জুলাই ২৫, ২০১৭ ১১:৫৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৫ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • বরিশালের সিএমএম’র প্রত্যাহার চায় আইন মন্ত্রণালয়-ইত্তেফাক
  • বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না: নাসিম-প্রথম আলো
  • শিক্ষাব্যবস্থায় অসন্তুষ্ট বিশেষজ্ঞরা-বোর্ড পরীক্ষায় নৈরাজ্য-যুগান্তর
  • সরকারের ইশারায় পরীক্ষায় পাসের হার বাড়ানো-কমানো হচ্ছে'-খন্দকার মোশাররফ-কালের কণ্ঠ
  • বরিশালের সেই বিচারককে বদলির প্রস্তাব-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বন্যায় বিধ্বস্ত গুজরাট, ত্রাণশিবিরেই ঠাঁই ২৫,০০০ মানুষের-সংবাদ প্রতিদিন
  • ভিন্নতার মাঝে ঐক্যের বার্তা দিয়ে শপথ নিলেন প্রেসিডেন্ট-আনন্দবাজার-আনন্দবাজার
  • অসমে  যৌথবাহিনীর অভিযানে ১ জঙ্গি নিহত‌-আজকাল

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত হয়েছে। তাতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে জেলা প্রশাসকদের করণীয় হিসেবে ২৩ দফা নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনার মধ্যে রয়েছে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 

বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না: নাসিম-প্রথম আলোর শিরোনাম

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো জায়গায় কোনো অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। আজ রাজধানীতে ১৪ দলীয় জোটের একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘কোনো জায়গায়, কোনো অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন ডেকেছে তাদের, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে, তাদের (নির্বাচন কমিশন) সঙ্গে আলোচনা হবে, আমাদের সঙ্গে আলোচনা কেন হবে?’

ভিন্নতার মাঝে ঐক্যের বার্তা দিয়ে শপথ নিলেন প্রেসিডেন্ট-আনন্দবাজার

বোর্ডের পরীক্ষা পদ্ধতিতে নৈরাজ্য চলছে। ঘন ঘন পরিবর্তন করা হচ্ছে শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি। দফায় দফায় পরিবর্তন করা হচ্ছে উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থার। যখন যা ইচ্ছা কর্তৃপক্ষ তাই করছে। তারা নির্ধারিত নিয়মে যেতে পারছে না। শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে তাদের ওপর গবেষণা চালানো হচ্ছে। এর প্রভাব পড়ছে পরীক্ষার ফল এবং শিক্ষার মানের ওপর। শিক্ষাব্যবস্থায় এ গলদের কারণে দক্ষ ও মেধাবী জনশক্তি তৈরি হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা এগুলোকে শিক্ষা খাতের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন। 

সরকারের ইশারায় পরীক্ষায় পাসের হার বাড়ানো-কমানো হচ্ছে-খন্দকার মোশাররফ-কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ইশারায় পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ানো-কমানো হচ্ছে, যা নজিরবিহীন। আজ কুমিল্লায় এক নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে সরকার পাসের হার বাড়িয়ে শিক্ষার গুণগত মান ধ্বংস করেছে। মানুষের নানা সমালোচনার মুখে এ বছর পাসের হার কমাতে গিয়ে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণহীন ও বিপর্যস্ত করে ফেলেছে। এতে অবমূল্যায়নের শিকার হয়ে ফলাফল বিপর্যয়ে ছাত্রছাত্রীরা হতাশ হয়েছে।

তথ্যপ্রযুক্তি আইনের আলোচিত ৫৭ ধারার পক্ষে মন্ত্রীরা-মানবজমিন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইনের আলোচিত ৫৭ ধারা বহাল রাখার পক্ষে দেশের মন্ত্রীরা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে ৫৭ ধারা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থাপনার পর মন্ত্রিসভার সাত জন সদস্য ৫৭ ধারা বহাল রাখার বিষয়ে মত দেন। 

মন্ত্রিসভার সদস্য ও সিনিয়র আমলাদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৫৭ ধারা নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে তাই এটাকে সুনির্দিষ্ট করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার উপস্থাপনায় বলেন, রাষ্ট্রের রক্ষাকবচ থাকতে হবে। সাইবার ক্রাইম রোধ করতে গেলে ৫৭ ধারা বহাল রাখার বিকল্প নেই। আলোচনায় মন্ত্রিসভার সদস্যরা ৫৭ ধারার পক্ষে মত দিয়ে বলেন, ৫৭ ধারা বাতিল করা হলে সরকারের হাতে কি থাকলো। 

বরিশালের সেই বিচারককে বদলির প্রস্তাব-ইত্তেফাক/নয়া দিগন্ত

ইউএনও তারিক সালমনের নাজেহালের ঘটনায় দুই জেলা প্রশাসককে সরিয়ে দেওয়ার পর এবার বরিশালের চিফ মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হোসাইনকে বদলির জন্য সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হয়েছে।

আজ আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের ওই প্রস্তাব সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিতে উপস্থাপন করা হবে। জিএ কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পেলেই সংশ্লিষ্ট বিচারককে ওই আদালত থেকে প্রত্যাহার করে নিতে পারবে মন্ত্রণালয়। 

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভিন্নতার মাঝে ঐক্যের বার্তা দিয়ে শপথ নিলেন প্রেসিডেন্ট-আনন্দবাজার

চতুর্দশ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে ঐক্যের বার্তাই দিলেন রামনাথ কোবিন্দ। ‌আজ সংসদের সেন্ট্রাল হলে শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি দেশের বহুত্ববাদের কথাও উল্লেখ করেছেন। শেষ বক্তৃতায় সোমবার ‘সহিষ্ণুতা’ এবং ‘বহুত্ববাদে’র কথাই শুনিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। কোবিন্দ বললেন, দেশের ঐক্যবোধকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ভারত শান্তিপূর্ণ দেশ। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শপথ নিয়ে দেশের ১২৫ কোটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কোবিন্দ। 

অসমে  যৌথবাহিনীর অভিযানে ১ জঙ্গি নিহত‌-আজকাল

অসমের কোকড়াঝাড়ে সেনা এনকাউন্টারে ১ জঙ্গি নিহত হয়েছে। এলাকায় জঙ্গিরা বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে বলে সোমবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে রাতেই যৌথ অভিযানে নামে সেনা ও অসম পুলিসের একটি দল। মঙ্গলবার সকাল ছ’টা নাগাদ পুলিশকে  লক্ষ্য করে প্রথম গুলি ছোড়ে জঙ্গিরা। যৌথবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিট গুলিবিনিময়ের পর এক জঙ্গির মৃত্যু হয়। 

বন্যায় বিধ্বস্ত গুজরাট, ত্রাণশিবিরেই ঠাঁই ২৫,০০০ মানুষের-সংবাদ প্রতিদিন

বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে গুজরাটে। এখনও পর্যন্ত কমপক্ষে ২৫০০০ মানুষকে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন গ্রামে আটকে পড়া প্রায় দেড়হাজার মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। সেনা, বায়ু সেনা, বিএসএফ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর একযোগে কাজ চালাচ্ছে। টানা বৃষ্টি চলছে গুজরাট জুড়ে। ফলে, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

হুররিয়ত নেতাদের গ্রেফতারে থমথমে কাশ্মীর-আজকাল

হুরিয়ত নেতাদের গ্রেপ্তারিতে ফের থমথমে উপত্যকা। রাজ্য জুড়ে বনধ পালিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাইনাওয়ারি, খানিয়ার, নৌহাট্টা, এমআর গুঞ্জ এবং সাফা কাদাল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে যানবাহন পরিষেবা। বাজার, দোকান, স্কুল, কলেজও বন্ধ রাখা হয়েছে। পাকিস্তান থেকে আর্থিক মদত নিয়ে কাশ্মীরে অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার ৭ হুরিয়ত নেতাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫