নির্বাচনের আগে সিনহার বই প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন কাদের
প্রিয় পাঠক/শ্রোতা! ২১ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল- দৈনিক সমকাল
- নির্বাচনের আগে সিনহার বই প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন কাদের- দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চালিয়ে যাওয়া ন্যায়বিচার পরিপন্থি: ফখরুল- দৈনিক যুগান্তর
- বিরোধী নেতারা এক মঞ্চে উঠবেন : দৃশ্যমান হচ্ছে জাতীয় ঐক্য- দৈনিক ইনকিলাব
- নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভায় থাকার আশা এরশাদের- দৈনিক নয়াদিগন্ত
- ইসি ঘেরাও কমর্সূচি: বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা- দৈনিক যায়যায়দিন
- স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বীনি শিক্ষার সিলেবাস-কারিকুলামে বিকৃতি ঘটিয়েছে: ধর্মমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- অপসারিত অধীর, প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি সোমেন মিত্র- দৈনিক আনন্দবাজার
- অসমের রাষ্ট্রবিজ্ঞান বইয়ে গুজরাট দাঙ্গার জন্য দায়ি করা হল মোদিকে- দৈনিক আজকাল
- গঙ্গায় ইলেকট্রিক ফেরি, লগ্নি: করতে আগ্রহী জার্মান সংস্থা- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল- দৈনিক সমকাল

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। শুক্রবার সকালে রাজধানীর লালবাগের হোসনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় ধানমন্ডি লেকে গিয়ে। মিছিলে অংশ নিয়েছেন শিয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ। এ সময় ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করছেন অংশগ্রহণকারীরা। এছাড়াও বুক চাপড়ে শোক প্রকাশ করছেন তারা।
অন্যদিকে মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যদের ইমামবাড়া থেকে ধানমন্ডি লেক পর্যন্ত বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়। মিছিলের সঙ্গেও ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এছাড়াও প্রস্তুত রাখা হয় জলকামান, ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি ও সাজোয়া যান।
এর আগে গত মঙ্গলবার হোসনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসনি দালান থেকে ধানমন্ডি লেক পর্যন্ত কড়া নিরাপত্তাব্যবস্থা থাকবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা, বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত টিম প্রস্তুত থাকবে।
নির্বাচনের আগে সিনহার বই প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন কাদের- দৈনিক প্রথম আলো

নির্বাচনের আগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর মতে, এই সময়ে বইটি প্রকাশ করে সাবেক প্রধান বিচারপতি সরকারবিরোধী অপপ্রচারের উসকানি না দিলেও পারতেন।
আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাস র্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের ওই সব কথা বলেন। জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন প্রয়োগ করা অনেক কঠিন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক বিচারপতি এস কে সিনহার বই প্রকাশ প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর লেখা বই তিনি প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার শুধু একটাই প্রশ্ন, তা বিদেশের মাটিতে বসে কেন? আর নির্বাচনকে সামনে রেখে কেন? বইটি আরও দুই-তিন মাস পরেও প্রকাশ করা যেত। বইটি এ সময়ে প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারের উসকানি এ সময় তিনি না দিলেও পারতেন।’
খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চালিয়ে যাওয়া ন্যায়বিচার পরিপন্থি: ফখরুল- দৈনিক যুগান্তর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালিয়ে যাওয়ার আদালতের আদেশকে ন্যায়বিচারের পরিপন্থি বলে জানিয়েছে বিএনপি। এক সপ্তাহে পরপর তিনদিন এ মামলার শুনানির তারিখ রাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুনানি শেষ করার জন্য এতো তাড়া কেন?
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকারের তাড়া আমরা বুঝতে পারি, তারা চায় যত দ্রুত বেগম জিয়াকে আটকে রাখার ব্যবস্থা করা যায়। কিন্তু আদালতের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না, জনগণও করে না।
জিয়া অ্যারফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ে কারাগারে আছেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে ওই কারাগারের একটি কক্ষে বিশেষ জজ আদালতের বিশেষ এজলাস বসিয়ে।
পরপর তিন কার্যদিবস তিনি আদালতে হাজির হননি। পরে ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতেই যুক্তি-তর্ক শুনানির আদেশ দেন। বিচারক বলেন, এক বছর ৯ মাস মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে থাকায় এবং আসামি খালেদা জিয়া ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হওয়ায় ন্যায়বিচারের স্বার্থে তিনি এ সিদ্ধান্ত দিচ্ছেন।
বিরোধী নেতারা এক মঞ্চে উঠবেন : দৃশ্যমান হচ্ছে জাতীয় ঐক্য- দৈনিক ইনকিলাব

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ এবার দৃশ্যমান হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বাইরে থাকা অধিকাংশ রাজনৈতিক দল আগামীকাল শনিবার এক মঞ্চে আসছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশ হবে ঢাকা মহানগর নাট্যমঞ্চে। এটা হবে দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। এ সমাবেশে বিএনপি, যুক্তফ্রন্ট, বামদলসহ বিরোধী অনেকগুলো দলের নেতা যোগ দেবেন। নেতাদের এক মঞ্চে উপস্থিতির মাধ্যমে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ওই মঞ্চ থেকে বৃহত্তর জাতীয় ঐক্যের পরবর্তী দফা ও কর্মসূচী ঘোষণা হবে। এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে শুরু হবে বিরোধী দলগুলোর নতুন ভাবে পথ চলা।
বিএনপি থেকে ঘোষণা দেয়া হয়েছে দেশের বৃহৎ স্বার্থ ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বড় ধরণের ছাড় দিতে দলটি প্রস্তুত। দলটির নেতাদের সঙ্গে কথা বলে সে ইংগিত পাওয়া গেছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা গণফোরামের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী এ বিষয়ে ইনকিলাবকে বলেছেন, বৃহত্তর জাতীয় ঐক্যের লক্ষে আমরা এগুচ্ছি। আগামী ২২ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে আমাদের যে সমাবেশ রয়েছে তাতে সব দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আমরা প্রত্যাশা করছি। ওইদিন সমাবেশ মঞ্চে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র একটি রূপ লাভ করবে। প্রকৃত অর্থে আমরা যে পাঁচ দফা দাবি এবং ৯ দফা লক্ষ দিয়েছি সেগুলোর সাথে মোটামুটি ভাবে সবাই একমত পোষন করছেন। আমরা সবার সাথে এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আগামী দু’তিনদিনের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে বৃহত্তর জাতীয় ঐক্যের ঘোষনা করতে পারবো।
নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভায় থাকার আশা এরশাদের- দৈনিক নয়াদিগন্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় থাকতে পারি আমি, এতে কোনো বাধা নেই।’ বৃহস্পতিবার রংপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন এইচ এম এরশাদ।
এরশাদ বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী মন্ত্রিসভায় থাকতে পারবেন না। উনি বিরোধী দলীয় নেত্রী থাকবেন শেষদিন পর্যন্ত। কিন্তু আমি থাকব।’ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন, ‘ইভিএম আগেও সমর্থন করিনি, এখনো করি না।’এরশাদ আরো বলেন, ‘বিএনপি নির্বাচন এলে আওয়ামী লীগের সঙ্গে জাতীয়পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। তাহলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০ আসন চায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই দাবী করেছেন। বৃহস্পতিবার তিন দিনের ব্যক্তিগত সফরে রংপুর এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।’
ইসি ঘেরাও কমর্সূচি: বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা- দৈনিক যায়যায়দিন

জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোট নিবার্চন কমিশন ভবন ঘেরাওয়ের জন্য মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ কারওয়ান বাজারের কাছে সাকর্ ফোয়ারার সামনে লাঠিপেটা করে। এর আগে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘষর্ হয়। বাম জোটের দাবি, এ সংঘষের্ প্রায় অধর্শত আহত হয়েছে। পুলিশের বাধার কারণে মিছিলটি আর সামনে এগোতে পারেনি।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পূবের্ঘাষণা অনুযায়ী বাম গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নিবার্চনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে’ নিবার্চন কমিশন ঘেরাও সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশ থেকে নেতাকমীর্রা মিছিল নিয়ে নিবার্চন কমিশন অভিমুখে মিছিল শুরু করেন।
মিছিলটি ইঞ্জিনিয়াসর্ ইনস্টিটিউটের সামনে এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। তবে তারা মিছিল নিয়ে এগিয়ে যায়। শাহবাগ, বাংলামোটর পার হয়ে সাকর্ ফোয়ারা মোড় পযর্ন্ত এলে সেখানে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। এরপরও জোটের মিছিল এগোনোর চেষ্টা করতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘষর্ বাধে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন। সাকর্ ফোয়ারা মোড়ের ওপর সেখানে বিক্ষোভ করতে থাকেন দলটির নেতারা। এ সময় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি লাঠিপেটার নিন্দা জানিয়ে বলেন, কোনো বাধা তারা মানবেন না। দাবি আদায়ে আগামী ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কমর্সূচি পালন করবেন।
স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বীনি শিক্ষার সিলেবাস-কারিকুলামে বিকৃতি ঘটিয়েছে: ধর্মমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বীনি শিক্ষার সিলেবাস ও কারিকুলামে সুকৌশলে বিকৃতি ঘটিয়েছে। আজ শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিশ্ব শান্তির অন্বেষায়- প্রকৃত দ্বীনি শিক্ষা, দাওয়াত ও দ্বীনের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান বলেন, প্রকৃত আলেমের হাত থেকে কৌশলে দ্বীনি শিক্ষাকে ছিনিয়ে নিয়ে আলেম নামধারী একটি ভ্রান্ত ও তাবেদার শ্রেণির হাতে তুলে দেয়া হয়েছে, যারা ইসলামকে রাষ্ট্রক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে গণ্য করে।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন নায়েবে রাসুল তৈরির লক্ষ্যে প্রকৃত দ্বীনি শিক্ষার কারিকুলাম প্রণয়নের প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রকৃত দ্বীনি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো গেলে বাংলাদেশের আলেমগণ শুধুমাত্র বাংলাদেশই নয় বরং সারা বিশ্বের প্রায় ২৫ লক্ষ মসজিদকে কেন্দ্র করে বিশ্বময় ইসলামের সুমহান শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে সক্ষম হবে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
অপসারিত অধীর, প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি সোমেন মিত্র- দৈনিক আনন্দবাজার

প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে আচমকা সরিয়ে দেওয়া হল অধীররঞ্জন চৌধুরীকে। নতুন সভাপতি হলেন সোমেন মিত্র। গত বেশ কয়েক বছর রাজনীতির মাঠে-ময়দানে প্রায় দেখাই যায়নি যে নেতাকে, সেই সোমেন মিত্রকে এক ধাক্কায় বাংলার কংগ্রেসের মুখ করে তোলা হবে, এমনটা রাজনৈতিক শিবিরে বেশ অপ্রত্যাশিতই ছিল। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সোমেনের প্রত্যাবর্তনের খবর বেশ হইচই ফেলেছে রাজনৈতিক শিবিরে।
এআইসিসি সাধারণ সম্পাদক অশোক গহলৌতের জারি করা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন সোমেন মিত্র। এত দিন যিনি সভাপতি ছিলেন, সেই অধীর চৌধুরীকে করা হচ্ছে প্রচার কমিটির চেয়ারম্যান। প্রদেশ কংগ্রেসের আর এক প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্যকেও নিয়ে আসা হয়েছে সামনের সারিতে। কো-অর্নিনেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাঁকে। চার জন কার্যনির্বাহী সভাপতির নামও ঘোষণা করেছে এআইসিসি। তাঁরা হলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি, দক্ষিণ মালদেহ সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বাঘমুন্ডির বিধায়ক তথা বিধাসভায় বিরোধী দলের উপনেতা নেপাল মাহাত।
অসমের রাষ্ট্রবিজ্ঞান বইয়ে গুজরাট দাঙ্গার জন্য দায়ি করা হল মোদিকে- দৈনিক আজকাল

দ্বাদশ শ্রেনীর রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে কাঠগড়ায় তোলা হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই বইতে লেখা হয়েছে ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় নীরব ছিলেন তৎকালিন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই নীরব থাকার জন্য চূড়ান্ত সমালোচনাও হয়েছিল তখন। বইটি প্রকাশিত হয়েছিল অসমে। তাই এই ঘটনায় বইটি যিনি লিখেছেন এবং আর দু’জন, মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অসম পুলিস। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে অসম জুড়ে।
পুলিস সূত্রে খবর, বইটি অসমিয়া ভাষায় লেখা হয়েছে। সেই বইটির ৩৭৬ পাতায় লেখা রয়েছে গুজরাট জুড়ে যে দাঙ্গা হয়েছিল তাতে সবরমতী এক্সপ্রেসের গোধরা রেল স্টেশনে ৫৭ জন মানুষ মারা গিয়েছিলেন। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী অধুনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। এই বইয়ের তিনজন লেখকের নাম হল, দুর্গাকান্ত শর্মা (আর্য বিদ্যাপীঠ কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান), রফিক জামান (গোয়ালপাড়া কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান) এবং মানস প্রতীম বড়ুয়া (দক্ষিণ কামরূপ কলেজের বিভাগীয় প্রধান)। এঁদের মধ্যে বেশ কয়েকবছর আগে প্রয়াত হয়েছেন দুর্গাকান্ত শর্মা। ২০১১ সাল থেকে এই বই অসমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে চলছে। লেখকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সৌমিত্র গোস্বামী এবং মানবজ্যোতি বোরা।
গঙ্গায় ইলেকট্রিক ফেরি, লগ্নি: করতে আগ্রহী জার্মান সংস্থা- দৈনিক বর্তমান

হেগ জিএমবিএইচের পর ফের সাফল্যের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মান সফরে। কলকাতা এবং হাওড়ার মধ্যে বৈদ্যুতিন ফেরি চালাতে লগ্নির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিল জার্মানির সরকারি সংস্থা জিআইজেড। বুধবার ফ্র্যাঙ্কফার্টে এই সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের (ডব্লুবিআইডিসি) এমডি বন্দনা যাদব। সেখানে নগরোন্নয়ন নিয়ে আলোচনা হয় দু’পক্ষের। তার মধ্যেই রয়েছে কলকাতা-হাওড়া ইলেকট্রিক ফেরি চালানোর বিষয়টি। বর্তমানে এই জলপথে যে সব ফেরি চলাচল করে, সেগুলি মূলত ডিজেলচালিত। তাই দূষণ কমাতে এই বিকল্প প্রস্তাব দেওয়া হয় রাজ্যের তরফে। যেভাবে গোটা বিষয়টি উপস্থাপন করা হয়, তাতে জিআইজেড সন্তুষ্ট বলেই সূত্রের খবর। তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়নে আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সাহায্য করে এই সংস্থা। তাই ৫০-৫০ আনুপাতিকহারে যৌথ বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প চূড়ান্ত হবে বলেই আশাবাদী রাজ্য।
তবে শুধুমাত্র বৈদ্যুতিন ফেরিই নয়, কলকাতার বুকে বৈদ্যুতিন বাস, বৈদ্যুতিন ট্রলি বাস (উন্নত প্রযুক্তির ট্রাম) চালানো নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এক্ষেত্রেও বিনিয়োগের অনুপাত ৫০-৫০। পাইলট প্রজেক্ট হিসেবে ১০০টি ই-বাস এবং ২০টি ই-ট্রলি বাস চালানো নিয়ে কথাবার্তা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘সাধারণ মানুষ যাতে আরও সহজে, আরও দূষণমুক্তভাবে চলাচল করতে পারেন, সেজন্য এই বৈদ্যুতিন গাড়ি, লঞ্চের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এইসব প্রকল্পে বিনিয়োগের জন্য ওরা যথেষ্ট ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।’ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ফ্র্যাঙ্কফার্টের কাছে কমল মিত্তালের ফ্যাক্টরি দেখতে যান মলয় দে, বন্দনা যাদব এবং রাজ্যের প্রতিনিধিদল। রেলওয়ে স্লিপার তৈরি হয় এই ফ্যাক্টরিতে।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১