জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানমন্ত্রীর ভাষণ:রোহিঙ্গা সমস্যার দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাই
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানমন্ত্রীর ভাষণ:রোহিঙ্গা সমস্যার দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাই/ইত্তেফাক
- বিএনপিকে বার্তা দিচ্ছে ইসি? / প্রথম আলো
- ডিজিটাল নিরাপত্তা আইন দুরভিসন্ধিমূলক : মওদুদ / কালের কণ্ঠ
- বাংলাদেশ প্রতিদিনের নির্বাচন সংক্রান্ত তিনটি শিরোনাম এরকম: হেফাজতে ইসলামের টার্গেট ২০ আসন / আদর্শ বিসর্জন দিয়ে জোট করব না : চরমোনাই পীর এবং ভোটের মাঠে খেলাফত ও আল ইসলাহ
- বৃহত্তর জাতীয় ঐক্যে ২০ দলের প্রতিনিধিত্ব করবে বিএনপি / মানব জমিন
ভারতের শিরোনাম:
- পাকিস্তানকে কাঠগড়ায় তুলে সার্কের বৈঠক থেকে উঠে গেলেন সুষমা স্বরাজ: আজকাল
- আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা,ইরান থেকেই তেল কিনবে ভারত:সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানমন্ত্রীর ভাষণ:রোহিঙ্গা সমস্যার দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাই / ইত্তেফাক
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের যে চুক্তি হয়েছে তার আশু বাস্তবায়ন ও কার্যকরের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেহেতু রোহিঙ্গা সমস্যার উদ্ভব হয়েছে মিয়ানমারে, তাই এর সমাধানও হতে হবে মিয়ানমারে। আমরা দ্রুত রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে দেয়া ভাষণে মিয়ানমারের ভূমিকায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও আজ পর্যন্ত মিয়ানমারে রোহিঙ্গাদের স্থায়ী ও টেকসই প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি।
বিএনপিকে বার্তা দিচ্ছে ইসি?/প্রথম আলো এই শিরোনামে লিখেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র তিন মাস। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে যাবে কি না, তা এখনো পরিষ্কার করেনি। যদিও দেশের ভেতরে এবং বিদেশিরাও চান আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক বা সব দলের অংশগ্রহণে অনুষ্ঠানে হোক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্টের সঙ্গে বৈঠকে বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে তাঁরা কাজ করছেন।
এদিকে গতকাল বগুড়ায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, বিএনপির নাম উল্লেখ করেই বলেন, পরপর দুবার নির্বাচনে না আসলে বিএনপির নির্বাচন ঝুঁকিতে পড়বে। তিনি এ ব্যাপারে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট ধারা ও নির্বাচন বাতিলের প্রক্রিয়া সম্পর্কে বলেন।
আর এতেই চটেছেন বিএনপির নেতারা। তাঁরা বলছেন, ইসি সরকারের মুখপাত্রের মতো কথা বলছেন। বিএনপির নিবন্ধন থাকবে কি থাকবে না সেই ভয় দেখানোর দায়িত্ব ইসির নয়। ইসি যদি তাদের কাজটা করত তাহলে তারা সংশ্লিষ্ট দলগুলোকে আলাদাভাবে জানাতে পারত। তা না করে মাঠে বক্তব্য দিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা খুবই হাস্যকর।
ডিজিটাল নিরাপত্তা আইন দুরভিসন্ধিমূলক : মওদুদ / কালের কণ্ঠ
ডিজিটাল নিরাপত্তা আইন দুরভিসন্ধিমূলক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে নির্বাচনের আগে এই কালো আইন পাস করেছে ভোটারবিহীন সরকার। এই আইন তৈরি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মওদুদ আহমদ।
হেফাজতে ইসলামের টার্গেট ২০ আসন / বাংলাদেশ প্রতিদিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে কওমি মতাদর্শী রাজনৈতিক দলগুলো। এই টার্গেট অর্জনে সরাসরি সমর্থন থাকবে দেশের আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের এলাকায় শুরু করেছেন গণসংযোগ। তৈরি করছেন নির্বাচনে লড়াই করার অনুকূল পরিবেশ।
আদর্শ বিসর্জন দিয়ে জোট করব না : চরমোনাই পীর /বাংলাদেশ প্রতিদিন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মু. রেজাউল করিম জানিয়েছেন, নীতি-আদর্শ বিসর্জন দিয়ে তার দল কোনো রাজনৈতিক জোটে যাবে না। তার দল এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
বৃহত্তর জাতীয় ঐক্যে ২০ দলের প্রতিনিধিত্ব করবে বিএনপি / মানব জমিন
জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এখন থেকে ২০ দলের প্রতিনিধিত্ব করবে প্রধান শরিক দল বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাফল্য কামনা করেছে জোটের শরিক দল জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাশাপাশি জোটের অভ্যন্তরেও পূর্ণ সংহতি বজায় রাখার কথাও বলেছেন নেতারা। বৈঠক সূত্র জানায়, জোটের বৈঠকে শরিক দল জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আবদুল হালিম বলেছেনÑ জামায়াত জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সমর্থন করে। ঐক্য প্রক্রিয়ার সাফল্য কামনা করে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার তরফে জামায়াত নেতাদের বিরুদ্ধে বক্তব্য এলেও তারা এগুলোর প্রতিবাদ করবে না। জবাব দেবে না।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি...
সার্কের বৈঠক থেকে উঠে গেলেন সুষমা স্বরাজ: আজকাল
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে চলতে থাকা সার্কের বিভিন্ন দেশের মন্ত্রীদের বৈঠক থেকে মাঝপথেই উঠে গেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আর তাই তাঁকে আক্রমণ করেন পাক বিদেশমন্ত্রী শাহ মামুদ কুরেশি। কটাক্ষের সুরে তিনি বলেন,‘সার্কের মধ্যে থাকা দেশগুলির অগ্রগতির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে একটা দেশ। তিনি আচমকাই বৈঠক ছেড়ে চলে গেলেন। আমার মনে হয় ওঁর শরীর ভাল ছিল না। যদিও সূত্রের খবর,বিদেশমন্ত্রীর অন্য কয়েকটি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। আর তাই এই বৈঠকের শেষ পর্যন্ত থাকতে পারেননি।
আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা,ইরান থেকেই তেল কিনবে ভারত:সংবাদ প্রতিদিন
মার্কিন নিষেধাজ্ঞার পরোয়া না করেই ইরান থেকে তেল কিনবে ভারত। এই তেল কেনা আগের মতোই অব্যাহত থাকবে।’ বৃহস্পতিবার নিউ ইয়র্কে এই মন্তব্য করে বড় চমক দিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জরিফ। জরিফ বলেন, ইরানের সঙ্গে ভারতের আর্থিক সহযোগিতার ক্ষেত্রগুলি আগের মতোই বহাল থাকবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকে এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলাদা করে দীর্ঘ বৈঠকের পর এই চাঞ্চল্যকর দাবি করেন ইরানের বিদেশমন্ত্রী। ইরানের তেলের প্রদান দু’টি ক্রেতা হল চিন ও ভারত। নানা আন্তর্জাতিক ইস্যুতে চিনের সঙ্গে আমেরিকার প্রচণ্ড বিরোধ চলছে। ফলে আমেরিকার নিষেধাজ্ঞার পরোয়া না করে চিন ইরান থেকে তেল কেনা চালিয়ে যাবে। জারিফ বলেন, ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখার ব্যাপারে সুষমা স্বরাজের কাছ থেকে আমি নির্দিষ্ট আশ্বাস পেয়েছি। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। ভারতকে আমরা আগের মতোই তেল সরবরাহ করে যাব।
পার্সটুডে/নাসির মাহমুদ/২৮