আগস্ট ০৫, ২০১৭ ১২:৫৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৫ আগস্টশনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সারাদেশে বেড়েছে খুন ধর্ষণের মতো অপরাধ-ইত্তেফাক
  • দাম বেড়েছে আদা পিঁয়াজের-ইত্তেফাক
  • পেঁয়াজের দামে এত ঝাঁজ!-প্রথম আলো
  • হত্যা মামলায় বনশ্রীর বাড়ি থেকে গৃহকর্ত্রী গ্রেপ্তার-প্রথম আলো
  • বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না: মওদুদ- যুগান্তর
  • অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল-রিজভী-মানবজমিন
  • ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত-ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
  • শতাধিক নারীকে শারীরিক সম্পর্কে বাধ্য করে ভণ্ডপীর পিয়ার-কালের কণ্ঠ
  • ষোড়শ সংশোধনী সংসদে পাসের কথা আবারো বললেন অর্থমন্ত্রী-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পাহাড়ে বড় ধাক্কা গুরুংকে, মোর্চা যুব নেতা গ্রেপ্তার-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • মোদিকে কটাক্ষ রাহুলের-আজকাল
  • জম্মু-কাশ্মীরের সোপোরে সেনা বাহিনীর হাতে তিন লস্কর সন্ত্রাসীকে নিহত-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

সারাদেশে বেড়েছে খুন ধর্ষণের মতো অপরাধ-ইত্তেফাক

সারা দেশে খুন, ধর্ষণ, ডাকাতির মতো অপরাধের সংখ্যা বেড়েছে। গত তিন মাসে (এপ্রিল-জুন ২০১৭) সারাদেশে খুন হয়েছে ৯৫০ জন আর ধর্ষণের ঘটনা ঘটেছে ১১০৯টি। অর্থাত্, প্রতিদিন গড়ে খুনের ঘটনা ঘটছে ১০টি আর ধর্ষণের ঘটনা ১২টি। এ তথ্য খোদ পুলিশ সদর দফতরের। গত সপ্তাহে ত্রৈমাসিক অপরাধ সভায় উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়। তবে পুলিশ দাবি করেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আতংকিত হবার কিছু নেই।

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল-মানবজমিন

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার সামিল ও আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্খমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্য অশুভ ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন তিনি। আজ সকালে নয়াপল্টনে এক ব্রিফিং এসব কথা বলেন রিজভী।  তিনি বলেন, ‘বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না।

বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না: মওদুদ-যুগান্তর/ইত্তেফাক

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না, তা করতে চাইলেও পারবেন না। অতীতেও কেউ পারেনি। এখানে হাত দিলে হাত পুড়ে যায়। শনিবার  জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন। বিএনপির এ নেতা বলেন, সরকারের সিনিয়র এক মন্ত্রী বলেছেন- যতবার ষোড়শ সংশোধনী বাতিল করা হবে ততবার এটা সংসদে পাশ করবো।

ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত-ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

দল পরিচালনায় ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি আরো বলেন, বিএনপি এতো ব্যর্থ দল, নেতারা তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। 

হত্যা মামলায় বনশ্রীর বাড়ি থেকে গৃহকর্ত্রী গ্রেপ্তার-প্রথম আলো

রাজধানীর বনশ্রী এলাকায় গৃহকর্মী লাইলী বেগমের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গৃহকর্ত্রী সাহানা বেগমকে আজ শনিবার দুপুরে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গৃহকর্তা মইনুদ্দিন ও বাড়ির তত্ত্বাবধায়ক তোফাজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বনশ্রীর ৪ নম্বর সড়কে জি ব্লকের একটি বাসায় গৃহকর্মী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লাইলীকে হত্যার অভিযোগ এনে তাঁর পরিবার ও এলাকার বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতে হামলা চালায় এবং সড়কে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান।

দ্রব্যমূল্য নিয়ে ইত্তেফাকের খবরের শিরোনাম এরকম- দাম বেড়েছে আদা পিঁয়াজের, আর প্রথম আলো লিখেছে- পেঁয়াজের দামে এত ঝাঁজ!

খবরটিতে বলা হয়েছে, পিঁয়াজের ঝাঁজে নাকাল ক্রেতারা। হঠাত্ করেই নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম বাড়ছে লাগামহীনভাবে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবেই গতকাল শুক্রবার দাম বাড়ার এই তথ্য তুলে ধরা হয়েছে। তবে কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দাম বেড়েছে আরো বেশি। এ ছাড়া সামনেই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে চাহিদা বাড়ায় দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির। এদিকে পিঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আদার। প্রতি কেজি আদায় মানভেদে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়।

শতাধিক নারীকে শারীরিক সম্পর্কে বাধ্য করে ভণ্ডপীর পিয়ার-কালের কণ্ঠ

ভণ্ডপীর আহসান হাবিব পিয়ার শতাধিক নারীকে শারীরিক সম্পর্কে বাধ্য করে তা আবার ভিডিও করে। আর তাকে এ কাজে সহযোগিতা করে তার কয়েকজন সহযোগী। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে ভণ্ডপীর আহসান হাবিব। গতকাল শুক্রবার ওই ভণ্ডপীরের দুই দিনের রিমান্ড শেষ হয়েছে  এ ব্যাপারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সাইবার ক্রাইম) অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, 'দুই দিনের জিজ্ঞাসাবাদে ভণ্ডপীর আহসান হাবিবের নারী কেলেঙ্কারি ও প্রতারণার অনেক তথ্য মিলেছে। ’

তিনি বলেন, ‘ভণ্ডপীর যখন নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, তখন তা ভিডিও করত তার বেশ কয়েকজন সহযোগী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার নারীদের কথার জাদুতে ফেলে এসব অপকর্ম চালাত সে। হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়াশোনা শেষ করে গত তিন বছর ধরে সে এসব অপকর্ম করে আসছে। ’

শ্রোতাবন্ধুরা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

জম্মু-কাশ্মীরের সোপোরে সেনা বাহিনীর হাতে তিন লস্কর সন্ত্রাসীকে নিহত-আনন্দবাজার

জম্মু-কাশ্মীরের সোপোরে রাতভর সেনাদের সাথে সংঘর্ষে তিন লস্কর সন্ত্রাসী নিহত। দু’পক্ষের গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবলও। সেনা সূত্রে খবর, জঙ্গিদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

পাহাড়ে বড় ধাক্কা গুরুংকে, মোর্চা যুব নেতা গ্রেপ্তার-সংবাদ প্রতিদিন

পাহাড়ে বড়সড় পদক্ষেপ নিল সিআইডি৷ গ্রেপ্তার করা হল মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা তথা তাকদা ক্যান্টনমেন্টের প্রাক্তন জিটিএ সভাসদ নরবু লামাকে৷ শুক্রবার রাতে তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি৷ পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গত আট জুন দার্জিলিংয়ের ভানু ভবনে পুলিশের উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত নরবু৷ এছাড়াও তার বিরু‌দ্ধে অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, অগ্নিসংযোগ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।

মোদিকে কটাক্ষ রাহুলের-আজকাল

গুজরাটে তাঁর গাড়িতে হামলার পরদিন মোদি, বিজেপি এবং আরএসএসকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, শুক্রবার তাঁর গাড়ি লক্ষ্য করে যে পাথর ছোড়া হয়েছিল, তাতে আঘাত পেয়েছেন তাঁর নিজস্ব দেহরক্ষী। এটাই প্রধানমন্ত্রী, বিজেপি এবং আরএসএসের রাজনীতির পথ। কেউ এ ব্যাপারে কিছু করতে পারবে না। মোদিকে কটাক্ষ করে রাহুলের মন্তব্য, যখন কেউ কোনও ঘটনা ঘটায়, সে নিজে কীভাবে তার সমালোচনা করতে পারে। শুক্রবারের ঘটনার প্রতিবাদে শনিবার সকালে আহমেদাবাদে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেসের কর্মী, সমর্থকরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫