪:০৫ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৪ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ইউএনও তারিক সালমানের ঘটনায় তদন্ত কমিটি: বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার-ইত্তেফাক
  • নির্দেশনা উপেক্ষা করে মারমুখী পুলিশ-প্রথম আলো-প্রথম আলো
  • এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা-যুগান্তর-যুগান্তর
  • টিআইবির সংবাদ সম্মেলন-প্রকল্প বাস্তবায়নে মূল সমস্যা স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ঘাটতি-কালের কণ্ঠ
  • প্রধানমন্ত্রীর উদ্বেগসিদ্দিকুরকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে : ওবায়দুল কাদের-দিগন্ত

ভারতের শিরোনাম:

  • আজান বিতর্কে অভিনেত্রী সুচিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন মুসলিম নেতার-সংবাদ প্রতিদিন
  • স্পিকারকে কাগজ ছুড়ে লোকসভা থেকে সাসপেন্ড অধীর-সহ ৬ কংগ্রেস সংসদ সদস্য-আনন্দবাজার
  • কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে!‌-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ইউএনও তারিক সালমনের ঘটনায় তদন্ত কমিটি: বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার-ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের শিরোনাম

ইউএনও তারিক সালমন ইস্যুতে বরিশাল ও বরগুণার ডিসিকে অপসারণ

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাংলাদেশের বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে তাদের অপসারণ করেছে সরকার। এদিকে বরগুনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমনের বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ। এ কমিটি কোথাও কোনও আইনের ব্যত্যয় হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে।

নির্দেশনা উপেক্ষা করে মারমুখী পুলিশ-প্রথম আলো

ছাত্র আন্দোলনের সময় চোখে আঘাতপ্রাপ্ত সিদ্দিকুর

ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনে সদর দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে মিছিল-সমাবেশ নিয়ন্ত্রণে কঠোর পন্থা বজায় রাখছেন মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা। এসব ক্ষেত্রে কৌশলের চেয়ে জবরদস্তিতেই তাঁদের আগ্রহ বেশি। সবশেষ শাহবাগে পুলিশি হামলায় একজন ছাত্র দৃষ্টিশক্তি হারানোয় পুলিশের এ মারমুখী প্রবণতা আবার আলোচনায় এসেছে। পদস্থ পুলিশ কর্মকর্তারাও এ নিয়ে বিব্রত।

আর নয়া দিগন্তের একটি খবরে লেখা হয়েছে, সিদ্দুকুরের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তাকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে  বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা-যুগান্তরের শিরোনাম

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে অন্তর দাস (১৮) নামের এক শিক্ষার্থী। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ছাত্র। সে দ্বিতীয় বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও ফেল করায় আত্মহত্যা করেছে বলে জানায় এলাকাবাসী।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, উচ্চশিক্ষায় ভর্তিতে চ্যালেঞ্জ নতুন শর্ত

প্রতিবেদনটিতে লেখা হয়েছে- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার উচ্চশিক্ষা নেয়ার পালা। তবে এ যাত্রায় নতুন নতুন শর্তের মুখোমুখি হতে হবে তাদের। চ্যালেঞ্জগুলো হচ্ছে, একবারের বেশি পরীক্ষা দিতে না পারা,  সমন্বিত ভর্তি পরীক্ষা না থাকায় হয়রানি বাড়বে। দুশ্চিন্তা কাটছে না প্রশ্ন ফাঁস নিয়ে।

বিশেষজ্ঞরা বলছেন, যে কোনোভাবেই হোক প্রথম সারির প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে- আমাদের দেশে সামাজিক ও পারিবারিকভাবে এমন চাপ রয়েছে। এর ওপর ভর্তি পরীক্ষায় নতুন নতুন শর্ত আরোপ এ চাপ আরও বাড়াবে। 

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জীবন গেল বাবার-যুগান্তর

বাংলাদেশের গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত  কাজী মাহাবুব হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, কাজী মাহবুবের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে আকাশ নামের স্থানীয় এক কিশোর প্রায়ই উত্ত্যক্ত করত। তাকে একাধিকবার নিষেধ করা হলেও সে শোনেনি।

পরে এ বিষয়ে মাহবুব পুলিশে অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সম্প্রতি আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায় আকাশ।

এর জের ধরে গত ১৫ জুলাই আকাশ ও তার বন্ধুরা বাড়ির সামনে মাহবুবকে ছুরিকাঘাত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। 

বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে-প্রথম আলো

বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা

৪ শতাধিক হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। আজ (সোমবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট যাত্রা শুরু করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। 

টিআইবির সংবাদ সম্মেলন-প্রকল্প বাস্তবায়নে মূল সমস্যা স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ঘাটতি-কালের কণ্ঠ

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

কলের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে জলবায়ুসংক্রান্ত প্রকল্পসহ যেকোনো প্রকল্প বাস্তবায়নে মূল সমস্যা স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ঘাটতি। জলবায়ু মোকাবিলাসংক্রান্ত প্রকল্পে বিদেশি অর্থায়ন হবে। তাই আগে থেকেই বলা যায়, প্রাক-উদ্বেগ জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।  

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

স্পিকারকে কাগজ ছুড়ে লোকসভা থেকে সাসপেন্ড অধীর-সহ ৬ কংগ্রেস সংসদ সদস্য-আনন্দবাজার

ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন

লোকসভা থেকে ৬ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখাতে দেখাচ্ছিলেন সাংসদরা। স্পিকার বার বার তাঁদের আসনে ফিরে যেতে বললেও তাঁরা ফেরেননি। কাগজ ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুড়ে দেন সাংসদরা। এই আচরণ স্পিকারের আসনের জন্য অবমাননাকর বলে জানিয়ে ৬ সাংসদকে সুমিত্রা মহাজন ৫ দিনের জন্য সাসপেন্ড করেছেন।

আজান বিতর্কে অভিনেত্রী সুচিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন মুসলিম নেতার-সংবাদ প্রতিদিনের শিরোনাম

আজান নিয়ে অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির বক্তব্যের নিন্দা জানাল আবু আজমি

আজান বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতবাসীর। সোনু নিগমের পর এবার তা উসকে দিযেছেন অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। তিনি বলেছেন, ভোর পাঁচটায় আজানের শব্দে পাড়া প্রতিবেশীকে জাগিয়ে তোলা কোনও সভ্যতার পরিচয় নয়। এ নিয়ে সমাজবাদী পার্টির নেতা আবু আজমি  ওই নায়িকাকে কটাক্ষ করে বলেছেন  “ভোরে পুজো করা বা আজান ভারতীয় চিরন্তন সংস্কৃতি। কারা আজ এ নিয়ে প্রশ্ন তুলছেন? যাঁরা নাচা-গানা করেন, মদ খেয়ে এ ওর কাঁধে হাত রেখে ঘুরে বেড়ান, রাত দু’টোয় বাড়ি ফেরেন? এরা আজান নিয়ে প্রশ্ন তোলার কে?”এর আগে আজান নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম। 

কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে!‌-আজকাল

হাসপাতালের বিছানায় অথচ মৃত বলে ঘোষণা

ঠিকানা খুঁজতে ওঁরা আধার কার্ডের সাহায্য নিলেন। ঠিকানা পাওয়াও গেল। কিন্তু কী মুশকিল!‌ এ যে কেঁচো খুঁড়তে কেউটে!‌ ২০ বছর আগে হাসপাতালের বেডে শুইয়ে রেখে গিয়েছিল আত্মীয়রা। চিকিৎসা তাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ‘আপদ’ বিদায়। কিছুদিন পর এলাকায় শ্রাদ্ধানুষ্ঠান করে পাড়াকে জানিয়ে দেয়া হল ‘উনি মারা গেছেন’।তানাহলে পৈতৃক সম্পত্তির ভাগ দিতে হয় যে!‌ একটি নয়, এমন একাধিক মহিলাকে খুঁজে বের করেছেন হ্যাম রেডিওর কর্মীরা। যাঁরা সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে, বারাসত স্টেট জেনারেল হাসপাতালে, ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে পড়ে আছেন। চিকিৎসকরা বলছেন, এঁরা শরীরে সম্পূর্ণ সুস্থ। কিন্তু বয়সের ভারে বা অন্য কারণে কেউই ঠিক করে ঠিকানা বলতে পারছেন না। হাসপাতালের এতগুলো বেড ৮ বছর, ১২ বছর, ২০ বছর ধরে আটকে রয়েছে। বাড়ির লোকজন খোঁজও নেয় না।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪