সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১২:২০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
  • জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশের ১৩ কোটি মানুষ: বিশ্ব ব্যাংক- দৈনিক সমকাল
  • বিএনপির আন্দোলন কারাগারে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
  • অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি: ফখরুল- দৈনিক যুগান্তর
  • মেট্রোরেল প্রকল্প: মেট্রোরেল নির্ধারিত সময়ে হচ্ছে না- দৈনিক প্রথম আলো
  • কথিত ‘অবৈধ বাংলাদেশীদের’ বিজেপি এক নম্বর শত্রু বানাতে চায়- দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • ইসলামপুরে তীর–ধনুক হাতে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের- দৈনিক আজকাল
  • পাকিস্তানের বিরুদ্ধে ইঞ্জেকশন নিয়ে নামছেন শাকিব, মাশরফি ওষুধ খেয়ে- দৈনিক আনন্দবাজার
  • গোলমাল পাকাতে বাইরের টাকা ঢুকছে, রিপোর্ট জমা পড়ল নবান্নে- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন

বাংলাদেশ  জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শান্তিরক্ষাকারীদের মর্যাদা সমুন্নত রাখতে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। গতকাল সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্যোগে অ্যাকশন ফর পিসকিপিং (এফোরপি) এর ওপর একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সংস্থাটির সদরদপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যান্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা একটি বৈশ্বিক জনকল্যাণমুখী সেবা। এই বাহিনীর মর্যাদা ধরে রাখতে আমাদের সকলকে অবশ্যই একটি ইতিবাচক চিন্তাধারা নিয়ে কাজ করে যেতে হবে। এটা অনেকের জীবনের আশার আলো জ্বালিয়েছে। আমাদের অবশ্যই এই আশার আলোকে সম্মান জানাতে হবে।

বাংলাদেশ প্রধানমন্ত্রী আরো বলেন, এই বাহিনীতে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশের ১৩ কোটি মানুষ: বিশ্ব ব্যাংক- দৈনিক সমকাল

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবর্ষণে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষ ঝুঁকির মুখে রয়েছে। এ ঝুঁকি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ না করলে ২০৫০ সাল নাগাদ আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ। বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। ‘সাউথ এশিয়া’স হটন্পটস: ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের মাথুরা মানি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬০ বছরে এ অঞ্চলের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং তা অব্যাহত আছে, যা কৃষি, স্বাস্থ্য ও উৎপাদনশীলতাকে প্রভাবিত করছে। যদি পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে বাংলাদেশের গড় তাপমাত্রা ১ ডিগ্রি থেকে দেড় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আর যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে গড় তাপমাত্রা বাড়বে আড়াই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে চট্টগ্রাম অঞ্চল। ঝুঁকির শীর্ষে বাকি জেলাগুলো হল- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও নোয়াখালী। অনষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবিলায় আমরা অনেকের চেয়ে ভালো অবস্থানে আছি। তবে জলবায়ু মোকাবেলায় কম সুদে আরও ঋণ দরকার।

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি: ফখরুল- দৈনিক যুগান্তর

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার, সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেয়া হয়েছে। কিন্তু এখনও অনুমতি দিচ্ছে না প্রশাসন।

বিএনপি কেন জনসভা করতে চাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দলের নীতিনির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যৎ কর্মসূচি দেয়ার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বৃহত্তর জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই সব জানতে পারবেন।

বিএনপির আন্দোলন কারাগারে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এখন আর নামাজের সময় ইফতারের সময় লোডশেডিং হয় না। আর একটি বড় কাজ বাকি আছে সেটা হলো গ্যাসের সমস্যা। এ এলাকায় গ্যাসের সার্ভে করা হচ্ছে। আগামীবার আবার ক্ষমতায় এলে প্রতিটি ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনার মন আকাশের মত বিশাল। তিনি আমাকে আওয়ামী লীগের মত বড় দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। বড় মন্ত্রী হয়েছি, মন্ত্রী হওয়া বড় কথা নয়। আওয়ামী লীগ সৃষ্টির পর থকে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ নির্বাচিত হয় নাই। আপনাদের দোয়ায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এ সম্মান আমার এলাকার জনগণের। উত্তর বঙ্গে ট্রেনে গেছি লক্ষ লক্ষ লোক, সড়ক পথে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে আমার সভায় লক্ষ লক্ষ জনতার ঢল নামে।

তিনি আজ মঙ্গলবার দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নতুন বাজার হাই স্কুল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেট্রোরেল প্রকল্প: মেট্রোরেল নির্ধারিত সময়ে হচ্ছে না- দৈনিক প্রথম আলো

মেট্রোরেলের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ, দুই বছরে সিকি ভাগ কাজও হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে প্রকল্প ব্যয় বাড়বে। তবে প্রকল্প–সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

প্রকল্প–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের কাজের সার্বিক বাস্তব অগ্রগতি সাড়ে ১৬ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উড়ালপথ এবং স্টেশন নির্মাণের কাজ শেষ করার কথা ২০১৯ সালের ৩০ জুনে। আর আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার কথা ওই বছরের ডিসেম্বরে। আগারগাঁও থেকে মতিঝিল অংশ ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা। এখন পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার ১০৫ কোটি টাকা।

এদিকে মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরুর পর থেকে প্রকল্প এলাকায় সড়কের প্রস্থ কমে গেছে। সড়কে পাশাপাশি দুটি গাড়ি, বাস চলতে পারছে না। যানজট এখন মিরপুর, আগারগাঁওবাসীর নিত্যসঙ্গী। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হলে নিত্যদিনের এই ভোগান্তি আরও দীর্ঘ হবে বলে এলাকাবাসীর আশঙ্কা।

মিরপুরের বাসিন্দা আরিফুর রহমান বলেন, রাস্তার বড় অংশ আটকে মেট্রোরেলের কাজ চলায় প্রতিদিন যানজটে পড়তে হয়। মেট্রোরেলের কাজ শেষ হলে যানজটের দুর্ভোগ কমবে—এই আশায় সবাই হাসিমুখে বর্তমান ভোগান্তি মেনে নিচ্ছে। কিন্তু আগেও দেখা গেছে, একটি প্রকল্প শুরু হলে শেষ হতে চায় না। এটার ক্ষেত্রেও যেন এমন না হয়।

কথিত ‘অবৈধ বাংলাদেশীদের’ বিজেপি এক নম্বর শত্রু বানাতে চায়- দৈনিক ইনকিলাব

কথিত ‘অবৈধ বাংলাদেশী’দের এক নম্বর শত্রু বানানোর পরিকল্পনা নিয়েছে ভারতে ক্ষমতাসীন দল বিজেপি। এরই মধ্যে বিজেপি প্রধান অমিত শাহ ভারতে বসবাসকারী কথিত ‘বাংলাদেশী’দেরকে উইপোকা বলে আখ্যায়িত করেছেন। এ নিয়ে রাজনীতিতে এক আতঙ্ক দেখা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। ২৫শে সেপ্টেম্বর প্রকাশিত ‘ফিয়ার সাইকোসিস : অমিত শাহ’স এন্টি-বাংলাদেশী পিচ ওন্ট হেল্প ডমেস্টিক পলিটিক্স অর ফরেন পলিসি’ শীর্ষক সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, আশা ও উন্নয়নসহ ইতিবাচক বার্তার ওপর ভর করে ২০১৪ সালে জাতীয় নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। আসন্ন ২০১৯ সালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির কাছে ‘আয়ুষ্মান ভারত’ স্কিম ও স্বাস্থ্য বিষয়ক স্কিম বিষয়ে বিবৃতি জাতিগোষ্ঠী অথবা সম্প্রদায়কে অতিক্রম করে গেছে। এসবই ওই একই লাইনের। বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ এরই মধ্যে অভিবাসীদেরকে অনুপ্রবেশকারী ও উইপোকা বলে আখ্যায়িত করেছেন। এর মধ্য দিয়ে তিনি রাজনীতিতে আতঙ্ক ও মস্তিষ্কবিকৃতির মতো ঘটনার বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন।

ব্যতিক্রমী বিষয় হলো, অমিত শাহ বলেছেন, কয়েক কোটি ‘অনুপ্রবেশকারী’ প্রবেশ করেছে ভারতে। আর ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিজেপি তাদের প্রত্যেককে সনাক্ত করবে। এ বিষয়ে অমিত শাহ’র বার বার বক্তব্য, বিবৃতি এটাই বুঝিয়ে দেয় যে, কথিত ‘অবৈধ বাংলাদেশী’দেরকে বিজেপি এক নম্বর শত্রু বানানোর পরিকল্পনা করছে। আর এই ইস্যুতে সব কিছু অর্জনের চেষ্টা করছে। অমিত শাহের এই নেতিবাচক কৌশলকে তুলনা করা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের সঙ্গে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে মেক্সিকানদেরকে ‘ধর্ষক’ হিসেবে বর্ণনা করেছেন। যদি এই ধারণা (বাংলাদেশী বিরোধিতা) বিজেপির নির্বাচনী সমর্থনের ভিত্তি হয় তাহলে তার ভবিষ্যত অন্য কিছু হবে না, যেমনটি হয়েছে ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা কমে গেছে। শুধু এমন কৌশল নিম্নদিকেই ধাবিত করে। ২০১৯ সালে শুধু প্রকৃত ভোটই (কোর ভোট) বিজেপির জেতার জন্য যথেষ্ট হবে না।

চট্টগ্রাম শাহ আমানতে দুর্ঘটনায় পতিত ইউএস বাংলা- দৈনিক নয়াদিগন্ত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কক্সবাজারগামী ইউএস বাংলার একটি ফ্লাইট দুর্ঘটনায় পতিত হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রানওয়েতে মুখ থুবড়ে পড়ে রয়েছে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার ফ্লাইটটি। এরপর থেকে শাহ আমানত বিমানবন্দরে সকল ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি জরুরি অবতরণের সময় সামনের চাকাটি সচল ছিল না। ভাগ্যক্রমে বিমানটিতে আগুন ধরেনি। তবে বিমানের ভেতরে থাকা সাত যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক নয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট কয়েকটি সূত্র নিশ্চিত করে, ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট উড্ডয়নের পর সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। ফলে এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের সময় বিমানটির সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। বিমানটিতে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটকে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা গেছে বলে জানায় যাত্রীরা।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

ইসলামপুরে তীর–ধনুক হাতে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের- দৈনিক আজকাল

যেখান থেকে অশান্তির সূত্রপাত। ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ এর দিনে সেই ইসলামপুরও শান্ত রইল না। বুধবার সকালে ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর যাত্রীবোঝাই একটি বাসে ভাঙচুর চালায় অবরোধকারীরা। যাত্রীরা বুদ্ধগয়া থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন। ভোরবেলায় বাসযাত্রীরা তখন ঘুমোচ্ছিলেন। অভিযোগ, চলন্ত অবস্থাতেই বাসের জানলায় একের পর এক ইট এসে পড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে ইটের আঘাতে জখম হননি কেউ। বাসটি অবশ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে উত্তেজনা ছড়ায় সকাল থেকেই। তীর–ধনুক হাতে নিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা। পুলিস গিয়ে অবরোধ হঠাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। বেশ কিছুক্ষণ চলে অশান্তি। পুলিস অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আয়ত্তে আনে।

এদিকে, ইসলামপুরের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে৷ ডালখোলা, মল্লিকপুর, মিঠাপুর, রেলগেট সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বন্‌ধ এর সমর্থনে বিজেপি কর্মীরা অবরোধে বসেন৷ ৩১ নং জাতীয় সড়কও অবরোধের চেষ্টা করেন বিজেপি সমর্থকরা। যদিও কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে ইসলামপুর সহ বিস্তীর্ণ এলাকা৷ চলছে পুলিসের টহরদারী৷ রাস্তায় নেমেছে র‌্যাফ। 

পাকিস্তানের বিরুদ্ধে ইঞ্জেকশন নিয়ে নামছেন শাকিব, মাশরফি ওষুধ খেয়ে- দৈনিক আনন্দবাজার

প্রতিপক্ষ শিবিরে মহম্মদ আমির, হাসান আলিরা থাকলেও বাংলাদেশের চিন্তা কিন্তু অন্য দুই বোলারকে নিয়ে। যে দুজনের নাম— মাশরফি মর্তুজা এবং শাকিব আল হাসান! এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে কে খেলবে, সেটা ঠিক হওয়ার অঙ্ক খুব সহজ। আজ, বুধবার, পাকিস্তান বনাম বাংলাদেশের লড়াইয়ে যে জিতবে, শুক্রবার ফাইনালে খেলার ছাড়পত্র তাদের। কিন্তু পাকিস্তানকে নিয়ে ভাবতে বসার আগে বাংলাদেশের চিন্তা তাদের নিজের দুই ক্রিকেটারকে নিয়েই। মর্তুজা, শাকিব। দু’জনেই চোট-আঘাতের সমস্যায় ভুগছেন। তবে যা জানা যাচ্ছে, দু’জনেই খেলবেন। আরও জানা গেল, প্রথম জন মাঠে নামবেন ব্যথা কমানোর ওষুধ খেয়ে। দ্বিতীয় জন, অর্থাৎ শাকিব একেবারে ইঞ্জেকশন নিয়ে।

শাকিবের সমস্যাটা একটু পুরনো। কিছু দিন আগে শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কড়ে আঙুলে চোট পান বাংলাদেশের এই অলরাউন্ডার। আঙুলের হাড়ও সরে গিয়েছিল। ব্যান্ডেজ করে খেলে চলেছেন। অস্ত্রোপচার না করলে ঠিক হবে না। এই অবস্থায় ইঞ্জেকশন নিয়ে মাঠে নামতে হচ্ছে শাকিবকে। বলও করতে হচ্ছে এই বাঁ হাতি স্পিনারকে। ব্যাটও করছেন অতি সতর্ক ভাবে। যাতে চোটের জায়গায় আরও লেগে না যায়। এই অবস্থাতেই খেলতে নামবেন শাকিব।

মর্তুজা এখন আর আগের মতো ফিট নন। দীর্ঘদিন ধরে পেস বোলিং করার ফলে ছোটখাটো সমস্যা তাঁর লেগেই আছে। এখানে এশিয়া কাপে, এই প্রচণ্ড গরমে টানা খেলে যাওয়ার ছাপ পড়ছে তাঁর শরীরে। চোটের একটা ছবি বাংলাদেশ সাংবাদিকদের দেখিওয়েছেন মর্তুজা। যাতে দেখা যাচ্ছে, ঊরুতে কালশিটে পড়ে গিয়েছে তাঁর। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তবে এই যন্ত্রণা নিয়েই খেলার জন্য তৈরি হচ্ছেন মর্তুজা। অবশ্যই আধুনিক ওষুধের সাহায্যে।

গোলমাল পাকাতে বাইরের টাকা ঢুকছে, রিপোর্ট জমা পড়ল নবান্নে- দৈনিক সংবাদ প্রতিদিন

রাজ্যের কয়েকটি জেলায় গোলমাল পাকাতে বাইরে থেকে টাকা ঢুকছে। সেই টাকার জোরেই বিভিন্ন উস্কানিমূলক ঘটনা ঘটছে। এমনই গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে নবান্নে। বিশেষ করে, যে জেলাগুলিতে এই গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি। মূলত, কলকাতার দূরবর্তী জেলাতেই এই ধরনের প্রচেষ্টা শুরু হয়েছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিছুটা হলেও ভালো ফল করেছে। নবান্ন থেকে ওই সব জেলার পুলিস প্রশাসনকে এর জন্য সতর্ক করা হয়েছে।

সম্প্রতি রাজ্যে কয়েকটি গোলমালের ঘটনা ঘটেছে। সেই সব ঘটনার পিছনে কোনও শক্তি রয়েছে বলে রাজ্য গোয়েন্দাদের ধারণা। সেই শক্তি বলতে গোয়েন্দা রিপোর্টে বিজেপি ও আরএসএসের দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই কয়েকজন স্থানীয় বিজেপি নেতার উপরে নজর রাখছেন গোয়েন্দারা। বিভিন্ন জায়গায় সংগঠন বাড়ানোর নামে টাকা ওড়ানো চলছে বলেও গোয়েন্দারা উল্লেখ করেছেন। এর পিছনে ঝাড়খণ্ড সহ অন্য রাজ্যের মদত রয়েছে বলে তাঁদের ধারণা। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছিল বিজেপি, এমনই অভিযোগ উঠেছিল।

কয়েকটি ঘটনার পিছনে বিজেপি-আরএসএসের উস্কানি আছে, এমনটাই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে। উদাহরণ হিসেবে উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলের গোলমালের কথা বলা হয়েছে। একইভাবে সোমবার আদিবাসীদের ডাকা রাস্তা ও রেল অবরোধেও এই ধরনের শক্তি সক্রিয় ছিল বলে অনুমান গোয়েন্দাদের।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬