ঈদের পর রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ
প্রিয় পাঠক/শ্রোতা! ২১ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম
- খালেদা ও তারেক ২১ আগস্টের গ্রেনেড হামলায় সরাসরি জড়িত : প্রধানমন্ত্রী নয়াদিগন্ত
- নিজ বাড়িতে বন্দী অবস্থায় থাকার অভিযোগ মওদুদের: প্রথম আলো
- ঈদের পর রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ: মানবজমিন
- ঈদযাত্রা এবারও দুর্বিষহ হয়েছে : রিজভী এনটিভি
- কোটা আন্দোলনের ১০ শিক্ষার্থী কারামুক্ত : যুগান্তর
- ফেরত যাওয়া রোহিঙ্গাদের নির্যাতন করছে মিয়ানমার কর্তৃপক্ষ: মানবজমিন
ভারতের শিরোনাম
- কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় বলে মনেই করছে না মোদী সরকার: আনন্দবাজার
- মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরলেন কেরলের বন্যায় আটকে পড়া ২ হাজার বঙ্গবাসী
- সিধুকে ‘শান্তির দূত' বললেন ইমরান: আজকাল
- ১৬ বছরের সৌরভের হাত ধরে এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা জয় ভারতের
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
খালেদা ও তারেক ২১ আগস্টের গ্রেনেড হামলায় সরাসরি জড়িত- প্রধানমন্ত্রী : নয়াদিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলার ঘটনায় আজ আবারো তৎকালীন বিএনপি সরকার অভিযুক্ত করে বলেছেন, এ হত্যাযজ্ঞে খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান সরাসরি জড়িত এতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, ‘রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে এ জঘন্য গ্রেনেড হামলায় বিএনপি, খালেদা জিয়া (সাবেক প্রধানমন্ত্রী) ও তার পুত্র তারেক রহমান সরাসরিভাবে জড়িত রয়েছেন এতে কোনো সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার সকালে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
নিজ বাড়িতে বন্দী অবস্থায় থাকার অভিযোগ মওদুদের: প্রথম আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে তাঁর নির্বাচনী এলাকায় পীর ও দলীয় নেতাদের কবর জিয়ারতে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ছনখোলার দরবেশের মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমদ। তিনি এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মওদুদ আহমদকে কবর জিয়ারতে বাধা দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা সঙ্গে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীদের মারধর করে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল রাশেদ, যুবদলের সহসাধারণ সম্পাদক নূর আলম চৌধুরী ও ছাত্রদল কর্মী হাফিজ উদ্দিন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ঈদের পর রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ: মানবজমিন
নির্বাচনের বাকি আর মাত্র চার মাস। এসময়টা পুরোপুরি রাজপথে থাকবে আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে দুই ধরনের হিসাব সামনে রেখে দলটি তৎপর হবে। বিএনপি নির্বাচনে আসলে এক হিসাব আর না আসলে আর এক হিসাব। মূলত এই দুই ইস্যুকে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ কয়েক নেতা জানান, আগামী দুই মাস দেশের রাজনীতি থাকবে টার্নিং পয়েন্টে। কারণ অক্টোবরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। সে হিসেবে অক্টোবরের মধ্যে নির্বাচনে অংশ নেয়া নিয়ে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয় এবং আগের মতো জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ। নেতারা জানান, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তারা আরো বলেছেন, আমাদের মজবুত সংগঠন রয়েছে। তৃণমূলও যথেষ্ট শক্তিশালী। তাই যেকোনো ধরনের আন্দোলন মোকাবিলার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।
ঈদযাত্রা এবারও দুর্বিষহ হয়েছে- রিজভী : এনটিভি
সরকার মুখে উন্নয়নের কথা বললেও জনগণের জন্য ঈদযাত্রা এবারও দুর্বিষহ ও বেদনাদায়কই হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। ভাঙাচোরা সড়ক-মহাসড়ক, দুর্ঘটনায় মানুষের মৃত্যু আর তীব্র যানজট ও জনদুর্ভোগের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে দায়ী করলেন তিনি। এ সময় অবিলম্বে খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপি নেতা। নিরাপদ সড়ক আন্দোলনের নেতাকর্মীদেরও মুক্তি দাবি করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘সড়কে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। গুরুতর আহত হয়েছেন শতাধিক। সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই দুর্ঘটনার মূল কারণ।’
‘সড়কে মানুষকে নিরাপদে ফিরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের সাহেব। তিনি কয়েক দিন আগে বলেছিলেন, এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কী দেখলাম, প্রতিবারের মতো এবারের ঈদযাত্রাও হয়েছে দুর্বিষহ, বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘চোরাবালিতে ডুবতে থাকা সরকার খরকুটো ধরে বাঁচার জন্য বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার করে পার পাওয়া যাবে না।’
কোটা আন্দোলনের ১০ শিক্ষার্থী কারামুক্ত- যুগান্তর
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কোটা সংস্কার আন্দোলনের ১০ শিক্ষার্থী মুক্তি পেয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান বলে জানা গেছে। এসময় কারাগারে তাদের সঙ্গে দেখা করতে আসেন বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মো. আতাউল্লাহ ও মোজাম্মেল মিয়াজিসহ সংগঠনের নেতাকর্মীরা।
মুক্তির পর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ৫ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপনসহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারের প্রতি আমদের তিন দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম রয়েছে। সরকার আমাদের দাবি না মানলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
এর আগে সোমবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ১৮ জন শিক্ষার্থীকে জামিন দেয়া হয়। রোববার ঢাকার আদালত থেকে জামিন পান আরও ৩২ জন শিক্ষার্থীসহ ৩৯ জন।
ফেরত যাওয়া রোহিঙ্গাদের নির্যাতন করছে মিয়ানমার কর্তৃপক্ষ: মানবজমিন
বাংলাদেশ থেকে স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়া রোহিঙ্গাদের নির্যাতন করছে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদেরকে আটক রাখা হচ্ছে। এই দুর্ব্যবহারের ফলে রোহিঙ্গাদের জন্য আন্তজর্জাতিক নিরাপত্তার প্রয়োজনীয়তা জোরালো হয়েছে। এক্ষেত্রে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ফেরত যাওয়ার আগে মাঠ পর্যায়ে অবস্থা পরিদর্শন করা উচিত জাতিসংঘের। এক প্রতিবেদনে এসব কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হচ্ছে, ফেরত যাওয়া রোহিঙ্গাদের আটক করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তাদেরকে সন্ত্রাসী বলে অভিযুক্ত করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ পরিচালক ফিল রবার্টসন বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গারা ফেরত গেলে তাদের নিরাপদ ও সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ফেরত যাওয়া রোহিঙ্গাদের ওপর নির্যাতন সরকার যে মিথ্যে কথা বলছে তা ফুটিয়ে তোলে।
তিনি আরো বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফেরত যাওয়ার বিষয়ে জোর গলায় গ্যারান্টি দেয়া সত্ত্বেও যারা এখন পর্যন্ত ফেরত গিয়েছেন তারা নির্যাতনের শিকার হচ্ছেন। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর জাতি নিধনের শিকার হয়ে ৬ জন রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে এসেছিলেন।
কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় বলে মনেই করছে না মোদী সরকার: আনন্দবাজার
কেরলের বন্যাকে ‘ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ’ বলে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমুদ্রোপকূলবর্তী রাজ্যটিতে শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩৫০ ছুঁয়েছে। সোমবার মৃত্যু হয়েছে আরও ৬ জনের। তবে বৃষ্টি কমেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় নামতে শুরু করেছে বন্যার জল। তার পরেও আলাপুঝা জেলার চেঙ্গান্নুর শহর লাগোয়া পাঁচটি গ্রাম এখনও জলের তলায়। জলমগ্ন হয়ে রয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।
কোচি বিমানবন্দর এখনও চালু হয়নি। নৌবাহিনীর বিমানঘাঁটিতে বায়ুসেনার ছোট বিমান সোমবার থেকে নামতে শুরু করেছে। মঙ্গলবার নৌবাহিনীর ওই বিমানঘাঁটি থেকে শুরু হয়েছে যাত্রীবাহী বিমান চলাচলও। তিরুঅনন্তপুমের পর আর সে ভাবে ট্রেনও চলছিল না এত দিন। ফলে বিমান বা রেল পথে বন্যা-বিপর্যস্ত কেরলের জন্য আসছে না কোনও ত্রাণ সামগ্রী। মঙ্গলবার অবশ্য তিরুঅনন্তপুরম থেকে ২০০ কিলোমিটার দূরে এর্নাকুলাম পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরলেন কেরলের বন্যায় আটকে পড়া ২ হাজার বঙ্গবাসী: সংবাদ প্রতিদিন
কেরলের ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করে রাজ্যে ফিরলেন প্রায় হাজার দু’য়েক মানুষ। রাত বারোটা নাগাদ বিশেষ ট্রেনে হাওড়া স্টেশনে আসেন তাঁরা। রাতভর বিভিন্ন বাসের মাধ্যমে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। কেরলে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে তিনি বলেন, “মন্ত্রীরা স্টেশনে থাকবেন। সরকারের তরফে বিনা পয়সায় বাসে করে সবাইকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হবে। অন্য কোনও প্রয়োজন থাকলে তাও দেখা হবে।” সেইমতো সোমবার গভীর রাত পর্যন্ত হাওড়া স্টেশনে হাজির ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
সিধুকে ‘শান্তির দূত’ বললেন ইমরান: আজকাল
সিধুর পাকিস্তান সফর ঘিরে যখন বিতর্ক তুঙ্গে তখন তাঁর পাশে দাঁড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘শান্তির দূত’ হয়ে এসেছিলেন সিধু। টুইট করে প্রাক্তন ক্রিকেটার সিধুর সমর্থনে ইমরান লিখেছেন, যাঁরা সিধুর পাকিস্তান সফর নিয়ে বিতর্ক তৈরি করছেন তাঁরা চান না দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক। শান্তি ছাড়া দুই দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।
সিধু নিজের পাকিস্তান সফরের সিদ্ধান্তকে সঠিক দাবি করার পরেই ইমরান খান তাঁর সমর্থনে টুইট করেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের টুইটের কয়েক মুহূর্ত আগেই পাক সেনা প্রধানকে জড়িয়ে ধরার মধ্যে কোনও ভুল ছিল না বলে দাবি করেছিলেন সিধু। তিনি বার বার বলেছেন, এটা কোনও রাজনৈতিক সফর ছিল না, পুরনো বন্ধু ইমরানের ডাকেই সেখানে গিয়েছিলেন তিনি। নিজের সিদ্ধান্তকে সঠিক বোঝাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তান সফরের প্রসঙ্গও টেনে এনেছিলেন সিধু। মোদি পাকিস্তান সফর ঘিরে যখন কোনও কথা হচ্ছে না তখন কেন তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন সিধু।
১৬ বছরের সৌরভের হাত ধরে এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা জয় ভারতের: আজকাল
১৬ বছরের সৌরভের হাত ধরে ফের এশিয়ান গেমসে সোনা জয় ভারতের। জাকার্তায় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ের ফাইনালে রূপো জয়ী জাপানের টোমিউকি মাতসুদাকে ২৪০.৭ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন সৌরভ চৌধুরী। শুধু সৌরভই নয় ভারতকে আরও একটি পদক এনে দিয়েছে শ্যুটার অভিষেক বর্মা। তিনিও পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয় করেছেন।
সৌরভের সোনা জয়ের সঙ্গে সঙ্গে এশিয়ান গেমসে এই নিয়ে তিনটি স্বর্ণ পদক পেল ভারত। শ্যুটিংয়ে যদিও এটাই প্রথম। এই নিয়ে মোট ৭টি পদক পেয়েছে ভারত। তারমধ্যে সোনা তিনটি, রূপো দুটি, ব্রোঞ্জ দুটি।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন