আগস্ট ১৯, ২০১৮ ১১:২৭ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৯ আগস্ট রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হাটে পর্যাপ্ত গরু- দৈনিক ইনকিলাব।
  • বস্তিগুলো বহুতল ভবন হবে: প্রধানমন্ত্রী- দৈনিক যুগান্তর
  • ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে’- দৈনিক মানবজমি
  • বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে: কাদের- দৈনিক সমকাল
  • ছাত্র আন্দোলন: জামিন পেলেন ১৬ শিক্ষার্থী- দৈনিক ইত্তেফাক
  • বঙ্গবন্ধুর খুনি রাশেদকে শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী- দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • পাক সেনাপ্রধানকে আলিঙ্গন, সিধুর মৃত্যুদণ্ড চাইল বিজেপির সংখ্যালঘু মোর্চা- দৈনিক আনন্দবাজার
  • বিজেপি–র স্থান নেই বাংলায়, মন্তব্য শিশিরের- দৈনিক আজকাল
  • তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ, পাহাড়ে চলছে পাখা- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

হাটে পর্যাপ্ত গরু- দৈনিক ইনকিলাব

ঈদের বাকি আর তিনদিন। রাজধানীর অস্থায়ী হাটগুলো এর মধ্যে কোরবানির পশুতে ভরে গেছে। গরু, মহিষ, উট, ছাগল এবং ভেড়া সবই হাটগুলোতে পর্যাপ্ত রয়েছে। তবে গতকাল পশুর হাটে দর্শনার্থী ছাড়া ক্রেতা খুব একটা ছিল না।

বিক্রেতারা বলছেন, আগামীকাল (আজ) থেকে বেচা কেনা কিছুটা শুরু হবে। ক্রেতারা এখন ঘুরে ফিরে দেখছেন, পছন্দ করছেন। এর মধ্যে টুকটাক বিক্রি হচ্ছে। পুরো বেচা-কেনার সময় এখনও হয়নি। এবারের ঈদে কোরবানীর গরুর সঙ্কট হবে বলে বাজারে যে কথা প্রচার ছিল, তা একেবারেই মিথ্য প্রমাণিত হয়েছে। রাজধানীর প্রতিটি হাটই দেশি গরুতে ছেয়ে গেছে। কোরবানির হাটের জন্য নির্দিষ্ট সীমানার বাইরে না যেতে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন থেকে বারবার কঠোর নির্দেশনা দেওয়া হলেও তা মানছেনা ইজারাদাররা। প্রভাবশালীদের দাপটে ক্রমেই হাটগুলো নির্ধারিত এলাকা ছেড়ে পাড়া-মহল্লা ও সড়কের ওপর চলে গেছে।

বস্তিগুলো বহুতল ভবন হবে: প্রধানমন্ত্রী- দৈনিক যুগান্তর

ঢাকা মহানগরীর আধুনিকায়নে তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর বস্তিগুলো বহুতল ভবনে প্রতিস্থাপিত হবে, যাতে করে নগরবাসী উন্নত স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবনযাপন করতে পারে।

রোববার সকালে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে কোনো বস্তি থাকবে না। এর স্থলে ২০ তলা করে ভবন গড়ে তোলা হবে। এখন যেমন বস্তিবাসী ভাড়া দিয়ে থাকেন, তেমনি তখন তারা ওসব ভবনেও দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে ভাড়া দিয়ে বসবাস করবেন।

তিনি বলেন, প্রতিদিন নানা প্রয়োজনে দরিদ্র মানুষকে রাজধানীতে আসতে হয়। আবার আমাদের দৈনন্দিন কাজেও এ শ্রমিক শ্রেণির প্রয়োজন পড়ে। তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে, সে জন্যই তাদের বসবাসের জন্য একটু ভালো পরিবেশের দরকার।

শেখ হাসিনা বলেন, বস্তিবাসী এখন বস্তিতে যে ভাড়া দিচ্ছে, সে ভাড়াতেই এখানে থাকবেন; অবশ্য তাদের ভাড়া দিয়েই থাকতে হবে। দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে, কাজেই তারও যেন সেই ছোঁয়াটা পায় সেটি আমাদের দেখতে হবে। তিনি বলেন, কেবল অবস্থাসম্পন্নদের জন্যই নয়, আমাদের উন্নয়ন সবার জন্য।

‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে’- দৈনিক মানবজমিন

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সেজন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। তবে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই শপথ নিয়েছে বিএনপি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  বিএনপির হাতে তো স্টিয়ারিং নেই। স্টিয়ারিং তো তাদের হাতে। এক-এগারোর সরকার তো তারা এনেছিল। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক এগারোর সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই এক্সপেরিয়েন্স তাদেরই আছে। এক এগারোর ষড়যন্ত্র তারাই করছে।

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে: কাদের- দৈনিক সমকাল

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর 'অজুহাত' খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে তারা যদি ২০১৪ সালের মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে।'

আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচন নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হতে পারে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না বলেও এসময় উল্লেখ করেন তিনি।

ছাত্র আন্দোলন: জামিন পেলেন ১৬ শিক্ষার্থী- দৈনিক ইত্তেফাক

পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছাত্রদের পক্ষা করা আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৯ আগস্ট) ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এবং সাইফুজ্জামান হিরু এসব শিক্ষার্থীকে জামিন দেন। গত ৯ আগস্ট দুই দিনের রিমান্ড শেষে এসব শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলের ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তা জুলহাস মিয়া ও ভাটারা থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান মাসুদ দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তখন তাদের কারাগারে পাঠান।

এসব শিক্ষার্থী বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত। যাদের প্রথম ১৪ জন বাড্ডা থানার মামলায় এবং শেষের ৮ জন ভাটারা থানার মামলার আসামি। এর আগে গত ৭ আগস্ট ২২ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বঙ্গবন্ধুর খুনি রাশেদকে শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী- দৈনিক যুগান্তর

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে বাংলাদেশে অত্যন্ত বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে। আমাদের এই সম্পর্কের উপর আস্থা রেখে বলতে পারি, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব হবে। শনিবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে আমি আগেও বলেছি আজও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে। আপনারা দেখেছেন ২০০৭ সালে তারা বঙ্গবন্ধুর এক খুনিকে ফিরিয়ে দিয়েছে। এখনো সেখানে একজন চিহ্নিত খুনি রয়েছে।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন সরকার এই খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ার সুযোগে সে অনেক আইনি লড়াইয়ের মধ্যে ছিল। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ফিরিয়ে দেয়ার বিষয়ে আমাদের সঙ্গে আলোচনারত রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারে সে বিষয়ে আলোচনা চলছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

পাক সেনাপ্রধানকে আলিঙ্গন, সিধুর মৃত্যুদণ্ড চাইল বিজেপির সংখ্যালঘু মোর্চা- দৈনিক আনন্দবাজার

ইমরান খানের শপথ অনুষ্ঠানের ফাঁকে ছবিটা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করায় কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুর মৃত্যুদণ্ড দাবি উঠল। দাবি তুলল, বিজেপির সংখ্যালঘু মোর্চা।

সিধুকে মোর্চা নেতা আফতাব আডবাণী ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে বলেছেন,  সিধু ভারতীয়দের কথা ভুলে গিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার থেকে ইমরানের শপথে যোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সিধুর। এই ধরনের মানুষের এ দেশে থাকার কোনও অধিকারই নেই।’’

অন্য দিকে, পাক সেনাপ্রধানকে আলিঙ্গন প্রসঙ্গে সিধু বলেন, ‘‘জেনারেল আমাকে আলিঙ্গন করেন। এবং বলেন, এটা শান্তির সময়। এটাই আমার স্বপ্ন।’’

তবে, সিধু যাই বলুন, বিতর্ক যে সহজে পিছু ছাড়ছে না, তার অভাস পাওয়া গিয়েছে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীরের কথায়। তিনি বলেন, ‘‘সিধু এক জন দায়িত্ববান রাজনৈতিক নেতা। এক জন মন্ত্রী। সিধুর উচিত ছিল পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে না বসা।’’ আহমেদ আরও বলেন, ‘‘কেন সিধু মাসুদ খানের পাশে বসলেন, সে উত্তর তিনি নিজেই দিতে পারবেন।’’

বিজেপি–র স্থান নেই বাংলায়, মন্তব্য শিশিরের- দৈনিক আজকাল

পঞ্চায়েত গঠনের আগেই দলবদল এগরায়। শনিবার এগরা ১ ব্লকের জেড়থানে তৃণমূলের রাজনৈতিক সম্মেলনে শাসক দলের ছত্রছায়ায় চলে এলেন নির্দলের দু’জন জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য। সকলেই জানিয়েছেন, তারা স্বেচ্ছায় দলবদল করেছেন। এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে রয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ১০টি আসন, নির্দল পেয়েছিল ৪টি এবং বিজেপি জিতেছিল ৩টি। তার মধ্যে দু’জন জয়ী নির্দল সদস্য আইয়ুব খান এবং রাজু খান তৃণমূলে চলে আসায় জেড়থান কার্যত বিরোধীশূন্য হয়ে গেল।

এ ছাড়াও এদিন শতাধিক নির্দল কর্মী–সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন তঁাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সাংসদ শিশির অধিকারী বলেন, ‘‌জেড়থান গ্রাম পঞ্চায়েতে আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমাদের সমর্থন প্রয়োজন ছিল না। উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন‌ এই দুই নির্দল প্রার্থী এবং তঁাদের সমর্থকরা।’‌ তিনি আরও বলেন, ‘‌এ রাজ্যে বিজেপির কোনও জায়গা নেই। যতদিন যাবে, মানুষের কাছে ততই স্পষ্ট হয়ে উঠবে ওদের চরিত্র। পঞ্চায়েতে ওরা ভুল বুঝিয়ে বহু মানুষকে কাছে টেনে ছিল। তৃণমূলকে ঠেকাতে বহু নির্দল প্রার্থীকে মাঠে নামিয়েছিল। তারা এখন বুঝতে পেরেছেন, উন্নয়নে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। তাই আবার তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দিনে আরও অনেকেই আসবেন। উন্নয়নের জন্য আমরা সকলকেই দলে স্বাগত জনাব।’‌

তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ, পাহাড়ে চলছে পাখা- দৈনিক বর্তমান

সকাল থেকেই চাঁদিফাটা রোদ আর সারা দিন ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন উত্তরবঙ্গবাসী। এমনকী গরমে কাবু শৈলশহর দার্জিলিংয়ের বাসিন্দারাও। সেখানে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পাহাড়ে এখন ফ্যান চালাতে হচ্ছে। সেখানে আইসক্রিমের বিক্রি বেড়ে গিয়েছে। সাধারণত প্রতিবছর এসময়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। কিন্তু এবার পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। পরিবর্তে তাপমাত্রার পারদ চরচর করে বাড়ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এমন আবহাওয়া আর সপ্তাহ খানেক থাকলে খেতের ফসলে ব্যাপক ক্ষতি হবে। রোগভোগের আশঙ্কাও বাড়ছে।

দার্জিলিংয়ে শীত উপভোগ করতেই পর্যটকরা ভিড় করেন। বারোমাস সেখানে পর্যটকদের যাওয়াআসা চলে। পাহাড়ে ফ্যানের ব্যবহার? এমন কথা শুনলে অবাকই হতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে দার্জিলিংয়ে গরম বেড়ে যাওয়ায় বিভিন্ন দোকান থেকে শুরু করে গৃহস্থ বাড়িতে দুপুরে ফ্যান চালাতে হচ্ছে। পাহাড়ে যা আগে দেখা যেত না সেই ফুটপাতের দোকানগুলিতে এখন আইসক্রিম বিক্রি হচ্ছে। বিভিন্ন বেকারি, রেস্তরাঁতেও আইসক্রিমের দেখা মিলছে। গরমে নাজেহাল হয়ে পড়েছেন পাহাড়বাসী। এদিন দুপুরে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের আইসক্রিম ডিস্ট্রিবিউটর অমর চাঁদ বলেন, কয়েক দিনে শহরের প্রচুর দোকান থেকে আইসক্রিমের বরাত এসেছে। এখন শহরের ৮০-১০০টি দোকানে আমি আইসক্রিম সাপ্লাই করছি।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯