গণপরিবহনে নৈরাজ্য: নড়বড়ে বাসগুলোর শহরময় দাপাদাপি
প্রিয় পাঠক/শ্রোতা! ১০ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- গণতন্ত্র সুসংহতকরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
- গণপরিবহনে নৈরাজ্য: নড়বড়ে বাসগুলোর শহরময় দাপাদাপি- দৈনিক প্রথম আলো
- রোহিঙ্গাদের জাতিগত নির্মূল, আইসিসিকে জবাব দেবে না মিয়ানমার- দৈনিক যুগান্তর
- ড. কামাল হোসেনরা মার্কিনীদের নিয়ে সরকার পতনের যড়যন্ত্র করছে : আইনমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত
- সরকার বিএনপি ফোবিয়ায় ভুগছে: মির্জা ফখরুল- দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- কাঁওয়ার যাত্রার জন্য পুলিশের ‘লাল কার্ড’, উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ল ৭০ মুসলিম পরিবার- দৈনিক আনন্দবাজার
- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটে থাকবে না আপ: কেজরিওয়াল- দৈনিক আজকাল
- বিপর্যস্ত কেরল: প্রবল বৃষ্টিতে মৃত ২২- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
গণতন্ত্র সুসংহতকরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। গতকাল কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছি, বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা বলেন। এ সময় কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার ব্যাপারে তার সংস্থা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বিগত সাড়ে ৯ বছরে উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে প্রায় ৬ হাজারেরও বেশি নির্বাচন হয়েছে। এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার সফলভাবে এই সামাজিক ব্যাধি মোকাবিলা করেছে।
সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। আমাদের সন্তানরা যাতে সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখছি। প্রধানমন্ত্রী বলেন, একেবারে তৃণমূল পর্যায় থেকে নারীর ক্ষমতায়ন করা হয়েছে এবং এই নারী সমাজের একটি বড় অংশ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি বলেন, ‘আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে নারী পুরুষ নির্বিশেষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করছি।
রোহিঙ্গাদের জাতিগত নির্মূল, আইসিসিকে জবাব দেবে না মিয়ানমার- দৈনিক যুগান্তর

রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়ার প্রশ্নে মামলার বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আছে কিনা জানতে চেয়ে একজন কৌঁসুলি যে আবেদন করেছেন, তাকে অর্থহীন বলে আখ্যায়িত করেছে মিয়ানমার। দেশটি বলেছে, ওই আবেদন খারিজ করে দেয়া উচিত।
বিচারিক এখতিয়ারের প্রশ্নে মিয়ানমারের জবাব জানতে গত ২৭ জুলাই সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির দফতর বলেছে, আইসিসির প্রশ্নের আনুষ্ঠানিক কোনো জবাব তারা দেবে না। মিয়ানমার কেন এ প্রক্রিয়ায় যুক্ত হবে না- তার একটি ব্যাখ্যাও বিবৃতিতে দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আইসিসির কৌঁসুলি ফাতোও বেনসুদার ওই আবেদন মিয়ানমারের ওপর বিচারিক এখতিয়ার পাওয়ার একটি পরোক্ষ চেষ্টা হয়ে থাকতে পারে, যদিও মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যই নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের এ বিবৃতির বিষয়ে আইসিসির প্রতিক্রিয়া তারা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তার বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের আছে কি না- তা জানতে চেয়েছেন হেগের ওই আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা গত এপ্রিলে আবেদন করেন।
ড. কামাল হোসেনরা মার্কিনীদের নিয়ে সরকার পতনের যড়যন্ত্র করছে : আইনমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ড. কামাল হোসেনরা মার্কিনীদের নিয়ে সরকার পতনের যড়যন্ত্র করছে। স্কুলশিক্ষার্থীদের সকল দাবি প্রধানমন্ত্রী মেনে নেয়ার পরও তারা সরকার পতনের নতুন যড়যন্ত্রে লিপ্ত হয়। এই যড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে ঢাকার একটি বাসায় ড. কামাল হোসেনরা সভা করে।
মন্ত্রী আরো বলেন, এই ঘটনার পর তার (মন্ত্রী) মোবাইলে ক্ষুদ্র বার্তায় জানানো হয়- ‘ক্ষমতা তো গেছে, বেরুবেন কোন দিকে?’। আইনমন্ত্রী এ নিয়ে হুঁশিয়ার করে বলেন, আমরা জনগণ নিয়ে কাজ করি, ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের মন ছোট নয়; বিশাল।
আজ শুক্রবার সকাল ১১টায় আখাউড়া মোগড়া হাইস্কুলে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে জংশনে নেমে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করেন।
গণপরিবহনে নৈরাজ্য: নড়বড়ে বাসগুলোর শহরময় দাপাদাপি- দৈনিক প্রথম আলো

গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে যেখানে ট্রাফিক পুলিশের অবস্থান, সেখান থেকেই সদরঘাটের পথে চলে ব্রাদার্স পরিবহন। ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার পর ওই স্থানে ট্রাফিক পুলিশের তৎপরতাও ব্যাপক। অথচ সেখানেই হালনাগাদ কাগজপত্র ছাড়া চলছে ব্রাদার্স পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৪০৯২ নম্বরের একটি মিনিবাস।
হেডলাইট দূরে থাক, সামনে কোনো লাইটই নেই। ডানে-বাঁয়ে মোড় নেওয়ার জন্য যে সংকেত বাতি, তা-ও নেই। বাসের সারা গায়েই আঁচড়, রংচটা। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে পর্বত সিনেমা হলের সামনে যাত্রীর জন্য হাঁকডাক দিচ্ছিলেন এই বাসের চালকের সহকারী।
এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়ে জানা যায়, এ বাসটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১২ সালের জুলাই মাসে। সরকারি ট্যাক্সও ২০১২ সাল পর্যন্ত বকেয়া। চলাচলের কোনো অনুমোদন (রুট পারমিট) নেই।
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে বেপরোয়া বাসচালকের চাপা দেওয়া এবং এরপর শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর গণপরিবহনের আসল চরিত্র বেরিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনব্যবস্থায় গলদ থাকায় পুলিশের ট্রাফিক সপ্তাহ ঘোষণা ও মালিক-শ্রমিক সংগঠনগুলো থেকে শৃঙ্খলা আনার একগুচ্ছ আশ্বাসের পরও লক্কড়ঝক্কড় যান চলাচল করছে। আইনের প্রয়োগে দুর্বলতা, নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএর দুর্নীতি ও সক্ষমতার অভাব এবং ব্যবস্থার গলদ বন্ধ না হলে নৈরাজ্য বা বিশৃঙ্খলা বদলাবে না।
আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি- দৈনিক সমকাল

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে 'অনুপ্রবেশকারীদের' চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনে পুলিশের নারী ব্যারাক, নতুন পুলিশ ফাঁড়ি ভবন ও পুলিশ লাইন জামে মসজিদ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
আইজিপি বলেন, 'সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে দেশে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। বাকি যারা জড়িত আছে তাদেরও আটক করা হবে।'
চাঁদপুর পুলিশ লাইনে পুলিশের নারী ব্যারাক, নতুন পুলিশ ফাঁড়ি ভবন ও পুলিশ লাইন জামে মসজিদের উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী— সমকাল
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আপনারা দেখছেন অনুপ্রবেশকারীদের নিশ্চিতভাবে চিহ্নিত করেছি। চিহ্নিত করার প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। মামলা করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে রিমান্ডে নেয়া হয়েছে এবং এ প্রক্রিয়া একদম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।'
সরকার বিএনপি ফোবিয়ায় ভুগছে: মির্জা ফখরুল- দৈনিক ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার এখন বিএনপি ফোবিয়ায় ভুগছে। যেখানে যা কিছু পায় সবকিছুর মধ্যেই তারা বিএনপিকে দেখতে পায়। আমার মনে হয় বিএনপির চিন্তায় তাদের ঘুম পর্যন্ত আসে না।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে সরকার প্রার্থী, ভোটার ও ভোট ছাড়া নিজেরাই নিজেদের নির্বাচিত ঘোষণা করে, জোর করে রাষ্ট্র চালাতে লজ্জা বোধ করে না, তাদের কাছ থেকে পক্ষপাতমূলক বক্তব্য ও আচরণ ছাড়া আর কী আশা করা যেতে পারে?
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন মাত্রা সৃষ্টি করেছে। সতীর্থদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা যুগান্তকারী এই আন্দোলন শান্তিপূর্ণ ও গাড়ির কাগজপত্র চেক করার মতো গঠনমূলক। উপযুক্ত কাগজপত্র না থাকায় মন্ত্রী, বিচারপতি, পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি শিক্ষার্থীদের সমআচরণ ছিল দৃষ্টান্তমূলক ও শিক্ষণীয়।
তিনি অভিযোগ করেন, সরকারি দলের সিদ্ধান্তেই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা পুলিশের ছত্রছায়ায় হেলমেট ও মুখোশ পরে অগ্নেয়াস্ত্র, লাঠি, কিরিচ, রামদা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অমানবিক ও বর্বোরোচিত হামলা চালিয়েছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
কাঁওয়ার যাত্রার জন্য পুলিশের ‘লাল কার্ড’, উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ল ৭০ মুসলিম পরিবার- দৈনিক আনন্দবাজার
শিবভক্তদের উপর পুষ্পবৃষ্টির পর এ বার কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে ২৫০টি পরিবারকে ‘লাল কার্ড’ দেখিয়ে ফের বিতর্কে জড়াল উত্তরপ্রদেশ পুলিশ। লাল কার্ড দেখানো পরিবারের মধ্যে ৭০টি মুসলিম পরিবার নিরাপত্তার অভাবে গ্রাম ছেড়েছে বলে খবর।
উত্তরপ্রদেশের খইলাম গ্রামের ভিতর দিয়ে কাঁওয়ার যাত্রা, অর্থাৎ কাঁধে বাঁক নিয়ে ভক্তেরা মহাদেবের মাথায় জল ঢালতে যান। এই গ্রাম মুসলিম অধ্যুষিত। গত বছর গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় কাঁওয়ার যাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ঘটনায় জখম হয়েছিলেন অনেকে। এর পর হামলায় অভিযুক্ত হিসাবে পুলিশ ২৫০ পরিবারের প্রতিটি থেকে অন্তত এক জন করে আটক করে। যাঁদের বেশিরভাগই ছিলেন মুসলিম।
পুলিশ জানিয়েছে, চলতি বছরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ২৫০ পরিবারকে আগাম সতর্ক করা হয়েছে। তাই তাঁদের ‘লাল কার্ড’ দেওয়া হয়েছে। ‘প্রতীকী’ ৫ লক্ষ টাকার বন্ডে এই লাল কার্ড দেওয়া হয়েছে।তাঁরা যে পুলিশের নজরে রয়েছে তা বোঝানোর জন্যই লাল কার্ড, জানিয়েছেন সিনিয়র এসপি মুনিরাজ জি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটে থাকবে না আপ: কেজরিওয়াল- দৈনিক আজকাল

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে জেডিইউ প্রার্থীকে জিতিয়ে এনে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা সম্ভব হয়েছিল কেজরিওয়ালের দল এই নির্বাচনে নিজেদের বিরত রাখার ফলে। এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটে থাকবে না আম আদমি পার্টি বলে জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ক্ষোভটা তাদের কংগ্রেসের ওপর থাকলেও সিদ্ধান্তটা মোদি–শাহ জুটিকে চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এতদিন যিনি বিজেপি বিরোধী মিছিলে সামনের সারিতে ছিলেন এখন তিনিই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। নেতৃত্ব দেওয়া তো দূরের কথা ফেডারাল ফ্রন্টে সামিলই হবেন না কেজরিওয়াল!
আপ প্রধান জানিয়ে দিলেন অবিজেপি জোট তৈরি করে ২০১৯ লোকসভা নির্বাচন লড়ার যে প্রস্তাব রাখা হয়েছে তাতে তাঁরা নেই। তাঁর বক্তব্য, ‘দেশের উন্নয়নে কোনও ভূমিকাই নেয়নি বিরোধীরা। ২০১৯ সালের নির্বাচনে কোনও জোটেই থাকবে না আপ’। অরবিন্দ কেজরিওয়াল সাফ জানিয়ে দিলেন, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচন সহ–আগামী লোকসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতিতে হাঁটবেন তাঁরা।
বিপর্যস্ত কেরল: প্রবল বৃষ্টিতে মৃত ২২- দৈনিক বর্তমান

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। রাজ্যের নানা প্রান্তে বন্যার জেরে স্বাভাবিক জনজীবন প্রায় স্তব্ধ। ভূমিধসে এখনও পর্যন্ত অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ইদ্দুকি এবং ইদামালায়ার বাঁধ খুলে দেওয়ায় গোদের উপর বিষফোড়ার মতো অবস্থা হয়েছে। প্রশাসনিক তরফে আশঙ্কা করা হচ্ছে, ইদামালায়ার বাঁধের চারটি দরজাই খুলে দেওয়ায় পেরিয়ার নদীর জল বিপদসীমার ঊর্ধ্বে চলে যেতে পারে। যদিও রাজ্য দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে জানানো হয়েছে, পেরিয়ার নদী তীরবর্তী মানুষের আশঙ্কা করার কোনও কারণ নেই। তবে লাগাতার বৃষ্টিপাতে এরপর চেরুথনি বাঁধ ছাপিয়ে গেলে নতুন করে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর্নাকুলমে ইদামালায়ার বাঁধ এবং কোঝিকোড়েতে কাক্কায়াম বাঁধ খুলে দেওয়া হয়েছে।
রাজ্যের নিচু এলাকাগুলিতেই মূলত বন্যা পরিস্থিতি চরমে উঠেছে। উত্তর কেরলে জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের আরও দুই দল পাঠানো হয়েছে। অন্যদিকে খারাপ আবহাওয়ার কারণে দু’ঘণ্টা কোচি বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকার পর দুপুর আড়াইটে থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়। এর্নাকুলামের জেলাশাসক মহম্মদ ওয়াই সফিরুল্লা বিমানবন্দরের পরিস্থিতির দিকে নজর রাখছেন। জলের স্তর ইতিমধ্যেই বিমানবন্দরের ক্যানাল পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, আবহাওয়া দপ্তরের তরফে আগামী দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭