মে ১৬, ২০১৯ ১৪:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খাদ্যমন্ত্রীর সমালোচনায় হুইপ ‘আপনি কৃষকের সঙ্গে মসকরা করতে পারেন না’-দৈনিক প্রথম  আলো
  • জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ১৯৮০ টাকা-দৈনিক ইত্তেফাক
  • চলতি বছরই ৪৭৯২ চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • রাজধানীর ৫৭ এলাকায় ওয়াসার পানি বেশি দূষিত-দৈনিক মানবজমিন
  • ছাত্রলীগের কমিটি নিয়ে পদবঞ্চিতদের দাবি-৩০১ সদস্যের কমিটিতে বিতর্কিত শতাধিক-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কমিশন’, বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • শেষ মুহূর্তে মেশিন বদলানোর ষড়যন্ত্র করা হচ্ছে, পাহারা দেওয়ার ডাক মমতার-দৈনিক আনন্দবাজার
  • বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়ে দেব’, মূর্তি ভাঙার কথা পরোক্ষে স্বীকার করে দাবি মোদির-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

আজ প্রথমেই দৃষ্টি দিচ্ছি কৃষি বিষয়ক খবরের ফলোআপের দিকে।

বাংলাদেশের খ্যদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ

প্রথম আলোর এ বিষয়ক খবরের শিরোনাম-খাদ্যমন্ত্রীর সমালোচনায় হুইপ-আপনি কৃষকের সঙ্গে মসকরা করতে পারেন না

বিস্তারিত খবরে লেখা হয়েছে, টাঙ্গাইলে ধানের দাম কম পাওয়ায় নিজের জমিতে কৃষকের আগুন দেওয়ার ঘটনাকে পরিকল্পিত মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এদিকে খাদ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। খাদ্যমন্ত্রী বলেছেন, ঘটনাটি এমনই পরিকল্পিত যে সকাল থেকে সেখানে সাংবাদিকেরা গিয়ে বসে ছিলেন। তিনি তাঁর ফেসবুক পেজে দেওয়া বক্তব্যে বলেন, ‘আপনি কৃষকের সঙ্গে মশকরা করতে পারেন না। আপনি, আমি কৃষকের ভোটে, কৃষকের দয়ায় সংসদে এসেছি। কৃষককে ধানের মূল্য দিতে পারবেন না, বিনয়ের সঙ্গে সম্মানিত কৃষকদের সীমাবদ্ধতার কথা অবহিত করুন।আরও বলেন, ‘একজন অসহায় কৃষকের শান্তিপূর্ণ প্রতিবাদকেও সহ্য করতে পারবেন না? আপনি তো সামরিক স্বৈরাচারের মন্ত্রী নন।

চিকিৎসা বিষয়ক সুখবরে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম-চলতি বছরই ৪৭৯২ চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক

খবরটিতে লেখা হয়েছে, চলতি বছরই দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭৯২ চিকিৎসক নিয়োগ দেয়া হবে। চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশের অনুমোদন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যে ৪ হাজার ৭৯২ চিকিৎসক নিয়োগ দেয়া হবে। আগামী বছর আরও প্রায় পাঁচ হাজার নিয়োগ দেয়া হবে। জাহিদ মালেক বলেন, চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিগগিরই নিয়োগ দেয়া হবে। 

দেশে চিকিৎসকের সংকট এটি বড় সংকট। এসব নিয়োগের ফলে রোগীরা নতুন চিকিৎসকের সেবা পাবেন। তাদের সংকটও কিছুটা হলেও কমবে। তবে চিকিৎসা ক্ষেত্রে অব্যবস্থাপনা, সেবামূলক মনোভবের পরিবর্তে ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি, চিকিৎসকের মান, মফস্বলে না থাকা এরকম নানা অভিযোগ প্রায়শ মিডিয়ার খবরে দেখা যায়।

পানির অপর নাম জীবন সেই পানি নিয়ে ঢাকার মানুষের জীবনে ভোগান্তির শেষ নেই। ওয়াসার পানি নিয়ে সম্প্রতি বেশ কাণ্ডও ঘটে গেছে।

এবার দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনামে লেখা হয়েছে- রাজধানীর ৫৭ এলাকায় ওয়াসার পানি বেশি দূষিত।

বিস্তারিত খবরে বলা হয়েছে, রাজধানী ঢাকার ৫৭টি এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানি বেশি দূষিত বলে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। আজ হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার  হোসেন সাজু। তিনি বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওয়াসার দেয়া প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে ঢাকার ১০টি জোনে ৫৭ এলাকায় ওয়াসার পানি বেশি দূষিত বলে উল্লেখ করা হয়েছে।

এবার রাজনীতির খবর-খালেদার মুক্তির জন্য কিছুই করছি না: নজরুল-দৈনিক মানবজমিন

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন খালেদা জিয়ার মুক্তির জন্য  আসলেও কিছু করছি না

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কিছুই করছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা সবাই বলছি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য কি করা দরকার। এ নিয়ে বহু আলোচনা করছি। কিন্তু আসলে কিছুই করছি না। কি করা দরকার, এ বিষয়ে কারো বুদ্ধির অভাব নেই। তবে সেই বুদ্ধির কাজটা করার মতো কোন উদ্যোগ নাই!

ছাত্রলীগের কমিটি নিয়ে পদবঞ্চিতদের দাবি-৩০১ সদস্যের কমিটিতে বিতর্কিত শতাধিক-দৈনিক মানবজমিন

বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনরত পদবঞ্চিতরা

ছাত্রলীগের ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিতে শতাধিক বিতর্কিত স্থান পেয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের আন্দোলনরত পদবঞ্চিত নেতারা। তাদেরকে চিহ্নিত করে বাদ দিয়ে নতুন করে কমিটি দেয়ারও আহ্বান জানিয়েছেন তারা। আজ মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। তারা বলেন, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মাত্র বিতর্কিত ১৭ জনের কথা বলেছেন। কিন্তু কমিটিতে শতাধিক বয়স শেষ, মাদক ব্যবসায়ী, হত্যা মামলা, বিএনপি-জামায়াত সমর্থক, বিবাহিত, চাকরিজীবী রয়েছে। তাদেরকেও খুঁজে বের করতে হবে।

বার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

ভারতের নির্বাচনের খবর-পাল্টাপাল্টি বক্তব্য চলছে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদের মধ্যে এ সম্পর্কে দৈনিক আনন্দবাজারের একটি খবরের শিরোনাম-

শেষ মুহূর্তে মেশিন বদলানোর ষড়যন্ত্র করা হচ্ছে, পাহারা দেওয়ার ডাক মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আজ শেষ দফার নির্বাচনের শেষ দিনে বেশ কয়েকটি  প্রচারাভিযানে অংশ নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সেসব জনসভায় তিনি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিজেপিকে দুষলেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নরেন্দ্র মোদীকে বিদায় দিতে হবে দেশ থেকে। গো রক্ষার নামে সংখ্যালঘুদের হত্যা করেছে।একটা ভোটও দেবেন না।তৃতীয় দফার ভোটের পরই ওদের পতন নিশ্চিত হয়ে গিয়েছে। ভয় পেয়ে এখন বকরবকর করছে। কুকুরের জলাতঙ্ক রোগ হলে এই রকম করে। রাত জেগে পাহারা দিতে হবে। কোনও ষড়যন্ত্রের আঁচ পেলেই হাতের সামনে যা আছে তা নিয়ে ছুটে যেতে হবে। 

বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়ে দেব’, মূর্তি ভাঙার কথা পরোক্ষে স্বীকার করে দাবি মোদির-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিদ্যাসাগরের নতুন পঞ্চধাতুর মূর্তি গড়ার কথা ঘোষণা করে বিদ্যাসাগর কলেজে গত মঙ্গলবার মূর্তি ভাঙার অভিযোগ পরোক্ষে স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ‌উত্তর প্রদেশের মৌ–তে নির্বাচনী প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথের গুণগান নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেই আক্রমণের নিশানা করে নরেন্দ্র মোদি দাবি করেছেন, ‘পশ্চিম মেদিনীপুর এবং ঠাকুরনগরে আমার জনসভায় তৃণমূলের গুন্ডারা তাণ্ডব চালিয়েছিল। তারাই কলকাতায় অমিত শাহ্‌–এর রোড শো–এ গন্ডগোল পাকিয়েছে এবং বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।’ এরপরই মোদির সদর্প ঘোষণা, ‘আমরা বিদ্যাসাগরের চিন্তাধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই ওই জায়গাতেই তাঁর বিশাল পঞ্চধাতুর মূর্তি গড়ে দেব।’মোদির এই মন্তব্য একইসঙ্গে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পিছনে বিজেপির হাত থাকার অভিযোগ এবং বিজেপির আর্থিক ঔদ্ধত্য স্পষ্ট করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬