আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে: প্রধান বিচারপতি
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৯ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- মধুখালীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬-ইত্তেফাক-ইত্তেফাক
- ‘কোটা’ সংস্কারের আর কত দেরি, পাঞ্জেরি?-প্রথম আলো
- সৌদি থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরার আহ্বান রাষ্ট্রদূতের-যুগান্তর
- ১০০ বছর মেয়াদি 'ডেল্টা প্ল্যান' বাস্তবায়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠে
- রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষে হলি আর্টিজান মামলার চার্জশিট’-মনিরুল-মানবজমিন
- ব্রাহ্মণবাড়িয়ায় আটক ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’নিহত- নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রাম নামে অ্যালার্জি থাকলে ইন্দোনেশিয়ার থেকে শিক্ষা নিন’যোগী আদিত্য নাথ-সংবাদ প্রতিদিন
- অখিলেশ শিবিরেও ধাক্কা-আজকাল
- পানামায় নাম থাকাদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্নে বিদ্ধ মোদী-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
১০০ বছর মেয়াদি 'ডেল্টা প্ল্যান' বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠসহ বেশ কয়েকটি দৈনিকের খবর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ১২টি দেশের সহযোগিতায় বাংলাদেশে এক শ বছর মেয়াদি 'ডেল্টা প্ল্যান' বাস্তবায়ন করা হচ্ছে। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক 'ঢাকা পানি সম্মেলন ২০১৭' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে।
সৌদি থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরার আহ্বান রাষ্ট্রদূতের-যুগান্তর
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরার আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। সৌদি আরবের দাম্মামে ‘সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি’আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, ‘অবৈধ কাজে জড়িত হয়ে দেশের সম্মান ক্ষুণœ করবেন না। অবৈধ প্রবাসীরা দেশে ফেরত গেলে আবার সৌদি আরবে ফেরত আসার সুযোগ পাবেন।’
‘কোটা’ সংস্কারের আর কত দেরি, পাঞ্জেরি?-প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম
প্রতিবেদনটিতে লেখা হয়েছে, ছাত্রজীবন শেষ করে যাঁরা কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন, তাঁদের কারও কাছে ‘কোটা’স্বস্তির বিষয়। আবার কারও কাছে তা আতঙ্ক। কোটা এমন একটি স্পর্শকাতর বিষয়, যা নিয়ে আলোচনা করাটা কখনো কখনো বিব্রতকর। আবার এ নিয়ে কথা না বলাও একধরনের সুবিধাবাদিতা। এ দেশের তরুণসমাজ চায়, কোটাব্যবস্থা নিয়ে জোরদার আলোচনা হোক। সত্যিকারের একটা বিহিত হোক। প্রশ্নটি যৌক্তিক। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাব্যবস্থা আর কত বছর থাকবে? কোন কোন ক্ষেত্রে কোটা থাকা উচিত, কতটা থাকা উচিত? যাঁরা একেবারেই কোটা পছন্দ করেন না, তাঁরা বলে থাকেন, যেহেতু আমাদের সংবিধানে সব নাগরিকের অধিকার সমান, তাহলে আবার কারও কারও বিশেষ অধিকার কেন?
আমাদের দেশে বিসিএসে নিয়োগে বর্তমানে ৫৫ শতাংশ কোটা সংরক্ষিত। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও তাঁদের নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ, নারী কোটা ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা। এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য কোটা রয়েছে ১ শতাংশ, যা পূরণ করা হয় সাধারণত ওপরের যেকোনো একটি কোটা থেকে। অর্থাৎ কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সেখান থেকে প্রতিবন্ধী কোটা পূরণ হয়।
আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে: প্রধান বিচারপতি-এনটিভিবিডি অনলাইন
দেশ উন্নত হলেও মানের দিক থেকে দেশের বিচার বিভাগকে শূন্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।
ব্রাহ্মণবাড়িয়ায় আটক ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’নিহত-নয়া দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। শুক্রবার দিবাগত তিনটার দিকে ওই ‘বন্দুকযুদ্ধ’হয় বলে পুলিশ দাবি করেছে।
মানবজমিনের খবরে লেখা হয়েছে, নব্য জেএমবির রাশেদ ওরফে র্যাশকে জিজ্ঞাসাবাদের পর হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রাম নামে অ্যালার্জি থাকলে ইন্দোনেশিয়ার থেকে শিক্ষা নিন’যোগী আদিত্য নাথ-সংবাদ প্রতিদিন
কিছু মানুষের শ্রী রামচন্দ্রের নামের উপর অ্যালার্জি রয়েছে। তাঁদের ইন্দোনেশিয়ার কাছ থেকে শিক্ষা নেয়া উচিত। ইসলামিক দেশ যারা কিনা মুর্তিপুজোর সংস্কৃতি বজায় রেখেছে। শুক্রবার উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি রাজ্য বাজেটে অযোধ্যার হিন্দু স্থাপত্য, মন্দিরগুলি সংস্কারে জোর দেয়ার জন্য এরইমধ্যে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন যোগী। অভিযোগ, মুখ্যমন্ত্রী অন্য ধর্মের নিদর্শেনর প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন।
অখিলেশ শিবিরেও ধাক্কা-আজকালের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, গুজরাটে কংগ্রেসের পর এবার অখিলেশ শিবিরও ধাক্কা লাগল। শনিবার পরপর সমাজবাদী পার্টি থেকে ইস্তফা দিলেন আইন পরিষদের সদস্য যশবন্ত সিনহা এবং বুক্কাল নবাব। এদিন প্রথমে পদত্যাগ করেন সমাজবাদী পার্টির জন্মলগ্নের নেতা বুক্কাল নবাব। নিজের দল ছাড়ার জন্য অখিলেশের সঙ্গে তাঁর বাবা মুলায়ম সিং যাদবের মতবিরোধকেই মূলত দায়ী করেছেন বুক্কাল। বুক্কাল বলেন, গত এক বছর ধরে দলে তাঁর দমবন্ধ লাগছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের কাজের প্রশংসা করে তিনি বলেন, এখনও পর্যন্ত অন্তত কোনও দুর্নীতির খবর মেলেনি।
পানামায় নাম থাকাদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্নে বিদ্ধ মোদী-আনন্দবাজার
পাকিস্তানে পানামা পেপাররসে নাম জড়িয়ে গদি হারালেন নওয়াজ শরিফ। সীমান্তের এপারে প্রশ্ন উঠল, নরেন্দ্র মোদী পানামা নথিতে নাম থাকা ভারতীয়দের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন।
বিরোধীদের অভিযোগ, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের পুত্র, বিজেপি সংসদ সদস্য অভিষেক সিংহ থেকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ- শিল্পপতি ও বিখ্যাত ব্যক্তিদের নাম ছিল পানামা নথিতে। যাঁরা বিদেশের বিভিন্ন কর ফাঁকির স্বর্গরাজ্যে টাকা লগ্নি করেছেন। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘যে অভিযোগে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে, একই কারণে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর ইস্তফা দেয়া উচিত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯