সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ: 'না' ভোট ও সেনা মোতায়েনের প্রস্তাব
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৩১ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ই-ভিসা জটিলতায় আজ বাতিল ২টি হজ ফ্লাইট- মো বাতিল ৫ টি ফ্লাইট-ইত্তেফাক
- অস্ত্রোপচারেও চোখের আলো ফিরবে না সিদ্দিকুরের-প্রথম আলো
- ইসির সংলাপ-নির্বাচনে সেনা মোতায়েন ও না-ভোটের প্রস্তাব-যুগান্তর
- বিদেশি শ্রমবাজারে দুঃসংবাদ বাড়ছেই-মানবজমিন
- মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- গুজরাট মাদক পাচারে ১০০ কোটি টাকা ঢুকত খোদ কলকাতাতেই!-সংবাদ প্রতিদিন
- রাজনাথকে সরিয়ে শাহকে স্বরাষ্ট্রে চান মোদি-আজকাল
- দুর্নীতিগ্রস্ত আমলাদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
সুশীল সমাজের সাথে ইসির সংলাপের খবরটি আজকের প্রায়সগুলো জাতীয় ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে যুগান্তরের শিরোনাম করা হয়েছে-নির্বাচনে সেনা মোতায়েন ও না-ভোটের প্রস্তা সুশীল সমাজের প্রতিনিধিদের।
আজ বেলা ১১টার দিকে নির্বাচনের রোডম্যাপ, আইন সংস্কার, সীমানা নির্ধারণসহ অন্যান্য বিষয়ে মতামত নিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেয় ইসি। এসময় সুশীল সমাজের সদস্যরা এসব প্রস্তাবনা দেন।
অস্ত্রোপচারেও চোখের আলো ফিরবে না সিদ্দিকুরের-প্রথম আলো
ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের অস্ত্রোপচারের পরও চোখের আলো ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক লিংগম গোপাল। পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসক লিংগম গোপাল জানান, অস্ত্রোপচার করেও কিছু হবে না। সিদ্দিকুর রহমানের সহপাঠী শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, তিনি বেলা ১টা ৪০ মিনিট থেকে ২টা পর্যন্ত ছিদ্দিকুর রহমান ও সঙ্গে থাকা বড় ভাই নায়েব আলীর সঙ্গে মেসেঞ্জারে কথা হয়েছে। অস্ত্রোপচার করেও কিছু হবে না—চিকিৎসক এ কথা জানানোর পর দীর্ঘক্ষণ কক্ষে বসে কান্না-কাটি করেছেন সিদ্দিকুর রহমান। তারা ভেঙে পড়েছেন।
ই-ভিসা জটিলতায় আজ বাতিল ২টি হজ ফ্লাইট-ইত্তেফাকের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ই-ভিসা জটিলতার ফলে হজযাত্রী সংকটের কারণে এখন প্রতিদিনই বাতিল হচ্ছে নিয়মিত হজ ফ্লাইট। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি সিডিউল হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুইটি হলো, বিজি-৩০৩৯ ও বিজি-৩০৩১। এনিয়ে বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হলো। এসব ফ্লাইটের হজযাত্রীদের ভিসা জটিলতা কাটলে অন্য ফ্লাইটে তাদের পাঠানো হবে বলে জানান হয়েছে।
বিদেশি শ্রমবাজারে দুঃসংবাদ বাড়ছেই-মানবজমিন
বিদেশে শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ বাড়ছে। সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে একের পর এক আসছে খারাপ খবর। বাংলাদেশি শ্রমিকদের ফিরিয়ে আনতে নতুন নতুন দেশ থেকে তালিকা ধরিয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, দ্রুত অবৈধ শ্রমিকদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করো। অন্যথায় ভিসা নিষিদ্ধসহ নানা বার্তা দেয়া হচ্ছে। শ্রম বাজারে গত এক মাসের চিত্র খতিয়ে দেখলে এমনটাই আভাষ মিলেছে
জলাবদ্ধতা দূর করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা-যুগান্তর
যুগান্তরে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, রাজধানীর জলাবদ্ধতা দূর করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মিত বক্স কালভার্ট খুলে দিয়ে এর ওপর উড়ালসেতু বানানোর কথা বলেছেন তিনি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনাকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হেভি ড্রেজিং মেশিন দিয়ে খনন করারও নির্দেশনা দেন। ড্রেজিং করা বালু বিক্রির ব্যবস্থা করার জন্যও তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
শ্রোতাবন্ধুরা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রাজনাথকে সরিয়ে শাহকে স্বরাষ্ট্রে চান মোদি-আজকাল
বিজেপি সভাপতি অমিত শাহ গুজরাট থেকে রাজ্যসভায় আসছেন। সংসদের চলতি বাদল অধিবেশনের পর, ১৭ আগস্টের আশেপাশে মোদি–মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে চলেছে। জোর জল্পনা, মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন শাহ। বিজেপি সূত্রের খবর, অমিত শাহকে মন্ত্রিসভায় এনে আসলে অরুণ জেটলির ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরাতে চান রাজনাথ সিংকে। পুরনো সঙ্গী অমিত শাহকেই নাকি দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান মোদি। সেক্ষেত্রে রাজনাথ সিংকে দেওয়া হতে পারে প্রতিরক্ষা মন্ত্রক।
সংসদে গোরক্ষকদের নিয়ে আক্রমণাত্মক খাড়গে-আজকালের শিরোনাম
লোকসভার বাদল অধিবেশনের ১১তম দিনে গণপিটুনি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি অভিযোগ করেন ‘গোরক্ষকদের গণপিটুনিতে প্রচ্ছন্ন মদত দিচ্ছে মোদি সরকার। মুখেই কেবল ঘটনার নিন্দা করা হচ্ছে আর কড়া ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়া হয়নি। আর এতেই সাহস বাড়ছে অভিযুক্তদের। খাড়গের আরও অভিযোগ বিজেপির দুটি শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ( ভিএইচপি) এবং বজরং দল এই কাজে মদত দিচ্ছে। ঝাড়খণ্ড আর মধ্যপ্রদেশ গণপিটুনির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দুর্নীতিগ্রস্ত সরকারি আমলাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মোদি সরকারের-সংবাদ প্রতিদিন
ক্ষমতায় আসার আগে থেকেই বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের পাশাপাশি গোটা দেশে দুর্নীতি রোধের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আমলে যে দেশে দুর্নীতি আগের তুলনায় অনেকটাই কমেছে, সেকথা পরবর্তীকালে জানিয়েওছেন। এবার এ ব্যাপারে ফের নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদি সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে, যে সমস্ত কর্মীর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকা কিংবা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে, তাদের নামের তালিকা প্রত্যেকটি সরকারি দপ্তর এবং মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আগামী ৫ আগস্টের মধ্যে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। তালিকায় যাদের নাম থাকবে, ১৫ আগস্টের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১