মে ২৭, ২০১৯ ১২:২০ Asia/Dhaka
  • ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

প্রথমে বাংলাদেশে:

  • পাটকলশ্রমিকদের জন্য ১৬৯ কোটি টাকা, যাবে ব্যাংক হিসাবে!-দৈনিক প্রথম
  • ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-দৈনিক কালেরকণ্ঠ
  • রমজানেও ‘স্বভাবগত মিথ্যাচার' পরিত্যাগ করেননি তথ্যমন্ত্রী: রিজভী -দৈনিক যুগান্তর
  • মালিবাগে বিস্ফোরিত বোমাটি ককটেলের চেয়ে শক্তিশালী: ডিএমপি কমিশনার-দৈনিক ইত্তেফাক
  • ৮০ বছরের বৃদ্ধা মাকে খোলা আকাশের নীচে ফেলে গেল সন্তানরা-দৈনিক মানবজমিন
  • সমাজে নারী-পুরুষের সমান অধিকার চাই- জয়িতার সভায় প্রধানমন্ত্রী –দৈনিক যায়যায় দিন

ভারতের খবর:

  • ‘ভারতের সঙ্গে আলোচনায় বসতে তৈরি আছি, বললেন পাক বিদেশমন্ত্রী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বদলি নেতা খুঁজুন, শর্ত দিয়ে পদত্যাগে অনড় রাহুল গান্ধী‌-দৈনিক আজকাল
  • ভোট পরবর্তী হিংসা অব্যাহত, কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী–দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

১. বংলাদেশের রাজধানী মালিবাগে বিস্ফোরণের দায় স্বীকার আইএস। বিষয়টিকে কীভাবে দেখছেন?

২. ইরানের ওপর চাপ বাড়িয়ে লাভ নেই –আমেরিকাকে উদ্দেশ করে বলেছে হিজবুল্লাহ। আসলেই কী ইরান এ চাপ উপেক্ষা করতে পারবে? এ প্রশ্ন কিন্তু সবখানে।

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

পাটকলশ্রমিকদের জন্য ১৬৯ কোটি টাকা, যাবে ব্যাংক হিসাবে!-দৈনিক প্রথম

পাটকলের শ্রমিকদের জন্য জরুরি বিবেচনায় ১৬৯ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আজ সোমবার এ বরাদ্দ দেওয়া হয়। তবে এই অর্থ শ্রমিকদের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দিতে হবে বলেও শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্কালীন জরুরি বিবেচনা এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়াসহ মজুরি ও উৎসব ভাতা পরিশোধের জন্যই এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বকেয়া বেতন, মজুরি ও উৎসব ভাতার দাবিতে বেশ কিছু দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে পাটকলশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে আজ এই বরাদ্দ এল। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব (পাট) প্রদীপ কুমার সাহা স্বাক্ষরিত বরাদ্দের চিঠিতে ছয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ বিজেএমসির কারখানাগুলোর জন্য যে খাতে দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কোনো খাতে দেওয়া যাবে না। আর সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তা দিতে হবে।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-দৈনিক কালেরকণ্ঠ

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত।

সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গতকালই তার বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষে এই প্রতিবেদন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে দাখিল করেন পিবিআই সদর দফতরের সিনিয়র এএসপি রিমা সুলতানা। গত ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬, ২৯ ও ৩১ ধারায় করা অভিযোগটি পিটিশন মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত।

রমজানেও স্বভাবগত মিথ্যাচার' পরিত্যাগ করেননি তথ্যমন্ত্রী: রিজভী -দৈনিক যুগান্তর-দৈনিক যুগান্তর

পবিত্র রমজান মাসেও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার ‘স্বভাবগত মিথ্যাচার’ পরিত্যাগ করতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, তথ্যমন্ত্রী বলেছেন- ‘সরকার খালেদা জিয়ার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, আর বিএনপি এ নিয়ে অপরাজনীতি করে চলছে। তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে আজ থেকে প্রায় ১৫ বছর আগে। এ সমস্যাগুলো মাঝে মধ্যে বাড়ে-কমে। সুতরাং এগুলো নতুন কোনো সমস্যা নয়। এ ছাড়া কদিন আগে তার জিহ্বা কামড় লেগে একটু ঘা হয়েছিল, তিনি স্বাভাবিকভাবে খেতে পারছিলেন না। এমন মাঝে মধ্যে আমাদেরও হয়। তার সেই সমস্যাও কেটে গেছে। 

বিএনপির এ নেতা বলেন, তথ্যমন্ত্রীসহ ক্ষমতাসীনরা বেগম জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, তামাশা করছেন। তথ্যমন্ত্রীর এ বক্তব্য একটি বেপরোয়া, বেআইনি, মধ্যযুগীয়, জ্ঞানবিজ্ঞানের আলোবাতাসহীন কাণ্ডজ্ঞানহীন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর মতো। তথ্যমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, মিডনাইট ভোটের সরকারের গবুচন্দ্র মন্ত্রীদের কাছ থেকে এ রকম বক্তব্য আসবে এটিই স্বাভাবিক। তথ্যমন্ত্রীসহ মন্ত্রীদের বক্তব্যে মনে হচ্ছে- প্রচ্ছন্নভাবে তারা বেগম খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে নতুন ষড়যন্ত্র করছেন।

মালিবাগে বিস্ফোরিত বোমাটি ককটেলের চেয়ে শক্তিশালী : ডিএমপি কমিশনার-দৈনিক ইত্তেফাক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, একটি স্বার্থানেষী মহল জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর মালিবাগে যে বোমার বিস্ফোরণ ঘটেছে এটি সাধারণ ককটেলের চাইতে শক্তিশালী। সোমবার দুপুরে ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়া দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি এ সব কথা বলেন।

Image Caption

আছাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাটি গাড়িতে পেতে রাখা হয়েছিল। কাউন্টার টেরোরিজম, ডিভি, সিআইডি ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, রবিবার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়ির কাছে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত এক নারী পুলিশ ও রিকশা চালকসহ তিনজন আহত হয়।

এদিকে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে।

৮০ বছরের বৃদ্ধা মাকে খোলা আকাশের নীচে ফেলে গেল সন্তানরা-দৈনিক মানবজমিন

কৌশলে ৮০ বছরের বৃদ্ধা মায়ের কাছ থেকে ১২ কাঠা জমি লিখে নিয়েছে ছোট ছেলে। এ কারণে বড় দুই ছেলে মায়ের প্রতি অসন্তুষ্ট। খোঁজ-খবর নেয়াও বন্ধ করে দিয়েছে। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছে। যেহেতু মায়ের অনিচ্ছা সত্ত্বেও কৌশলে জমি লিখে নিয়েছে, তাই ভরণপোষণের ভারও ছোট ছেলের ওপর বর্তায়।

তবে ছোট ছেলেও তাকে আর জায়গা দেননি। ছেলে ও নাতি মিলে বৃদ্ধাকে ফেলে আসেন রাস্তায়। গত ৩দিন খোলা আকাশের নিচে থেকে অসুস্থ হয়ে পড়ার পর অবশেষে এলাকার এক জনপ্রতিনিধির সহযোগিতায় হাসপাতালের বিছানায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের। পুলিশ রোববার সন্ধ্যায় বৃদ্ধা হাজেরা খাতুনের বড় ছেলে আব্দুস সাত্তার ও নাতি তাফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

সমাজে নারী-পুরুষের সমান অধিকার চাই- জয়িতার সভায় প্রধানমন্ত্রী দৈনিক যায়যায় দিন

একটি সমাজ গড়ে তুলতে চাইলে সেখানে নারী-পুরুষ সবার অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে রোববার জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেসের বিশেষ সভায় তিনি বলেন, 'একটা সমাজে শুধু একটা দিকেই উন্নতি করলে সমাজটা পঙ্গু হয়ে যাবে, উন্নতি হবে না।' গ্রামীণ অর্থনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'আমরা লক্ষ্য করেছি, যদি গ্রামের অর্থনীতিকে শক্তিশালী না করি, গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা না বাড়াই, কর্মসংস্থানের ব্যবস্থা না করি, তাহলে আমাদের অর্থনীতি কখনই উন্নত হবে না। গ্রামের মেয়েদের জন্য আমরা কি কি কাজের ব্যবস্থা করতে পারি- এরই মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, 'গ্রামের মেয়েদের মধ্যে যে মেধাটা আছে, যে শক্তিটা আছে তাদের ট্রেনিং দিলে তারা ভালো কাজ করতে পারে। তাদের নিজের উৎপাদিত পণ্যটা তারা নিজেরা বাজারজাত করতে পারে বা তারা নিজেরাও আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে বা সংসারে অবদান রাখতে পারে। সেটা তারা কিভাবে করতে পারে এমন নানামুখী চিন্তা আমরা করেছি এবং সুযোগ সৃষ্টি করে দিয়েছি।' জয়িতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'জয়িতা নামটা দিয়েছিলাম মেয়েদের চিন্তা করে। একটা মেয়ে কাজের মধ্য দিয়ে যখন আর্থিক সচ্ছলতা অর্জন করবে, তার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠবে। সে যেন নিজেকে অপাংক্তেয় মনে না করে। সমাজে তারও যে একটা গুরুত্ব আছে সেটা যেন মনে করতে পারে। সেও একটা ক্ষেত্রে জয়ী হল সে কথাটা চিন্তা করে কিন্তু আমরা এই নামটা দিয়েছিলাম।' তিনি বলেন, 'লক্ষ্য ছিল মেয়েদের জন্য আমরা একটা ব্যবস্থা করে দেই, তারা উৎপাদনমুখী কাজ করবে, সেটাকে বাজারজাত করবে এবং তাদের আর্থিক সচ্ছলতা আসবে। আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে কারিগরি শিক্ষার ওপর যাতে কিছু কাজ তারা করে খেতে পারে। সে জন্য কারিগরি শিক্ষায় সবাই যেন সমান সুযোগ পায় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।'

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

অঙ্ক হেরেছে, ভোটে জয় হয়েছে রসায়নের, নিজের কেন্দ্র বারাণসী সফরে গিয়ে বললেন মোদী

ভোটে জিতে প্রথমবার নিজের কেন্দ্রে গিয়ে ভোটারদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। বারাণসীতে মোদী বললেন, এ বারের ভোটে ‘অঙ্ক নয়, জিতেছে রসায়ন’। সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন তিনি। তার পর একটি জনসভায় যোগ দেন। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দু’জনই বারাণসীর ভোটারদের ধন্যবাদ জানান।

এই সূত্রের মাধ্যমে কী বোঝাতে চাইলেন মোদী? রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এ বার লোকসভা ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত মোদীর জনপ্রিয়তা কমতে পারে বলেই ইঙ্গিত মিলছিল। বিজেপি তথা এনডিএ সংখ্যাগরিষ্ঠতা না পেতে পারে বলেও আশঙ্কা ছিল। এমনকি, বুথফেরত সমীক্ষাতেও কিছুটা সেই ইঙ্গিতই ছিল। এত বিপুল জনসমর্থন নিয়ে যে ফের মোদী সরকার আসতে পারে, তা অনেকেই ভবিষ্যদ্বাণী করতে পারেননি। কিন্তু ভোটের ফল কার্যত উল্টো কথা বলেছে। আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ।

অন্য দিকে বলেছেন রসায়নের কতা। কী সেই রসায়ন। প্রথম রসায়ন, বিজেপি সভাপতি অমিত শাহ-সহ দলের কর্মীদের সম্পর্ক এবং পরিশ্রম। তাঁদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সম্পর্কের রসায়ন। অন্য দিকে দেশবাসীর মনোভাবের কথাও বলতে চেয়েছেন মোদী। অর্থাৎ সারা দেশে কার্যত মোদী-বিরোধী হাওয়া থাকলেও সেই শঙ্কা উড়িয়ে ফের বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছেন দেশবাসী। জাতীয়তাবাদ আর মেরুকরণের রসায়নেই সাফল্য এসেছে-বলতে চেয়েছেন মোদী।

বদলি নেতা খুঁজুন, শর্ত দিয়ে পদত্যাগে অনড় রাহুল গান্ধী‌-দৈনিক আজকাল

দলের সদস্যরা না চাইলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল। তাই সরাসরি সোমবার ফের দলের কাছে বার্তা পাঠালেন নতুন সভাপতি খুঁজে নেওয়ার। তিনি আর এই পদে থাকতে চান না। এমনকী তিনি সভাপতি পদে থাকার বিষয়ে চিন্তাভাবনার পরিবর্তন করছেন না বলেও সূত্রের খবর। আর তাই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে।

এখানেই থেমে থাকেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি নতুন এবং জিতে আসা সাংসদদের সঙ্গে দেখা করার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন। সমস্ত বৈঠক ও সভা বাতিল করে দিয়েছেন। এদিন সকালে তিনি টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। সেখানে নিজের পদ ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন রাহুল।

সূত্রের খবর, রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে এতটাই অনড় ও অটল, যে দলকে সময় দিয়েছেন ওই পদে উপযুক্ত লোক খুঁজে নেওয়ার জন্য। তাঁর সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী বারবার বোঝালেও তাতে কাজ হয়নি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁর এই সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়নি। বরং খারিজ করে দেওয়া হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ডিসেম্বরেই বিধানসভায় ক্ষমতায় ফিরে লোকসভায় এমন বিপর্যয় তিনি মেনে নিতে পারছেন না। তাই এই পদত্যাগে অনড় থাকার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ‌‌

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীদৈনিক সংবাদ প্রতিদিন দৈনিক সংবাদ প্রতিদিন

ভোটের ফলপ্রকাশের পরেও অব্যাহত সংঘর্ষ। কোচবিহারের পুণ্ডিবাড়িতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই বাইকে চেপে দুষ্কৃতীরা ওই ব্যক্তির পথ আটকায়। অভিযোগ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল কর্মীকে।

ভোট চলাকালীন একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ছবি প্রকাশ্যে এসেছে। ফল প্রকাশের পরেও পরিস্থিতির কোনওরকম পরিবর্তন হয়নি। ক্রমাগত রাজ্যের বিভিন্ন প্রান্ত  থেকে প্রকাশ্যে আসছে অশান্তির খবর। কোথাও শাসকদলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিরোধীদের আক্রমণ, তাঁদের কার্যালয় ভাঙচুরের। কখনও আবার আক্রান্ত শাসকদলের কর্মীরাই। রবিবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ সূত্রে খবর, প্রসেনজিৎ বিশ্বশর্মা নামে ওই ব্যক্তি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পুণ্ডিবাড়ি এলাকায় একটি মিষ্টির দোকানে যান প্রসেনজিৎ। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে এসে তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। তবে ঘটনাচক্রে গুলি লাগে তাঁর পায়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। সংকটজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কোচবিহার হাসপাতালে ভরতি করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭