আগস্ট ২৫, ২০১৮ ১৩:৪৬ Asia/Dhaka
  • কোরবানির চামড়া বাণিজ্যে ভয়াবহ বিপর্যয়

প্রিয় পাঠক/শ্রোতা! ২৫ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ শনিবার ঢাকার জাতীয় দৈনিকগুলো আবার তাদের নিয়মিত প্রকাশনা শুরু করেছে। তো শুরুতেই দেখে নেব এসব দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • কোরবানির চামড়া বাণিজ্যে ভয়াবহ বিপর্যয়- দৈনিক যুগান্তরের শীর্ষ শিরোনাম
  • গ্রেনেড হামলার রায়ে সংকটে পড়বে বিএনপি: ওবায়দুল কাদের- দৈনিক মানবজমিন
  • ২১ আগস্ট বোমা হামলার রায় নিয়ে কূটচাল করছে সরকার : রিজভী- দৈনিক নয়াদিগন্ত
  • জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবো : প্রধানমন্ত্রী- দৈনিক ইনকিলাব
  • মিয়ানমার পরিস্থিতির পরিবর্তন ঘটেনি স্বদেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা- দৈনিক ইত্তেফাক
  • বিক্ষোভে ফেটে পড়েন রোহিঙ্গা নারী-শিশুরাও- দৈনিক যুগান্তর
  • ভোটে না এলে বিএনপি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে: তোফায়েল- দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  • লন্ডনে বসেও রাফাল নিয়ে তির রাহুলের- দৈনিক আনন্দবাজার
  • কেরলে ত্রাণ পাঠানোর থেকে বিজ্ঞাপনে বেশি খরচ করেছে মোদি সরকার- দৈনিক আজকাল
  • পঞ্চায়েত নিয়ে সুপ্রিম কোর্টে জয়ী রাজ্য: হাইকোর্টের রায় খারিজ- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

কোরবানির চামড়া বাণিজ্যে ভয়াবহ বিপর্যয়- দৈনিক যুগান্তরের শীর্ষ শিরোনাম

তারল্য সংকট ও রফতানি বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কমে যাওয়ায় কোরবানির চামড়া বাণিজ্যে বিপর্যয় নেমে এসেছে। ট্যানারি শিল্প স্থানান্তরে উদ্যোক্তাদের অর্থের বড় একটি অংশ আটকে যাওয়া, অনিয়মের কারণে চামড়া কেনার ঋণ কমিয়ে দেয়া এবং পরিবেশসহ সার্বিক কমপ্লায়েন্স না থাকায় বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

ফড়িয়া, পাইকার ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ- ঈদের দিন ও পরের দু’দিন পানির দরে চামড়া কেনাবেচা হয়। সরকার ও ট্যানারি মালিকদের যৌথভাবে নির্ধারিত দামেও চামড়া বেচা-কেনা হয়নি। বেচা-কেনা হয়েছে তার চেয়েও কম দামে। গত বছর মাঝারি আকারের গরুর চামড়া ১ হাজার থেকে ১২শ’ টাকায় বিক্রি হয়। এ বছর তা ৩শ’ থেকে ৪শ’ টাকায় নেমে এসেছে।

জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্যাহ বলেন, এ বছর ৯শ’ থেকে ১১শ’ টাকার মধ্যে গরুর চামড়া বেচাকেনা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য গত বছরের তুলনায় একটু কম। তিনি বলেন, ট্যানারি মালিকদের হাতে টাকা নেই। অর্থ সংকটে আছেন এ শিল্পের উদ্যোক্তারা।

গ্রেনেড হামলার রায়ে সংকটে পড়বে বিএনপি: ওবায়দুল কাদের- দৈনিক মানবজমিন

২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) এমনিতেই সংকটে আছে। এই মামলার রায় হলে তারা নতুন করে রাজনৈতিক সংকটে পড়বে।’ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে গতকাল বনানী কবরস্থানে মরহুমার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারের  প্রত্যক্ষ মদতে, হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় সেদিন  কিলাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।’ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়  হচ্ছে জেনে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন এই মামলার রায় হচ্ছে, এজন্য সবাই খুশি। বিএনপি কেবল অখুশি। সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। এ কথা শুনে বিএনপি চিন্তিত। তারা জড়িত বলে তাদের এই গাত্রদাহ। কারণ, তারা এমনিতেই সংকটে আছে। রায় হলে তারা নতুন করে সংকটে পড়বে।’

২১ আগস্ট বোমা হামলার রায় নিয়ে কূটচাল করছে সরকার : রিজভী- দৈনিক নয়াদিগন্ত

সরকার সর্বনাশা খেলায় মেতেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী নেতাদের বক্তব্য শুনে মনে হয় একুশে আগস্টের রায়কে প্রভাবিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। একুশে আগস্ট বোমা হামলা মামলার রায় নিজেরা লিখে তা আদালতকে দিয়ে বাস্তবায়ন করাবেন কি না মানুষের মনে সে সংশয়ও এখন দেখা দিয়েছে। তাদের বক্তব্য শুনে মনে হয় একটি ফরমায়াসি রায় হতে যাচ্ছে।

ওবায়দুল কাদের গতকাল বলেছেন, একুশে আগস্ট মামলার রায় হলে সঙ্কটে পড়বে বিএনপি এবং আগামী সেপ্টেম্বরে সে রায় হবে। তার বক্তব্যেই পরিষ্কার যে তারা নীল নকশা অনুযায়ী একুশে আগস্টের বোমা হামলা মামলার রায় নিয়ে আগাম কাজ করছেন এবং সেজন্য একের পর এক ষড়যন্ত্রমূলকভাবে কূটচাল চালছেন তারা।  আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবো : প্রধানমন্ত্রী- দৈনিক ইনকিলাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও ক্ষমতায় আসবো। ভোট না দিলে আফসোস নেই। দেশের মানুষের জন্য কাজ করছি। জাতীয় নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের তথ্য প্রচার করারও আহবান জানান।

গত বুধবার সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে অতিথিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আগস্ট মাস শোকের মাস। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ঈদ যাতে নির্বিঘ্ন হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে ।

মিয়ানমার পরিস্থিতির পরিবর্তন ঘটেনি স্বদেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা- দৈনিক ইত্তেফাক

বাংলাদেশে রোহিঙ্গা ঢল শুরুর এক বছর পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নিধনে অভিযান শুরু করে। পূর্ব পরিকল্পিত ও পদ্ধতিগত এই অভিযানে নিহত হয়েছে কয়েক হাজার রোহিঙ্গা। ধর্ষণের শিকার হয়েছে হাজার হাজার রোহিঙ্গা নারী ও কিশোরী। বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের হিসাব অনুযায়ী মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। কেবল ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৭ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত এসব রোহিঙ্গাকে ফেরত নিতে বাস্তবসম্মত কোনো উদ্যোগই নেয়নি মিয়ানমার সরকার। বাংলাদেশ মনে করে, দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মিয়ানমার রোহিঙ্গা সংকট নিরসনে সঠিক পদক্ষেপ নেবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গারা পূর্ণ নাগরিকত্ব পাবে।

বিক্ষোভে ফেটে পড়েন রোহিঙ্গা নারী-শিশুরাও- দৈনিক যুগান্তর

রাখাইনের মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের বর্ষপূর্তির বিক্ষোভে ক্যাম্পের বিভিন্ন অংশে বিপুল সংখ্যক নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে। এ সময় তারা স্লোগান দেন, কান্নার ৩৬৫ দিন শেষ, এখন আমরা ক্ষুব্ধ। রাখাইনের মিয়ানমারের হানাদার বাহিনীর হত্যা ও ধর্ষণের কথা স্মরণ করে সবার চোখ থেকেই পানি ঝরছিল। ওই সহিংসতায় প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সকাল ৯টায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে হাজার হাজার শরণার্থী অংশ নেন। তাদের হাতে থাকা প্লেকার্ডে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ধর্ষণের বিবরণ তুলে ধরেন। কুতুপালং ক্যাম্পের বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমরা রোহিঙ্গা, আমরা ন্যায়বিচার চাই। বিক্ষোভ মিছিল নিয়ে শরণার্থীরা পুরো ক্যাম্প প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ শেষে ইমাম যখন দোয়া পড়েন তখন সবার চোখ থেকে অঝোরে পানি ঝরতে দেখা গেছে। ইমাম বলেন, হে আল্লাহ, দয়া করে তুমি আমাদের মাতৃভূমিতে ফিরিয়ে নাও। আমাদের বাবা-মায়ের কবর দেখার সুযোগ করে দাও। আমরা তাদেরকে সেখানে ফেলে আসতে বাধ্য হয়েছি।  রোহিঙ্গারা নেতারা বলেন, নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হলে আমরা রাখাইনে ফিরব না।

ভোটে না এলে বিএনপি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে: তোফায়েল- দৈনিক প্রথম আলো

ভোটে না এলে বিএনপি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে ভোলা সদরে আওয়ামী লীগের এক জনসভায় তিনি মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘চার মাস পর নির্বাচন। বিএনপির নির্বাচনে না আসার কোনো কারণ নেই। যদি না আসে তাহলে বিএনপি নামক দলটি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে। ন্যাপ সত্তরে নির্বাচন না করে আজ যেমন অস্তিত্বহীন হয়েছে, বিএনপি নির্বাচন না করলে, বিএনপি নামক দলটির অস্তিত্ব থাকবে না। সেটা হবে আত্মহত্যার শামিল।’

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে।

জনসভায় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মানবিক গুণাবলির জন্য তিনি বিশ্বের কাছে প্রশংসিত। আমরা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। গ্রামগুলোকে শহরে রূপান্তর করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। ভোলার ভাঙন রোধ করছি। ভোলা-বরিশাল সেতু করছি। ভোলাকে বানানো হবে সিঙ্গাপুর।’

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

লন্ডনে বসেও রাফাল নিয়ে তির রাহুলের- দৈনিক আনন্দবাজার

রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে মুখ খোলার জন্য একের পর এক কংগ্রেস নেতা রিলায়্যান্সের আইনি নোটিস পাচ্ছেন। রাহুল গাঁধী তাঁদের পাশে দাঁড়িয়ে বলেছেন, তাঁরা যেন ভয় না-পান। বিদেশ সফরে গিয়েও রাফাল-বিতর্ক নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলে চলেছেন কংগ্রেস সভাপতি।

আজ লন্ডন স্কুল অব ইকনমিক্সে এক আলোচনাসভায় রাহুল বলেন, ‘‘সত্তর বছর ধরে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’ বিমান বানাচ্ছে। মিগ, জাগুয়ার, সুখোই। কোনও দেনা নেই তাদের। ৪৫ হাজার কোটি টাকা দেনা থাকা অনিল অম্বানীর সংস্থাকে কেন এই বরাত তুলে দিলেন মোদী? বিমান বানানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা যে সংস্থার নেই!’’ রাহুলের কথায়, ইউপিএ আমলে বিমান-প্রতি ৫২৬ কোটি টাকা মোদী জমানায় বাড়িয়ে ১৬০০ কোটি টাকা করা হল। সংস্থাটাই তৈরি করা হল চুক্তি সইয়ের মাত্র এক সপ্তাহ আগে!’’ রাহুলের মতে, তথ্যের অধিকার আইনই দুর্নীতির বিরুদ্ধে একমাত্র অস্ত্র।

কেরলে ত্রাণ পাঠানোর থেকে বিজ্ঞাপনে বেশি খরচ করেছে মোদি সরকার- দৈনিক আজকাল

কেরলে বন্যায় যে পরিমান ত্রাণ পাঠাতে যে পরিমাণ টাকা খরচ করেছে সরকার তার থেকে বেশি টাকা খরচ করা হয়েছে বিজ্ঞাপনে। একটি আরটিআই মামলার প্রেক্ষিতে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ২০১৭–১৮ আর্থিক বছরে ১,৩১৫.‌৮৩ কোটি টাকা বিজ্ঞাপনের জন্য  খরচ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, সংবাদ পত্রে বিজ্ঞাপন দিতেই ৬৩১.‌১৮ কোটি টাকা এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ৪৭৫.‌১১ কোটি টাকা এছাড়াও অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞাপনে ২০৮.‌৫৪ কোটি টাকা খরচ করেছে। আর কেরলের বিধ্বংসী বন্যার ত্রাণে মাত্র ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার।

এদিকে শনিবার ওনমে উৎসব উপলক্ষ্যে কেরলবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইটে লিখেছেন, এই ওনম কেরলবাসীকে নতুন করে লড়াইয়ে শক্তি যোগাবে।

পঞ্চায়েত নিয়ে সুপ্রিম কোর্টে জয়ী রাজ্য: হাইকোর্টের রায় খারিজ- দৈনিক বর্তমান

পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিরোধীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের। সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের আবেদনকেই অনুমোদন দিল সর্বোচ্চ আদালত।

আজ মামলার রায়ে শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, ত্রিস্তর পঞ্চায়েতে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলে অভিযোগ ছিল, সেখানে নতুন করে আর ভোট হবে না। কেবল ধারণার বশবর্তী হয়ে পুরো ২০ হাজার আসনের ভোট বাতিল করে দেওয়া যায় না। কলকাতা হাইকোর্ট ই-নমিনেশনের যে অনুমোদন দিয়েছিল, তাও এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিহীন ভোট হয়েছে, সেখানে এবার ফলাফল ঘোষণা করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫