আগামী ৮-৯ বছরে শেষ হয়ে যাবে দেশের সব গ্যাস
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সড়কে নৈরাজ্য আগের মতোই-দৈনিক প্রথম আলো
- র্যাবের সাবেক অধিনায়ক লে. ক. হাসিনুরকে তুলে নেয়ার অভিযোগ -দৈনিক ইত্তেফাক
- বিশ্ববিদ্যালয়ে ভর্তি, নিয়োগে ডিজিটাল জালিয়াতি-ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে দিতেন বিকেএসপির সহকারি পরিচালক -দৈনিক মানবজমিন
- বিএনপি এখন পরগাছা দল : নৌমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
- আগামী ৮-৯ বছরে শেষ হয়ে যাবে দেশের সব গ্যাস: নসরুল হামিদ -দৈনিক প্রথম আলো
- ১৬ আগস্টের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশ -দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- কড়া আর্থিক সংস্কারের প্রশ্নে সঙ্ঘের চাপে নতিস্বীকার মোদীর-দৈনিক আনন্দবাজার
- রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের পদে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং-সংবাদ প্রতিদিন
- বেলপাহাড়িতে ঝাড়খণ্ড থেকে মাওবাদী আনা হচ্ছে, অশান্তির ষড়যন্ত্রের অভিযোগ মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সড়কে নৈরাজ্য আগের মতোই-প্রথম আলো
সরকারের আশ্বাসে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও শৃঙ্খলা ফেরেনি রাজধানীর সড়কে। সড়কে যানবাহনচালক এবং পথচারীদের নিয়ম অমান্য আগের মতোই চলছে। পুলিশ বিশেষ ট্রাফিক সপ্তাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ অভিযান চালালেও সড়কে নৈরাজ্য একটুও কমেনি। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে- ঢাকায় ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন অটোরিকশাচালকেরা।
তাছাড়া, সড়ক পরিবহন আইন-গণপরিবহনে শৃঙ্খলার বিষয়টি উপেক্ষিত এ শিরোনামের খবরে প্রথম আলো আরো লিখেছে,
বাস-মিনিবাস চলাচলের অনুমোদন প্রক্রিয়া সংস্কার ও ভাড়া নির্ধারণের মতো বিষয়গুলো প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে স্পষ্ট করা হয়নি। গণপরিবহনে শৃঙ্খলা রক্ষার জন্য এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ ও সড়কে শৃঙ্খলার দাবিতে সোচ্চার সংগঠনগুলো বলছে, প্রস্তাবিত আইনে যাত্রীদের প্রতিনিধিত্ব উপেক্ষিতই থেকে গেল।
র্যাবের সাবেক অধিনায়ক লে. ক. হাসিনুরকে তুলে নেয়ার অভিযোগ-দৈনিক ইত্তেফাক
র্যাব-৭ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে (অবঃ) ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার। বুধবার রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে থেকে তাকে মাইক্রোবাসে করে তুলে নেয়া হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছুই জানাতে পারেননি পল্লবী থানার ওসি নজরুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, হাসিনুর রহমান তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। সেটি যাচাইবাছাই করা হচ্ছে। আমি যতটুকু শুনেছি তার সঙ্গে পূর্বে জঙ্গিদের সংশ্লিষ্টতার অভিযোগ ছিলো। এসব বিষয়ও তদন্ত করা হচ্ছে। তাকে তুলে নেয়ার বিষয়টি ডিবি পুলিশও অস্বীকার করেছে।
আগামী ৮-৯ বছরে শেষ হয়ে যাবে দেশের সব গ্যাস: নসরুল হামিদ-দৈনিক প্রথম আলো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পূর্বাভাস অনুযায়ী দেশের গ্যাসক্ষেত্রগুলোর মজুত হ্রাস পেতে শুরু করেছে। আট থেকে নয় বছরের মধ্যে দেশের গ্যাসসম্পদ নিঃশেষ হয়ে যাবে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আজ বুধবার প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, একটি বা দুটি গ্যাসক্ষেত্র এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে এবং বাকিগুলোও শেষ হওয়ার পথে। তিনি বলেন, ‘দেশের সব গ্যাসক্ষেত্র আট থেকে নয় বছরের মধ্যে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আমরা নতুন কোনো গ্যাসক্ষেত্র খুঁজে পাইনি। বহু দেশেই প্রাকৃতিক কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।’
বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মোট ২৩টি গ্যাসক্ষেত্র আছে। এসব গ্যাসক্ষেত্র থেকে এখন প্রতিদিন ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। তবে দেশে প্রতিদিনে গ্যাসের চাহিদার পরিমাণ ৩৭০০ মিলিয়ন ঘনফুট। সেই হিসাবে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি আছে।
১৬ আগস্টের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশ-দৈনিক যুগান্তর
তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধ করতে কারখানা মালিকদের নির্দেশনা দিয়েছে সরকার।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, শ্রমিকদের জুলাইয়ের বেতন ১০ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে এবং বোনাস দিতে হবে ১৬ আগস্টের মধ্যে। তিনি বলেন, আর শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানা এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ও কারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ‘ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক কোর কমিটি’র বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।
বরাবরের মতোই পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদুল ফিতরের আগে নেয়া সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি, নিয়োগে ডিজিটাল জালিয়াতি-ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে দিতেন বিকেএসপির সহকারি পরিচালক -দৈনিক মানবজমিন
ডিভাইস ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিসিএস পরীক্ষা, ব্যাংক ও সরকারি চাকরির নিয়োগ প্রার্থীদের কাছে প্রশ্ন ও উত্তরপত্র পৌছে দিতেন বিকেএসপির সহকারি পরিচালক অলীপ কুমার বিশ্বাস। ডিভাইস চক্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান। অলীপ কুমার বিশ্বাসসহ ডিজিটাল জালিয়াত চক্রের ৯ সদস্যকে বুধবার রাতে গ্রেফতার করেছে সিআইডি। শারমিন জাহান বলেন, ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত দুটি চক্র।
ইত্তেফাক পত্রিকার অনলাইন সংস্করণের দুটো খবর তুলে ধরছি।
নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে’এ শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট নানা চক্রান্ত শুরু করেছে। তাই দলীয় নেতাকর্মীদের আগামী কয়েক মাস সব সময়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আগামী কয়েক মাস পর জাতীয় সংসদ নির্বাচন। তাই ষড়যন্ত্র শুরু হয়েছে। আগস্ট মাস আসলেই বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করে। আর নয়া দিগন্তের খবরে বলা হয়েছে, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বিএনপি এখন একটি পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশে বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে প্রবেশ করে তাতে তারা (বিএনপি) শুধু উস্কানি দেয়।
অন্য খবরটির শিরোনাম হচ্ছে- সরকার দিনরাত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তাদের নিজস্ব মিডিয়া দিয়ে বিএনপির বিরুদ্ধে দিনরাত নোংরা অপপ্রচারে মেতে উঠেছে। গুজবের আশ্রয় নিয়েছে। জনমনকে বিভ্রান্ত করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য সরকারি প্রপাগান্ডা মেশিন দিনরাত কাজ করছে। তারা পত্রপত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্জলা মিথ্যাচার ছড়াচ্ছে। এমনকি নিজস্ব মিডিয়া দিয়ে ছাত্র আন্দোলনের সহিংসতায় বিএনপিকে জড়াতে কুৎসিত অপকৌশলের আশ্রয় নিয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কড়া আর্থিক সংস্কারের প্রশ্নে সঙ্ঘের চাপে নতিস্বীকার মোদীর-দৈনিক আনন্দবাজার
ক্ষমতায় এসে কড়া আর্থিক সংস্কারের ইচ্ছে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী। যোজনা কমিশন ভেঙে তৈরি নীতি আয়োগের মাথায় এনেছিলেন জগদীশ ভগবতীর শিষ্য অরবিন্দ পানাগড়িয়াকে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা করা হয়েছিল অরবিন্দ সুব্রহ্মণ্যনকে।
দুই অরবিন্দই বিদায় নিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক ছেড়ে গিয়েছেন রঘুরাম রাজন। এ বার সেই রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডে আরএসএস-ঘনিষ্ঠ এস গুরুমূর্তি ও সতীশ মরাঠেকে নিয়োগ করে মোদী আসলে সঙ্ঘের কাছে আত্মসমর্পণ করলেন, মনে করছে বিজেপিরই একাংশ। তাঁদের কথায়, এত দিন মূলত শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রেই সঙ্ঘের লোকেদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছিল। এ বার অর্থনৈতিক ক্ষেত্রেও সঙ্ঘ-অনুগতরা ঢুকে পড়লেন। কংগ্রেস আজ প্রশ্ন তুলেছে, সঙ্ঘ পরিবার কি রিজার্ভ ব্যাঙ্ককে নিয়ন্ত্রণে আনতে চাইছে।
বেলপাহাড়িতে ঝাড়খণ্ড থেকে মাওবাদী আনা হচ্ছে, অশান্তির ষড়যন্ত্রের অভিযোগ মমতার-দৈনিক আজকাল
ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তাই বুঝিয়ে দিলেন ঝাড়খণ্ড থেকে মাওবাদী আমদানি করে নতুন করে অশান্তি ছড়ানো যে প্রচেষ্টা চলছে তা তিনি জানেন। কিষেণজিকে নিকেশ করার পর গত সাত বছরে যে শান্তি বিরাজ করছে জঙ্গলমহলে তা আর সহ্য করতে পারছেন না একটি শ্রেণি। সেকারণে গত কয়েক মাস ধরে বেলপাহাড়িতে নতুন করে মাওবাদী আতঙ্ক তৈরি করা হচ্ছে। ঝাড়খণ্ড প্রতিবেশী রাজ্য। সেখানকার বাসিন্দাদের ভাইবোনের মতই মনে করেন তিনি। কিন্তু কোনও রকম সন্ত্রাসবাদ তিনি বরদাস্ত করবেন না। এই ষড়যন্ত্রের নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের একপ্রকার সতর্ক করেছেন তিনি।
রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের পদে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং-দৈনিক সংবাদ প্রতিদিন
রাজ্যসভায় শেষ হাসি হাসল এনডিএ। ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং। ১২৫ ভোটে পেয়েছেন তিনি। রাজ্যসভায় বিরোধী কংগ্রেস প্রার্থী বিকে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট। ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে ভোটদানে বিরত থেকেছেন পিডিপি ও আপের দুই সাংসদ। নির্বাটনে জয়ী হওয়ায় এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘আজ থেকে সবকিছু হরির ভরসায়।’ ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে জয়ী জেডিইউ সাংসদকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
রাজ্যসভায় মোদি আরও বলেন, ‘সংসদে খেলোয়াড়দের সংখ্যা নগন্য। এখানে আম্পায়ারই বেশি। নতুন ডেপুটি চেয়ারম্যানকে তাঁদের সামলাতে হবে। তবে তিনি পারবেন। আজ থেকে সবকিছু হরির ভরসাতেই থাকবে।’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯