মে ০৯, ২০১৯ ১১:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • সিটি করপোরেশনের ৭৫ ভাগ এলাকায় নেই নগর–সুবিধা-দৈনিক প্রথম  আলোদুধে সিসা পানিতে 'বিষ'-দৈনিক
  • সমকাল
  • ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীর-দৈনিক মানবজমিন
  • তানিয়া হত্যার প্রতিবাদে রাজধানী‌তে নার্স‌দের সড়ক অব‌রোধ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ’, পুরুলিয়া থেকে মমতাকে পালটা মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপির জন্য প্রাণ দিতে হয়েছিল রাজীবকে’, মোদীকে পাল্টা তোপ আহমেদ পটেলের-দৈনিক আনন্দবাজার
  • রাহুলের নাগরিকত্ব মামলায় ধাক্কা বিজেপির-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

প্রথমে রাজনীতির খবর

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র হরণ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ মন্তব্য করেন তিনি। দেশে একদলীয় শাসন ভর করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মানুষের সব অধিকারকে হরণ করে নেয়া হয়েছে। কীভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেয়া যায় তার ষড়যন্ত্র চলছে। দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, যে জাতি ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই জাতির কাছ থেকে গণতন্ত্রকে হরণ করে নেয়া হয়েছে।

গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি : তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি।আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি দলটিকে দুর্বৃত্তায়নের চক্র থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারা জনগণের দ্বারা পরিচালিত হওয়ার আহ্বান জানান।

দৈনিক প্রথম আলো/মানবজমিন/যুগান্তরের খবর ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীরএ খবরে লেখা হয়েছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসংগতি আগামী এক মাসের মধ্যে নিরসন করা না হলে তাঁর দল এই জোট ছেড়ে দেবে। আজ বৃ দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন–পরবর্তী পর্যায়ে ঐক্যফ্রন্টকে সঠিকভাবে পরিচালনা করা যায়নি। বিশেষ করে নির্বাচন প্রত্যাখ্যান করার পর কারও সঙ্গে আলোচনা না করেই সাতজন শপথ নিলেন। মোকাব্বির খানকে গেটআউট বলে কাউন্সিলে আবার তাঁকে পাশে বসিয়ে সভা করেন। এসব বিষয় মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে আগামী এক মাসের মধ্যে যে যে অসংগতি আছে, তা সঠিকভাবে নিরসন করা না হলে ৮ জুন ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগ নিজেদের প্রত্যাহার করবে।’

দুধে সিসা পানিতে 'বিষ'-দৈনিক সমকাল

Image Caption

ঢাকাসহ সারাদেশের বাজারগুলো থেকে দুধ ও দুগ্ধজাত পণ্য-সংক্রান্ত ১৯০টি নমুনা পরীক্ষা করে ক্ষতিকর উপাদান পেয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। বিশেষ করে কাঁচা তরল দুধের ৯৬টি নমুনার মধ্যে ৯৩টিতেই ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। এগুলো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল সংস্থাটি হাইকোর্টে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করে। আদালত দায়ীদের চিহ্নিত করে তালিকা প্রকাশ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। দুটি পৃথক রিটের পরিপ্রেক্ষিতে কঠোর  বার্তা দিয়েছে হাইকোর্ট। 

শূন্য হাতে দেশে ফিরলেন আরও ২১৫ কর্মী-দৈনিক মানবজমিন

ভাগ্য ফেরাতে বিদেশে গিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন আরও ২১৫ জন কর্মী। বুধবার কয়েকটি ফ্লাইটে তারা লিবিয়া, ইরান, ওমান, সৌদি আরব, কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সৌদি আরব  থেকে ৭৫ জন, ইরান থেকে ৪৫, ওমান থেকে ৪৩, কাতার থেকে ৪০, লিবিয়া থেকে সাত এবং অন্য আরও কয়েকটি দেশ থেকে ১২ জন শ্রমিক দেশে এসে পৌঁছেছেন। এসব শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বেকার থাকা, বেতন না দেয়া, টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পাওয়া, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতন এবং অনেকের বৈধ কাগজ থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিভিন্ন দেশের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে আউটপাস দিয়ে শূন্য হাতেই দেশে পাঠিয়ে দিয়েছে। কয়েকজনকে আবার জেল খেটে ফিরতে হয়েছে। ফিরে আসা এসব কর্মীকে বিমানবন্দরে জরুরি সেবা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাহুলের নাগরিকত্ব মামলায় ধাক্কা বিজেপির-দৈনিক আজকাল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ভোটের মুখে ধাক্কা খেল বিজেপি। একইসঙ্গে স্বস্তির শ্বাস ফেলল কংগ্রেস। রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন বৃহস্পতিবার পুরোপুরি নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। 

রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। ফলে তিনি লোকসভা নির্বাচনে লড়তে পারেন না। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন দিল্লির দুই বাসিন্দা, জয় ভগবান গোয়েল এবং চন্দর প্রকাশ ত্যাগী। সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি এদিন বলেন, কোনো ‘কোম্পানি যদি রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করে তার মানে এটা নয় যে তিনি ব্রিটিশ নাগরিক। এই আবেদনের কোনও ভিত্তি নেই। তাই এটা খারিজ করা হল।’

আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ’, পুরুলিয়া থেকে মমতাকে পালটা মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

ষষ্ঠ দফার আগে চরম দাবদাহের মধ্যেই বৃহস্পতিবার বাঁকুড়া এবং পুরুলিয়ার মাটিতে প্রচার করে গেলেন প্রধানমন্ত্রী৷ দু’টি সভাতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষকে হাতিয়ার করে তার জবাব দিলেন মোদি৷ রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেন নরেন্দ্র মোদি৷ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের পালটায় তাঁর অভিযোগ, বাংলার উন্নয়নে কেন্দ্রের দেওয়া সব টাকা তোলাবাজি আর সিন্ডিকেটের কবলে গিয়েছে৷ তৃণমূল সুপ্রিমোর প্রশ্রয়েই এখানে তোলাবাজির এমন বাড়বাড়ন্ত বলে অভিযোগ মোদির৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভায় বার্তা দিয়েছিলেন, বিজেপি বিরোধী একেকটি ভোট মোদিকে একেকটি গণতন্ত্রের থাপ্পড়ের সমান৷

বিজেপির জন্য প্রাণ দিতে হয়েছিল রাজীবকে’, মোদীকে পাল্টা তোপ আহমেদ পটেলের-দৈনিক আনন্দবাজার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মৃত্যুর জন্য এবার সরাসরি বিজেপিকেই দায়ী করলেন সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল। টুইট করে বললেন, ‘‘বিজেপি ওই সময় প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের সরকারকে সমর্থন করেছিল। আর সেই সময় বার বার বলা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে বাড়তি নিরাপত্তা দিতে অস্বীকার করেছিল প্রধানমন্ত্রী ভি পি সিংহের সরকার। তাঁকে দেওয়া হয়েছিল শুধু এক জন নিরাপত্তা অফিসার। গোয়েন্দা সংক্রান্ত কাজে যাঁর পর্যাপ্ত অভিজ্ঞতাও ছিল না। রাজীবের মৃত্যুর জন্য তা হলে দায়টা কার?’’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯