ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ঢাকায় যৌতুকের কারণে বছরে হত্যা ২২ নারী-দৈনিক প্রথম আলো
- ফলের বাজার নজরদারিতে টিম গঠনে হাইকোর্টের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- দুর্নীতির প্রতিবাদে বালিশ বিক্ষোভ-দৈনিক মানবজমিন
- বালিশসহ আসবাব ক্রয়ের তদন্ত রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- সব সমীক্ষায় আবার মোদী! ৩০০ পার করার ইঙ্গিত প্রবল-দৈনিক আনন্দবাজার
- ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে বাহিনী রাখার আরজি, হিংসার আশঙ্কায় কমিশনে বিজেপি-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ধানের ন্যায্য মূল্যের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে কৃষকদের মানববন্ধন হয়েছে। বাংলাদেশে ধানের দাম এবং বাস্তবতা কী?
২. ইরান-বিরোধী মিশনে আমরিকার সঙ্গে যোগ দিল ব্রিটেন…….এমন খবর বের হয়েছে আজ। কীভাবে দেখছেন বিষয়টিকে?
বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সোমবার গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। শেখ হাসিনা বলেন, এ দেশে বসবাসকারী সবাই সম্মানের সঙ্গে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এটিই তার সরকারের চাওয়া। এ সময় তিনি সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে, সম্মানের সঙ্গে, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মই শান্তির কথা বলে। এটাই বিশ্বাস করি যে, ধর্ম যার যার, উৎসব সবার এবং এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়। যে ধর্মের উৎসবই হোক, সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। সহনশীলতা ও এই ভাতৃত্ববোধ সবার মাঝে থাকুক। যেকোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে।
খালেদা জিয়ার অবস্থা ‘বিপজ্জনক পর্যায়ে’: রিজভী-দৈনিক প্রথম আলো
বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার অবস্থা ‘বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, খালেদা জিয়া গত চার দিন কোনোরকমে জাউ ভাত খেয়ে বেঁচে আছেন। তাঁর মুখে ঘা হয়ে ফুলে গেছে। জিহ্বা নাড়াতে পারছেন না। তিনি শয্যাশায়ী। এই রমজান মাসে জেলে তাঁর অবস্থা বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। বিএনপি নেতা রিজভী বলেন, খালেদা জিয়াকে শুধু প্রতিহিংসা ও জিঘাংসা চরিতার্থ করার জন্য জেলে বন্দী রেখেছে সরকার। তাঁকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকারের এই ‘নীলনকশা’ জনগণ জেনে গেছে বলেও উল্লেখ করেন রিজভী।
ঢাকায় যৌতুকের কারণে বছরে হত্যা ২২ নারী-দৈনিক প্রথম আলো
প্রথম আলোর অনুসন্ধানে ঢাকার আদালতের বিচারিক নিবন্ধন খাতার হিসাব অনুযায়ী, গত ১৭ বছরে ঢাকায় ৩৭৪ জন নারীকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। প্রতিবছর ঢাকায় যৌতুকের জন্য গড়ে ২২ নারীকে হত্যা করা হচ্ছে। ঢাকা মহানগর এলাকায় গত এক বছরে যৌতুকের জন্য ১৪ জন নারী হত্যার শিকার হন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর সরকারি কৌঁসুলি মাহমুদা আক্তার বললেন, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে প্রায় প্রতিদিন তাঁর আদালতে মামলা হচ্ছে। থানায় করা মামলার তদন্ত প্রতিবেদনও আদালতে পাঠানো হচ্ছে। যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার কয়েকটি মামলাও তাঁর আদালতে বিচারাধীন।
যৌতুকের জন্য হত্যা
ঢাকায় যৌতুকের কারণে হত্যার কয়েকটি ঘটনার অভিযোগ পর্যবেক্ষণ করে দেখা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা নানাভাবে নির্যাতন করে খুন করলেও খুনের ঘটনাকে আত্মহত্যা বা অসুস্থতা বলে চালানোর চেষ্টা করা হয়।
দুর্নীতির প্রতিবাদে বালিশ বিক্ষোভ-দৈনিক মানবজমিন
রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে বালিশ হাতে করে অভিনব প্রতিবাদ জানিয়েছে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামের একটি সংগঠন। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, উন্নয়নের অন্তরালে লুটপাটের মহাউৎসব চলছে। তারই জঘন্য উদাহরণ রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতি। ইতিহাসে এমন মহা দুর্নীতি কেউ করেছি কিনা সন্দেহ।
রিপন বলেন, উন্নয়নের অন্তরালে মহালুটপাটে মহাব্যস্ত মহাজোট সরকার। আমি নতুন প্রজন্মের একজন রাজনীতিক কর্মী হিসেবে যখন দেখি মেগা প্রজেক্টে মহা লুটপাটের উৎসব চলছে তখন আমি হতাশ হই।
তিনি বলেন, ইতিহাসে যদি লক্ষ্য করি, ১৯৭১ সালে বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। লক্ষ্য ছিল মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, হবে একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু সব কিছুই আজ বনবাসে গিয়েছে। মানুষ কথা বলতে পারছে না, ভোট দিতে পারছে না। এ সুযোগ নিয়ে মহালুটপাটে মেতে উঠেছে সরকার। মানুষের ঘৃনা তাদের চোখে পড়ে না।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে যখন দেখি বুয়ার বেতন, গাড়ী চালকের বেতন, প্রকল্প পরিচালকের বেতন, সর্বশেষ বালিশের দাম ও তোলার দাম আকাশ চুম্বি, তখন জাতি হিসেবে আমরা লজ্জিত।
যখন দেখি কৃষক ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধানক্ষেতে আগুন দেয়, বিশ্বজিতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বিচার হয় না, যখন ফেলানির লাশ কাটা তারে ঝুলে থাকে। বিচার কার কাছে চাইবো কূল পাই না।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য গ্রীনসিটি আবাসন পল্লীর বিছানা, বালিশ, আসবাব ক্রয় এবং তা ফ্লাটে তুলতে যে খরচ ধরা হয়েছে তা তদন্ত করতে গণপূর্ত মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এদিকে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ঈদ ছুটির এক সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানির জন্য মামলাটি মুলতবি রেখেছেন আদালত।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনের গতকাল শেষ হয়েছে। এরপর ফল প্রকাশের অপেক্ষা। তবে তার আগে গতকাল বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। দৈনিক আনন্দবাজার এ সম্পর্কে শিরোনাম করেছে 'সব সমীক্ষায় আবার মোদী! ৩০০ পার করার ইঙ্গিত প্রবল' বিস্তারিত খবরে লেখা হয়েছে, সাত দফার ভোট শেষে সব বুথ ফেরত সমীক্ষারই ইঙ্গিত, শরিকদের নিয়ে ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী। তবে দেশে, এমনকি বিদেশেও বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যে সব সময় মেলে, এমন নয়। এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। খবরটিতে আরও লেখা হয়েছে, কিছু বুথফেরত সমীক্ষা মোদী-শাহের দাবি পুষ্ট করলেও সকলের মত এক নয়। বিজেপি একাই তিনশোটির বেশি আসন পেতে পারে, এমন অনুমান অনেকেই করেনি। তবে এনডিএ-কে নিয়ে মোদী যে ফের সরকার গড়বেন, তা নিয়ে তেমন দ্বিমত নেই সমীক্ষাকারীদের মনে।
এদিকে এক্সিট পোল নিয়ে দৈনিক আজকাল পত্রিকার শিরোনামে লেখা হয়েছে, এক্সিট পোল মিথ্যে বলছে, দাবি বিজেপি শরিক এডিএমকে নেতা পালানিস্বামীর
খবরটিতে বলা হয়েছে, ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ভোট সমীক্ষা। তাতে দেখা যাচ্ছে ক্ষমতায় ফিরছে মোদি সরকারই। অধিকাংশ সংবাদ মাধ্যমই বিজেপির পক্ষেই সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। বলা হচ্ছে এনডিএ এবার পেতে চলেছে ৩০২টি আসন। আর ইউপিএ ১১৮টি। এ নিয়ে বিজেপি মহলে উচ্ছ্বাসের শেষ নেই। কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী দাবি করেছেন, এগজিট পোল মিথ্যে বলছে।
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।
ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে বাহিনী রাখার আরজি, হিংসার আশঙ্কায় কমিশনে বিজেপি-দৈনিক সংবাদ প্রতিদিন
ফলাফল ঘোষণা হলে পশ্চিমবঙ্গে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালাতে পারে শাসকদল৷ এই আশঙ্কায় ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী ও বিশেষ পর্যবেক্ষকদের রেখে দেওয়ার আরজি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি৷ সোমবার দিল্লিতে কমিশনের সদর দপ্তরে হাজির হয়ে একাধিক আসনে পুনর্নির্বাচনেরও দাবি জানালেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা৷বিজেপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত৷ তাঁদের আশঙ্কা, এক্সিট পোলগুলির ইঙ্গিত যদি সত্যি হয়, তবে পশ্চিমবঙ্গে ভাল ফল করতে চলেছে বিজেপি৷ সেক্ষেত্রে রাজনৈতিক রোষ থেকে দলের কার্যকর্তাদের উপর হামলা চালাতে পারে শাসকদল৷ সেকারণেই ফলাফল ঘোষণা পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আরজি জানিয়েছেন বিজেপি নেতারা৷ পাশাপাশি কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
সনিয়া-মায়া বৈঠক হচ্ছে না দিল্লিতে, মহাজোট কি টালমাটাল?- আনন্দবাজার
বুথফেরত সমীক্ষার ফলাফলে নিরাশাই জুটেছে। এ বার আরও এক বার আশাহত হতে হল। মহাজোটের পক্ষে দুঃসংবাদ, সোমবার দিল্লিতে হচ্ছে না সনিয়া-মায়ার বহুপ্রতীক্ষিত বৈঠক। বহুজন সমাজ পার্টি তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল সেকথা। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল সেটাও হয় নি।অনেকের মনেই প্রশ্ন উঠছে, মহাজোটের ভবিষ্যৎ টালমাটাল নয় তো? এদিকে আজকালের খবরে লেখা হয়েছে, এক্সিট পোলের সমীক্ষা দেখেই চড়ল শেয়ার সূচক।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০