ঢাবিতে ৭ মার্চ ভবন উদ্বোধন: শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ২ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- ঢাবিতে ৭ মার্চ ভবন উদ্বোধন: শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী- দৈনিক যায়যায়দিন
- তারকাবিহীন সমাবেশে লাখো লোক- দৈনিক ইনকিলাবের শীর্ষ শিরোনাম
- নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই চলবে না: রিজভী- দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা পরিস্থিতি: যা দেখেছি তার ভয়াবহতা প্রকাশ করা অসম্ভব- দৈনিক প্রথম আলো
- ৮ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৩৬৭- দৈনিক মানবজমিন
- কর্নেল (অব.) অলি আহমদ: জোর করে ক্ষমতায় থাকার ফল শুভ নয়- দৈনিক সমকাল
- ধর্ম নিয়ে কাউকে দ্বিজাতিতাত্ত্বিক সংঘাত করতে দেবে না সরকার: এলজিআরডি মন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- বিধায়ক হওয়ার আগে আমার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না: প্রধানমন্ত্রী- দৈনিক আজকাল
- ১০০ দিনের কাজে পরপর তিনবার দেশের শীর্ষে বাংলা- দৈনিক বর্তমান
- গুরুগ্রাম জমি কেলেঙ্কারি নিয়ে রবার্ট বঢরার বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের- দৈনিক আনন্দবাজার
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
ঢাবিতে ৭ মার্চ ভবন উদ্বোধন: শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী- দৈনিক যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গিয়ে শিক্ষাথীের্দর উচ্ছৃঙ্খল আচরণের বিষয়ে সতকর্ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষাথীের্দর আন্দোলনের মধ্যে ভাঙচুরের প্রেক্ষাপটে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নতুন ৭ মাচর্ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে বক্তৃতায় এই সতকর্বাতার্ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “উচ্ছৃঙ্খলতা কখনও গ্রহণযোগ্য না। সবাইকে একটা নিয়ম মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হলে; শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম মেনে সেরকম আচরণ করতে হবে। সেটাই আমরা আশা করি, জাতি আশা করে।” কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র বাড়ি ভাঙচুর হয়েছিল। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, এতে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।
গত আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সরকার প্রধান। শনিবারের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশে উচ্চ শিক্ষায় অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম খরচের কথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষায় আমরা যা খরচ করি; এটাকে কখনও আমরা খরচ হিসাবে মনে করি না। আমি মনে করি, এটা আমরা বিনিয়োগ করছি, যা আমাদের দেশ গঠনে কাজে লাগবে, আমাদের দেশের মানুষ উপযুক্ত হয়ে গড়ে উঠবে।”
তারকাবিহীন সমাবেশে লাখো লোক- দৈনিক ইনকিলাবের শীর্ষ শিরোনাম

মেঘহীন আকাশ। সকাল থেকেই সূর্যের চোখ রঙানি। ভাদ্রের তাল পাকা রোদে ঘরে বসে থাকায় দায়। তাপমাত্রাও ছিল ৩৩ দশমিক ৭। এই প্রচন্ড গরমে বিনামূল্যে রিলিফের চাল নিতেও রোদের মধ্যে অনেকেই দাঁড়াবেন না। অথচ সেই রোদ এবং গরমকে উপেক্ষা করে লাখো মানুষ ছুটে এসেছিলেন রাজধানীর নয়াপল্টনে। মাথার উপরে ছায়া নেই, নেই কোন গাছপালা। স্বাভাবিকভাবে ১০ মিনিটও যেখানে দাঁড়ানো দায়, সেখানেই সকাল থেকেই রৌদ্র, তাপ, গরম উপেক্ষা করে নয়াপল্টন-নাইটিঙ্গেল সড়কে বসে পড়েন বিএনপির নেতাকর্মীরা। মঞ্চে যে কোন তারকাকে দেখবেন তারও কোন আশা নেই। জেলে থাকায় আসবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিদেশে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের কেউই আসবেন না জানেন। তারপরও তারকাবিহীন এই জনসভায় দলে দলে ছুটে আসেন বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ ও উৎসুক জনতা।
বিএনপির গতকালের জনসভার বর্ণনা এভাবেই দিয়েছে দৈনিক ইনকিলাব।
নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই চলবে না: রিজভী- দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিয়ে কোনো গড়িমসি চলবে না। জনগণের ভোট নিশ্চিত করতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। তিনি সুষ্ঠু নির্বাচনের শত্রু পক্ষ। তার অধীনে নির্বাচনের অর্থই হচ্ছে ভোটারদের ভোটাধিকার হরণ।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছেন আওয়ামী মন্ত্রীরা, সংবিধান তো পরিবর্তন করেছেন আপনারা; আজীবন ক্ষমতায় থাকার জন্য ত্রয়োদশ সংশোধনী আইন বাতিলের মাধ্যমে আপনারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন।
বিএনপির এ নেতা বলেন, যতই ষড়যন্ত্র ও অপচেষ্টা ও অপলাপ করুন না কেন, আপনাদের এবার বিদায় নিতেই হবে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।
বিএনপির জনসভার বক্তব্য নিয়ে গতকাল রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আওয়ামী লীগ নয়, নির্ভর করছে আদালতের ওপর। আইনি প্রক্রিয়া ছাড়া তার মুক্তি সম্ভব নয়, এ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না সরকার। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি সরকারের যে পদত্যাগের দাবি করেছে, তা নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
রোহিঙ্গা পরিস্থিতি: যা দেখেছি তার ভয়াবহতা প্রকাশ করা অসম্ভব- দৈনিক প্রথম আলো

গত মার্চে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত প্রখ্যাত অভিনেত্রী কেট ব্ল্যানচেট। সেই অভিজ্ঞতা নিয়ে নিরাপত্তা পরিষদে গত ২৮ আগস্ট তিনি এই ভাষণটি দেন।
“এই সংকটময় সন্ধিক্ষণে নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এখানে আমি একজন বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেব না। আমি এখানে শুধু একজন প্রত্যক্ষদর্শী হিসেবে হাজির হয়েছি। আমি এখানে সেই ধরনের একজন মানুষ হয়ে উপস্থিত হয়েছি, যে নিজের চোখে কিছু জিনিস দেখে এসেছে এবং তা থেকে তার পক্ষে দৃষ্টি ফিরিয়ে রাখা সম্ভব হচ্ছে না।”
“গত মার্চ মাসে আমি ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে গিয়েছিলাম। সেখানে কোন মাত্রায় মানবিক বিপর্যয় ঘটেছে এবং সেখানে কী কী মানবিক সহায়তা দরকার, তা নিজের চোখে দেখে এসেছি। আমি যা দেখেছি, তার ভয়াবহতার ব্যাপ্তি কোনোভাবেই আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়।”
৮ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৩৬৭- দৈনিক মানবজমিন

চলতি বছরের প্রথম ৮ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৩৬৭ জন। এর মধ্যে ক্রসফায়ারে ৩৬১ জন, গুলিতে ২ জন এবং নির্যাতনে মারা গেছেন আরো ৪ জন। এছাড়া দেশে গুমের শিকার হয়েছেন ২৭ জন। মানবাধিকার সংস্থা অধিকার এক প্রতিবেদনে এ পরিসংখ্যান দিয়েছে। গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে চলতি বছরের শুরু থেকে গত ৩১শে আগস্ট পর্যন্ত বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছে।
অধিকার ১২টি ক্যাটাগরিতে মানবাধিকার লঙ্ঘনের চিত্র পর্যালোচনা করে প্রতিবেদনে উল্লেখ করেছে, বিচারবহির্ভূত হত্যাকান্ডের পাশাপাশি কারাগারে মৃত্যু হয়েছে ৫১ জনের।
ভারতীয় সীমান্তে বিএসএফ-এর নির্যাতনে বছরের প্রথম ৮ মাসে নিহত হয়েছেন ৪ বাংলাদেশি। এছাড়া ১৩ বাংলাদেশি আহতের পাশাপাশি ৯ জনকে অপহরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৬টি। এরমধ্যে আহত হয়েছেন ৪০ গণমাধ্যমকর্মী, লাঞ্ছিত হয়েছেন ১৭ জন এবং হুমকির সম্মুখীন হয়েছে আরো ৯ সাংবাদিক। রাজনৈতিক সহিংসতায় চলতি বছরে নিহত হয়েছেন ৫৪ জন, আহত হয়েছেন আরো ২৭১৪।
কর্নেল (অব.) অলি আহমদ: জোর করে ক্ষমতায় থাকার ফল শুভ নয়- দৈনিক সমকাল

কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে দেশকে বর্তমান সংকট থেকে বের করে আনতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, সরকারকে আরও নমনীয় হতে হবে। জোর করে ক্ষমতায় টিকে থাকার ফল কখনও শুভ হয় না। সরকার যদি বুদ্ধিমত্তার পরিচয় দেয়, তাহলে সমস্যাগুলোর সমাধান সহজ। একে অপরকে ঘায়েল করার মনোভাব পরিহার করতে হবে। যদি কেউ মনে করেন, ২০১৪ আর ২০১৮ একই ধরনের হবে, তাহলে তারা বড় ভুল করবেন। এবার কেউ আর কাউকে ছাড় দেবে না।
আন্দোলনের হুমকি দিয়ে ২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, এবারের আন্দোলনে জ্বালাও-পোড়াও হবে না। জনগণের জানমালের কোনো ক্ষতি হবে না। তবে আন্দোলন সফল হবে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার মহাখালীর ডিওএইচএসের বাসভবনে সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অলি আহমদ এসব কথা বলেন। আগামী একাদশ সংসদ নির্বাচনের আগে জোট ভাঙনের শঙ্কা উড়িয়ে দিয়েছেন অলি আহমদ। একই সঙ্গে তিনি এও বলেছেন, বিএনপিকে বিচক্ষণতার সঙ্গে সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ধর্ম নিয়ে কাউকে দ্বিজাতিতাত্ত্বিক সংঘাত করতে দেবে না সরকার: এলজিআরডি মন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘এ দেশে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। তাই কাউকে ধর্ম নিয়ে রাজনীতি করে দ্বিজাতিতাত্ত্বিক সংঘাত করতে দেবে না সরকার।’
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ রোববার সকালে ফরিদপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, ‘পৃথিবী থেকে দুরাচার, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে পালন করে থাকেন।’
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
বিধায়ক হওয়ার আগে আমার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না: প্রধানমন্ত্রী- দৈনিক আজকাল

প্রায় ৩২ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুঁজেছিলেন ব্যাঙ্কের কর্তারা। তাঁর একটা সই প্রয়োজন ছিল ব্যাঙ্কের। কিন্তু সেটা জোগাড় করতে গিয়ে কার্যত ছোটাছুটি করতে হয়েছিল ব্যাঙ্ক কর্মীদের। স্মৃতি রোমন্থন করতে গিয়ে প্রধানমন্ত্রী জানালেন, জীবনের অনেকটা সময় পর্যন্ত তাঁর নামে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। নিজস্ব অ্যাকাউন্টের নাকি প্রয়োজনই ছিল না তাঁর। প্রধানমন্ত্রী বলেন, ‘বহু বছর আগে দেনা ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট ছিল। তখন আমি স্কুলে পড়ি। স্কুলের পক্ষ থেকে সব ছাত্রদের একটা করে পিগি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল। যদিও আমার সেই অ্যাকাউন্ট চিরকাল খালি হয়েই পড়ে রইল। কোনওদিন সেখানে একটা পয়সাও ছিল না।’
তাঁর দাবি, ‘ব্যাঙ্ক কর্মীরা আমাকে ৩২ বছর ধরে খুঁজেছিল। আসলে গ্রাম ছাড়ার পর আমার তো নির্দিষ্ট কোনও ঠিকানা ছিল না। তাই ব্যাঙ্কের লোকরা আমাকে খুঁজে বের করতে পারত না। ৩২ বছর পর ওঁরা আমাকে খুঁজে পেল। একদিন ব্যাঙ্ক থেকে কয়েকজন লোক এসে আমার সই নিল। জানতে পারলাম ওরা আমার অ্যাকাউন্ট বন্ধ করতে আমাকে খুঁজছিল। গুজরাটের এমএলএ হওয়ার পর আমার মাইনে চালু হল। তাই তখনই আমার জীবনের প্রথম অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ল।’ তাই কি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে জন ধন যোজনা চালু করেন তিনি? এর উত্তর অবশ্য দেননি তিনি।
১০০ দিনের কাজে পরপর তিনবার দেশের শীর্ষে বাংলা- দৈনিক বর্তমান

১০০ দিনের কাজে ফের দেশের শীর্ষস্থানে বাংলা। এই নিয়ে পরপর তিনবার প্রথম পুরস্কার পেল বাংলা। ২০১৭-১৮ আর্থিক বছরে ১০০ দিনের কাজে ২৩ কোটি শ্রম দিবস তৈরির লক্ষ্যমাত্রা ছিল। ৩১ মার্চ আর্থিক বছর শেষে দেখা যায়, রাজ্যে শ্রমদিবস তৈরি হয়েছে ৩১ কোটি ২৫ লক্ষ। যা সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। শ্রমদিবস তৈরিতে অন্য রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে যায় পশ্চিমবঙ্গ। গত আর্থিক বছরে পরিবার পিছু গড়ে ৬০ দিন কাজ দেওয়া গিয়েছিল, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ১০০ দিনের প্রকল্পে বিভিন্ন দপ্তরের কাজের সঙ্গে যে সমন্বয় ঘটানো হয়েছে, সেক্ষেত্রে বাংলা পথিকৃৎ। সমন্বয়ের মাধ্যমে গ্রামের মানুষের জীবিকার মানোন্নয়নের জন্য এবার প্রথম স্থান অর্জন করল বাংলা।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে এই খবর জানানো হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের দু’টি জেলা পূর্ব বর্ধমান ও কোচবিহার এবার জেলা পর্যায়ে জাতীয় পুরস্কার পাচ্ছে। এছাড়াও এ রাজ্য অনেক বিভাগেই পুরস্কার পাচ্ছে। সবমিলিয়ে সাতটি পুরস্কার আসছে রাজ্যের ঝুলিতে। ১০০ দিনের কাজের জন্য রাজ্যকে পুরস্কার দেওয়া হবে ১১ সেপ্টেম্বর। দিল্লির বিজ্ঞান ভবনে ওই পুরস্কার দেবে গ্রামোন্নয়ন মন্ত্রক। পঞ্চায়েত দপ্তরের কর্তাব্যক্তিরা ওই পুরস্কার নিতে যাবেন। ১০০ দিনের কাজে বাংলার এই সাফল্যে সকলকে শুভেচ্ছা জানান উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর খুশির কথা ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, জল সংরক্ষণেও দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। ১০০ দিনের কাজে শিলিগুড়ির কাছে নকশালবাড়ি ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েত বলে পুরস্কৃত হয়েছে।
গুরুগ্রাম জমি কেলেঙ্কারি নিয়ে রবার্ট বঢরার বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের- দৈনিক আনন্দবাজার

অস্বস্তি তো ছিলই। গুরুগ্রামের জমি কেলেঙ্কারি নিয়ে ফের নতুন করে অভিযোগ দায়ের হওয়ায় প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার সেই অস্বস্তি বাড়ল কয়েক গুণ। জমি দুর্নীতির অভিযোগ এনে রবার্ট ও হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার বিরুদ্ধে নতুন ভাবে এফআইআর দায়ের করলেন সুরেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। অভিযোগপত্রে রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ এবং ওঙ্কারেশ্বর প্রপার্টিজ-এর নামও উল্লেখ করেছেন সুরেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানান, হরিয়ানার মানেসরের ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ কুমার।
অভিযোগপত্রে বলা হয়েছে, রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি গুরুগ্রামের সেক্টর ৮৩, সিখোপুর, সিকন্দরপুর, খেড়কি দৌলা এবং সিহি-তে সাড়ে ৭ কোটি টাকার বিনিময়ে জমি কিনেছেন। পরে সেই জমিগুলোই ৫৫ কোটি টাকায় বিক্রি করেন।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২