একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
প্রিয় পাঠক/শ্রোতা! ২৮ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- সরকার সব রকমের দুষ্টামিই করছে: মির্জা ফখরুল- দৈনিক প্রথম আলো
- ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন: নাসিম- দৈনিক ইত্তেফাক
- মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি: প্রবাসীকল্যাণমন্ত্রী- দৈনিক যুগান্তর
- চামড়ার দাম কমানো ভুল ছিল না: তোফায়েল- দৈনিক সমকাল
- সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়া রপ্তানির পরামর্শ- দৈনিক যায়যায়দিন
- পদ্মা সেতুর স্প্যানের নিচ দিয়ে চলছে ফেরি- দৈনিক নয়াদিগন্ত
- বড়পুকুরিয়া কয়লা দুর্নীতি: আট কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ- দৈনিক মানবজমিন
- বিমানের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজি- দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- ‘সংগ্রামের কোনও মূল্য হয় না’, ছাত্র যুবদের বার্তা মমতার- দৈনিক আজকাল
- দুর্নীতি প্রমাণিত হলেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স- দৈনিক আনন্দবাজার
- ভোটে দলীয় খরচ মেটাক সরকার, মমতার প্রস্তাবে সায় বিরোধীদের- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
সরকার সব রকমের দুষ্টামিই করছে: মির্জা ফখরুল- দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। কারণ, জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে না। এ কারণে যত রকমের দুষ্টামি আছে, তা করছে সরকার।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় দলের অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম।
মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণ আবারও রাস্তায় নামবে। এই সরকারের দুঃশাসন এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণ আবার রাস্তায় নামবে। তখন সরকারের তাসের ঘর ভেঙে যাবে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। এই সরকারের পতন হবে।
ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন: নাসিম- দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোন ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ এখন অনেক সচেতন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তিনি বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোন অভাব হবে না। আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোন দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই।
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি: প্রবাসীকল্যাণমন্ত্রী- দৈনিক যুগান্তর
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার সকালে প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। তবে বিদ্যমান প্রক্রিয়া বন্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে আগের নিয়মেই লোক পাঠানো যাবে। তবে যে ১০ এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়ান সরকার অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ১০ এজেন্সির সিন্ডিকেটের কথা বলা হচ্ছে তা বাংলাদেশ সরকারের নয়, মালয়েশিয়া সরকারের সৃষ্ট। এ বিষয়ে তারা আনুষ্ঠানকিভাবে কোনো অভিযোগ জানায়নি। ‘যে কারণে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমরা নেগোসিয়শনে বসতে পারছি না,’ বলেন মন্ত্রী। তিনি বলেন, সিন্ডিকেটের বিষয়টি পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সহজ হয়।
চামড়ার দাম কমানো ভুল ছিল না: তোফায়েল- দৈনিক সমকাল
ঈদের আগে চামড়ার দাম কমানোর সিদ্ধান্ত ভুল ছিল না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এবার তিন কারণে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম কমে সংকট দেখা দিয়েছে। চামড়া নিয়ে এই জটিলতা শিগগিরই কেটে যাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় দেখলাম চামড়া নিয়ে একটা সংকট দেখা দিয়েছে। আমি যখন দামটা কমালাম তখন সাংবাদিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখেছি দাম কেন কমালাম। তোফায়েল বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে একটি অন্যতম খাত। গত বছর চামড়াকে প্রোড্ক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এরকম একটি সম্ভাবনাময় খাত যাতে কোনোভাবেই ধ্বংস হয়ে না যায় সেজন্য সরকার সতর্ক।
গত ৯ আগস্ট কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য গত বছরের চেয়ে কম দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম পাঁচ টাকা কমিয়ে ধরা হয়েছে ৪৫-৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। গত বছর এ দাম ছিল ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০-৫৫ টাকা, ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা।
সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়া রপ্তানির পরামর্শ- দৈনিক যায়যায়দিন
মোহাম্মদ নাজিম নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন- ‘সিদ্ধান্ত নিয়েছি কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলব। এতিম-মিসকিনদের ২০০ টাকা দিয়ে দেব!’ এই বক্তব্যের পেছনে বিস্তারিত ব্যখ্যা দিয়ে তিনি আরও লিখেছেন- ‘আর এটাই হোক আমাদের প্রতিবাদের ভাষা’। দেশে সবকিছুর দাম বাড়লেও প্রতি বগর্ফুটে চামড়ার দাম বছর বছর কমানো হচ্ছে। তারপরও সঠিক দামে মাঠ পযাের্য় চামড়া কিনছে না ব্যবসায়ীরা।
এ বছর কোরবানিতে লাখ টাকার গরুর চামড়া ৩০০-৫০০ টাকায় বিক্রি হয়েছে। অনেকে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দেয়ার নজিরও স্থাপন করেছেন। চট্টগ্রাম মহানগরীর ডাস্টবিনে এমন অনেক চামড়া পাওয়া গেছে বলেও খবর বের হয়েছে গণমাধ্যমে। যদিও বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা এখনো রয়েছে। কিন্তু নানা অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে চামড়া ব্যবসায়ীরা গরিবের হকের ওপর হাত দিয়েছে। দাম কমাতে কমাতে পানির দামে নামিয়ে এনেছে চামড়ার দাম।
পদ্মা সেতুর স্প্যানের নিচ দিয়ে চলছে ফেরি- দৈনিক নয়াদিগন্ত
যাত্রী চাপ যতই বাড়ছে ফেরি সংকট ও নাব্যতা সংকট ততই বেড়ে যাচ্ছে। আর নাব্যতা সংকট কাটিয়ে যাত্রী ও পরিবহন পারাপারে বিকল্প ব্যবস্থা নিচ্ছে বিআইডব্লিউটিএ। সোমবার দুপুরে যাত্রী চাপ বেড়ে গেলে বিআইডাব্লিউটিএ নতুন একটি বিকল্প পথে ৪টি ডাম্প ফেরি ও দুটি রো রো ফেরি পরীক্ষামূলকভাবে চালু করে।
তবে এক মাসেরও বেশি সময় ধরে ৮টি ড্রেজার দিয়ে লৌহজং চ্যানেলমুখ থেকে যে চ্যানেলটি তৈরি করতে ড্রেজিং করা হচ্ছে সেটি কোনোভাবেই চালু করতে পারছে না কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে আটকে আছে ৫ শতাধিক যানবাহন। এর মধ্যে বেশির ভাগই প্রাইভেটকার ও মাইক্রোবাস।
ঢাকার উদ্দেশে যাত্রীদের কাঁঠালবাড়ি ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের দুই সপ্তাহ আগে নাব্যতা সংকট চরম আকার ধারণ করে। এতে করে ফেরি মাঝ নদীতে আটকে পড়ছে। ফেরিগুলো তার ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেক যানবাহন ও যাত্রী নিয়ে কোনোমতে চলছে।
বড়পুকুরিয়া কয়লা দুর্নীতি: আট কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ- দৈনিক মানবজমিন
বড়পুকুরিয়ার ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন কয়লা খোলাবাজারে বিক্রি করে প্রায় ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে খনির আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে তদন্ত কমিটির প্রধান ও সংস্থাটির উপ-পরিচালক শামছুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী; উপ-মহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম; উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) মোরশেদুজ্জামান; উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান; উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান; উপ-ব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্র নাথ বর্মণ; ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান ও উপ-মহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলী। এছাড়া আগামী ২৯ ও ৩০ আগস্ট আরো ১৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত তিন দফায় প্রাক্তন চার ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা ঘাটতির অভিযোগে বিসিএমসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান বাদী হয়ে কোম্পানির সদ্য প্রাক্তন এমডি হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ জনকে আসামি করে গত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় একটি মামলা করেন।
বিমানের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজি- দৈনিক ইনকিলাব
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪২৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। প্রথম ফ্লাইটে আসা হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে বিমানের মুখপাত্র ও জিএম (পিআর) শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি জানান, সোমবার শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।
বিমানবন্দরে হাজির হাতে জমজমের পানি তুলে দেন বিমানের মুখপাত্র ও জিএম (পিআর) শাকিল মেরাজ। জানা গেছে, এবার সৌদি এয়ারলাইন্সে ৬৩ হাজার ২৪০ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২ হাজার ৮১০ জন যাত্রী সৌদি আরব যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৫ আগস্ট। সৌদি এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৭ আগস্ট।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
‘সংগ্রামের কোনও মূল্য হয় না’, ছাত্র যুবদের বার্তা মমতার- দৈনিক আজকাল
তৃণমূল কংগ্রেসে লবির কোনও জায়গা নেই। আর সংগ্রামের কোনও বিকল্প হয় না। মেয়ো রোডে তৃণমূল যুব কংগ্রেসে প্রতীষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। পরোক্ষে বুঝিয়ে দিলেন, দলে নিজের জায়গা শক্ত করতে হলে নিঃস্বার্থ কর্মী হতে হবে। তাহলেই সে দলনেত্রীর নজরে পড়বে। কয়েকমাস আগে কলেজে ভর্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ উঠেছিল, যাঁরা নিজেদের দলের থেকে বড় বলে মনে করছিলেন তাঁদের একপ্রচার কড়া বার্তা দিলেন নেত্রী।
বুঝিয়ে দিলেন ছাত্র রাজনীতির অর্থই হল পরিশ্রম এবং সংগ্রাম। অর্থের মূল্যে সেই সংগ্রাম কেনা যায় না। অর্থের কাছে আত্মসমর্পণ করবে না এমন কর্মী তিনি চান বলে এদিনের সভা থেকে ছাত্রদের বার্তা দিয়েছেন দলনেত্রী। বিজেপির আগ্রাসী রাজনীতিকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেছেন, দেশকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে। এনআরসির নামে দেশ ভাগের চক্রান্ত চলছে। বাংলায় কোনওভাবেই এটা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ধর্মের নামে হানাহানি বাড়ছে। এনকাউন্টারের নামে মানুষ খুন করছে বিজেপি। ঝাড়গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় তীব্র নিন্দা করে মমতা বলেন, সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়ে গিয়েছে। তাঁরাই ঝাড়গ্রামে অশান্তি ছড়াচ্ছে।
দুর্নীতি প্রমাণিত হলেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স- দৈনিক আনন্দবাজার
সকলের জন্য চিকিৎসা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য বিমা রয়েছে এমন রোগীর কাছ থেকে প্যাকেজের চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালের লাইসেন্স বাতিল থেকে ফৌজদারি মামলা পর্যন্ত করা হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গত ১৫ অগস্ট থেকে দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ‘আয়ুষ্মান ভারত’-এর পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের কাজ শুরু হবে গোটা দেশে। আপাতত ১৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যাঁরা বিমার সুবিধে পাবেন, তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। মূলত জাতিগত শুমারির ভিত্তিতেই সেই কাজ করা হচ্ছে। গত দশ দিনের অভিজ্ঞতার ভিত্তিতে শুরু থেকেই দুর্নীতি রুখতে চাইছে মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা আজ হুঁশিয়ারি দিয়েছেন, কোনও ওয়েবসাইটে কারও নাম নথিভুক্ত করাতে হবে না। কোনও হাসপাতাল বা বিমা সংস্থার কাছেও নাম লেখানোর প্রয়োজন নেই। নাম নথিকরণের কাজ সরকার করছে। যাঁদের নাম তালিকায় উঠবে তাঁদের পরিবারের প্রধানের নামে একটি পরিচয় পত্র চলে আসবে। যা দেখিয়ে স্বাস্থ্য বিমার আওতায় থাকা সরকারি-বেসরকারি হাসপাতালে পরিবার পিছু ৫ লক্ষ টাকার চিকিৎসা পর্যন্ত বিনামূল্যে পাবেন সাধারণ মানুষ।
ভোটে দলীয় খরচ মেটাক সরকার, মমতার প্রস্তাবে সায় বিরোধীদের- দৈনিক বর্তমান
মমতা বন্দ্যেপাধ্যায়ের সুরেই নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রচারের খরচ বেঁধে দেওয়ার পাশাপাশি ফের কাগজের ব্যালটে ভোটের পক্ষে সওয়াল করল বেশিরভাগ রাজনৈতিক দল। কালো টাকার প্রভাব কমাতে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারের খরচ দিক সরকার, এমন দাবিও উঠল। সওয়াল খাড়া করা হল, ইভিএমে কারচুপির।
নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকেও দেখা গেল বিজেপি বিরোধী মহাজোটের ছবি! যদিও বৈঠকে নির্বাচনে রাজনৈতিক দলের খরচ বেঁধে দেওয়ার বিষয়ে সহমতে পৌঁছনো গেল না। আপত্তি তুলল বিজেপি। ভোটে ব্যালটের বদলে ইভিএম-ই আধুনিক উপায় বলে আগেই বলেছে কমিশন। সন্দেহ দূর করতে লোকসভায় ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল) যুক্ত ইভিএম ব্যবহার করা হবে বলেও জানিয়ে দেওয়া হল। যেখানে ভোটাররা যাকে ভোট দিচ্ছেন, ঠিক তাঁর নামেই ভোট পড়ছে কি না, তা ইভিএমের পাশে মজুত মেশিনে সাত সেকেন্ড দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলির সন্দেহ দূর করতে আজ বৈঠকে ভিভিপ্যাটযুক্ত ইভিএমও রাখা হয়েছিল।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮